📄 অন্তরের কঠোরতা দূরীকরণে যিকিরের প্রভাব
৪৬. পাথরের মতো শক্ত অন্তরসমূহ যিকরুল্লাহর মাধ্যমে গলে যায়। এমন অন্তরকে অন্য কোনো মাধ্যমে গলানো সম্ভব নয়। যাদের অন্তর এমন শক্ত হয়ে গিয়েছে, তাদের উচিত যিকরুল্লাহর প্রতিষেধক গ্রহণ করা এবং যিকরুল্লাহর সাহায্যে চিকিৎসা করা।
হাম্মাদ ইবন যাইদ মুআল্লা ইবন যিয়াদ থেকে বর্ণনা করেন, “এক ব্যক্তি হাসান বসরীকে বলে, আমার অন্তর খুবই শক্ত হয়ে গিয়েছে। এখন কী করা যায়? তিনি বলেন, যিকিরের সাহায্যে গলিয়ে দাও।”১১১
অন্তর যত বেশি আল্লাহর যিকির থেকে দূরে থাকে তত বেশি শক্ত হয়ে যায়। আবার যখন যিকির শুরু করে তখন আগুন যেমন লোহাকে গলিয়ে দেয় যিকির তেমন সেই শক্ত অন্তরকে গলিয়ে দেয়। শক্ত অন্তরকে গলানোর ক্ষেত্রে যিকিরের কোনো জুড়ি নেই।
টিকাঃ
১১১. শুআবুল ঈমান, ২/৫৮৮
📄 যিকরুল্লাহ অন্তরের ওষুধ
৪৭. যিকরুল্লাহ অসুস্থ অন্তরের আরোগ্য ও শিফা। যিকির বিমুখতা মূলত অন্তরের একপ্রকার রোগ। ফলে কেউ যিকির বিমুখ হলে তার অন্তর অসুস্থ হয়ে যায়। সেই অসুস্থ অন্তরকে শুধুমাত্র যিকির সুস্থ করে তুলতে পারে। মাকহুল রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর যিকির আরোগ্য আর মানুষের যিকির ব্যাধি।১১২
জেনো রেখো, তুমি যতক্ষণ আল্লাহর যিকিরে মশগুল থাকবে ততক্ষণ তোমার অন্তর সুস্থ ও স্বাভাবিক থাকবে আর যখনই যিকির থেকে দূরে সরে যাবে তখনই তোমার অন্তর অসুস্থ ও রোগা হয়ে যাবে। কবি বলেছেন,
'আমরা অসুস্থ হলে তোমার যিকিরের ওষুধ সেবন করি বটে; কোনো সময় যিকির ছুটে গেলে আবারও অবস্থার অবনতি ঘটে।'
টিকাঃ
১১২. আত-তারগীব ওয়াত তারহীবে (১৩৮৯) উক্তিটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বলে উল্লেখ করা হয়েছে। তবে বর্ণনাটি মুরসাল।
📄 যিকরুল্লাহ আল্লাহর বন্ধুত্ব লাভের মূল উপকরণ
৪৮. যিকির আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার ও তাঁর ওলী হওয়ার মূল মাধ্যম। অপরপক্ষে তাঁর শত্রু ও দুশমনে পরিণত হওয়ার প্রধান উপাদান যিকির বিমুখতা। বান্দা যিকির করতে থাকলে আল্লাহ তাকে ভালোবেসে ফেলেন এবং তাকে বন্ধু বানিয়ে নেন। অপরপক্ষে কেউ যিকির থেকে দূরে থাকলে তিনি তাকে ঘৃণা করেন এবং তাকে শত্রু হিসেবে গ্রহণ করেন। ইমাম আওযাঈ রাহিমাহুল্লাহ বলেন, হাসসান ইবন আতিয়্যাহ বলেছেন,
সে ব্যক্তির চেয়ে তার রবের বড় দুশমন অন্য কেউ হতে পারে না, যে যিকরুল্লাহকে অপছন্দ করে বা যিকিরকারীদের অপছন্দ করে। ১১৩
আল্লাহর শত্রু ও বিরাগভাজন পরিণত হওয়ার মূল হল-যিকির থেকে দূরে সরে যাওয়া। যখন কেউ ধারাবাহিকভাবে যিকির থেকে দূরে সরে যেতে থাকে, তখন যিকির ও যিকিরকারী তার কাছে অপছন্দনীয় বস্তুতে পরিণত হয়। এমনকি একপর্যায়ে সে শুধু যিকিরকারীকে নয় বরং রবকেও নিজের দুশমন ভাবতে শুরু করে।
টিকাঃ
১১৩. শুআবুল ঈমান, ২/৫৯৯-৬০০
📄 যিকরুল্লাহ নেয়ামত অর্জনের মাধ্যম এবং আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায়
৪৯. যেসব উপায়ে আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ লাভে ধন্য হওয়া যায়, যিকরুল্লাহ তার অন্যতম। এছাড়া আল্লাহর বিরাগ ও ক্রোধ থেকে বাঁচতে যিকরুল্লাহ ঢাল হিসেবে কাজ করে। আল্লাহ তাআলা বলেন,
إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا
নিঃসন্দেহে আল্লাহ ঈমানদারদের রক্ষা করেন। ১১৪
তাদের ঈমানের শক্তি ও পূর্ণাঙ্গতা অনুসারে আল্লাহ তাদেরকে রক্ষা করেন। আর যিকরুল্লাহ হল ঈমানের মূল উপাদান ও শক্তি। যার ঈমান যত বেশি পরিপূর্ণ ও শক্তিশালী, আল্লাহ তাআলাও তাকে তত বেশি রক্ষা করেন। অপরপক্ষে ঈমান কমে গেলে আল্লাহর রক্ষার বলয়ও কমে যায়। আল্লাহকে স্মরণ করলে আল্লাহও স্মরণ করে আর তাঁকে ভুলে গেলে তিনিও ভুলে যান। আল্লাহ তাআলা বলেন,
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
যখন তোমাদের রব ঘোষণা দিয়েছেন যে, তোমরা শুকরিয়া করলে আমি তোমাদের আরও দেব। ১১৫
আমরা আগেই আলোচনা করেছি যে, যিকরুল্লাহ শোকরের মূল। আর শোকর নেয়ামতকে ত্বরান্বিত করে এবং নেয়ামত বৃদ্ধি করে। এক সালাফ বলেছেন, যে তোমাকে দয়া ও অনুগ্রহ করতে ভুলে যান না তাকে ভুলে যাওয়া কতই না গর্হিত ও নিন্দিত চরিত্র। ১১৬
টিকাঃ
১১৪. সূরা হজ, আয়াত: ৩৮
১১৫. সূরা ইবরাহীম, আয়াত: ৭
১১৬. আবূ আবদুর রহমান আস-সুলামী, তবাকাতুস সূফিয়্যাহ, ৩১৭; শুআবুল ঈমান, ২/৫৯২