📄 তিনি চিরন্তন ও অনাদি
যিনি চিরন্তন ও অনাদি। যিনি সর্বদা ছিলেন এবং সর্বদা থাকবেন।
ব্যাখ্যা: মহান আল্লাহ চিরন্তন ও অনাদি। অর্থাৎ তাঁর অস্তিত্বের কোনো শুরু বা শেষ নেই। তিনি চিরন্তন। তিনিই আদি। তিনিই অন্ত। তিনি ছাড়া অন্য কোনো সৃষ্টির জন্য "চিরন্তন" ও অনাদি বিশেষণ দুটো প্রযোজ্য ও প্রমাণিত নয়। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুই চিরন্তন হতে পারে না। কারণ, তিনি ছাড়া আর কোনো কিছু দোষ-ত্রুটি থেকে মুক্ত নয়। তিনি ছাড়া সবকিছুই পরনির্ভর, অসম্পূর্ণ এবং ত্রুটিযুক্ত। আর এ-জাতীয় বিশেষণের অধিকারী কোনো কিছু কখনো চিরন্তন হতে পারে না। সুতরাং আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু রয়েছে, সবই মহান প্রতিপালকের সৃষ্ট। এসব কিছুর আদি রয়েছে, অন্ত রয়েছে। একমাত্র তিনিই অনাদি, অনন্ত।
📄 তাঁর অস্তিত্ব অবশ্যাম্ভাবী
তাঁর অস্তিত্ব অবশ্যম্ভাবী। তাঁর অস্তিত্ব অসম্ভব।
ব্যাখ্যা: মহান আল্লাহ তাআলা তাঁর চিরন্তন সত্তা ও গুণাবলির সঙ্গে স্বয়ং বিরাজমান। তিনি ছাড়া অন্যসব বস্তু তার দ্বারা সৃষ্টি হয়েছে এবং অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে। আল্লাহ তাআলা নিজ সত্তায় ভাস্বর, তিনি স্বয়ম্ভু। তাঁর সত্তা ও গুণাবলি ছাড়া সারা বিশ্ব ও বিশ্বের মধ্যস্থিত সকল বস্তু উদ্ভাবিত ও সৃষ্ট। এ সবকিছুই অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে। এ জন্যই বিশ্বের কোনো বস্তু সবসময় এক অবস্থায় থাকে না। পরিবর্তন ও বিবর্তনের এক কেন্দ্রবিন্দু এই পৃথিবী। ধ্বংস ও বিনাশের ক্ষেত্রভূমিরূপে প্রতিভাত এর সবকিছু বিশ্বের যে বস্তুর দিকেই দৃষ্টি ফেরানো হয়, সবকিছুর মধ্যেই মুখাপেক্ষিতা, দীনহীনতা, অক্ষমতা এবং অসহায়ত্ব পরিদৃষ্ট হয়। সুতরাং আল্লাহ তাআলাই হলেন প্রকৃত মালিক; যেহেতু তিনি সকল অস্তিত্বের মালিক। এ জন্য তাঁর অস্তিত্ব অপরিহার্য। তাঁর অনস্তিত্ব অসম্ভব। কারণ, এর অন্যথা হওয়া যদি সম্ভব হতো তাহলে তিনি আর সবকিছুর স্রষ্টা হতে পারতেন না। সবকিছুর স্রষ্টা হওয়ার জন্য অপরিহার্য গুণ হলো, তিনি সর্বদা অস্তিত্ববান থাকবেন। কখনো তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে না।