📄 ইমাম আবুল হাসান আশআরী রহ.
ইমাম আশয়ারীর নামঃ আলী বিন ইসমাঈল। উপনামঃ আবুল হাসান। বংশগত পরিচয়ঃ আশয়ারী। যেহেতু তিনি বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশয়ারী রাযি.-এর বংশে জন্মগ্রহণ করেছেন, তাই তার বংশগত পরিচয় আশয়ারী। তিনি ২৭০ হিজরী সনে বসরায় জন্মগ্রহণ করেন এবং যাট বৎসর বয়সে ৩৩০ হিজরী সনে বাগদাদে ইন্তেকাল করেন।
তিনি প্রথম জীবনে আবু আলী আব্দুল ওয়াহহাব জুব্বায়ী মুতাজিলা শিষ্যত্ব গ্রহণ করতঃ মুতাজিলা মতবাদের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ চল্লিশ বৎসর অতিবাহিত করে মুতাজিলাদের ইমাম গণ্য হতে যাচ্ছিলেন। এদিকে আল্লাহ পাকের ইচ্ছা ছিল তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হবেন। এমতাবস্থায় একদিন স্বপ্নে দেখেন, হযরত রাসূলে করীম সা. তাকে বলছেনঃ- انصر المذاهب المروية عني؛ فإنها الحق। অর্থাৎ, যে সব মতাদর্শ আমার থেকে বর্ণিত সেগুলির সহযোগিতা কর; কারণ এগুলিই সঠিক। তিনি একাধারে তিনদিন একই স্বপ্ন দেখেন। ফলে একদিন তিনি বসরার মসজিদে গিয়ে মুতাজিলা মতবাদ বর্জনের ঘোষণা দিয়ে তার খণ্ডন এবং আহলে সুন্নাত ওয়াল জমায়াত প্রতিষ্ঠার আত্মনিয়োগ করেন।
আক্বাইদের বেলায় তিনি নিজে ইমাম হলেও ফিকহের বেলায় তিনি ইমাম শাফেয়ী রহ.-এর অনুসারী ছিলেন। -[নশরুল ফাওয়িদ: ৯]