📄 কুরআনের ভাষায় আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচয়
ছিরাতে মুস্তাক্বীম বা সোজা পথ
পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে ছিরাতে মুস্তাকিম এর উল্লেখ রয়েছে। তন্মধ্যে এক আয়াতে ইরশাদ হচ্ছেঃ-
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
অর্থাৎ, আর নিশ্চয়ই এটি আমার ছিরাতে মুস্তাকীম (বা প্রদর্শিত সোজা পথ), তাই তোমরা পথে চল, এ ছাড়া অন্যান্য পথে চলো না। অন্যথায় সেগুলি তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্যুত করে দিবে। তিনি (অর্থাৎ, আল্লাহ) অত্যন্ত গুরুত্বসহকারে তোমাদের এ উপদেশ দিচ্ছেন, যাতে তোমরা (ভ্রান্ত পথ থেকে) বাঁচতে পার। [সূরা আনআম-১৫৩]
এ আয়াতে ছিরাতে মুস্তাকীম বা সোজা পথ কথার অর্থ ইসলাম বা কুরআনের পথও হতে পারে, আহলে সুন্নত ওয়াল জামাতের পথও হতে পারে। যদি ইসলাম বা কুরআনের পথ গণ্য করা হয়, তাহলে অন্যান্য পথ বলতে অন্যান্য ধর্মের পথ বুঝতে হবে। আর যদি এখানে সোজা পথ বলতে আহলে সুন্নত ওয়াল জামায়াতের পথ গণ্য করা হয়, তাহলে অন্যান্য পথ বলতে ইসলামের মনগড়া অপব্যাখ্যাকারী বাহাত্তর দলের ভ্রান্ত মতবাদসমূহ বুঝতে হবে। [তাফসীরে কামালান শরিফ: ২/৩৫]
📄 রাসূল (সাঃ)-এর হাদীসে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচিতি
عَنْ أَبِي عَامِرٍ عَبْدِ اللَّهِ بْنِ لُحَيٍّ قَالَ : حَجَجْنَا مَعَ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ قَامَ حِينَ صَلَّى صَلَاةَ الظُّهْرِ، فَقَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ أَهْلَ الْكِتَابَيْنِ افْتَرَقُوا فِي دِينِهِمْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَإِنَّ هَذِهِ الْأُمَّةَ سَتَفْتَرِقُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، يَعْنِي الْأَهْوَاءَ، كُلُّهَا فِي النَّارِ إِلَّا وَاحِدَةً، وَهِيَ الْجَمَاعَةُ ... انتهى
আবু আমির আবদুল্লাহ বলেন, আমরা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রা.- এর সাথে হজ্ব করলাম। যখন মদীনায় এলাম যোহরের নামাযের পর তিনি দাঁড়ালেন এবং বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বের দুই কিতাবধারী সম্প্রদায় তাদের ধর্মে বায়াত্তর মিল্লাতে বিভক্ত হয়েছিল। আর এই উম্মত বিভক্ত হবে তেয়াত্তর মিল্লাতে। অর্থাৎ নিজস্ব খেয়াল-খুশির অনুসারী বিভিন্ন দল। সবগুলো দল জাহান্নামী হবে একটি ছাড়া। আর সেটি হচ্ছে 'আল জামায়াত'।- মুসনাদে আহমদ ২৮/১৩৪ (মুয়াসসাসাতুর রিসালা থেকে প্রকাশিত শায়খ শুআইব আলআরনাউত কর্তৃক সম্পাদিত নুসখা), হাদীস : ১৬৯৬৭; সুনানে আবু দাউদ, হাদীস : ৪৫৯৭
এ হাদীস সম্পর্কে ইবনে তাইমিয়া রাহ. বলেছেন-
الحديث صحيح مشهور في السنن والمسانيد، كسنن أبي داود و الترمذي والنسائي وغيرهم
অর্থ : হাদীসটি সহীহ। এটি সুনান ও মাসানীদের কিতাবের মশহুর হাদীস। আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও অন্যান্যদের সুনানে তা আছে। -মাজমুউল ফাতাওয়া ৩/৩৪৫
জামে তিরমিযীতে হাদীসটির পাঠ এই-
تَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً، قَالُوا مَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي
অর্থাৎ আমার উম্মত তিয়াত্তর মিল্লাতে বিভক্ত হবে। একটি ছাড়া বাকি সবগুলোই যাবে জাহান্নামে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল! সেই এক দলে কারা থাকবেন? বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। অর্থাৎ যারা আমার ও আমার সাহাবীদের আদর্শের উপর থাকবে।-[জামে তিরমিযী ২/৯২, হাদীস : ২৮৩২]