📄 আধুনিক আরবী কলামিস্টবৃন্দ
এছাড়াও দারুল উলূম নদওয়াতুল ওলামা একদল এমন সুদক্ষ আরবী সাহিত্যিক ও কলামিস্ট তৈরী করেছে, যাদের ব্যাপক খিদমত দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে প্রাচ্যে-প্রতীচ্যে। ইসলামী বিশ্বের সাহিত্য আন্দোলন ও বহুমাত্রিক গবেষণালব্ধ রচনা কর্মের পরিসংখ্যান তৈরী করতে চাইলে কোন উদার, দূরদর্শী ঐতিহাসিক এই নদভী লেখক মহলের নিবেদিত, পরিপক্কতায় সমৃদ্ধ সাহিত্য ও চমৎকার রচনাশৈলীকে উপেক্ষা করতে পারেন না। যেখানে একই সাথে সাহিত্যরস, দাওয়াতী চেতনা, ঈমানী সজীবতা আর শক্তির চমকপ্রদ সম্মিলন ও চিত্তাকর্ষনের সমন্বয় ঘটেছে। সাহিত্যের পরিমন্ডলে তাঁরা একটি স্বতন্ত্র রীতির প্রবর্তন করতে সক্ষম হয়েছেন। ক্ল্যাসিকাল সাহিত্যের পরিপক্কতা, কৃষ্টি ও আধুনিক সাহিত্যের সুষমা ও সাবলীলতা যেখানে পুরোমাত্রায় বিদ্যমান।
এই নদওয়াতুল ওলামাতে ইসলামী দাওয়াতী ও সাহিত্য কর্ম বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে আরব বিশ্বের শ্রেষ্ঠতম সাহিত্যিক ও শিক্ষাবিদগণ অংশ গ্রহণ করেন। এ সম্মেলন 'রাবেতা আল আদব আল- ইসলামী' তথা আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থার বিশ্বব্যাপৃত ভিত্তি স্থাপনের বুনিয়াদী উপকরণ যোগানে বলিষ্ঠ ভূমিকা পালন করে। এ সংগঠনের একটি কেন্দ্রীয় কার্যালয় রিয়াদে এবং অপরটি লক্ষেতে অবস্থিত। আরব বিশ্বের প্রথিতযশা সাহিত্যিক ও লেখকবৃন্দ এ সংস্থার সদস্য হতে পারাকে গৌরবের বিষয় হিসেবে বিবেচনা করে থাকেন। সংস্থার সামগ্রিক কার্যক্রমে শেকড়সন্ধানী গবেষকগণ অত্যন্ত উৎসাহী ও তৎপর ভুমিকা পালনে নিবেদিত আছেন।