📄 মাওলানা আবুল কালাম আযাদ (রহ.)
মাওলানা আবুল কালাম আযাদ দীর্ঘদিন কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। অন্য কোন সভাপতি এত দীর্ঘ ও নাযুক সময় দায়িত্ব পালন করেননি। তার সভাপতিত্ব কালে ভারতবর্ষ বহু স্পর্শকাতর ও জটিল সমস্যার সম্মুখীন হয়। সে সময় ভারতের সমস্যার সমাধান, স্বাধীনতার শর্ত নির্ণয় ও আনুপুঙ্খ বিশ্লেষণের জন্য ব্রিটেন সরকারের পক্ষ হতে দু'টি প্রতিনিধি দল (ক্রিপ্স মিশন ও কেবিনেট মিশন) প্রেরণ করা হয়। মাওলানা আবুল কালাম আযাদ সভাপতি রূপে আলোচনায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন। প্রতিনিধিদল গুলোর সদস্যরা যাদের নেতা ছিলেন Sir Stafford Cripps, মাওলানা আযাদের মেধা ও প্রতিভা, রাজনৈতিক বিচক্ষণতা ও সাংবিধানিক সুক্ষাতিসুক্ষ্ণ বিষয় সহজে বুঝার অসাধারণ দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
তারই সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে হিন্দুস্থান স্বাধীনতা লাভ করে। তাঁর গ্রন্থ India Wins Freedom অধ্যয়ন করে একথা অনুধাবন করতে মোটেই বেগ পেতে হয়না যে, তিনি কংগ্রেসের পুরা প্রশাসন যন্ত্রে এক সজাগ মস্তিষ্কের ভূমিকা পালন করতেন এবং স্বীয় প্রতিভা, দূরদর্শিতা ও বলিষ্ঠ ব্যক্তিত্বের সাহায্যে এই প্রতিষ্ঠানকে পরিবেষ্টন করে রাখতেন। একজন জাতীয় নেতার পক্ষে স্বদেশের আযাদী আন্দোলনে যতটুকু অবদান রাখা সম্ভব, হিন্দুস্থানের আযাদী আন্দোলনে তিনি সেই অবদান রাখতে সক্ষম হয়েছেন।