📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 শিক্ষা ও রাজনীতিতে অধঃপতনের কারণ

📄 শিক্ষা ও রাজনীতিতে অধঃপতনের কারণ


এই নির্মম ও অদ্ভুত আচরণ যা ইংরেজ সরকার মুসলমানদের সাথে করেছে তা-ই মুসলমানদের মধ্যে শিক্ষার অভাব ও সরকারী চাকরী না পাওয়ার মূল কারণ। ইংরেজ প্রশাসনের পক্ষ হতে তাদের উপর অন্যায় ভাবে আরোপিত অভিযোগসমূহ থেকে নিজেদের নির্দোষ প্রমাণ করতে ব্যয় হয়ে যেতো তাদের সকল সময়। এই সুযোগ কখনো হতো না যে, তারা দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করবে এবং জাতীয় সচেতনতা ও জাগরণে দেশের অন্যান্য দ্রুত উন্নতিশীল অধিবাসীদের পাশাপাশি সামনে অগ্রসর হবে। কারণ অন্যান্য সম্প্রদায় সরকারের অকুণ্ঠ আস্থা ও অনুপ্রেরণার বলে বলীয়ান ছিল। পক্ষান্তরে মুসলমানরা ছিল তাদের বিরাগভাজন ও ঘৃণার পাত্র।

📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা

📄 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা


১৮৮৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে কতিপয় শ্রেষ্ঠ মুসলিম পন্ডিত ও চিন্তাবিদ অংশ গ্রহণ করেন। কংগ্রেসের চতুর্থ সভা অনুষ্ঠিত হয় ১৮৮৭ সালে মাদ্রাজে। এর সভাপতিত্ব করেন জনাব বদরুদ্দীন তৈয়বজী। এতে মীর হুমায়ুন জাহও অংশ গ্রহণ করেন এবং কংগ্রেসের তহবিলে পাঁচ হাজার রূপি চাঁদা দেয়ার ঘোষণা করেন। এই সভায় মুসলমান দায়িত্বশীল, ধনবান, উকিল ও ব্যবসায়ীদের একটি বড় অংশ উপস্থিত ছিলেন।

📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 স্যার সৈয়দ আহমদ খানের পৃথক রাজনৈতিক প্ল্যট ফরম

📄 স্যার সৈয়দ আহমদ খানের পৃথক রাজনৈতিক প্ল্যট ফরম


মুসলমানদের মধ্যে শিক্ষা আন্দোলনের অগ্রনায়ক, আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খান শুরুতে জাতীয় ঐক্যের সমর্থক ছিলেন। কিন্তু পরবর্তীতে মুসলমানদের শিক্ষাগত, রাজনৈতিক ও অর্থনৈতিক অধঃপতন দেখে তিনি এ থেকে আলাদা থাকতে ভাল মনে করেন। তিনি বাইরে থেকে মুসলমানদের সতর্ক করে দেন যে, তারা যেন আবেগপ্রবণ হিন্দু ও চরমপন্থী বাঙ্গালীদের প্রভাবে প্রভাবিত না হয়, যারা ইংরেজদের রাজনীতির বিরুদ্ধে সমালোচনা ও স্বীয় অধিকার আদায়ের দাবী উত্থাপন করেছিলো। তিনি একটি ইসলামী প্ল্যাটফরম গঠনের পরামর্শ দেন এবং রাজনীতি হতে পৃথক থাকার উপর জোর আরোপ করেন, কারণ তিনি মনে করেন ব্রিটিশের বিরোধিতায় হিন্দুদের সাথে রাজনৈতিক ঐক্য গড়ে তুললে মুসলমানদের জন্য নতুন জটিলতা ও সমস্যা সৃষ্টি হবে। এতে করে সেই পুরনো ক্ষত নতুন ভাবে তাজা ও জীবন্ত হয়ে উঠবে, যা এখনো পুরোপুরি মুছে যায়নি। স্মর্তব্য যে, স্যার সাইয়্যেদ আহমদ খানের উপর্যুক্ত দৃষ্টিভঙ্গি সন্দেহাতীতভাবে ভুল ছিল। মূলত ইংরেজ রাজনীতিক Mr. Back ও তাঁর পূর্বসূরি Mr. Morrison এর প্রভাবেই তিনি এ দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। ভারতবর্ষের মুসলিম রাজনীতিতে উক্ত দু'রাজনীতিবিদের প্রভাব ছিল শক্তিশালী। সে সময়ে রাজনীতির প্রতি মুসলমানদের অনীহ ভাব জাতীয় অস্তিত্বকে চরমভাবে ক্ষতিগ্রস্থ করেছে, এটাই বাস্তবতা।

📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 কংগ্রেসের সমর্থনে ওলামায়ে কেরাম

📄 কংগ্রেসের সমর্থনে ওলামায়ে কেরাম


কিন্তু স্বাধীন মুসলিম পণ্ডিত ও চিন্তানায়কদের একটি বড় অংশ যাদের শীর্ষে ছিলেন ওলামায়ে কেরাম তাঁরা কংগ্রেসের সহায়তা এবং রাজনৈতিক ও জাতীয় আন্দোলন সমূহে অংশ গ্রহণের পক্ষপাতী ছিলেন। রাজনীতিকে তাঁরা মুসলমানদের জন্য "নিষিদ্ধ বৃক্ষ" মনে করতেন না। মাওলানা মুহাম্মদ সাহেব লুধিয়ানভী ১৮৮৮ সালে 'নুসরাতুল আবরার' নামে ফতোয়া সমূহের একটি সংকলন প্রকাশ করেন। এতে কংগ্রেসের সহযোগিতা ও সমর্থনের প্রতি আহবান করা হয়। শুধু হিন্দুস্তানের বড় বড় ওলামায়ে কেরাম নন বরং মদীনা মুনাওয়ারা ও বাগদাদের শীর্ষস্থানীয় আলেমগণও এতে স্বাক্ষর করেন। মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.) এবং মাওলানা লুৎফুল্লাহ্ আলীগড়ী (রহ.) ও স্বাক্ষরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। ১৮৮৮ সালে ইলাহাবাদে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিক সভায়ও কতিপয় শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ গ্রহণ করেন। এভাবে মুসলমানগণ কংগ্রেসের কর্মতৎপরতায় অংশ নিতে থাকেন এবং স্বদেশবাসীদের সাথে যোগ দিয়ে এই বৃহৎ জাতীয় ঐক্যের গঠন, উন্নতি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ফন্ট সাইজ
15px
17px