📄 বৈচিত্রপূর্ণ খাবার
শব্দের তত্ত্ব উদঘাটন করতে গিয়ে আমার অন্তর্দৃষ্টিতে ধরা পড়লো 'ফিরনী' শব্দটি; যা চিনি চাউলের আটা ও দুধের সাহায্যে প্রস্তুত করা হয়। পূর্বে তার নাম ছিল 'আল-মেহলবিয়্যাহ' যা বিখ্যাত আব্বাসীয় সেনাপতি মিহলব ইবনে আবি সফরাহ্ নামের সাথে সম্পৃক্ত। উপরন্তু মুহাম্মদ আল-খাওয়ারযমী বর্ণনা করেন যে, 'আল-ফারানী' রোগীদের সতর্কতামূলক খাবার হিসেবে ময়দার রুটি, দুগ্ধ, চিনির সংমিশ্রনে প্রস্তুত করা হয়। এসব খাবারের মধ্যে 'কলিয়া' এর প্রসঙ্গও উল্লেখ করা যেতে পারে। মাংস, ঝোল, ও সবজির সাহায্যে প্রস্তুত এক প্রকার উপাদেয় খাদ্য। যা মূলতঃ আরবী শব্দ 'কাল্লিয়া' থেকে নির্গত। কাবাব ও কালিয়া প্রায় এক। কেননা কাবাব শব্দটি মূলত 'আল-কাব্বু' থেকে নির্গত। যার অর্থ উল্টানো-পাল্টানো, তাই এই শব্দটি এমন খাদ্যের জন্য ব্যবহৃত হয় যা আগুনে উল্টিয়ে পাল্টিয়ে ভূনা হয়। আরবী ভাষায় 'কাবাবা' শব্দটি 'আমালুল কাবাব' অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ কাবাব বা ভূনা গোস্ত বানানো। এ প্রসঙ্গে 'শূরবা' শব্দটির কথা মনে পড়ে। মূলত তা ছিল 'শারবাহ্' যার অর্থ হচ্ছে পান করা ও এমন বস্তু যা একবারেই পান করা যায়।
📄 আরাম-আয়েশের আসবাব-পত্র
সালাফা ও হুক্কা শব্দদ্বয়ও খাঁটি আরবী। আরবরা সালাফা শব্দ দ্বারা আহারের পূর্বে নাস্তাকে বুঝিয়ে থাকে। ঘরের ফার্ণিচার এং অন্যান্য ভোগ-বিলাসিতার আসবাবাদিতেও আরবী শব্দের ছড়াছড়ি লক্ষ্য করার মত। 'কালীন' (কার্পেট) শব্দটিও 'আলকানী' থেকে উদ্ভূত। এটা 'কালীকালা' এর সাথে সম্পৃক্ত। 'কালীকালা' আর্মেনীয়ার একটি শহরের নাম। বিখ্যাত আরবী লেখক আবু আলী আল-কানী সে শহরে জন্ম লাভ করেন। 'মু'জামুল বুলদান' নামক গ্রন্থে ইয়াকুত আর রুমী লিখেন, 'কালী' নামের কার্পেটগুলো কালিকলা শহরেই তৈরী হতো। উচ্চারণ কঠিন হওয়াতে কেবল বলা হতো 'কালী'।
📄 নির্মাণ কুশলী
গৃহাভ্যন্তরীণ আসবাব পত্রে আমার দৃষ্টি নিবদ্ধ হলো গৃহ নির্মাতার প্রতি। কারণ গৃহ ও প্রাসাদ সুন্দর, দৃষ্টিনন্দন হওয়ার পেছনে তারই মেধা ও শ্রম বেশী। এক্ষেত্রে হিন্দি 'রাজ' শব্দটি আমাকে বিস্মিত করে দেয়। এটা মূলতঃ একটি মাত্র অক্ষরের পরিবর্তন সহকারে আরবী 'আর-রায' থেকে উদ্ভূত হয়েছে। আরবি ভাষায় তার অর্থ প্রধান মিস্ত্রী। তার মূলরূপ হল, 'আর-রায়েয'। এভাবে নিপুন কারিগরের ক্ষেত্রে ভারতবর্ষে মিস্ত্রী শব্দটি প্রয়োগ করা হয়। যা মূলতঃ আরবী শব্দ 'মিসতিরীর' পরিবর্তিত রূপ। আরবী ভাষায় মিস্ত্রী বলা হয় ঐ কারিগরকে যে দেয়াল সমূহকে সোজা রাখার লক্ষ্যে সর্বদা নিজের মিসতার (রোলার) রাখে।
📄 নির্মাণের যন্ত্রপাতি ও উপকরণ
মিস্ত্রী ও কারিগরদের পেশায় 'খারাদ' শব্দটি ব্যবহৃত হয়। মূলতঃ খরতুন বা খারাত থেকে যা রূপান্তরিত; যার অর্থ কাঠ বা লৌহ সামগ্রীকে সমান করা। নির্মাণ কার্যে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি ও হাতিয়ারের হিসাব নিতে গিয়ে 'সাহুল' শব্দটি স্মৃতিপটে ভেসে উঠল। 'সাহল' এক ধরনের ক্ষুদ্র লৌহ পিন্ড, সুতার এক পাশে বেধে দেয়াল সোজা হয়েছে কিনা নির্ণয় করা হয় এর দ্বারা। বিখ্যাত গবেষক খাওয়ারেযমী স্বীয় গ্রন্থ 'মাফাতীহুল উলূম'-এ 'সাকুল' নামের এক যন্ত্রের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, তা এক রকম ভারি বস্তু যা রশির এক পার্শ্বে বেঁধে মিস্ত্রীরা বিশেষ কাজে ব্যবহার করে। এরূপ 'কুনী' শব্দটিও 'আলকুনিয়া' শব্দ থেকে নির্গত। খাওয়ারেযমী সে সম্পর্কে লিখেন যে, এর মাধ্যমে সমকোণ বের করা হয়।