📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 ভারত ‘তাসাউফ’ এর অন্যতম কেন্দ্র ও উৎসভূমি

📄 ভারত ‘তাসাউফ’ এর অন্যতম কেন্দ্র ও উৎসভূমি


তাসাউফের সুপ্রসিদ্ধ কেন্দ্রীয় ধারা প্রবাহ যদিও ভারতবর্ষের বাইরে সূচিত হয়েছে; কিন্তু তার অত্যধিক বিকাশ, জনপ্রিয়তা ও জনসমর্থন (ভারতের বিশেষ পটভূমি, পরিস্থিতি ও স্বভাব প্রকৃতির কারণে) হিন্দুস্তানেই সাধিত হয়। তাসাউফের এই বৈচিত্রপূর্ণ সিলসিলায় এমন কিছু ভারতীয় শাখা-প্রশাখা বিস্তার লাভ করেছে যেগুলো স্বতন্ত্র ধারার অধিকারী এবং স্বকীয় পথ প্রণালীতে প্রবহমান। উপরন্তু তাদের মধ্যে এমন কিছু মুজতাহিদ ও ধর্মীয় সংস্কারকেরও আবির্ভাব ঘটেছে যাঁরা এক স্বতন্ত্র ধারার প্রবর্তক ও ইমামের মর্যাদায় অধিষ্ঠিত। তাসাউফের প্রসিদ্ধ ও সুবিদিত সিলসিলা সমূহ যথা-তরীকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও সোহরাওয়ারদিয়া ভারতে আবির্ভূত হয়ে ব্যাপক উন্নতি ও পুষ্প-পল্লবে সুশোভিত হয়েছে। সেগুলো ব্যতীত এমন কিছু সিলসিলাও বিদ্যমান যারা পরিপূর্ণরূপে ভারতেই জন্ম লাভ করেছেন এবং ভারতের মাটিতেই সমাাহিত। যেমন-তরিকায়ে মদারিয়া, কালন্দারিয়া, শত্তারিয়া, ও মুজাদ্দেদিয়া। এ সব সিলসিলার সূত্রপাত ভারতে এবং অনন্তর তা ছড়িয়ে পড়ে অন্যত্র।

একাদশ শতাব্দী হতে বলতে গেলে ভারতই তাসাউফ ও আত্মশুদ্ধির ক্ষেত্রে পতাকাবাহীর ভূমিকা পালন করেছে। সে শতাব্দীতে ইমামে রব্বানী শায়খ আহমদ সারহিন্দি (রহ.) এবং তাঁর সুযোগ্য সন্তান ও স্থলাভিষিক্ত খাজা মাসূম (রহ.) হতে উপকৃত হয়েছে সমগ্র বিশ্ব। তদুপরি খাজা মুহাম্মদ মাসূমের (রহ.) খলিফাগণ ছড়িয়ে পড়েছিলেন ভারত ভূ-খন্ডের বাইরে তথা আফগানিস্তান, ইরান ও তুরস্কে। শায়খ হযরত শাহ গোলাম আলী দেহলভীর (রহ.) খানকায় রোম, সিরিয়া, বাগদাদ, মিশর, চীন, আবিসিনিয়া, সমরকন্দ এবং বুখারার অধিবাসী পর্যন্ত দীক্ষিত হওয়ার লক্ষ্যে গমণ করত। তাঁর অন্যতম খলীফা মাওলানা খালিদ রুমীর (রহ.) মাধ্যমে এই অপূর্ব ধারা প্রসারিত হয় ইরাক, সিরিয়া, কুর্দিস্তান ও সুদূর তুরস্কে। অদ্যাবধি সে সব দেশে এ সিলসিলা স্বমহিমায় বিদ্যমান। চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহ.) শায়খুল আরব ওয়াল আযম উপাধিতে ভূষিত হন। হেজাযবাসীরা এবং হেজাযে আগমণকারী অসংখ্য হাজীগণ তাঁর কাছে আধ্যাত্মিক দীক্ষা লাভ করেন। বর্তমান সমগ্র মুসলিম বিশ্বে ভারতবর্ষের সুবাদে আত্মশুদ্ধির প্রদীপ ও দীপ্যমান খোদাপ্রেমের চর্চা বিদ্যমান। ভারতবর্ষ আজও এ বিষয়ের কতিপয় সুবিজ্ঞ ও একনিষ্ঠ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সারা বিশ্বের প্রাণকেন্দ্ররূপে চিরোন্নত এবং উৎসুক ও কৌতুহলী শিষ্যদের একমাত্র আশ্রয়ভূমি বলে সমাদৃত।

📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 সুফী দর্শন ও সুফী সাধকদের সাথে মানুষের গভীর সম্পর্ক

📄 সুফী দর্শন ও সুফী সাধকদের সাথে মানুষের গভীর সম্পর্ক


ভারতবর্ষে মুসলিম যুগ সূচিত হয় সূফী সাধকদের অপূর্ব অবদানে। ভারবর্ষে সূফী-সাধকদের মাধ্যমেই ইসলামী যুগের গোড়াপত্তন ঘটে। বিশেষ করে হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী আজমীরীর (রহ.) নিঃস্বার্থ, শক্তিশালী ও দক্ষ হাতের প্রচেষ্টায় এখানে মুসলিম যুগের সুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হয়। রাজা-প্রজা নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ সে সব একনিষ্ঠ ও পূণ্যাত্মা সাধকগণ ও আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি পরম ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করে। উপমহাদেশের একপ্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত অসংখ্য খানকাহ ও অধ্যাত্মিক কেন্দ্র খাল্কা গড়ে উঠে। কেন্দ্রীয় শহরগুলোর বাইরে এমন কোন প্রদেশ বা অঞ্চল পাওয়া বিরল যা এ সৌভাগ্য হতে বঞ্চিত ছিল। সেসব বুযুর্গ ও খানকা সমূহের প্রতি মানুষের যে পরমশক্তি, শ্রদ্ধা ও গভীর সম্পর্ক বিদ্যমান ছিল এবং তাঁদের প্রতি আকর্ষণের যে রূপ চিত্র ভেসে উঠেছিল; তার কিঞ্চিত ধারণা নিম্নের বিক্ষিপ্তাকারে বর্ণিত ঘটনাবলী থেকে সহজেই অনুমেয়।

“হযরত সাইয়্যেদ আদম বানুরী (রহ.) (মৃত্যু: ১০৫৩ হি.) এর খানাকায় প্রতিদিন এক হাজার মানুষ হাযির হতো। খানাকাতেই তাঁরা দু' বেলা আহার সারতেন। এ সব মানুষের সাথে থাকতো শত শত আলেম। 'তাযকিরায়ে আদমিয়া' নামক গ্রন্থে উল্লেখ আছে, তিনি ১০৫২ হিজরী সনে যখন লাহোর গমন করেন তাঁর সফরসঙ্গী ছিলেন অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, পীর-মাশায়েখ ও সর্বস্তরের জনসাধারণ। যাদের সংখ্যা প্রায় দশ হাজার। সার্বক্ষণিক তাঁর সান্নিধ্যে থাকতেন জ্ঞান পিপাসু ও ভক্তদের এক বিশাল দল। যা আশঙ্কা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিল সম্রাট শাহজাহানের হৃদয়পটে। অতএব, সুকৌশলে তিনি কিছু অর্থ সম্পদ তাঁকে হাদিয়া দিয়ে বলেন, আপনি হারামাঈন শরীফে ফরয হজ্ব পালন করতে যান। অতএব, তিনি হিন্দুস্তান থেকে হিজরত করেন।"

মুজাদ্দিদ সাহেবের সুপ্রসিদ্ধ খলিফা ও সাহেবজাদা মাসূম (রহ.) (মৃত্যু : ১০৭৯ হি.) এর হাতে নয় লাখ লোক তাওবা ও বায়আত গ্রহণ করেন। তদুপরি, প্রায় সাত হাজার লোক খেলাফতে ভূষিত হন। স্যার সৈয়দ আহমদ খান (রহ.) 'আছারুস্ সানাদীদ' গ্রন্থে উল্লেখ করেন যে, বিশিষ্ট সূফী-সাধক হযরত শাহ গোলাম আলী (রহ.) এর সুবিশাল খান্কায় প্রায় পাঁচশ'জন ফকীর মিসকীন অবস্থান করতেন। সকলের খাওয়া দাওয়া পোষণ অর্পিত ছিল তাঁর দায়িত্বে।

ত্রয়োদশ শতাব্দীর সুবিখ্যাত সংস্কারক ও শায়খে তরীকত হযরত সৈয়দ আহমদ শহীদের (রহ.) প্রতি সাধারণ মানুষের আনাগোনা, ভক্তদের স্রোতপ্রবাহ ও গণজোয়ার ছিল অদ্বিতীয় ও অনন্য। তিনি আত্মশুদ্ধির মিশন ও হজ্বযাত্রার উদ্দেশ্যে নগর ও জনপদ অতিক্রমকালীন পুরো এলাকার দু'একজন ব্যতীত সকল অধিবাসী স্বতঃস্ফূর্তভাবে তাওবা ও বায়আতের সুবর্ণ সুযোগ গ্রহণ করেছিল। এলাহাবাদ, মির্যাপুর, বেনারস, গাজীপুর, আজীমাবাদ, পাটনা ও কলকাতায় সামগ্রিকভাবে প্রায় কয়েক লাখ মুসলমান বায়আত ও তাওবা করেছিলেন। ধর্মের প্রতি জনগণের যে সার্বিক গুরুত্বানুধাবন ও অনুপ্রেরণার সঞ্চার পরিলক্ষিত হয়েছিল তা নিম্নের বর্ণনা থেকে সহজেই অনুমেয়। উল্লেখ্য যে, বেনারস হাসপাতালের রোগীরা খবর পাঠান, "আমরা পীড়িত ও রুগ্ন হওয়াতে আপনার কাছে যেতে অক্ষম। তাই আল্লাহর ওয়াস্তে আপনি এখানে আসতে পারলে আমরা বায়আত হতে আগ্রহী। অতঃপর তিনি কলকাতায় দুইমাস যাবৎ অবস্থান করেন। প্রত্যেহ প্রায় এক হাজার লোক তাঁর বায়আত গ্রহনে ধন্য হত এবং তা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। অধিকহারে বায়'আত গ্রহনের সূচী ছিল নিম্নরূপ: সকাল হতে মধ্য রাত পর্যন্ত ভিড় থাকত নারী-পুরুষের। নামায, খাওয়া- দাওয়া ও মানবিক চাহিদার কার্যাবলী ব্যতীত আর কিছুই করার সুযোগ তাঁর হত না। মাথা পিছু বায়আত করানো তাঁর পক্ষে ছিল অসম্ভব। তাই সকল বায়'আত প্রত্যাশী একটি বিশাল প্রান্তরে সমবেত হলে তিনি তাশরীফ নিতেন এবং সাত বা আটটি পাগড়ি খুলে তাঁদের হাতে প্রদান করতেন। ভক্তরা তা সশ্রদ্ধে টেনে নিতেন। তিনি উচ্চঃস্বরে আযানের শব্দাবলী উচ্চারণ করাতেন। প্রত্যহ প্রায় সতের-আটার বার এ আগমন ও কর্মধারা সুচারুরূপে পরিলক্ষিত হত।

📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 জীবন ও সমাজের উপর প্রভাব

📄 জীবন ও সমাজের উপর প্রভাব


যারা পীর-মাশায়েখদের হাতে বায়'আত গ্রহণ করতো তাদেরকে তাঁরা যাবতীয় পাপ থেকে তাওবা করাতেন। আল্লাহর অনুকরণ ও রাসূলের অনুসরণের দৃঢ় প্রতিজ্ঞা নিতেন। অশ্লীলতা, বেহায়াপনা, দুশ্চরিত্র, নির্যাতন, সীমালঙ্গন, জনগণের তথা বান্দার হক সমূহের বিনষ্টকরণ থেকে বিরত থাকার তাকিদ দিতেন। সচ্চরিত্র অবলম্বন, দুশ্চরিত্র (তথা-হিংসা বিদ্বেষ, অহঙ্কার, সম্পদের লোভ ও সম্মানপ্রীতি) বর্জন ও শান্তি স্থাপনের প্রতি হিতাকাঙ্ক্ষা, সমাজ হিতৈষণা, জনসেবা, পরোপকার, অন্যের অগ্রাধিকার ও অল্পেতুষ্টির শিক্ষা দিতেন। উপরন্তু এই বায়আত সাধারণতঃ স্বাভাবিক ভাবে এক বিশেষ ও গভীর সম্পর্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলো- তিনি সকল আগন্তুক ও যাত্রীর প্রতি উপদেশ দিতেন। তাদের অন্তরে আল্লাহর প্রেম-প্রীতি, তাঁর সন্তুষ্টির প্রতি উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা এবং অবস্থার সংশোধনের প্রতি আগ্রহ সৃষ্টির প্রয়াস চালাতেন। তাঁর একনিষ্ঠতা, অনুপম চরিত্র, শিক্ষা, তত্ত্বাবধান ও সান্নিধ্যের যে প্রভাব স্বাভাবিক জীবন ও সমাজে পড়েছিল তার এক বাস্তব চিত্র নিম্নে প্রদত্ত হল। ভারতের সুপ্রসিদ্ধ ইতিহাসবেত্তা কাজী যিয়াউদ্দীন বারনী আলাঈ যুগের আলোচনা করতে গিয়ে লিখেন :

"সুলতান আলাউদ্দীন আমলে মাশায়েখদের মধ্যে শায়খুল ইসলাম নিজামুদ্দীন, শায়খুল ইসলাম আলাউদ্দীন, শায়খুল ইসলাম রুকুন উদ্দীনের মাধ্যমে তাসাউফের সিংহাসন সজ্জিত ছিল। পৃথিবী তাঁদের বরকতময় শ্বাস-প্রশ্বাস দ্বারা আলোকিত ও প্রাণবন্ত হয়। সমগ্র বিশ্ব তাঁদের কাছে সানন্দে বায়'আত ও তাওবা গ্রহণ করে। বিপুল সংখ্যক পাপাচারী, বেনামাযী মন্দকাজ বর্জন এবং স্থায়ী মুসল্লির তালিকাভূক্ত হয়ে যায়। আন্তরিকভাবে তারা ধর্মীয় কাজ-কর্মে আগ্রহ প্রকাশ করে। যার ফলশ্রুতিতে তাদের তাওবা খাঁটি ও যথার্থ বলে প্রমাণিত হয়। পার্থিব জগতের প্রলোভন ও আসক্তি (যা মূলতঃ মানুষের লাভ ও লোক পুজার উৎস) পীর- মাশায়েখদের সচ্চরিত্র ও দুনিয়া বিমূখতা দেখে তা তাদের অন্তর থেকে হ্রাস পেতে থাকে। বুযুর্গদের ইবাদত ও পারস্পরিক সম্পর্কের বরকতে লোকদের মানসপটে স্থান পেয়েছে সততা ও অকৃত্রিমতা। তাঁদের মহৎ চারিত্রিক গুণাবলী ও চেষ্টা, সাধনার প্রভাবে খোদাভীরুদের অন্তরে স্বভাব- চরিত্র পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি করে।"

তিনি আরো বলেন: "আলাঈ আমলের শেষ দিকে সুরা-মদ, প্রেম- প্রণয়, পাপ-অনাচার, জুয়া, বেহায়াপনা ও অশ্লীলতার নামও অধিকাংশ মানুষের মুখে শোনা যায়নি। বড় বড় পাপ সমূহ মানুষের কাছে কুফর সদৃশ মনে হত। মুসলমানরা পরস্পর লজ্জার বশবর্তী হয়ে প্রকাশ্যে সুদের লেনদেন ও মালামাল মজুদ করতে সাহস করত না। দোকানদারের মিথ্যা কথন, মাপে ও ওজনে কম দেয়া ও ভেজাল মিশ্রণের অবসান ঘটলো।¹"

তরীকতের মাশায়েখ স্বীয় নব মুরিদগণের প্রতি লেন-দেনে স্বচ্ছতা, পাওনাদারদের প্রাপ্য পরিশোধ আর তার দায়িত্বে যদি অন্যের কিছু দাবি- আবদার অসম্পূর্ণ থাকে তা আদায় করার বিশেষ তাগিদ দিতেন। সুলতানুল মাশায়েখ খাজা নিজামুদ্দীনকেও (রহ.) স্বীয় শায়খ খাজা ফরীদুদ্দীন গঞ্জশকর (রহ.) এ মর্মে তাগিদ দেন যে, "প্রতিপক্ষকে খুশি করা ও পাওনাদারকে সন্তুষ্ট রাখতে যেন বিন্দুমাত্র অবহেলা না করো।" তিনি জনৈক ব্যক্তির কাছে বিশ জিতলের ঋণী ছিলেন। আরেকজন থেকে ধার নেয়া একটি কিতাব হারিয়ে ফেলেছিলেন। অতঃপর তিনি দিল্লি পদার্পন করে প্রথম ব্যক্তির নিকট ঋণ পরিশোধ করার জন্য গেলে সে বলল, মনে হয় আপনি মুসলমানের কাছ থেকে আসছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলে তিনি সে বলল, হ্যাঁ আপনি যেখান থেকে আসছেন সেখানকার ফলাফল এরূপ হওয়াই বাঞ্চনীয়।¹"

এসব পীর-মাশায়েখদের সাহচর্য ও পরিচর্যার ফলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-অনাত্মীয়ের পার্থক্য ব্যতিরেকে এক অপরের সেবা-শুশ্রুষা ও সহযোগিতা করার আগ্রহ ও মানসিকতা সৃষ্টি হয়। হযরত সাইয়্যেদ আহমদ শহীদ (রহ.) বিপুল সংখ্যক সফরসঙ্গী নিয়ে যখন হজ্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হতেন, দীর্ঘ ও কষ্টকর সফরে প্রয়োজন বশত কোন কাজ সম্পাদন করতে হলে তাতে তিনি লজ্জাবোধ করতেন না। তাঁর এই সফর ছিল গঙ্গা নদীর নৌপথে। মির্যাপুর ঘাটে ছিল তুলাভর্তি নৌকা। তুলার মালিক শ্রমিকদের অপেক্ষায় ছিল; যেন তুলাগুলি বোঝাই করে গুদামে নিয়ে যাওয়া হয়। সাইয়্যেদ সাহেব সাথীদের নিয়ে তুলার বস্তা নামিয়ে দেয়ার নির্দেশ দিলে শত শত মানুষ নৌকায় ঝাপিয়ে পড়ে এবং দু'ঘন্টার মধ্যে নৌকা খালি করে তুলা গুদামের দ্বারপ্রান্তে নিয়ে যায়। জনসাধারণ এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। পরস্পর বলাবলি করতে লাগল "এরাতো আজব লোক! তুলার মালিকের সাথে কোন পূর্বপরিচিতি নেই; একমাত্র আল্লাহর খাতিরেই তারা অনেক কাজ বিনা পারিশ্রমিকে সম্পন্ন করে দিল। নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা বুযুর্গ হবে"।²

ধারাবাহিকভাবে এই পীর-মাশায়েখদের কৃতিত্ব ও অবদানের বর্ণনা দেওয়া অতি দুষ্কর। তজ্জন্যে প্রয়োজন বিশাল গ্রন্থের। ভারতবর্ষে সমৃদ্ধ ও সুশীল প্রাণবন্ত সমাজ গঠনে (যা ঐ রাষ্ট্রের প্রধান নৈতিক ও চারিত্রিক সম্বল; নিঃস্বার্থ মানবতার সেবক ও সৎ শাসকদের প্রাণকেন্দ্র; এবং যার দরুণ ভারত ভূ-খন্ড প্রতি সঙ্কটপূর্ণ মুহূর্তে সুযোগ্য মনীষীদের উপহার লাভ করে) সেই নিঃস্বার্থ সংস্কারকগণ ও চরিত্র বিনির্মাণকারীদের বিরাট অবদান রয়েছে। বর্তমান শতাব্দীর ঘটনাবলী বিশদ বিবরণ তরীকতের মাশায়েখ আলোচনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ত্রয়োদশ শতাব্দীর অন্যতম পথপ্রদর্শক হযরত সাইয়্যেদ আহমদ শহীদ (রহ.) এর ধর্মীয় ও চারিত্রিক প্রভাবের আলোচনা দৃষ্টান্ত স্বরূপ পেশ করছি। সাইয়্যেদ সাহেবের হজ্ব যাত্রার আলোচনা পর্বে জনৈক ইতিহাসবিদ বলেনঃ "একদা কলকাতায় এক মুহূর্তের মধ্যে মদ বিক্রি বন্ধ হয়ে যায়। দোকানদাররা ইংরেজ সরকারের কাছে অভিযোগ জানায়, আমরা বিনা দ্বিধায় সরকারের কর আদায় করে থাকি কিন্তু অধুনা আমাদের দোকান-পাট অচল। জনৈক বুযুর্গ সদলবলে এই নগরে পদার্পন করলে শহর গ্রামের সমুদয় মানুষ তাঁর হাতে মুরীদ হয়ে যায় এবং প্রত্যহ মুরীদ হতে চলেছে। তারা যাবতীয় নেশাদায়ক দ্রব্যাদি থেকে তাওবা করছে যার ফলশ্রুতিতে তারা এখন আমাদের মদ্য বিপনীর ধারে কাছেও যায় না।¹"

টিকাঃ
১. বামে সূফীয়া, পৃ. ১৯৮-২০২
১. ফাওয়াইদুল ফুয়াদু, পৃ.১৪
২. সীরাতে সাইয়েদ আহমদ শহীদ, পৃ. ২৪৯
১. ওকায়ে আহমদী

📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 নির্ভিকতা ও সত্য কথন

📄 নির্ভিকতা ও সত্য কথন


সেই আধ্যাত্মিক পথ প্রদর্শকদের এক অনন্য খিদমত ও কৃতিত্ব ছিল- তাঁরা স্বৈরাচারী সম্রাট জালিম শাসকদের ভুল-ত্রুটি, ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ও সীমালঙ্ঘনকারী বিষয়াবলীর প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সম্মুখে হক কথা ব্যক্ত করেন এবং তাঁদের সাথে ভিন্ন মত পোষণ করে সরকার ও সমাজকে বিপজ্জনক পরিণতি ও ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। তাঁদের নিকনির্দেশনা, প্রশিক্ষণ, অকৃত্রিম ও নিখুত গুণাবলীর দরুণ জনমনে সাহস, বিক্রম, নিরাপত্তাবোধ ও বীরত্ব সৃষ্টি হয়। ভারতবর্ষের ইসলামী যুগে এরূপ অজস্র দৃষ্টান্তও রয়েছে যে, পীর-মাশায়েখ ও তাঁদের খলিফাগণ মাথায় কাফন বেঁধে এবং নিজের জীবন বিপন্ন করে "জালিম সরকারের বিরুদ্ধে সত্য কথনই সর্বোত্তম জিহাদ” এ হাদীসটি মুতাবিক আমল করতে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। নিম্নে মুহাম্মদ তুঘলকের শাসনামলের মাত্র দু'টি ঘটনা উল্লেখ করা হলো:

মুহাম্মদ তুঘলকের শাসনামলে শেখ কুতুব উদ্দীন মুনাওয়ার ছিলেন এক নিভৃতচারী ও চিশতী তরিকার সাধক ও দরবেশ। একদা বাদশাহ্ তাঁর এলাকায় আসলে তিনি অভিবাদন জানানোর জন্যে উপস্থিত হননি। ফলে বাদশাহ তাঁকে দিল্লিতে তলব করেন। তিনি রাজপ্রাসাদের অলিন্দে পদার্পন করলেই সেনাপতি, অমাত্য ও প্রহরীগণ দু'প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়ানো ছিল। তাঁর পুত্র নুরুদ্দীন ছিল অল্প বয়সের। শাহী দরবারের আড়ম্বরতা কখনো সে প্রত্যক্ষ করেনি বিধায় সে ভয় পেয়ে যায়। শেখ কুতুবউদ্দীন তাকে ডেকে বলেন, বাবা নুরুদ্দীন! 'আল আযমাতু লিল্লাহ্' অর্থাৎ মহত্ত্ব ও জাঁকজমক কেবল মাত্র মহান আল্লাহ তা'য়ালার জন্য সংরক্ষিত। সাহেবজাদা বর্ণনা দেন যে, এ বাক্য শ্রবণমাত্র আমার অন্তরে যেন এক বিশেষ শক্তি-প্রবাহ সৃষ্টি হয়। ভয়-ভীতি দূরীভূত হয়ে যায়। যে সব সেনাপতি ও শাসকবৃন্দ তথায় দাঁড়ানো ছিলেন তাদেরকে আমার মেষ সদৃশ মনে হল। বাদশাহ অভিযোগ করলেন, আমি আপনার কাছে গেলে আমার কোন খোঁজ-খবর নেননি; আমার প্রতি সাক্ষাতের মাধ্যমে সম্মান প্রদর্শন করেননি। উত্তরে শেখ বললেন, আমার মত একজন নগন্য দরবেশ আপনার সাক্ষাত করার অযোগ্য মনে করি, নির্জনে বসে বাদশাহ ও মুসলমানদের জন্য দোয়ায় মনোনিবেশ থাকি। অতএব, আমাকে অপারগ মনে করবেন। সাক্ষাৎ পর্ব শেষে সম্রাট এক আমীরকে বলেন, যেসব বুযুর্গের সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে এবং যাদের সাথে আমি করমর্দন করেছি তাঁদের হাতে ছিল এক ধরনের কম্পন ও শিহরণ (বিনয় ভাব)। কিন্তু শেখ মুনাওয়ার এত শক্ত ও স্বাভাবিকভাবে করমর্দন করেন যে, তাঁর হাতের শিহরণের রেশ ও চিহ্ন বলতে নেই। বাদশাহ তাঁর খিদমতে একলাখ টংকা (তৎকালীণ মুদ্রা) উপঢৌকন পেশ করেন। শেখ আশ্চর্য হয়ে বলেন, সুবহানাল্লাহ্! (আল্লাহ কত মহান/ কত পবিত্র!) দরবেশের জন্য দু' সের চাল, ডাল ও এক পয়সার ঘিই যথেষ্ট। সে এত সহস্র মুদ্রা দিয়ে কি করবে? অনেক প্রচেষ্টা ও কৌশল চালিয়ে এমনকি বাদশাহ মনক্ষুন্ন হবেন একথা বললে পরিশেষে তিনি দু'হাজার টংকা গ্রহণ করেন। তাও তিনি তরীকতের সাথীদের ও নিঃস্ব-অনাথদের মাঝে বণ্টন করে দেন।¹

দ্বিতীয় কাহিনী মাওলানা ফখরুদ্দীন রাযী (রহ.) এর। তিনি সম্রাটের সাহচর্য থেকে দূরে থাকা পছন্দ করতেন। তিনি বারংবার বলতেন যে, আমার শির ওই ব্যক্তির দরবারে কর্তিত ও পতিতাবস্থায় দেখতে পাচ্ছি। অর্থাৎ হক কথা বলা থেকে আদৌ পিছপা হবনা, আর তিনিও আমাকে রেহাই দেবেন না। পরবর্তীতে বাদশাহর দরবারে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাদশাহ কিছু নসীহত করতে বললে তিনি বলেন, রাগ দমন করুন। বাদশাহ জানতে চাইলেন, কোন ধরণের রাগ? তিনি বলেন, পশু সুলভ রাগ। তাতে বাদশাহর চেহারা মলিন হয়ে যায় তবে কিছু বলেননি। মাওলানা সাহেবকে বাদশাহ নিজ প্লেটে শরীক করেন এবং স্বহস্তে কিছু গ্রাসও তুলে দেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি আহার সম্পন্ন করেন। অতঃপর বাদশাহ তাঁকে বিদায় দেন।¹

এসব পীর-মাশায়েখ, স্বৈরাচারী রাজাদের শাসনামলে নিজেদের নিস্বার্থপরতা, নির্ভিকতা ও সত্য কথা বলার প্রথা চালু রাখেন। স্বাভাবিক অবস্থায় উলামা-মাশায়েখকে রেহাই না দিলেও তাঁদেরকে দেয়া হত এক বিশেষ সুযোগ। যাতে ফরয আদায় করতে পারে সে সুযোগ দেয়া হত। মুসলিম শাসনের পতনকালে দিল্লির পীর মাশায়েখগণ নিজের ঐতিহ্য ও বৈশিষ্ট্যকে হাতছাড়া হতে দেননি। সম্রাট শাহ আলম একদা খাজা মীর দরদ (রহ.) এর যিক্র অনুষ্ঠানে উপস্থিত হন। ব্যথার কারনে পা দুটো লম্বা করে দেন। কিন্তু সে বেআদবী খাজা সাহেবের সহ্য হলোনা। অবশেষে তিনি বলেনঃ আপনার এই আচরণ ফকীরের অনুষ্ঠানের নিয়ম বহির্ভূত। বাদশাহ অপারগতা প্রকাশ করে ক্ষমা চান। প্রত্যুত্তরে খাজা সাহেব বললেন, আপনি যদি অসুস্থই হন তাহলে কষ্ট করে এখানে আসার প্রয়োজন কী?²

টিকাঃ
১. সীয়ারুল আউলিয়া, পৃ.২৫৩-৫
১. সীয়ারুল আউলিয়া, পৃ.২৭১-২
২. গুল-ই-রা'য়না, পৃ.১৭১।

ফন্ট সাইজ
15px
17px