📘 উসওয়াতুল লিল আলামিন > 📄 দাসপ্রথা বহাল রাখার অভিযোগ

📄 দাসপ্রথা বহাল রাখার অভিযোগ


কেউ কেউ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই আপত্তি উত্থাপন করে যে, তিনি মানুষকে দাস বানানোর ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তিনি তাঁর সৈন্যবাহিনীকে যুদ্ধবন্দি ব্যক্তিদেরকে দাস হিসেবে গ্রহণ করার অনুমতি দেওয়ার মাধ্যমে এই প্রথাকে স্বীকৃতি দিয়েছেন।

অথচ বাস্তবতা ও ইনসাফের কথা হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাসপ্রথায় উদ্বুদ্ধকারীর পরিবর্তে দাসমুক্তির ক্ষেত্রে অগ্রগণ্য ব্যক্তি হিসেবে গণ্য করা! তবে দাসমুক্তির ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা-প্রচেষ্টা সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের জানতে হবে, তাঁর আগমনের পূর্বে তৎকালীন জাজিরাতুল আরব এবং সমগ্র বিশ্বে এর শিকড় কতটুকু গভীরে প্রোথিত ছিল। তখন আমরা সহজেই বুঝতে পারব, বৈশ্বিকভাবে যুগ যুগ ধরে চলে আসা এমন ব্যাপক একটি প্রথার বিরুদ্ধে হঠাৎ করেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিষেধবাণী ঘোষণা করা সম্ভব ছিল কি না।

আরব অঞ্চলের অবস্থা ছিল এরকম যে, সময়ে-অসময়ে গোত্রীয় সাম্প্রদায়িকতার ইন্ধনে যুদ্ধের আগুন লেগেই থাকত। স্বাভাবিকভাবেই এ সকল যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব পড়ত পরাজিত পক্ষের ওপর। তাদের মহিলা এবং ছোট বাচ্চাদেরকে বন্দি করা হতো, সম্ভব হলে পুরুষদেরকেও বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হতো। এরপর হয়তো তাদেরকে হত্যা করা হতো অথবা দাস-দাসী বানিয়ে বাজারে বিক্রি করে দেওয়া হতো। বন্দিদের প্রতি দয়া প্রদর্শন কিংবা বিনিময় ছাড়া মুক্ত করার মতো কোনো সৎকর্ম তাদের স্বভাবে ছিল না। আরবদের নিকট এ সকল যুদ্ধবিগ্রহ দাসব্যবসার অন্যতম প্রধান মাধ্যম ছিল। আর এই দাসব্যবসা আরব অঞ্চলের অর্থনীতির প্রধান একটি উৎস হিসেবে বিবেচিত হতো।

এদিকে রোমান সাম্রাজ্যের দাস-দাসীরাও এর থেকে ভালো অবস্থায় ছিল না। এমনকি উন্নত নগরায়ণের প্রবর্তক গ্রিক দার্শনিক প্লেটো মনে করতেন, দাস-দাসীদের কখনোই নাগরিকত্ব দেওয়া উচিত নয়।

আর পারস্যসাম্রাজ্যে নাগরিকরা সাতটি স্তরে বিভক্ত ছিল। সবচেয়ে নিম্নস্তরে ছিল সাধারণ জনগণ। অথচ তাদের সংখ্যার হার ছিল মোট অধিবাসীদের ৯০% থেকেও বেশি! এই শ্রেণিতে ছিল শ্রমিক, কৃষক, সৈনিক এবং দাস-দাসী। সমাজে তাদের কোনো অধিকার ছিল না। এমনকি যুদ্ধক্ষেত্রে তাদেরকে শেকলে আবদ্ধ করে হলেও যুদ্ধে লিপ্ত রাখা হতো। উবুল্লা যুদ্ধে যেমনটি দেখা গিয়েছিল। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রা.-এর নেতৃত্বে এটাই ছিল পারস্যের বিরুদ্ধে মুসলমানদের প্রথম লড়াই।

ইসলাম আগমনের পূর্বে এমনই এক জটিল অবস্থায় ছিল দাসপ্রথা। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সর্বশেষ রিসালাত নিয়ে আগমন করলেন, তখন তিনি দাসপ্রথাকে অকার্যকর (অর্থাৎ সীমিত) করার জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। যথা :
এক. দাসত্বের উৎসধারাকে সীমিত করা, যা একে ব্যাপকতা দান করত এবং এর স্থায়ী হওয়ার ক্ষেত্রে সহায়ক হতো।

দুই. দাস-দাসী মুক্তির পথগুলোকে আরও প্রশস্ত করা।

এই দুটি নীতির সর্বোত্তম প্রয়োগ দেখা যায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচারে। সদ্য মুকুল ফোটা মুসলিম সমাজকে তিনি দাসমুক্তির ব্যাপারে উদ্বুদ্ধ করতে থাকেন। এর বিনিময়ে কিয়ামত দিবসে বড় ধরনের প্রতিদানের প্রতিশ্রুতি প্রদান করেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ أَعْتَقَ رَقَبَةً أَعْتَقَ اللهُ بِكُلِّ عُضو مِنْهَا عُضْوًا مِنْ أَعْضَائِهِ مِنَ النَّارِ حَتَّى فَرْجَهُ بِفَرْجِهِ»

যে ব্যক্তি কোনো দাস আজাদ করবে, আল্লাহ তাআলা সেই দাসের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের বিনিময়ে আজাদকারীর একেকটি অঙ্গপ্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এমনকি তার লজ্জাস্থানের বিনিময়ে তার লজ্জাস্থানকেও।

তদ্রূপ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার পাপের কারণে ক্ষতিপূরণ হিসেবে দাসমুক্তির ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, যার মাধ্যমে সম্ভাব্য সর্বোচ্চসংখ্যক দাসমুক্তির সম্ভাবনা রয়েছে। কারণ, পাপ ও গুনাহ এমন একটি বিষয়, যা কখনো বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। প্রতিটি আদম সন্তানই তো গুনাহগার। দাসমুক্তির এ পদ্ধতি সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'কোনো মুসলমান পুরুষ অপর কোনো মুসলমান দাসকে আজাদ করলে আজাদকৃত দাস তার জন্য জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। আজাদকৃত ব্যক্তির প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ আজাদকারীর একেকটি অঙ্গপ্রত্যঙ্গের মুক্তির জন্য যথেষ্ট হবে। তদ্রূপ কোনো মুসলমান পুরুষ দুজন মুসলিম দাসীকে আজাদ করলে তারা তার জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। তাদের প্রতিটি অঙ্গ আজাদকারীর একেকটি অঙ্গের মুক্তির জন্য যথেষ্ট হবে। এভাবে কোনো মুসলিম নারী অপর কোনো মুসলিম দাসীকে আজাদ করলে সেই আজাদকৃত দাসী তার জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। আজাদকৃত দাসীর প্রতিটি অঙ্গ তার প্রতিটি অঙ্গের মুক্তির জন্য যথেষ্ট হবে।

আর এ বাণীর বাস্তবায়নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন অন্য সকলের জন্য আদর্শ ও বাস্তব দৃষ্টান্ত। কারণ, তিনি নিজেও তাঁর দাস-দাসীদের আজাদ করেছিলেন।

তাঁর নির্দেশনাগুলো শুধু দাসমুক্তির ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং মানুষকে তিনি দাস-দাসীদের প্রতি এমন সব মানবিক আচরণ প্রদর্শনের প্রতিও উদ্বুদ্ধ করেছেন, যেগুলোর মাধ্যমে সমাজের মানুষ দাসমুক্তির জন্য প্রস্তুত হয়ে উঠতে পারে। যেমন, প্রথমে তিনি মানুষকে তাদের দাস-দাসীদের সাথে সদাচারের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এমনকি তাদের সাথে শব্দ ও বাক্য প্রয়োগের ক্ষেত্রেও সদাচারের নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলেন, তোমাদের কেউ যেন (তার দাস-দাসীকে) 'হে আমার বান্দা/বান্দি' বলে না ডাকে। কারণ, তোমরা সকল নারী-পুরুষই আল্লাহর বান্দা ও বান্দি। সুতরাং বলবে, 'হে আমার সেবক/সেবিকা'।

শুধু এতটুকুই নয়, বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নির্দেশ হলো, পরিবারের লোকেরা যে খাবার ও পোশাক ব্যবহার করে, তাদের দাস-দাসীকেও সে ধরনের খাবার ও পোশাক প্রদান করা এবং তাদের সাধ্যের বাইরে কোনো কাজে তাদের বাধ্য না করা। এ সম্পর্কে জাবের ইবনে আবদুল্লাহ রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস-দাসীদের ব্যাপারে উত্তম আচরণের নির্দেশ দিতেন। তিনি বলতেন, ...তোমরা যা খাও, তাদেরকেও সেই খাবার খাওয়াও। তোমরা যে পোশাক পরিধান করো, তাদেরকেও সেই পোশাক পরিধান করাও। আর তোমরা আল্লাহর বান্দাদেরকে শান্তি দিয়ো না...।

এ ছাড়াও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আরও অনেক অধিকার নিশ্চিত করেছেন, যা একজন দাসকে মানবমর্যাদা প্রদান করে, তার যে সম্মান ও মর্যাদা তা অক্ষুণ্ণ রাখে।

এরকম নীতিগত শিক্ষার পাশাপাশি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে প্রয়োগিক অর্থেই দাসমুক্তির স্তরে উন্নীত করার জন্য নির্দেশনা বলবৎ রেখেছেন। যেমন, তিনি দাস-দাসীকে শাস্তি দেওয়া কিংবা প্রহার করার ক্ষতিপূরণ সাব্যস্ত করেছেন তাদের মুক্তি প্রদানের মধ্যে। যেমন আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত রয়েছে যে, তিনি একবার তার এক গোলামকে প্রহার করেছিলেন। এরপর তিনি তাকে কাছে ডেকে দেখলেন তার পিঠে দাগ বসে গেছে। তিনি গোলামকে জিজ্ঞাসা করলেন, 'আমি কি তোমাকে ব্যথা দিয়েছি?'

সে বলল, 'না।' তবুও আবদুল্লাহ ইবনে উমর রা. তাকে বললেন, 'আজ থেকে তুমি স্বাধীন।'
বর্ণনাকারী বলেন, এরপর আবদুল্লাহ ইবনে উমর রা. জমিন থেকে কিছু একটা তুলে নিয়ে বললেন, তাকে স্বাধীন করার কারণে আমি এই বস্তু সমপরিমাণ প্রতিদানও পাব না। কারণ, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
مَنْ ضَرَبَ غُلاَمًا لَهُ حَدًّا لَمْ يَأْتِهِ أَوْ لَطَمَهُ فَإِنَّ كَفَّارَتَهُ أَنْ يُعْتِقَهُ

যে ব্যক্তি বিনা অপরাধে তার গোলামকে প্রহার করল অথবা তাকে চড়-থাপ্পড় দিলো, তাহলে তার সেই গুনাহ মোচনের পন্থা হলো, সেই গোলামকে আজাদ করে দেওয়া।

এ ছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস-দাসী আজাদসংক্রান্ত বাক্যকে এমন এক বাক্য হিসেবে সাব্যস্ত করেছেন, বলার সাথে সাথে যা বাস্তবায়িত হয়ে যায়। তিনি বলেছেন, তিনটি বিষয়ে রসিকতা প্রযোজ্য নয়-তালাক, বিয়ে ও দাসমুক্তি। এগুলো বলামাত্রই কার্যকর হয়ে যায়।

এমনইভাবে ইসলামি শরিয়ত বিভিন্ন গুনাহ ও অপরাধের একপ্রকার কাফফারা (ক্ষতিপূরণ) নির্ধারণ করেছে দাস মুক্ত করাকে। যেমন, কাউকে ভুলক্রমে হত্যা করা, কসম ভঙ্গ করা, জিহার করা (অর্থাৎ, স্ত্রীকে চিরস্থায়ী মাহরাম কোনো মহিলার সাথে তুলনা করা), রমজান মাসে ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করা ইত্যাদি। আর নবীজীবনে আমরা এই বিধি প্রয়োগের সর্বোত্তম দৃষ্টান্ত দেখতে পাই। যেমন আবু হুরায়রা রা. বর্ণনা করেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, 'হে আল্লাহর রাসুল, আমি তো ধ্বংস হয়ে গেছি!'

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, 'কীভাবে তুমি ধ্বংস হলে?!'

সে বলল, 'রমজানের দিন আমি স্ত্রীসহবাস করে ফেলেছি!' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 'তুমি কি একটি গোলাম আজাদ করতে পারবে?' সে বলল, 'জি না।'
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'তাহলে কি একাধারে দুই মাস রোজা রাখতে পারবে?'

সে বলল, 'তাতে আমি সক্ষম নই।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'তাহলে তুমি ষাটজন মিসকিনকে আহার করাতে পারবে?'

সে বলল, 'এই সামর্থ্যও আমার নেই।' বর্ণনাকারী বলেন, লোকটি তখন বসে রইল। এর কিছুক্ষণ পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খেজুরভরতি একটি ঝুড়ি এলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোকটিকে ডেকে বললেন, 'নাও, তোমার পক্ষ থেকে এই খেজুরগুলো সদকা করে দাও।'

সে বলল, 'আমার চেয়েও অভাবগ্রস্ত কাউকে?! কিন্তু মদিনার দুই প্রান্তের মাঝে আমার পরিবার থেকে তো অধিক অভাবগ্রস্ত আর কেউ নেই!' লোকটির কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এমনকি হাসিতে তাঁর মাড়ির দাঁত দেখা গেল। এরপর তিনি লোকটিকে বললেন, 'যাও, এগুলো তোমার পরিবারকেই আহার করাও।'

এরচেয়েও বড় ব্যাপার হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী জাকাত প্রদানের একটি খাত নির্ধারণ করেছেন দাসমুক্তির জন্য। আল্লাহ তাআলা বলেন,
إِنَّمَا الصَّدَقْتُ لِلْفُقَرَاءِ وَالْمَسْكِينِ وَالْعَمِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَرِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ

জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত উসুলকারী ও যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে জিহাদকারী ও মুসাফিরদের জন্য। (ইত্যাদি খাতে ব্যবহারযোগ্য)। [সুরা তাওবা: ৬০]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রা.-এর সাথে যে আচরণ করেছেন, তার দিকে লক্ষ করলে আমরা ইসলামের এই নীতি বাস্তবায়নে তাঁর গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হই।

সালমান ফারসি রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসলামগ্রহণের ঘোষণা দিলেন।

তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 'যাও, তোমার মনিবের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নাও!'

সালমান ফারসি রা. বলেন, তাঁর নির্দেশ অনুযায়ী আমি আমার মনিবের নিকট গিয়ে বললাম, 'আপনি আমাকে দাসত্ব থেকে মুক্তি দিন।' মনিব বলল, 'ঠিক আছে, মুক্ত করে দেবো। তবে বিনিময়ে তুমি আমার জন্য একশ খেজুর গাছ রোপণ করবে। এরপর সেই গাছগুলো যখন (শক্তপোক্তভাবে ভালো করে) গজিয়ে উঠবে, তখন তুমি আমার নিকট একটি খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ নিয়ে আসবে (তখন আমি তোমাকে মুক্ত করে দেবো)।'

আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে ব্যাপারটি তাঁকে জানালাম। তিনি বললেন, 'ঠিক আছে, তার দাবি অনুযায়ী তুমি রাজি হয়ে যাও। আর যে কুয়া থেকে তুমি সেই খেজুর গাছগুলোতে পানি সিঞ্চন করবে, সেখান থেকে এক বালতি পানি আমার কাছে নিয়ে এসো।'

সালমান ফারসি রা. বলেন, আমি পানি নিয়ে এলাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বরকতের দোয়া করে দিলেন। এরপর আমি সেই পানি দিয়ে খেজুরগাছে পানি সিঞ্চন করলাম। আল্লাহর কসম! আমি ঠিক একশ খেজুরগাছই রোপণ করলাম আর প্রতিটি গাছই গজিয়ে উঠল!

তখন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সংবাদ জানালাম। এবার তিনি আমাকে এক টুকরো স্বর্ণ দিলেন। আমি স্বর্ণের টুকরা নিয়ে মনিবের কাছে চলে গেলাম। এক পাল্লায় রাখলাম স্বর্ণের টুকরা আর অন্য পাল্লায় রাখা হলো খেজুরের বিচি। আল্লাহর কসম! স্বর্ণের টুকরার পাল্লাটিই ভারী হয়ে রইল। (এভাবে মনিবের পাওনা পরিশোধ হয়ে গেলে) আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে এলাম। তখন তিনি আমাকে আজাদ বলে ঘোষণা দিলেন।

এ ছাড়াও ইসলাম গোলামকে মুকাতাবা চুক্তির মাধ্যমে নিজের স্বাধীনতা ফিরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। মুকাতাবা চুক্তি হলো, মালিক ও গোলামের বোঝাপড়ার ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে গোলামকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া।

অন্যদিকে ইসলাম মুসলমানদেরকে চুক্তিবদ্ধ গোলামদের অর্থ জোগানোর জন্য সহযোগিতার নির্দেশ দেয়। কারণ, ইসলামের দৃষ্টিভঙ্গিতে মানুষের প্রকৃত অবস্থা হলো স্বাধীনতা, দাসত্ব আসে অবস্থার প্রেক্ষিতে। (সুতরাং যথাসম্ভব মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো উচিত।)

মুকাতাবা চুক্তির অর্থ সহযোগিতার ক্ষেত্রেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শ। তিনি জুওয়াইরিয়া বিনতে হারেস রা.-এর পক্ষ থেকে তার মুকাতাবা চুক্তির অর্থ পরিশোধ করে দেন এবং তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করে নেন। মুসলমানরা যখন জুওয়াইরিয়া রা.-এর সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের কথা শুনলেন, তখন তারা এই বলে তাদের হাতে থাকা বনু মুস্তালিক গোত্রের সকল গোলামকে আজাদ করে দিলেন যে, তারা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়! এভাবে এই বিবাহের মাধ্যমে বনু মুস্তালিকের একশ পরিবারের লোক আজাদ হয়ে যায়।

এ ছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে স্বাধীন করে বিবাহের মাধ্যমে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন। এ সম্পর্কে হজরত আবু মুসা আশআরি রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«أَيُّمَا رَجُلٍ كَانَتْ عِنْدَهُ وَلِيدَةً فَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا وَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ....»
যে আপন ক্রীতদাসীকে উত্তমরূপে ইলম শিক্ষা দেয় এবং উত্তমভাবে শিষ্টাচার শিক্ষা দেয়, এরপর তাকে মুক্ত করে বিয়ে করে নেয়, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব।

এ কারণে আমরা দেখি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়্যা বিনতে হুয়াই রা.-কে স্বাধীন করে বিবাহ করে নেন। আর এই বিয়েতে সফিয়্যা রা.-এর স্বাধীনতাকেই তার মহর ধার্য করা হয়েছিল।

যুদ্ধবন্দিদের দাস-দাসী বানানোর যে নীতিটি নিয়ে ইসলামবিদ্বেষীরা আপত্তি-অভিযোগ উত্থাপন করে থাকে, সেই পথটিকেও মূলত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সংকোচন করে দিয়েছেন। তিনি যুদ্ধবন্দিদের জন্য এমন কিছু নীতিমালা প্রণয়ন করেছেন, যা ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে ছিল না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেছেন, যুদ্ধবন্দিদের দাস-দাসী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেবে কেবল রাষ্ট্রপ্রধান। আর রাষ্ট্রপ্রধান তাদের ব্যাপারে দাসত্বের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নিম্নবর্ণিত পদক্ষেপগুলোও গ্রহণ করতে পারবে। যথা:

এক. বন্দিবিনিময়। অর্থাৎ মুসলমান যুদ্ধবন্দিদের বিনিময়ে শত্রুপক্ষের যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়া।

দুই. মুক্তিপণ গ্রহণ করা। তা হতে পারে অর্থের বিনিময়ে কিংবা শিক্ষা-প্রশিক্ষণসংক্রান্ত কোনো বিষয়ের বিনিময়ে। যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধবন্দিদের কাউকে অর্থের বিনিময়ে মুক্ত করেন আর কারও ক্ষেত্রে মুক্তিপণ নির্ধারণ করেন কতক মুসলমানকে লেখাপড়া শেখানো।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধবন্দিদের দাস-দাসী বানানো তৎকালে যুদ্ধের সাধারণ রীতি ছিল এবং শত্রুরাও মুসলিম যুদ্ধবন্দিদের সাথে এ আচরণ করত। যেমন যায়েদ বিন দাছিন্না রা. ও খুবাইব বিন আদি রা.-এর ক্ষেত্রে করা হয়েছিল। সুতরাং প্রতিব্যবস্থা হিসেবে মুসলমানরাও যদি শত্রুদের সাথে তেমন আচরণ না করত, তাহলে তারা আরও বেশি দুঃসাহসী হয়ে উঠত। এরপরও ইসলামে শত্রুদলের সাথে এই সন্ধিচুক্তির সুযোগ রয়েছে যে, তারা কেউ কাউকে দাস বানাবে না। তারা যদি প্রতিজ্ঞা করে তবে আপনিও তাদের প্রতিশ্রুতি দিতে পারেন। দাস-দাসীদের স্বাধীন করার বিষয়ে ইসলাম এমনই বিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করেছে। যেভাবে দাসত্বের পথকে যেভাবে সংকোচন করে এনেছে, ঠিক সেভাবে স্বাধীনতা ও মুক্তির পথকে করেছে সম্প্রসারিত, যা ছিল পর্যায়ক্রমিক উন্নতির পন্থায় এবং তৎকালীন পরিবেশের সাথে সংগতিপূর্ণ।

টিকাঃ
৭০৯. একটি সতর্কতা: এখানে লেখকের উদ্দেশ্য এটি নয় যে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সত্য বিধান উচ্চারণ করতে গিয়ে সমাজের ভয়ে পিছিয়ে থেকেছেন। বরং মানুষের বদ্ধমূল মানসিকতাকে গুরুত্ব দিয়ে উপযুক্ত বিধানের জন্য প্রস্তুত করে তোলার জন্য প্রজ্ঞার সাথে বিধান প্রদান করার যে পন্থা তিনি গ্রহণ করেছিলেন, তা উদ্দেশ্য। দাসপ্রথা প্রসঙ্গে এই কথাটিও পাঠকের জানা প্রয়োজন, মৌলিকভাবে দাসপ্রথা উচ্ছেদ করা বা তৎকালে দাসপ্রথার সঙ্গে চর্চিত জুলুম, নির্যাতনকে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া, কোনোটিই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল না। বরং তাঁর ইনতেকালের সময় প্রসঙ্গটি যেভাবে বিধিবদ্ধরূপে ছিল, সেটাই এখন ইসলামি শরিয়তের চিরন্তন বিধান।-সম্পাদক
৭১০. বসরার দজলা নদীর তীরে অবস্থিত একটি শহরের নাম। পারস্যবাহিনীর বিরুদ্ধে এখানে হজরত খালেদ ইবনে ওয়ালিদ রা.-এর নেতৃত্বে লড়াই হয়। এই যুদ্ধকে 'জাতুস সালাসিল' (শেকলের যুদ্ধ) বলা হয়। এই যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল আঠারো হাজার আর পারস্যবাহিনীর সংখ্যা ছিল ঘাট হাজার। এই যুদ্ধে মুসলমানরা বিজয়লাভ করে। সূত্র: ইয়াকুত হামাবি : মুজামুল বুলদান: ১/৪৩।
৭১১. সহিহ বুখারি: ২৫১৭, সহিহ মুসলিম: ১৫০৯।
৭১২. সহিহ মুসলিম: ১৫০৯, সুনানে তিরমিজি: ১৫৪৭, সুনানে ইবনে মাজাহ : ২৫২২।
৭১৩. সহিহ বুখারি: ২৫৫২, সহিহ মুসলিম: ২২৪৯।
৭১৪. সহিহ মুসলিম: ১৬৬১, মুসনাদে আহমাদ: ২১৫২১, আল-আদাবুল মুফরাদ: ১/৭৬।
৭১৫. সহিহ মুসলিম: ১৬৫৭, সুনানে আবু দাউদ: ৫১৬০।
৭১৬. সুনানে তিরমিজি: ১১৮৪।
৭১৭. সহিহ বুখারি: ৬৭০৯, সহিহ মুসলিম: ১১১১।
৭১৮. মুসতাদরাকে হাকেম: ৬৫৪৪, মুজামুল কাবির লিত-তাবারানি: ৬০৭৩।
৭১৯. সালেহি শামি : সুবুলুল হুদা ওয়ার-রাশাদ: ১১/২১০, সুহাইলি: আর-রওজুল উনুফ: ৪/১৮, ইবনে কাছির: আস-সিরাতুন নাবাবিয়্যা: ৩/৩০৩।
৭২০. সহিহ বুখারি: ৫০৮৩।
৭২১. সহিh বুখারি: ২৮৮৯, সহিh মুসলিম: ১৩৬৫।
৭২২. ইবনে হাজার আসকালানি: আল-ইসাবা: ২/২৬৩।
৭২৩. প্রিয় পাঠক, আমরা আল্লাহর সৃষ্ট অতি দুর্বল বান্দা মাত্র। বাহ্যিক থেকে বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক, সকল ক্ষেত্রেই আমাদের সীমাবদ্ধতার পরিমাণ বেশি। আর প্রভু হিসেবে এই জগৎসংসারের জন্য প্রযোজ্য অনিবার্য নিয়মনীতি ও বিধিবিধানের ব্যাপারে তিনিই সর্বজ্ঞাত। এটি একজন মুসলিমের অন্যতম প্রধান বিশ্বাস। সুতরাং দাসপ্রথা হোক বা অন্যকিছু, আল্লাহ তাআলা যে-সমস্ত বিষয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, সেসব ক্ষেত্রে আমাদের 'আমরা শুনলাম এবং আনুগত্য করলাম'-এর পন্থা অবলম্বন করা আবশ্যক। বিশেষত বুদ্ধিবৃত্তিক পাশ্চাত্য আগ্রাসনের এ যুগে 'আনুগত্য করলাম'-এর নীতি পালন আরও বেশি জরুরি হয়ে পড়েছে। আমাদের মনে গেঁথে নিতে হবে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, প্রভু, প্রতি মুহূর্তের রিজিকদাতা। আমাদের প্রত্যাবর্তনও তাঁর দিকে। সর্বদিক দিয়ে আমরা তাঁর বন্ধনে আবদ্ধ। শুধু তাই নয়, মহাবিশ্বের পুরোটুকুতেই তাঁর একচ্ছত্র অধিকার এবং তাঁর বিজ্ঞতাও অপরিসীম। সুতরাং তিনি আমাদেরকে যেসব নীতি ও বিধান পালনের নির্দেশ দিয়েছেন, সেসবের সুষ্ঠুতা ও নৈতিকতার বিশ্বাস এবং তা পালনের ক্ষেত্রে মনোবল ও সাহসিকতা রাখা গুরুত্বপূর্ণ। আল্লাহর রিজিক ও অবদান অস্বীকারকারী অকৃতজ্ঞ কতক দুর্বল সৃষ্টি ও ইসলামবিদ্বেষীর আপত্তির মুখে আল্লাহর মতো মহান সত্তার বিধানের ক্ষেত্রে কোনোরূপ কোণঠাসা মনোভাব পোষণ করা শক্তিশালী ঈমানের পরিচয় নয়। বরং আমরা তাদের সৃষ্ট নৈতিকতার মানদণ্ড ছুড়ে ফেলে উচ্চৈঃস্বরে বলে যাব, 'আমাদের আল্লাহর বাণীই চিরসত্য, তার মানদণ্ডই সর্বোপযোগী।' -সম্পাদক

📘 উসওয়াতুল লিল আলামিন > 📄 ইহুদি ও খ্রিষ্টানদের সূত্রে কুরআন রচনার অভিযোগ

📄 ইহুদি ও খ্রিষ্টানদের সূত্রে কুরআন রচনার অভিযোগ


কেউ কেউ অভিযোগ উত্থাপন করে বলে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসমান থেকে মূলত কোনো ওহি আসেনি, বরং তিনি এই কুরআন সৃষ্টি করেছেন ইহুদি-খ্রিষ্টানদের গ্রন্থাবলি (তাওরাত-ইনজিল) থেকে। তারা তাদের এই দাবির পক্ষে যেগুলো দলিল হিসেবে উপস্থাপন করে, সেগুলো নিছক তাদের অনুমান ও ধারণা, যা প্রমাণ হিসেবে গণ্য করার মতো নয়।

তাদের এসব অমূলক ধারণার মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ একটি হলো, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক অবস্থায় সারজিয়াস, গারজিস অথবা বাহিরা (বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন নাম পাওয়া যায়) নামক পাদরির সাথে সাক্ষাৎ করেছিলেন।

দ্বিতীয় একটি ধারণা হলো, সম্ভাবনা আছে যে তিনি এই কুরআনের ধারণা লাভ করেছেন (খ্রিষ্টান পাদরি) ওরাকা বিন নাওফলের কাছ থেকে।

এর পাশাপাশি আরও নানা ধরনের সম্ভাবনার কথা বলা হয়, যেগুলো এর থেকে আরও দুর্বল। যেমন, আরব অঞ্চলের কিছু কিছু জায়গায় ইহুদিরা বসবাস করত এবং পুরো আরবজুড়ে ছিল অনেক হাবশি গোলামের বসবাস, যাদের শেকড় ছিল খ্রিষ্টান অঞ্চল হাবশা। তা ছাড়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে খাদিজার ব্যবসার মালামাল নিয়ে খ্রিষ্টান অঞ্চল শাম সফর করেছিলেন।

প্রাচ্যবিদ এমিল ডারমেনহেম (Emile Dermenghem) তার লেখা হায়াতু মুহাম্মাদ (মুহাম্মাদের জীবন) নামক গ্রন্থে এ ধরনের সকল সম্ভাবনা এবং মক্কাতে ইহুদি-খ্রিষ্টানদের অবস্থানের প্রতি নির্দেশ করে, এমন সকল বিবরণ একত্র করার প্রাণান্তকর চেষ্টা চালিয়েছে। এমনকি কুরআন তৈরির জন্য মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই তাদের নিকট গমনাগমন ও তাদের দ্বারা প্রভাবিত হতে হবে বলে হইচই করেছে। এমিল ডারমেনহেমের মতো উইলিয়াম মন্টগোমারি ওয়াটও একই কাজ করেছে তার মুহাম্মাদ ফি মাক্কা (মক্কায় মুহাম্মাদ) নামক গ্রন্থে।

তবে বাস্তব কথা হলো, তাদের এসব অভিযোগ নানা ধরনের ফাঁকফোকরে ভরপুর। আমার মনে হয়, কোনো বুদ্ধিমান মানুষ এ ধরনের কথাবার্তার ওপর ভিত্তি করে কখনোই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। নিম্নে এ সকল কথাবার্তা অগ্রহণযোগ্য হওয়ার কিছু কারণ তুলে ধরছি। যথা :

এক.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন-ইতিহাস অতীতের যেকোনো ব্যক্তির তুলনায় অধিক জ্ঞাত ও পরিচিত। তাঁর জীবনের সকল তথ্য ও ঘটনা বহু বিশ্লেষণ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে গৃহীত হয়েছে। ফলে (তালাশে আগ্রহী) যেকোনো মানুষের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে উত্থাপিত কোনো কথা ও বর্ণনার শুদ্ধ্যশুদ্ধি সম্পর্কে অবগত হওয়া খুবই সহজ। সুতরাং বিশুদ্ধ বর্ণনা, এমনকি দুর্বল বর্ণনাও ছেড়ে দিয়ে শুধু অনুমান ও কল্পনার পেছনে দৌড়ানোর কোনো অর্থ হয় না। এসব অনুমাননির্ভর কথার কী মানে যে, আরব অঞ্চলে বেশ কিছু ইহুদি-খ্রিষ্টানের বসবাস অথবা শাম দেশে ব্যবসার জন্য যাতায়াতের সময় আহলে কিতাবদের সাথে তাঁর দেখা হওয়ার মধ্য দিয়েই তিনি ইহুদি-খ্রিষ্টানদের শিক্ষা থেকে কুরআন তৈরিতে মূল শক্তি পান?!

দুই.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অকাট্যভাবে প্রমাণিত যে, জন্ম থেকে আমরণ তিনি কিছু লিখতে-পড়তে জানতেন না। অথচ কারও থেকে জ্ঞানার্জনের জন্য লেখাপড়া জানা এক অপরিহার্য বিষয়, বিশেষ করে সেটা যদি হয় ধর্মীয় বিষয়ের সাথে সংশ্লিষ্ট। তা ছাড়া জ্ঞানার্জনের জন্য অপরিহার্য হলো শিক্ষকের নিকট ছাত্রের অব্যাহত যাতায়াত এবং তার নিকট অবস্থান। অথচ আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে এমন কোনো বিশুদ্ধ বর্ণনা, এমনকি দুর্বল বর্ণনাও পাই না, যেখানে তাঁর কোনো স্থানে কিংবা কোনো বিশেষ ব্যক্তির নিকট নিয়মতান্ত্রিক যাতায়াতের সংবাদ রয়েছে। বিশেষত তাঁর প্রথম ব্যবসায়িক ভ্রমণে তিনি কখনো তাঁর চাচার থেকে আলাদা হননি। তদ্রূপ বুসরা গমনকালে হজরত খাদিজা রা.-এর গোলাম মায়সারা থেকেও তিনি কখনো পৃথক হননি। কারণ, উক্ত সফরে মায়সারা স্বীয় মালিক খাদিজা রা.-এর মালামাল হেফাজতের জন্য তাঁকে গভীর পর্যবেক্ষণে রেখেছিল। তা ছাড়া এই ধরনের ভ্রমণগুলোতে একজন ব্যক্তি সর্বোচ্চ ততটুকুই জ্ঞানার্জন করতে পারে, যেমনটি বলেছে কারেন আর্মস্ট্রং, 'খুবই সামান্য কিছু জ্ঞান।

তিন.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতান্ত বালক বয়সে তাঁর চাচার সাথে বৈদেশিক ভ্রমণ করেছিলেন। সেই ভ্রমণে এক নাসতুরি পাদরির সাথে তাঁর সাক্ষাৎ হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখনও ১২ পেরোয়নি। তাহলে বলুন, কীভাবে এত অল্প বয়সের এক বালকের পক্ষে মাত্র একবারের সাক্ষাতে সেই পাদরির কাছ থেকে কিছু আত্মস্থ করে নেওয়া সম্ভব?! এ ছাড়া তাদের উভয়ের ভাষাও ছিল ভিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না, আবার পাদরি ছিল সুরয়ানি ভাষার লোক। উপরন্তু এর কি কোনো সদুত্তর আছে যে, তিনি এই ঘটনার পর মক্কায় ফিরে এতগুলো বছর অবস্থান করলেন, এ সময়ে তার মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখা গেল না, বরং সুদীর্ঘ আটাশ বছর পর তিনি সেটা প্রকাশ করলেন আর তার প্রচার-প্রসারে অবর্ণনীয় জুলুম-নির্যাতন ভোগ করে গেলেন?!

প্রখ্যাত ইংরেজ চিন্তাবিদ থমাস কার্লাইল বলেন, আমি বুঝি না, যে সারজিয়াস (বাহিরা) পাদরি আবু তালিব ও মুহাম্মাদ তার ঘরে মেহমান হওয়ার কথা জানিয়েছে তার ব্যাপারেই কী বলব, আবার এত অল্প বয়সের একজন বালক কোনো ধর্মপণ্ডিতের কাছে কী শিখবে বলে বাহিরা আশা করেছিলেন সে ব্যাপারেই কী বলব! কারণ, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখনও ১৪ পেরোয়নি, আবার তিনি তাঁর ভাষা আরবি ছাড়া অন্য কোনো ভাষাও জানতেন না। এ ছাড়াও নিঃসন্দেহে বলা যায়, তৎকালীন শামদেশের পরিবেশ ও বহু পরিস্থিতি তাঁর দৃষ্টিতে ছিল গোলমেলে, না সেগুলো তাঁর পক্ষে গ্রহণ করা সম্ভব ছিল আর না সেগুলো বোধগম্য করা।

চার.
এর কি সদুত্তর হবে যে, আল-কুরআনের বাণীগুলো এত বেশি ভাষাগত বিশুদ্ধতা ও আলংকারিক বৈশিষ্ট্যসংবলিত যে, তার মাধ্যমে পুরো আরবজাতির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, অথচ আরবরা হলো আরবি ভাষা-সাহিত্যের সর্বোচ্চ পণ্ডিত ও শ্রেষ্ঠত্বের অধিকারী। অন্যদিকে আরবি ভাষা সম্পর্কে সেই পাদরির কোনো জ্ঞানই ছিল না।

তা ছাড়া কুরআনের আলংকারিক বৈশিষ্ট্যের কথা তো এমন ব্যক্তিরাও স্বীকার করেছে, যারা আরবি ভাষাও ভালো করে জানে না আবার ইসলাম ও মুসলমানদেরকেও পছন্দ করে না। যেমন থমাস আর্নল্ড লিখেছেন, খ্রিষ্টানদের মধ্যে অনেককেই আমরা দেখি, যেমন আলভার (যার ইসলামবিদ্বেষ সর্বজন-পরিচিত) স্বীকার করতে বাধ্য হয়েছে, অতি চমৎকার ও আলংকারিক বাক্যরীতিতে কুরআনের রচনা সম্পন্ন হয়েছে। তার আকর্ষণ এতটাই তীব্র যে, খ্রিষ্টানরা পর্যন্ত বাধ্য হয় তা পাঠ করতে এবং মুগ্ধ হতে!

আলোচিত বিষয়টির খণ্ডনেই কুরআনুল কারিমের এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন,
وَتَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِى يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَبِي وَهُذَا لِسَانٌ عَرَبِي مُّبِينٌ)

(হে নবী,) আমার জানা আছে যে, তারা আপনার সম্পর্কে) বলে, তাকে তো একজন মানুষ শিক্ষা দেয়। (অথচ) তারা যার প্রতি এটা আরোপ করে, তার ভাষা আরবি নয় আর এটা (অর্থাৎ কুরআনের ভাষা) স্পষ্ট আরবি ভাষা! [সুরা নাহল : ১০৩]

পাঁচ.
মক্কার মুশরিকদের কেউ কখনো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবিলায় এ ধরনের কথা বলেনি। বস্তুত তাদের নিকট এই অপবাদের যদি কোনো মূল্য থাকত কিংবা আহলে কিতাব কোনো আলেমের সাথে তাঁর দেখাসাক্ষাতের ব্যাপারে সম্ভাবনা থাকত বা এ ধরনের কোনো ব্যাপারের ক্ষীণতর চিহ্নও দেখা দিত, তাহলে অবশ্যই তারা তা নিয়ে হইচই করত এবং তাঁর ওপর অপবাদের বর্শা নিয়ে ঝাঁপিয়ে পড়ত! কিন্তু না, তারা এমন কিছুই করেনি। তবে হ্যাঁ, মাত্র একবার তারা এ চেষ্টা করেছিল। তারা তখন সম্ভব-অসম্ভব যেকোনো উপায়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আঘাত ও অপবাদ আরোপের চেষ্টায় ছিল। কিন্তু তাদের সেই অপলাপটিও সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়। তখনও তারা তাঁর শিক্ষকের ভূমিকায় নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বলতে ব্যর্থ হয়। এ ছাড়া তাদের মূল অপবাদটি ছিল এই যে, এগুলো (কুরআনুল কারিমের বাণী) ছিল বানোয়াট কথাবার্তা এবং প্রাচীন কালের অলিক কল্পকাহিনি। সুতরাং তাদের নিকট সামান্যতম সম্ভাবনাও ছিল না যে, কুরআন আহলে কিতাব কোনো শিক্ষক থেকে গৃহীত কিংবা তা মূলত আহলে কিতাবদের নিকট সংরক্ষিত জ্ঞানের উচ্চারণ। কাফেরদের বিবরণ উপস্থাপন করে আল্লাহ তাআলা বলেন,
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا إِفْكٌ افْتَرَاهُ وَأَعَانَهُ عَلَيْهِ قَوْمٌ أَخَرُونَ فَقَدْ جَاءُوا ظُلْمًا وَزُورًا وَقَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ اكْتَتَبَهَا فَهِيَ تُمْلَى عَلَيْهِ بُكْرَةً وَأَصِيلًا)

যারা কুফরি করেছে তারা বলে, এটি (অর্থাৎ কুরআন) এক মনগড়া জিনিস ছাড়া কিছুই নয়, যা সে নিজে রচনা করেছে এবং অপর এক গোষ্ঠী তাঁকে এ কাজে সাহায্য করেছে। এভাবে (এ মন্তব্য করে) তারা ঘোর জুলুম ও প্রকাশ্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে। তারা (আরও) বলে, এটা তো পূর্ববর্তী লোকদের লেখা আখ্যান, যা সে লিখিয়ে নিয়েছে। সকাল-সন্ধ্যায় সেটাই তাঁর সামনে পড়ে শোনানো হয়।' [সুরা ফুরকান: ৪-৫]

বরং মক্কার মূর্খ কাফেররাই বারবার আহলে কিতাবদের নিকট ছুটে গিয়েছে, যেন তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বক্তব্য সম্পর্কে মূল্যায়ন ব্যক্ত করে, তাঁর সত্য-মিথ্যা নিয়ে কোনো মন্তব্য প্রদান করে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামসময়িক কেউ কখনো এমন দাবি করেনি যে, তার থেকে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শিখেছে। বাহিরা পাদরিও না, আবার আরব অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোনো আহলে কিতাবও না। বরং আহলে কিতাবরা সর্বদা তাঁর সামনে জটিলতা সৃষ্টির চেষ্টা করেছে এবং তাঁর বিরুদ্ধে তাঁর মুশরিক সম্প্রদায়কে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করেছে। এমনকি তাদের কাছে আসমানি গ্রন্থের জ্ঞান থাকার যে কথা প্রসিদ্ধ ছিল, সেটাকে পুঁজি করে তারা বলে বেড়াত,
وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا
তারা কাফেরদের সম্বন্ধে বলে, মুমিনদের চেয়ে তারাই বেশি সরল পথে আছে। [সুরা নিসা : ৫১]

কখনো কখনো মুশরিকরা আহলে কিতাবদের শরণাপন্ন হতো, তখন তারা মুশরিকদের এমন কিছু প্রশ্ন শিখিয়ে দিত, যেগুলোর উত্তর কেবল একজন নবীই বলতে পারেন। যেমন, একবার নজর ইবনে হারেস এবং উকবা বিন আবি মুয়িত মদিনার ইহুদিদের কাছে গেল এবং তাদেরকে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শোনালো। ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলল, তোমরা গিয়ে তাকে তিনটি বিষয়ে প্রশ্ন করবে, যদি সে প্রশ্ন তিনটির যথাযথ উত্তর দিতে পারে তাহলে বুঝবে, সে আসলেই একজন নবী, আল্লাহর পক্ষ হতে প্রেরিত রাসুল। আর যদি উত্তর দিতে না পারে, তাহলে বুঝবে সে নবুয়তের মিথ্যা দাবিদার। প্রশ্ন তিনটি হলো :
১. তোমরা তাঁকে জিজ্ঞেস করবে, পূর্বযুগের সেই যুবকদের (অর্থাৎ আসহাবে কাহফ) ঘটনা কী ছিল? তাদের সাথে বেশ আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল।
২. এরপর জিজ্ঞেস করবে, সেই পরিভ্রমণকারী ব্যক্তির (অর্থাৎ বাদশাহ জুলকারনাইন) ঘটনা কী, যিনি পৃথিবীর পূর্ব-পশ্চিম ভ্রমণ করেছিলেন?
৩. এরপর জিজ্ঞেস করবে রুহ সম্পর্কে, রুহ কী? মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে, অর্থাৎ প্রথম দুই প্রশ্নের প্রকৃত ঘটনা আর তৃতীয়টির বৈশিষ্ট্য (অর্থাৎ, রুহ আল্লাহ তাআলার বিশেষ আদেশ হওয়ার কথা), তাহলে বুঝবে তিনি আল্লাহর নবী, তার আনুগত্য মেনে নিয়ো।

আহলে কিতাবদের সাথে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক না থাকার আরও বড় প্রমাণ হচ্ছে, স্বয়ং মদিনার ইহুদিরাই এই প্রত্যয়ে ছিল যে, তিনি তাদের কিতাবের ইলম রাখেন না। এ কারণে তিনি মদিনাতে থাকাকালীন একবার তারা তাঁর ব্যাপারে এই আপত্তি উত্থাপন করল যে, মুহাম্মাদ কীভাবে ইবরাহিমের ধর্ম অনুসরণের দাবি করে, আবার সে উটের গোশত ও দুধও খায়, অথচ তা ইবরাহিমের ধর্মে নিষিদ্ধ?! তখন তাদের কথার খণ্ডনে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন,
كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِبَنِي إِسْرَائِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَائِيلُ عَلَى نَفْسِهِ مِنْ قَبْلِ أَنْ تُنَزَّلَ التَّوْرَاهُ قُلْ فَأْتُوا بِالتَّوْرَاهِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ

তাওরাত নাজিল হওয়ার আগে বনি ইসরাইলের জন্য সমস্ত খাদ্যদ্রব্যই হালাল ছিল (যা বর্তমান মুসলিমদের জন্য হালাল), কেবল সেই বস্তু ছাড়া যা ইসরাইল (অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম) নিজের জন্য হারাম করেছিল। (হে নবী, ইহুদিদেরকে) বলে দিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাওরাত নিয়ে এসে তা পাঠ করো। [সুরা আলে ইমরান : ৯৩]

আরেকবার ইহুদিরা তাদের দুই ব্যভিচারীকে রজমের শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করে। তারা ব্যভিচারীদের বিচার নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, 'তাওরাতে (ব্যভিচারের শাস্তি হিসেবে) রজমের ব্যাপারে কী বলা আছে?'

তারা বলল, 'ব্যভিচারীদেরকে অপদস্থ করা হবে এবং বেত্রাঘাতের সম্মুখীন করা হবে।' মজলিসে আবদুল্লাহ ইবনে সালাম রা. উপস্থিত ছিলেন। এ কথা শুনে তিনি বললেন, 'তোমরা মিথ্যা বলছ, তাওরাতে রজমের বিধান রয়েছে!' তখন তারা তাওরাত নিয়ে এসে খুলে বসল এবং তাদেরই একজন রজমের আয়াতের ওপর হাত রেখে আগে-পরের আয়াতগুলো পড়ে শোনালো।
তখন আবদুল্লাহ ইবনে সালাম রা. তাকে বললেন, 'হাত ওঠাও!' বাধ্য হয়ে সে হাত ওঠালো। হাত ওঠালে দেখা গেল সেই স্থানেই রজমের আয়াতটি রয়েছে। তখন ইহুদিরা স্বীকার করল, 'হ্যাঁ, মুহাম্মাদ, আবদুল্লাহ ইবনে সালাম সত্য বলেছে। এখানে রজমের আয়াত রয়েছে।'

মূলকথা, স্বয়ং আহলে কিতাবরাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ধরনের আজগুবি সম্ভাবনার কথা বলেনি। তারা এই অনুমানও করেনি যে, তিনি তাদের গ্রন্থের বিষয়াদি সম্পর্কে অবগত আছেন।

সাত.

এমন একটা দাবি কি পুরোপুরি হাস্যকর ও বোকামি নয় যে, তখন এমন একজন গভীর জ্ঞানসম্পন্ন পণ্ডিত ব্যক্তি ছিলেন, যিনি এতটা উন্নত, যুগশ্রেষ্ঠ মতবাদ ও জ্ঞানের উদ্ভব ঘটিয়েছিলেন?! উপরন্তু নিজের বিদ্যাবুদ্ধি ও জ্ঞানগরিমা মানুষের নিকট পৌঁছানোর প্রবল আগ্রহ সত্ত্বেও তিনি ছিলেন এতটা নিভৃতচারী এবং দুনিয়াবিমুখ?! তবুও যদি তাঁর অস্তিত্ব মেনে নেওয়া হয় এবং তাঁকে একজন আরব হিসেবেই গণ্য করা হয়, তবুও তাঁর থেকে সেই জ্ঞান অর্জনের জন্য অব্যাহত সাক্ষাৎ ও অবিরাম সাহচর্যের মাধ্যমে সেই শিক্ষা আত্মস্থ করার আবশ্যকতা রয়েছে। কারণ, নিছক দু-একবারের সাক্ষাতে কুরআন-হাদিসের মতো এই বিশাল অলৌকিক জ্ঞানভান্ডার অর্জন করা সম্ভব নয়। তাই অনিবার্যভাবেই তাদের বহু সাক্ষাতের প্রয়োজন হয়েছে। এবার আপনারাই বলুন, এই অবস্থায় তাদের জন্য সর্বোচ্চ গোপনীয়তার ইচ্ছা সত্ত্বেও তারা কি তাতে সফল হতে পারবে?!

এটাও কি চরম পর্যায়ের আশ্চর্যজনক বিষয় নয় যে, এমন একজন ব্যক্তি যিনি বহু যোগ্যতা, প্রশাসন পরিচালনা ও নেতৃত্বের মতো মহৎ গুণে গুণান্বিত, একইসাথে যিনি নিজের অভিজাত বংশ, মানুষের ভালোবাসা ও মূল্যায়ন লাভের মাধ্যমে সম্মানের সর্বোচ্চ শিখরে উপবিষ্ট। এরপর তিনি নবুয়তের দাবি করলেন। তারপর থেকে তাঁর সকল কথাবার্তা, কাজকর্ম, ওঠাবসা লক্ষ করা শুরু হলো, সকলেই তাঁর গোমর ফাঁস হওয়ার জন্য উন্মুখ হয়ে রইল। অথচ মানুষের এই সজাগ-সতর্ক দৃষ্টি এড়িয়ে তিনি তাঁর সেই গোপন শিক্ষকের সাথে বারবার সাক্ষাৎ ও শিক্ষাগ্রহণের কাজ অব্যাহত রাখতে সক্ষম হয়ে গেলেন! তা ছাড়া (এমন মহৎ চরিত্রের ব্যক্তি হয়েও) তিনি জীবনে একটিবারের জন্যও সেই শিক্ষকের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন না, যে কারণে এই জ্ঞান-প্রজ্ঞার কোনোকিছুই প্রকৃত দাতার দিকে সম্বন্ধিত হলো না!!

আট.

কুরআনুল কারিম অবতীর্ণ হতো অল্প অল্প করে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। এভাবে দীর্ঘ তেইশ বছরে কুরআনের অবতরণ সম্পন্ন হয়। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনতেকালের পর সেই ছড়িয়ে থাকা কুরআনকে একত্র করে একটি গ্রন্থের রূপ দেওয়া হয়। অর্থাৎ, কুরআন এমন কোনো গ্রন্থ ছিল না, যা পূর্ণাঙ্গরূপে রচনার পর একবারে মানুষের সামনে প্রকাশ করা হয়েছে। বরং তা ছিল যুগের এক গতিশীল অধ্যায়, যা প্রতিনিয়ত কিছু কিছু করে বৃদ্ধি পাচ্ছিল। আর এই একটি ব্যাপারই 'কুরআন কারও কাছ থেকে প্রাপ্ত হওয়া'-সংক্রান্ত ভ্রান্ত ধারণার মূলোৎপাটনের জন্য যথেষ্ট।

নয়.

এমন বহু বিশুদ্ধ বর্ণনা রয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কখনো ওহি আসত ঘণ্টাধ্বনির মতো শব্দ করে, ওহি নাজিলের ক্ষেত্রে যা ছিল তাঁর জন্য সবচেয়ে কষ্টকর। সেই অবস্থা শেষ হতেই তিনি দেখতেন, (জিবরাইল আলাইহিস সালাম) যা বলেছেন, সেটা তাঁর আত্মস্থ ও মুখস্থ হয়ে গেছে। উম্মুল মুমিনিন আয়েশা রা. প্রচণ্ড শীতের দিনেও ওহি নাজিল হওয়ার পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট দিয়ে টপটপ করে ঘাম ঝরে পড়তে দেখেছেন।
বস্তুত এগুলো এমন কিছু অবস্থা, যে ক্ষেত্রে অভিনয় করা সম্ভব নয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অস্বাভাবিক অবস্থাগুলোর কারণে কিছু সমালোচকের মন্তব্য ছিল, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃগী কিংবা এ জাতীয় কোনো রোগে আক্রান্ত। এ ব্যাপারে রোনাল্ড বডলির কথা উল্লেখ করে দেওয়াই তাদের জবাবের জন্য যথেষ্ট হবে আশা করি। তিনি লিখেছেন, মৃগী, ম্যালেরিয়া কিংবা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমায় আক্রান্ত ছিলেন, তাঁর ক্ষেত্রে এ জাতীয় যা কিছুই বলা হোক না কেন, এর কোনোটিই (তাদের স্বার্থ উদ্ধারে) কোনো উপকারে আসবে না। কারণ, মৃগীরোগ কখনো কাউকে নবী বা জীবনবিধান প্রবর্তকের আসনে উন্নীত করতে পারে না। কখনো কাউকে সম্মান ও নেতৃত্বের আসনেও বসাতে পারে না। বরং কারও মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিলে আগেকার মানুষেরা তাকে মনে করত পাগল কিংবা জিনের আছরগ্রস্ত। তবে এই অবস্থা সত্ত্বেও যাকে বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার গুণে গুণান্বিত করা যায়, তিনিই হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

দশ.

কুরআনুল কারিম অতি স্পষ্টভাষায় আহলে কিতাবদের বিভিন্ন বিষয়ের নিন্দা জানিয়েছে। যেমন, তাদের অন্তরের রুক্ষতা, আসমানি গ্রন্থের বিকৃতি সাধন, স্বয়ং তাওরাত ও ইনজিলে যে নবীর অনুসরণের কথা বলা হয়েছে, তাকে অস্বীকার। কুরআন ইহুদি-খ্রিষ্টানদের অনেক মৌলিক আকিদা-বিশ্বাসকেও প্রত্যাখ্যান করেছে, যেমন হজরত উজাইর ও ঈসা আলাইহিমাস সালামকে আল্লাহর পুত্র মনে করা, খ্রিষ্টানদের নিকট ঈসা আলাইহিস সালামকে শূলে চড়ানোর বিশ্বাস, সমগ্র মানবজাতির ওপর ইহুদিদের শ্রেষ্ঠত্বের বিশ্বাস। এমন আরও বহু মৌলিক বিষয়ের পার্থক্যও তুলে ধরেছে কুরআনুল কারিম। এর মাধ্যমে প্রমাণিত হয়, আহলে কিতাবদের সীমালঙ্ঘনপূর্ণ আকিদা-বিশ্বাস ও চিন্তা-চেতনার ব্যাপারে ইসলাম কী দৃষ্টিভঙ্গি পোষণ করে, যার মাধ্যমে ইসলামধর্মের সাথে ইহুদি ও খ্রিষ্টধর্মের পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়।

এ ছাড়া পবিত্র কুরআন আহলে কিতাবদের কাছের মনে করার এবং কাফের, মুশরিকদের তুলনায় তাদেরকেই مسلمانوں অধিকতর নিকটবর্তী ভাবার আহ্বান জানিয়েছে। তাদের নারীদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং তাদের জবাইকৃত প্রাণী খাওয়ার বৈধতা দিয়েছে। তাদের নবী হজরত ইবরাহিম, ইসহাক, ইয়াকুব, দাউদ, সুলাইমান, ইয়াসা, মুসা এবং ঈসা আলাইহিমুস সালামের নবুয়তের স্বীকৃতি প্রদান করেছে। পূর্ণ সম্মান বজায় রেখে তাদের আলোচনা বিবৃত করেছে। হজরত ঈসা আলাইহিস সালামের মুজিজার কথা, তার পবিত্র কুমারী মায়ের দোষমুক্তির ঘোষণা করেছে। এভাবে উভয় জাতির মাঝে বিশাল মিল ও সাদৃশ্য বর্ণিত হয়েছে এবং এর মাধ্যমে একে অপরের কাছাকাছি হওয়ারও আহ্বান করা হয়েছে। নিশ্চয় এগুলো অন্য কিছু থেকে নকলকারী ব্যক্তির বৈশিষ্ট্যও নয়, আবার পূর্ব থেকে অস্তিত্বশীল কোনো বিষয় বা নবদীক্ষালাভকৃত বিষয়ের অনুসরণও নয়। বরং তাঁর এ সমস্ত অবস্থান ও সিদ্ধান্ত ছিল অতি সচেতনতাপূর্ণ, স্পষ্ট, সুদৃঢ় এবং স্থানকালের প্রভাবমুক্ত। এই ক্ষেত্রে আমরা ইংরেজ চিন্তাবিদ লেটনারের একটি বক্তব্য উল্লেখ করতে পারি। তিনি বলেন, ইহুদি ও খ্রিষ্টধর্ম সম্পর্কে আমার যতটুকু জানাশোনা আছে সে অনুযায়ী বলতে পারি, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান লাভ করেছেন সেটা (মানুষ) কারও থেকে গৃহীত নয়, বরং তাঁর নিকট প্রত্যাদেশের মাধ্যমেই তা প্রদান করা হয়েছে।
এগারো.

ড. মরিস বুকাইলির গবেষণা। তিনি ছিলেন অনারব, ফ্রান্সের অধিবাসী। তিনি কোনো মুসলমান ছিলেন না এবং মুসলমান হওয়ার কোনো ইচ্ছাও তার ছিল না। তিনি তাওরাত, ইনজিল ও কুরআন এই তিন গ্রন্থের তথ্যের আলোকে আধুনিক বিজ্ঞানের তথ্যগুলোর তুলনামূলক পাঠ-পর্যালোচনা করেন। তিনি তখন বিস্ময়ের সাথে লক্ষ করেন, একমাত্র কুরআনের বর্ণনাগুলোই এমন, যার সঙ্গে আধুনিক বিজ্ঞানের (প্রমাণিত) কোনো তথ্যই সাংঘর্ষিক নয়। কুরআন অবতরণের চৌদ্দশ বছর পরও কোনো বিষয়ে বৈজ্ঞানিক সত্যের সঙ্গে সংঘর্ষ না থাকা প্রমাণ করে, এটা কোনো মানব হাতে রচিত নয়।

আর যদি মেনে নেওয়া হয়, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী গ্রন্থগুলো থেকে জ্ঞানার্জন করেছিলেন, তখন কি এ কথা বলার কোনো সুযোগ আছে যে, তিনি সেগুলোর বৈজ্ঞানিক বিষয়াবলি সেই বিজ্ঞানহীন যুগে পরীক্ষানিরীক্ষাপূর্বক সেগুলোর সঠিক তথ্যগুলো রেখে দিতে আর তার ভুলগুলো চিহ্নিত করে নিজের গ্রন্থ থেকে বাদ দিতে সক্ষম হয়েছেন?!

টিকাঃ
৭২৪. শাম: বর্তমানে যদিও আধুনিক সিরিয়াও শাম নামে পরিচিত; কিন্তু প্রাচীন শাম একটি ঐতিহাসিক অঞ্চলের নাম, যার বিস্তৃতি ছিল ভূমধ্যসাগরের পূর্ব তীর হতে মেসোপটেমিয়া অঞ্চল পর্যন্ত। বর্তমান সিরিয়া, লেবানন, জর্দান, ঐতিহাসিক ফিলিস্তিন (ইসরাইল অধিকৃত অঞ্চলসহ পশ্চিম তীর ও গাজা) এবং আধুনিক সউদি আরবের আল-জাওফ প্রদেশ ও উত্তর সীমান্ত অঞ্চল শামের অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়াও ১৯২১ সালে ফ্রান্স ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত আঙ্কারা চুক্তি অনুযায়ী বর্তমান দক্ষিণ-পূর্ব তুরস্কের যেসব এলাকা তুরস্কের অন্তর্ভুক্ত হয়, সেগুলোও ঐতিহাসিক শামের অন্তর্ভুক্ত ছিল। তুরস্কের সানজাকে ইসকানদার (The Sanjak of Alexandretta) অঞ্চলও শামের অন্তর্ভক্ত ছিল। এ ছাড়াও বর্তমান মিশরের সিনাই উপদ্বীপ ও বর্তমান ইরাকের মসুল অঞ্চলের কিছু অংশ শামের অন্তর্ভুক্ত ছিল। একদল ঐতিহাসিকের মতে পুরো সিনাই উপদ্বীপ ও সাইপ্রাসও ঐতিহাসিক শামের অন্তর্ভুক্ত ছিল।-সম্পাদক
৭২৫. একজন ব্রিটিশ নাগরিক। প্রসিদ্ধ একজন তুলনামূলক ধর্মতত্ত্ব গবেষক। (১৯৪৪ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর মারা যান।)
৭২৬. কারেন আর্মস্ট্রং: সিরাতুন নাবি মুহাম্মাদ: ১৫১।
৭২৭. একটি খ্রিষ্টান উপদল।-সম্পাদক
৭২৮. থমাস কার্লাইল: আবতাল : ৬১, ৬২।
৭২৯. থমাস আর্নল্ড : আদ-দাওয়াতু ইলাল-ইসলাম : ১৬২।
৭৩০. মক্কায় একজন কামার ছিল, যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনোযোগ দিয়ে শুনত। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাঝে মাঝে তার কাছে যেতেন এবং তাকে দ্বীন ও ঈমানের কথাবার্তা শোনাতেন। এ সময় সেই কামারও তাঁকে ইনজিলের দু-একটি কথা শোনাতো। আর এরই ভিত্তিতে মক্কার কোনো কোনো কাফের বলতে শুরু করল যে, তাঁকে সেই কামারই কুরআন শেখাচ্ছে। সেই কথার খণ্ডনেই এই আয়াত নাজিল হয়। (তাওযীহুল কুরআন, আয়াতসংশ্লিষ্ট টীকা)-সম্পাদক
৭৩১. আস-সিরাতুল হালাবিয়‍্যা : ১/৪৯৯, ইবনে হিশাম : আস-সিরাতুন নাবাবিয়্যা : ২/১৩৯, ইবনে কাছির: আস-সিরাতুন নাবাবিয়্যা: ১/৪৮৩, ৪৮৪।
৭৩২. রজম: বিবাহিত ব্যভিচারীদের পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা।-সম্পাদক
৭৩৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই প্রশ্ন করেছেন তাদেরকে তাদেরই কিতাবের বিধান দেখিয়ে লা জবাব করার জন্য, তবে ইহুদিরা তাঁর জ্ঞানের ব্যাপারে অবগত ছিল না। দ্বিতীয় প্রসঙ্গটিই আমাদের আলোচনার প্রামাণ্য বিষয়।-সম্পাদক
৭৩৪. সহিহ বুখারি: ৬৮৪১, সহিহ মুসলিম: ১৬৯৯।
৭৩৫. সহিহ বুখারি: ২, সহিহ মুসলিম: ২৩৩৩।
৭৩৬. সহিহ বুখারি: ২, সুনানে তিরমিজি: ৩৬৩৪, সুনানে নাসায়ি: ৯৩৪, মুসনাদে আহমাদ: ২৬২৪১।
৭৩৭. রোনাল্ড ভিক্টর বডলি। ব্রিটিশ আর্মি অফিসার (১৯০৮ খ্রি.)। ইরাক এবং জর্দানে দায়িত্ব পালন করেন। তারপর মুসকাত অঞ্চলে উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনিই প্রথম 'রুবউল খালি' (Empty Quarter) মরুভূমি পাড়ি দেন। এরপর সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর আরবের মরু অঞ্চলে বসবাসের জন্য আরবে চলে আসেন। তিনি মরুভূমি এবং প্রাচ্য নিয়ে অনেক লেখালেখি করেছেন। তার একটি প্রসিদ্ধ রচনা হলো, আর-রাসুল: হায়াতু মুহাম্মাদ (The Messenger: The Life of Mohammed)।
৭৩৮. রোনাল্ড ভিক্টর বডলি : আর-রাসুল: হায়াতু মুহাম্মাদ : ৫৮, ৫৯।
৭৩৯. লেটনার। একজন ইংরেজ গবেষক। আইন, দর্শন ও ধর্মতত্ত্বের মতো একাধিক বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৮৫৪ খ্রিষ্টাব্দে (কাজাখস্তানের রাজধানী) আসতানা ভ্রমণ করেন। এ ছাড়াও আরও অনেক ইসলামি দেশ ভ্রমণ করেন এবং সেখানকার বিখ্যাত ব্যক্তি ও আলিমদের সাথে সাক্ষাৎ করেন।
৭৪০. লেটনার : দ্বীনুল ইসলাম : ৪, ৫।
৭৪১. দ্রষ্টব্য: ডক্টর মরিস বুকাইলি রচিত আল-কুরআন ওয়াত-তাওরাত ওয়াল-ইনজিল ওয়াল-ইলম (কুরআন, তাওরাত, ইনজিল ও বিজ্ঞান)।

📘 উসওয়াতুল লিল আলামিন > 📄 বদর যুদ্ধের সময় কুরাইশদের ব্যবসায়ী কাফেলায় আক্রমণের অভিযোগ

📄 বদর যুদ্ধের সময় কুরাইশদের ব্যবসায়ী কাফেলায় আক্রমণের অভিযোগ


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে-সকল অভিযোগ উত্থাপন করা হয় তার একটি হলো, তিনি বিভিন্ন সময় কুরাইশ ব্যবসায়ী কাফেলার ওপর আক্রমণ করতেন। আর এটা তো চোর-ডাকাতদের কাজ থেকে ভিন্ন কিছু নয়। (তাদের এসব অভিযোগ-আপত্তি থেকে আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কতই-না পবিত্র!) তারা উদাহরণ হিসেবে বলে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের ব্যবসায়ী কাফেলার পিছু ধাওয়া করেছিলেন। পরে এর সূত্র ধরেই বদরযুদ্ধ সংঘটিত হয়।

তবে বাস্তবতা হলো, এই কথা যারা বলে, তারা জানে না যে মক্কা ও মদিনার মাঝে ইতিমধ্যেই পূর্ণরূপে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। মদিনাতে ইসলামি রাষ্ট্রের সূচনা থেকেই এই দ্বন্দ্বের শুরু। তা ছাড়া এটা খুবই যৌক্তিক এবং প্রাসঙ্গিক ছিল যে, কুরাইশরা মদিনায় ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কোনোভাবেই চুপ করে বসে থাকবে না। তারা তো সেই লোক, যারা নিজেদের সর্বশক্তি প্রয়োগ করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছতে না দেওয়ার জন্য। এমনকি শেষ মুহূর্তে তিনি যখন মক্কা ছেড়ে মদিনার পথ ধরেন, তখনও তারা পথিমধ্যে বাধা দেওয়ার লক্ষ্যে তাঁর হত্যাকারীর জন্য পুরস্কার ঘোষণা করে।

মক্কা ও মদিনার মাঝে যে শত্রুতার সূচনা হয়েছিল, তার ঘোষণা পাওয়া যায় আবু জাহেলের বক্তব্যে। সাদ ইবনে মুয়াজ রা. ও উমাইয়া ইবনে খালফের মাঝে পুরাতন বন্ধুত্ব ছিল। এ কারণে সাদ রা. মক্কায় এলে উমাইয়ার বাড়িতে উঠতেন। একইভাবে উমাইয়া মদিনায় আগমন করলে সাদ রা.-এর মেহমান হতো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সাদ রা. একবার মক্কায় এলেন ওমরা করতে। মক্কায় এসে তিনি যথারীতি উমাইয়ার বাড়িতে উঠলেন। তাকে বললেন, 'আমাকে একটু নিরিবিলি সময়ে বাইতুল্লাহ তাওয়াফ করার ব্যবস্থা করে দিয়ো।' কথা অনুযায়ী উমাইয়া দুপুরের দিকে সাদ রা.-কে নিয়ে বাইতুল্লাহর দিকে রওয়ানা হলো।

ঘটনাক্রমে সেখানে আবু জাহেলের সাথে তাদের দেখা হয়ে যায়। তখন সে উমাইয়াকে জিজ্ঞাসা করে, 'তোমার সাথে এ লোক কে?' উমাইয়া বলল, 'এ হচ্ছে সাদ।' তখন আবু জাহেল সাদ রা.-কে লক্ষ্য করে বলল, 'তোমরা ধর্মত্যাগীদের আশ্রয় দিয়ে তাদেরকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করছ, এরপর আবার তুমি খুব নিরাপদে তওয়াফ করতে যাচ্ছ! আল্লাহর কসম! তুমি যদি আজ আবু সফওয়ানের (উমাইয়ার উপনাম) অতিথি না হতে, তাহলে নিরাপদে পরিবারের কাছে ফিরে যেতে পারতে না!'

আবু জাহেলের কথা শুনে সাদ রা. উঁচু স্বরে বলে উঠলেন, 'আল্লাহর কসম! তুমি যদি আমাকে এটা (তাওয়াফ) থেকে বাধা দাও, তবে আমি তোমাকে এর চেয়েও বড় বিষয়ে বাধা দেবো! মদিনার পাশ দিয়ে যাতায়াতের রাস্তা আর পাবে না!'

বস্তুত উভয় শহরের মাঝে যুদ্ধ-পরিস্থিতি বিরাজের ব্যাপারে এটি ছিল আবু জাহেলের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা। সাদ রা. সেদিন রক্ষা পেয়েছেন মূলত এক কুরাইশ নেতার নিরাপত্তাবলয়ে থাকার কারণে।

কিন্তু আমরা যদি ধরেও নিই, এই ঘটনাটি ঘটেনি, তবুও নিঃসন্দেহে বলা যায়, যখন আরব অঞ্চলগুলোর প্রাণকেন্দ্র ও সবচেয়ে প্রভাবশালী নগরী মক্কার প্রতিপক্ষ হয়ে আরেকটি শক্তি ধীরে ধীরে গড়ে উঠছিল প্রতিবেশী অঞ্চল মদিনাতে, যার ওপর দিয়েই মক্কার ব্যবসায়ী কাফেলাগুলো শামে যাতায়াত করে, তখন আবশ্যকভাবেই একপক্ষ অপরপক্ষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। অতএব, মক্কার জন্য আবশ্যক ছিল নিজ মর্যাদা টিকিয়ে রাখা, তার যাতায়াতের পথটি সুরক্ষিত করা এবং এই ইসলামি জাগরণের বিস্তার রোধ করা, যা মক্কাভূমিতে জন্মলাভের পর থেকেই তার সাথে ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছিল। এরপর সেটি ধীরে ধীরে মক্কার নিয়ন্ত্রণের বাইরে এসে একটি নতুন দেশে শিকড় গাড়া শুরু করে, যা মক্কাবাসীর জন্য কিছুতেই বরদাশত করার উপযোগী ছিল না। অপরদিকে মদিনা রাষ্ট্রের জন্যও আবশ্যক ছিল নিজের অস্তিত্ব রক্ষার্থে তার সূচনাকালের এইসব সম্ভাব্য আক্রমণ শক্ত হাতে প্রতিহত করা।

বস্তুত সাদ রা.-এর সাথে সংঘটিত ঘটনাটি আমাদের আলোচ্য বিষয়ের একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। মদিনার ইসলামি রাষ্ট্র তখনও পর্যন্ত মক্কার ব্যবসায়ী কাফেলাগুলোর ওপর চড়াও হয়নি, যদিও সেটার পূর্ণ সক্ষমতা তাদের ছিল। এ কারণেই সাদ রা. আবু জাহেলকে শামে গিয়ে ব্যবসা করার পথ রুদ্ধ করার হুমকি দিয়েছেন। সারকথা হলো, এই যুদ্ধপরিস্থিতি ঘোষিত হয়েছিল কুরাইশদের পক্ষ থেকে মক্কা নগরীতে।

এ প্রসঙ্গে আরেকটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। সেখানেও কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধের সুস্পষ্ট ঘোষণা ছিল। এই ঘটনা মদিনাকে অভ্যন্তরীণ প্রথম ফেতনা ও বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস শুরু করার পর কুরাইশরা আবদুল্লাহ ইবনে উবাই এবং আউস-খাজরাজের মূর্তিপূজারি মুশরিকদের নিকট একটি চিঠি প্রেরণ করে। কুরাইশদের চিঠির ভাষ্য ছিল-
তোমরা আমাদের এক লোককে আশ্রয় দিয়েছ। আমরা আল্লাহর শপথ করে বলছি, হয় তোমরা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে অথবা তোমাদের দেশ থেকে বের করে দেবে, নতুবা আমরা সম্মিলিতভাবে তোমাদের ওপর আক্রমণ করব এবং তোমাদের যোদ্ধাদেরকে হত্যা করব ও তোমাদের মহিলাদেরকে বন্দি করে দাসী বানাব!

চিঠিটি যখন আবদুল্লাহ ইবনে উবাই এবং তার মূর্তিপূজক সঙ্গীদের নিকট পৌঁছল, তখন তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একত্রিত হলো। খবর পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন, 'কুরাইশদের ভীতিপ্রদর্শন তোমাদেরকে অমূলক ভীত করে তুলেছে। আসলে তারা তোমাদের ততটা ক্ষতি করতে পারবে না, যতটা ক্ষতি তোমরা তোমাদের নিজেদের জন্যে ডেকে আনবে। কারণ, তোমরা নিজেদের ভাই-বন্ধু ও সন্তানসন্ততিদের বিরুদ্ধে লড়াই করতে চাইছ!'
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসব শুনে তাদের লড়াইয়ের ইচ্ছা চলে গেল এবং যে যার মতো পৃথক হয়ে গেল। এরপর কুরাইশরা একই কাজ করল ইহুদিদের সাথে।

এ ব্যাপারে কারেন আর্মস্ট্রং যথাযথ বলেছেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেছেন এমন এক শরণার্থীর মতো যিনি বিস্ময়করভাবে মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন। (সেখানে পৌঁছার পরও) তাঁর জীবনের ঝুঁকি অব্যাহত ছিল পাঁচ বছর। এই সময়ের মাঝে গোটা মুসলিমজাতি বিভিন্নবার একেবারে নির্মূল হয়ে যাওয়ার মুখোমুখিও হয়েছিল। অথচ পশ্চিমাবিশ্বের আমরা ধারণা করি, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতীতের এমন এক যুদ্ধবাজ নেতা, যে তাঁর ধর্মের প্রতি অনীহ এক সমাজের ওপর অস্ত্রের শক্তিতে ইসলাম চাপিয়ে দিয়েছিল। কিন্তু ঐতিহাসিক বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম যুগের মুসলমানগণ নিজেদের জীবন রক্ষার তাগিদেই লড়াই-সংগ্রামে লিপ্ত হয়েছিলেন।

অতএব, স্বাভাবিকভাবেই এসব হুমকির মুখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। সুতরাং তিনি মদিনার আশপাশের এলাকাগুলোতে বিভিন্ন অনুসন্ধানী দল প্রেরণ করেন এবং ছোট ছোট কিছু যোদ্ধাবাহিনীও পাঠান। অবশ্য এগুলোর অল্প কয়েকটিই প্রত্যক্ষ লড়াইয়ে জড়িত হয়। আশপাশের অনেক গোত্রের সাথেই তাঁর সন্ধিচুক্তি সম্পাদিত হয়ে যায়। তিনি ছোট ছোট যেসব যোদ্ধাবাহিনী প্রেরণ করেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে:
১. আবওয়া অভিযান। এটাতে অবশ্য সরাসরি লড়াই সংঘটিত হয়নি, বরং বনু যমরা গোত্রের সাথে সন্ধি স্থাপিত হয়ে যায়।
২. উবাইদা ইবনুল হারেসের অভিযান। এটাতে কুরাইশদের সাথে ছোট আকারে যুদ্ধ সংঘটিত হয়। এই লড়াইয়ে কুরাইশদের সেনাপতি ছিল আবু সুফিয়ান।
৩. হামজা ইবনে আবদুল মুত্তালিবের অভিযান। এই বাহিনী আবু জাহেলের বাহিনীর সাথে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, তবে নিরপেক্ষ নেতা মাজদি বিন আমর জুহানির হস্তক্ষেপে তা পিছিয়ে যায়।

এসবের সম্মুখীন হওয়ার পর কুরাইশরা সচেতনতার সাথে ভাবতে থাকে যে, বিষয়টা এখন আর সহজ নেই। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে শুধু হুমকির ওপরই বসে থাকবেন না (বরং কার্যতই তিনি আক্রমণ-হামলার পথে অগ্রসর হবেন)। বস্তুত তখনই তাঁর ইচ্ছার পূর্ণতা ঘটবে। এ কারনেই আমরা আবু জাহেলকে বলতে দেখি, হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মাদ ইয়াছরিবে (মদিনায়) অবস্থান গ্রহণ করেছে। এবার সে তাঁর অগ্রবর্তী বাহিনী পাঠাতে শুরু করেছে। সে তোমাদের (ধনসম্পদ) ছিনিয়ে নিতে চায়। সুতরাং তোমরা তাঁর নিকটবর্তী পথ ব্যবহারে সতর্ক হও। নিশ্চয় সে এখন ওত পেতে থাকা সিংহের ন্যায়। তোমাদের ওপর তাঁর ক্রোধ এখন চরমে।

এবার বলুন, এটা কি অতি আশ্চর্যজনক ব্যাপার নয় যে, কুরাইশদের পক্ষ থেকে সৃষ্ট শত্রুতা, শামের পথে চলার ক্ষেত্রে স্বয়ং কুরাইশদের সতর্কতা ইত্যাদির মতো কেন্দ্রীয় বিষয় এড়িয়ে গিয়ে কেবল ইতিহাসের মধ্যখানের এক টুকরো চিত্র তুলে ধরে কাউকে দোষী সাব্যস্ত করা হবে?! যেমন কিছু মানুষের আলোচনা শুনে মনে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের ব্যবসায়ী কাফেলাকে আক্রমণের জন্য বের হওয়ার মাধ্যমেই এই যুদ্ধের সূচনা ঘটেছে! এভাবে ইসলাম ও কুরাইশদের ইতিহাসের ব্যাপারে পাঠকের অজ্ঞতার সুযোগে এমন কৌশলে অপবাদ ছড়ানো হয় যে, মনে হয় পুরো আরব উপদ্বীপ ছিল নিশ্চিন্ত-নিরাপদ-নিরুপদ্রপ। আর ঠিক তখনই কুরাইশদের ব্যবসায়ী কাফেলা আকস্মিকভাবে এমন এক বিপদের মুখোমুখি হয়েছে!

মোটকথা, হিজরত-পরবর্তী ঘটনাবলি ও পারিপার্শ্বিকতা সাক্ষ্য দেয়, উভয় দলের মাঝেই তখন যুদ্ধপরিস্থিতি বিরাজ করছিল এবং যুদ্ধের জন্য দুই পক্ষেরই প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন ছিল। বস্তুত এই পরিস্থিতি সামনে থাকার কারনেই (ব্যবসায়ী কাফেলার সর্দার) আবু সুফিয়ান مسلمانوں গতিবিধি পর্যবেক্ষণে রাখে আর এর মাধ্যমে তাদের গতিবিধি সম্পর্কে জানতে পারে। ফলে (কাফেলা مسلمانوں আক্রমণের মুখোমুখি হওয়ার ব্যাপারে) তৎক্ষণাৎ সে কুরাইশদের নিকট সংবাদবাহক প্রেরণ করে এবং নিজেও ভিন্ন নিরাপদ রাস্তা অবলম্বন করে। আর কুরাইশরাও (পূর্ব থেকে মানসিকভাবে প্রস্তুত থাকার কারণে) সংবাদ পাওয়ামাত্রই দ্রুত প্রস্তুতি গ্রহণ করে বদরপ্রান্তরে উপস্থিত হয়। এ সবকিছুই ঘটে যায় খুব অল্প সময়ের মধ্যে। ফলে মুসলমানগণ আর মদিনায় ফিরে আসার অবকাশ পায়নি কিংবা ব্যাপক প্রস্তুতি গ্রহণেরও সুযোগ হয়নি। বরং তারা ব্যবসায়ী কাফেলাকে আক্রমণের জন্য বের হয়ে কুরাইশ সৈন্যবাহিনীর মুখোমুখি হয়ে যায়। আলোচিত সবকিছুই প্রমাণ করে, মূলত কুরাইশরা আগে থেকেই মদিনাবাসীর সাথে চলমান যুদ্ধপরিস্থিতির ব্যাপারে সতর্ক ছিল এবং আবু সুফিয়ান যখন তাদের নিকট সতর্ককারী সংবাদবাহক প্রেরণ করে, তখন তারা সেটাকে আকস্মিক কোনো বিষয় হিসেবে গণ্য করেনি।

এসব বিষয়ের সাথে সাথে পাঠককে এ কথাও স্মরণ রাখতে হবে যে, মুহাজির মুসলমানরা মক্কা থেকে বের হয়ে এসেছিলেন চুপিসারে কপর্দকশূন্য অবস্থায়। তারা নিজেদের বাড়িঘর, ধনসম্পদ সাথে নিয়ে আসতে পারেননি, আবার সেগুলো বিক্রি করারও সুযোগ পাননি। বরং তাদের সবকিছুই দুর্বৃত্ত কুরাইশদের হাতে লুণ্ঠিত অবস্থায় রয়ে যায় এবং তারাই সেগুলোর ভোগদখলে লিপ্ত থাকে। আর বদরযুদ্ধ তাদের সে সকল লুণ্ঠিত সম্পদ পুনরুদ্ধারের প্রথম চেষ্টা ও পদক্ষেপ হিসেবেও কাজ করেছিল।

কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারব (মুসলমানগণ যে ব্যবসায়ী কাফেলাকে ধরার জন্য বের হয়েছিলেন, সেই কাফেলার সর্দারও সে-ই ছিল) মুসলমান মুহাজিরদের ঘরবাড়ি দখল করে এবং সেগুলো বিক্রি করে দেয়। চোখে পড়ার মতো তার জবরদখলের চিত্র ছিল বনু জাহাশ গোত্রীয় লোকদের বাড়িঘর দখলের ক্ষেত্রে। তাদের হিজরতের পর সে সব বাড়িঘর দখল করে নেয়। সে নিজেকে তাদের ওপর সবচেয়ে বেশি অধিকারী জ্ঞান করে। কারণ, জাহাশ গোত্রীয় জনৈক আবু আহমাদের সাথে তার মেয়ে ফারিয়ার বৈবাহিক সম্পর্ক ছিল। সুতরাং আবু সুফিয়ান তাদের সকলের ঘরবাড়ি নিজের দখলে নিয়ে নেয় এবং সেগুলো বিক্রি করে দেয়। আবদুল্লাহ ইবনে জাহাশ রা. এ ঘটনা জানতে পেরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ব্যথিতচিত্তে অভিযোগ জানান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, 'আবদুল্লাহ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে তোমাকে এর চেয়েও উত্তম গৃহ দান করবেন?!' আবদুল্লাহ ইবনে জাহাশ রা. বলেন, 'অবশ্যই আমি সন্তুষ্ট।' নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'তাহলে তোমার জন্য সেটাই পাওনা রইল।'

এভাবেই মক্কার নেতৃবর্গ মুসলমানদের সকল সম্পদ জবরদখল করে নিয়েছিল। এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন, তখন উসামা বিন যায়েদ রা. তাঁকে বললেন, 'হে আল্লাহর রাসুল, আপনি কি মক্কায় আপনার গৃহে অবস্থান করবেন?' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'আকিল কি আর আমাদের জন্য কোনো ঘরবাড়ি অবশিষ্ট রেখেছে?!

এই আকিল হলো আবু তালিবের এক সন্তান এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। সে এবং তার ভাই তালিব তাদের পিতা আবু তালিবের সকল সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছিল। ইসলামগ্রহণ করার কারণে আবু তালিবের অন্য দুই ছেলে জাফর রা. ও আলি রা.-কে কিছুই দেয়নি। এরপর আকিল সেগুলো অন্যের নিকট বিক্রি করে দেয়। তো কুরাইশরা মুসলমানদের কাফের আত্মীয়স্বজন কর্তৃক তাদের ধনসম্পদ আত্মসাৎ করার এই হলো সামান্য কিছু নমুনা।

এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, মক্কা বিজয়ের পর পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব সম্পদে মুশরিকদের হস্তক্ষেপের কার্যকারিতা বাতিল করেননি। তাদের মন জয় করা এবং সদ্য পরাজয়ের পর তাদের ওপর নতুন করে আঘাত ও বিদ্বেষ সৃষ্টির পথ বন্ধ করার জন্য তিনি এ পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি মুহাজিরদের তিনি এ কথার ওপর মানিয়ে নেন যে, তাদের থেকে যা-কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, সেগুলো তারা আল্লাহর ওয়ান্তে ছেড়ে দিক।

এ ছাড়া এই আত্মসাৎ-এর ওপরই মুশরিকদের ঔদ্ধত্য সীমাবদ্ধ ছিল না, বরং তারা সম্পদশালী মুসলিমদের সেখান থেকে নিঃস্ব অবস্থায় বিতাড়িত করেও ছেড়েছে। যেমনটি আমরা সুহাইব রা.-এর ঘটনায় দেখতে পাই।

আবু উসমান নাহদি রা. বর্ণনা করেন, সুহাইব রা. যখন মদিনায় হিজরত করার ইচ্ছা করলেন, তখন কুরাইশ কাফেররা তাকে (বাধা দিয়ে) বলল, 'তুমি আমাদের নিকট এসেছিলে নিঃস্ব অবস্থায়। আমাদের মধ্য থেকেই তোমার সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং তুমি অঢেল সম্পদের মালিক হয়েছ, কিন্তু আজ তুমি চাচ্ছ নিজের সম্পদসহ প্রস্থান করবে?! আল্লাহর কসম! এটা কিছুতেই হতে পারে না!'

তখন সুহাইব রা. বলেন, 'আচ্ছা, আমি আমার সকল সম্পদ তোমাদের দিয়ে দিলে তোমরা আমার পথ ছেড়ে দেবে?' কাফেররা বলল, 'হ্যাঁ, আমরা এই প্রস্তাবে রাজি।'

সুহাইব রা. তখন বললেন, 'আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি আমার সমস্ত সম্পদ (যারা আমার সাথে জটিলতা সৃষ্টি করছে) তাদের দিয়ে দিলাম।' পরে যখন এই সংবাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তিনি বললেন, «رَبِحَ صُهَيْبٌ رَبِحَ صُهَيْبٌ»
সুহাইবই লাভবান হয়েছে, সুহাইবই লাভবান হয়েছে।

মোটকথা, কুরাইশদের হাতে থাকা এসব ধনসম্পদ ছিল মুসলিম মুহাজিরদের থেকে জোরজুলুম করে আত্মসাৎ করা। অথচ তখন মুসলমানদের এ সকল সম্পদের খুব বেশি প্রয়োজন ছিল। বিশেষ করে হিজরতের সময় এবং তাদের নতুন ইসলামি রাষ্ট্র গঠনের সূচনাকালে। অতএব, নিজেদের সেসব সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টার প্রতি নিন্দাবাদ করা কিংবা সেই প্রচেষ্টাকে (এক পক্ষের সীমালঙ্ঘনমূলক) নবহামলা বলা প্রকৃতপক্ষে খুবই অন্যায়ের বিষয়! এসব কথাবার্তার প্রেক্ষিতে মনে হয়, মুসলমানদের এই আক্রমণ যেন ছিল কোনো শান্তিকামী নিরাপদ দলের ওপর। যারা ছিল নিতান্ত নিষ্পাপ, জোরজুলুমের কোনো ইতিহাসই তাদের ঝুলিতে ছিল না। অথচ কুরাইশরা যে অপকর্ম ঘটিয়েছে, তার রেশ তখনও কাটেনি। (তাহলে পরিণামপ্রাপ্তির দিনে কেন এমন অস্বাভাবিক কথা?!)

এই অভিযোগ খণ্ডনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যে কথাটি বলা যায় তা হলো, স্বয়ং মক্কাবাসীও এই কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ত্ব ও চরিত্রে কোনো অপবাদ আরোপ করেনি। মুসলমানগণ তাদের সাথে যে আচরণ করেছে, এটাকে তারা কোনো ধরনের ধোঁকা, প্রতারণা হিসেবে গণ্য করেনি। কারণ তখনকার পরিস্থিতি ও চিত্র তৎকালীন সকলের নিকটই ছিল পরিষ্কার। আমরা যেরকম আলোচনা করে এসেছি, বস্তুত তারাও এটাকে সেরকম যুদ্ধপরিস্থিতি বলেই গণ্য করছিল। এ ছাড়া তারা এ কথাও খুব ভালোভাবেই জানত যে, তারাই প্রথমে জুলুম শুরু করেছে এবং ধনসম্পদ ছিনিয়ে নিয়েছে। শত্রুতা প্রদর্শন এবং যুদ্ধের ঘোষণাও তাদের পক্ষ থেকেই প্রথমে হয়েছে।

এবার তাহলে বলতে চাই, এ ক্ষেত্রে বর্তমানে যারা ইসলামের দিকে শত্রুতার সূচনার কথা সম্পৃক্ত করতে চায়, তারা কি কুরাইশদের ব্যাপারে নিজেদেরকে স্বয়ং কুরাইশদের চেয়েও বেশি ন্যায়বান দাবি করতে চায়?! তৎকালীন পরিবেশ-পরিস্থিতির ক্ষেত্রে তাদের থেকেও বেশি জ্ঞানবান হওয়ার দাবি জানাচ্ছে?!

টিকাঃ
৭৪২. সহিহ বুখারি: ৩৯৫০, মুসনাদে আহমাদ: ৩৭৯৪
৭৪৩. সুনানে আবু দাউদ: ৩০০৪।
৭৪৪. কারেন আর্মস্ট্রং: সিরাতুন নাবি মুহাম্মাদ: ২৫২।
৭৪৫. তাবারানি: মুজামুল কাবির: ১৫৩৩।
৭৪৬. ইবনে হিশাম : আস-সিরাতুন নাবাবিয়্যা : ৩/২৮, ফাকেহি : আখবারু মাক্কাহ : ৩/২৯২ (২১২১), ইবনে সাইয়েদিন নাস: উয়ুনুল আছার: ১/২২৮, সালেহি শামি : সুবুলুল হুদা ওয়ার-রাশাদ: ৩/২২৫।
৭৪৭. সহিহ বুখারি: ১৫৮৮, সহিহ মুসলিম: ১৩৫১।
৭৪৮. ইবনে সাইয়েদিন নাস: উয়ুনুল আছার: ১/২২৮।
৭৪৯. সহিহ ইবনে হিব্বان: ৭০৮২।

📘 উসওয়াতুল লিল আলামিন > 📄 ইহুদিদের প্রতি জুলুমের অভিযোগ

📄 ইহুদিদের প্রতি জুলুমের অভিযোগ


এই অভিযোগটি উত্থাপিত হয় কেবল বৈশ্বিক জায়নবাদী গোষ্ঠী এবং সেই ঘরানাগুলো থেকে, যারা শক্তিশালী জায়নবাদী প্রচারমাধ্যম দ্বারা প্রভাবিত। (নতুবা অন্যদের নিকট এটি একটি অসমর্থিত অভিযোগ)। কেননা, ইহুদিরা মুসলমান ব্যতীত অন্য কারও কাছেই আশ্রয় ও নিরাপত্তার আশা করতে পারেনি। একদিকে তারা নবীযুগ থেকে নিরাপত্তা পেয়েছে, অন্যদিকে স্পেনের ইসলামি শাসন বিলুপ্ত হওয়ার পর স্প্যানিশ ক্যাথলিক খ্রিষ্টানদের হাতে তারা যে জুলুম, নিপীড়নের শিকার হচ্ছিল, তা থেকে উদ্ধার করে উসমানি খেলাফত। বস্তুত স্পেনে মুসলিমশাসন বিলুপ্ত হওয়ার পর থেকেই ইউরোপে ইহুদি বিতাড়ন ও অবদমনের ইতিহাস শুরু হয়। অধিকাংশ সময় এই অবদমন ছিল ধর্মীয় ভিন্নতার কারণে। আবার কখনো তাদের নিকৃষ্ট স্বভাব ও বৈশিষ্ট্যের কারণেও তাদেরকে আক্রোশের মুখোমুখি হতে হয়েছে। যেমন, তাদের সুদি কারবার, মজুতদারি ইত্যাদি।

কিন্তু ইসলামি শাসনকালে ইহুদিদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। মদিনার ইসলামি রাষ্ট্রে ইহুদিদের সাথে মুসলমানদের আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন, আবার ভিন্ন ছিল ইসলামের সাথে ইহুদিদের আচরণও। (আমরা অচিরেই সেসব অবস্থার কথা জানতে পারব।) এ ছাড়া ইহুদি নির্যাতনের বিষয়টি খণ্ডন করার পাশাপাশি আমরা এ বিষয়টি উপলব্ধি করতেও সক্ষম হব যে, ইউরোপীয়রাও এমন এক জাতি, যাদের ইহুদি নির্যাতন নিয়েও কথা ওঠা উচিত।

উদারতা ছিল সাধারণ নীতি

আলোচনার শুরুতে আমরা এই বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করছি যে, আহলে কিতাবদের সাথে উদারতা প্রদর্শন ছিল ইসলামের সাধারণ এক নীতি। নবীজি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে ইসলামের সুদীর্ঘ শাসনামলে এই নীতির অনুসরণ অব্যাহত ছিল। এই সময়ে জিম্মিরা নিজেদের জীবনযাপন, চলাফেরা, বসতি গড়া, আকিদা-বিশ্বাস এবং ধর্মপালনে তাদের ইতিহাসের সবচেয়ে ভালো সময় পার করেছে। এ সময় তারা মুসলিম সমাজের সাথে মিলেমিশে সামাজিক উন্নয়ন-অগ্রগতিতে অংশগ্রহণেরও সুযোগ পেয়েছে।

এগুলো এমন এক বাস্তবতা, যার মাঝে সামান্যতম ন্যায়-নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা রয়েছে, সে কখনো তা অস্বীকার করতে পারবে না। এ বিষয়টি প্রমাণে আমাদের অল্প কিছু উদ্ধৃতিই যথেষ্ট হবে বলে আশা করি। সুতরাং চলুন, পশ্চিমা অমুসলিম কিছু প্রাচ্যবিদের বক্তব্য শুনে নেওয়া যাক।

গুস্তাভ লি বোন বলেন, কুরআনের প্রতি দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই, ইহুদি ও খ্রিষ্টানদের প্রতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ছিল সর্বোচ্চ পর্যায়ের। তাঁর পূর্বে আগত ধর্মবেত্তাগণ, বিশেষ করে ইহুদি ও খ্রিষ্টান ধর্মবেত্তাগণ এমন উদার নীতি প্রণয়ন করেননি। (পরবর্তী আলোচনায়) আমরা আরও দেখতে পাব, তাঁর ইনতেকালের পর মুসলিম খলিফাগণও কীভাবে তাঁর এই নীতি অনুসারেই চলেছেন। এই উদারতার কথা ইউরোপের সংশয়বাদী বা কিছুটা আস্তিক কয়েকজন বিজ্ঞানীও স্বীকার করেছে, যাদের গভীর দৃষ্টির সাথে আরব-ইতিহাস অধ্যয়নের সুযোগও হয়েছে। এ জন্য সামনের আলোচনায় আমি সে সমস্ত মানুষের বেশকিছু গ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি চয়ন করেছি, যা প্রমাণ করে যে, এটি শুধু আমাদের একক অভিমত নয়। যেমন, রবার্টসন তার তারিখ শারলিকান (চার্লসের ইতিহাস) গ্রন্থে লিখেছেন, একমাত্র ইসলামধর্মের অনুসারীরাই নিজ ধর্মের প্রতি আত্মমর্যাদাবোধ লালনের পাশাপাশি ভিন্ন ধর্মের প্রতি উদারতার আচরণকেও ধারণ করতে সক্ষম হয়েছে। তারা নিজেদের ধর্ম প্রচারের জন্য তলোয়ার ধারণ করলেও যারা তাদের ধর্মে দীক্ষিত হতে আগ্রহ পোষণ করেনি, তাদেরকে নিজেদের ধর্মকর্মের ওপর স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে।

এদিকে মিচড (Michaud) তার তারিখুল হুরুবিস সালিবিয়্যা (ক্রুসেড যুদ্ধের ইতিহাস) গ্রন্থে লিখেছেন, যে কুরআন মুসলমানদের জিহাদের আদেশ করেছে, সেই কুরআনই ভিন্ন ধর্মের অনুসারীদের প্রতি উদারতা প্রকাশ করেছে। গির্জাপ্রধান, পাদরি এবং তাদের সেবকদের থেকে কর মাফ করে দিয়েছে। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাদরিদের হত্যা করা নিষিদ্ধ করেছেন। কেননা, তারা (যুদ্ধে লিপ্ত না হয়ে নিজেদের মতো) ইবাদতে মগ্ন থাকে। উমর ইবনুল খাত্তাব রা. যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেন, তখনও তিনি খ্রিষ্টানদের সাথে খারাপ আচরণ করেননি। অথচ ক্রুশের বাহক খ্রিষ্টানরা যখন সেখানে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, তখন তারা নির্দয়ভাবে مسلمانوں জবাই করেছে এবং ইহুদিদেরকে পুড়িয়ে মেরেছে।

মিচড তার রিহলাতুন দ্বীনিয়্যাতুন ফিশ-শারক (প্রাচ্যে ধর্মীয় ভ্রমণ) নামক আরেকটি গ্রন্থে বলেছেন, আফসোসের কথা হলো, খ্রিষ্টান সম্প্রদায়গুলো مسلمانوں থেকে এই উদারতার শিক্ষা গ্রহণ করতে পারেনি, যা মূলত (কোনো জাতির জন্য) ভিন্ন গোষ্ঠীর প্রতি সদাচার, তাদের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা পোষণ এবং তাদের ওপর বলপ্রয়োগের মাধ্যমে নিজেদের বিশ্বাস চাপিয়ে না দেওয়ার ক্ষেত্রে নিদর্শন হিসেবে কাজ করে।
জার্মান প্রাচ্যবিদ জিগরিদ হুংকে বলেন, আন্দালুস, সিসিলি এবং বলকানে খ্রিষ্টধর্মাবলম্বীরা দীর্ঘদিন ইসলামি শাসনের অধীনে লালিতপালিত হওয়ার পর আন্দালুসে (১৪৯২ খ্রি.) যখন ইসলামের ওপর খ্রিষ্টানদের বিজয় অর্জিত হয়, তখন তারা সেখান থেকে নির্বিচারে মুসলমান ও ইহুদিদেরকে বিতাড়ন করেছে। তাদের ওপর অত্যাচার-নিপীড়নের স্টিমরোলার চালিয়েছে। তাদেরকে খ্রিষ্টধর্ম গ্রহণে বাধ্য করেছে। ক্যাথলিক ধর্মবিশ্বাস ব্যতীত অন্য কোনো ধর্মমত গ্রহণকারীদের ওপর জেরা-পদ্ধতি (ইনকুইজিশন) প্রয়োগ করেছে। যারাই ইসলাম বা ইহুদিধর্মের অনুসরণ করেছে, তাদেরকে তারা নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের সময় প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করেছে।

হুংকে আরও বলেন, একাদশ শতাব্দীর প্রথম দিকে বাইতুল মুকাদ্দাসের বিশপ (থিওডোসিয়াস) বাইজান্টাইনের প্রধান বিশপের (আগনাটিউস) নিকট পত্র লিখে জানান, এখানে আরবরাই আমাদের শাসক ও প্রধান। তারা খ্রিষ্টবাদের প্রতি বাধা সৃষ্টি করে না, বরং বিপরীতে তারা এর দেখভাল করে, অনিষ্টকর বিষয় থেকে সুরক্ষা নিশ্চিত করে। তারা আমাদের পাদরি, যাজকদের শ্রদ্ধা করে এবং আমাদের সাধু-সন্ন্যাসীদের ভক্তি করে।

থমাস আর্নল্ডের সাক্ষ্যের মাধ্যমে আমরা এই আলোচনার ইতি টানছি। তিনি বলেন, আমরা এ পর্যন্ত অমুসলিমদেরকে ইসলামগ্রহণে বাধ্য করতে একটিও পরিকল্পিত প্রচেষ্টা দেখিনি। তদ্রূপ খ্রিষ্টবাদকে সমূলে নিশ্চিহ্ন করার জন্যও কোথাও কোনো সংঘবদ্ধ নিপীড়ন আমাদের চোখে পড়েনি। এই দুটি পদ্ধতির একটিও যদি মুসলিম খলিফাগণ অবলম্বন করতেন, তাহলে তারা ঠিক তেমন অনায়াসেই খ্রিষ্টবাদকে নির্মূল করে দিতে পারতেন, যেমনভাবে স্পেন থেকে ইসলামধর্মকে নিশ্চিহ্ন করে দিয়েছিল রাজা ফার্ডিন্যান্ড ও রানি ইসাবেলা। তদ্রূপ ফ্রান্সের রাজা লুই চতুর্দশের মতো আচরণও করতে পারতেন, যে ফ্রান্সে বিদ্যমান প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারীদের ওপর জুলুম, নিপীড়নের খড়গ চালিয়েছিল। ইংল্যান্ডে যেভাবে সাড়ে তিনশ বছর যাবৎ ইহুদি প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছিল, সেই পন্থাও অবলম্বন করা খুব সহজ ছিল মুসলিম খলিফাদের জন্য। এ ছাড়া প্রাচ্যের এশিয়ায় অবস্থিত গির্জাগুলো সমগ্র খ্রিষ্টানবিশ্ব থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ তখন ছিল না। কারণ, খ্রিষ্টজগৎ তখন তাদেরকে খ্রিষ্টধর্ম থেকে বহির্ভূত বলে গণ্য করত। কিন্তু এরপরও এখন পর্যন্ত প্রাচ্যে সেসব গির্জার উপস্থিতিই জোরালোভাবে প্রমাণ করে যে, মুসলিমশাসন তাদের প্রতি কতটুকু উদারতার পরিচয় দিয়েছিল।

ইহুদিদের ওপর জুলুম-নির্যাতন ও কঠোরতা আরোপের অভিযোগটি বিস্তারিতভাবে খণ্ডনের পূর্বে এই ভূমিকাটুকু অবতারণার প্রয়োজন ছিল বলে আমি মনে করি। এবার নিম্নে আলোচিত কয়েকটি অনুচ্ছেদের মাধ্যমে আমরা তাদের অভিযোগ খণ্ডনের চেষ্টা করব ইনশাআল্লাহ। যথা:

১. মদিনা সনদ

মানব-ইতিহাসের সেই সুদূরবর্তী সময়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পরপরই ইহুদিদের সাথে একটি চুক্তি সম্পাদন করেন। আমরা একে 'সহাবস্থানমূলক চুক্তি', কমপক্ষে এক দেশের নাগরিক হিসেবে 'স্বদেশ রক্ষার সম্মিলিত চুক্তি' বলে আখ্যায়িত করতে পারি।

এই চুক্তিনামার মাধ্যমে ইহুদিরা স্বীকার করে নেয় যে, নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই নতুন রাষ্ট্রের প্রধান। আর তারা প্রাকৃতিকভাবেই এ দেশের একটি অংশ। নিম্নে এই চুক্তিনামার কিছু ধারা উপস্থাপন করা হলো। তবে আমরা এখানে কেবল সেগুলোই উল্লেখ করব, যেগুলো আমাদের আলোচনার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। যথা:
যে মুমিন এই সনদে লিখিত বিষয়ের প্রতি স্বীকৃতি জ্ঞাপন করে, আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস করে, তার জন্য বৈধ হবে না কোনো অপরাধীকে সাহায্য করা কিংবা তাকে আশ্রয় প্রদান করা। যে তাকে সাহায্য করবে কিংবা আশ্রয় প্রদান করবে, কিয়ামতের দিন তার ওপর আল্লাহর লানত ও ক্রোধ আপতিত হবে। কোনোরূপ মুক্তিপণ দিয়ে সেদিন তার মুক্তির সুযোগ থাকবে না।
যখনই তোমরা কোনো বিষয়ে মতভেদে লিপ্ত হবে, তার সমাধানের জন্য আল্লাহ ও নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হবে।

• মুমিনরা কোনো যুদ্ধে লিপ্ত হলে ইহুদিরা তাদের জন্য অর্থসম্পদ যোগান দেবে।
বনি আউফের ইহুদিরা মুমিনদের সাথে (সম্পর্কযুক্ত) একটি জাতি। (তবে) ইহুদিদের জন্য তাদের ধর্ম আর মুসলমানদের জন্য তাদের ধর্ম (ধর্মের ক্ষেত্রে প্রত্যেকেই নিজেদেরটি পালন করবে)। (আর বনি আউফের ইহুদিদের মতো) তাদের সাথে চুক্তিবদ্ধ গোত্রগুলোর জন্যও (উল্লিখিত সম্পর্কযুক্ত হওয়ার নিয়ম) প্রযোজ্য হবে। তবে যে ব্যক্তি নিজের ওপর জুলুম করবে ও অপরাধে লিপ্ত হবে, তার কথা ভিন্ন। সে শুধু নিজেকে এবং তার পরিবারকেই ক্ষতির সম্মুখীন করবে। (এই চুক্তির অন্য একটি ধারায় বলা আছে, বনি আউফ গোত্রের ইহুদিদের জন্য যে কথা, অন্য সকল ইহুদি গোত্রের জন্যও একই কথা।)

• মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত কেউ (যুদ্ধের উদ্দেশ্যে মদিনা) ত্যাগ করতে পারবে না।

• ইহুদিরা তাদের নিজেদের খরচ বহন করবে, মুসলমানরা তাদের নিজেদের খরচ বহন করবে। এই চুক্তিতে আবদ্ধ কোনো অংশ যুদ্ধে লিপ্ত হলে একে অন্যকে সাহায্য করবে। নিজেদের মাঝে সদুপদেশ ও সততা বজায় রাখবে, অন্যায় এড়িয়ে চলবে।

• এই চুক্তিতে আবদ্ধ ব্যক্তিদের জন্য ইয়াছরিব (মদিনা) নিষিদ্ধ বলে গণ্য হবে। (তথা সেখানে যুদ্ধ করা, গাছ কাটা, প্রাণী শিকার ইত্যাদি নিষিদ্ধ)

• কোনো আশ্রিত ব্যক্তি তার আশ্রয়দানকারীর অনুমতি ব্যতীত কাউকে আশ্রয় দেবে না।
• এই চুক্তিতে আবদ্ধ ব্যক্তিদের মাঝে যদি কোনো দুর্ঘটনা ঘটে অথবা কোনো ঝগড়া-বিতর্কের সৃষ্টি হয়, যার ফলে কোনো অনিষ্টের আশঙ্কা দেখা দেয়, তাহলে তা সমাধানের জন্য আল্লাহ এবং নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমাধান কামনা করতে হবে। নিশ্চয় এই সনদের মাধ্যমে (জুলুমের থেকে) আল্লাহ অত্যন্ত পবিত্র এবং (তা পালনার্থে) অত্যন্ত সততাপূর্ণ।
• ইয়াছরিবের ওপর আক্রমণকারীর প্রতিরোধের ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করবে।
• কুরাইশগোষ্ঠীকে আশ্রয় প্রদান করা যাবে না এবং যে তাকে সাহায্য করে, তাকেও না।

(মদিনার সকল অধিবাসীর নিরাপত্তা সংরক্ষণের জন্য এই চুক্তি সম্পাদন করা হয়) অথচ এই চুক্তি-পরবর্তী দিনগুলোতে কতভাবেই-না সংখ্যালঘু এই সম্প্রদায় মদিনার নতুন রাষ্ট্রকে বিভিন্ন সমস্যায় আক্রান্ত করতে এবং যুদ্ধ বাধাতে সচেষ্ট থেকেছে! হয়তো নিজেরাই রাষ্ট্রের অভ্যন্তরে দাঙ্গা-হাঙ্গামা বাধিয়েছে, নয়তো মুশরিক সম্প্রদায়গুলোকে মদিনার বিরুদ্ধে যুদ্ধের প্রতি খেপিয়ে তুলতে চেষ্টা করেছে। আবার কখনো রাষ্ট্রের সবচেয়ে কঠিন মুহূর্তে মারাত্মক প্রতারণাপূর্ণ আচরণ করেছে। এ ছাড়া তারা ব্যক্তিগতভাবেও বহুবার উত্তেজনা সৃষ্টি করেছে, যেগুলো মদিনাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার উপক্রম করেছিল।

২. বিভিন্নরকম অস্থিরতা ও উত্তেজনার সৃষ্টি

চুক্তির ধারাগুলো ইহুদিদের জন্য মান্য করা আবশ্যক হওয়া সত্ত্বেও মুসলিম মুহাজিরগণ মদিনায় আগমনের পর থেকেই তারা বিভিন্ন ধরনের উত্তেজনা ও হাঙ্গামা সৃষ্টি করতে থাকে। প্রথম তারা যে অপপ্রচার চালায় তা হলো, তারা সকল মুসলমানকে জাদু করেছে। এ কারণে মদিনায় তাদের কারও কোনো পুত্রসন্তান জন্মগ্রহণ করবে না।

ইহুদিরা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করত, তারা তাঁর উদ্দেশে বলত, اَلسَّامُ عَلَيْكَ يَا مُحَمَّدُ - অর্থাৎ হে মুহাম্মাদ, তোমার মৃত্যু হোক (নাউজুবিল্লাহ)।

ইহুদিদের এক বড় নেতা আবু বকর রা.-কে এই বলে উত্তেজিত করে তুলেছিল যে, আমরা আল্লাহর মুখাপেক্ষী নই, তিনিই বরং আমাদের মুখাপেক্ষী। তিনি আমাদের প্রতি যেভাবে বিনয়ী হন, আমরা তাঁর প্রতি তত বিনয়ী হই না। তাঁর কাছে আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের নিকট তাঁর প্রয়োজন রয়েছে। নতুবা তিনি যদি আমাদের থেকে অমুখাপেক্ষীই হতেন, তবে আমাদের সম্পদ করজ চাইতেন না, যেমনটি তোমাদের সাথি (নবী) বলে থাকেন। তিনি তোমাদেরকে সুদ থেকে নিষেধ করেন, অথচ সেটাই আমাদের প্রদান করেন। তিনি যদি আমাদের থেকে অমুখাপেক্ষী হতেন, তবে আমাদেরকে সুদ প্রদান করতেন না। (নাউজুবিল্লাহ!)

ইহুদিদের মধ্য থেকে যারা ইসলামগ্রহণ করত, তারা তাদেরকে ভীষণ নিন্দা-মন্দ করত। তারা বলত, তারাই কেবল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনে, যারা আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তারা যদি আমাদের মধ্যে শ্রেষ্ঠই হতো, তবে কিছুতেই তারা তাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করত না।

তারা কখনো ইসলামের প্রতি সামান্যতম সন্দেহ-সংশয় আরোপের সুযোগও হাতছাড়া করত না। বরং এটা নিয়ে তারা চারদিকে কথা ছড়ানোর চেষ্টা করত। এ ক্ষেত্রে কেবলা পরিবর্তনের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া ইহুদি শাস ইবনে কায়েসের কুপ্রচেষ্টাটিও ছিল অত্যন্ত ভয়ানক। সে মদিনায় প্রায় গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছিল। একদিন সে দেখতে পেল, ইসলামগ্রহণের পর আউস ও খাজরাজ গোত্রদ্বয় ভাই ভাইয়ের মতো মিলেমিশে এক জায়গায় বসে আছে। তখন শাস ইবনে কায়েস তার একটি গোলাম পাঠিয়ে তাদের মাঝে পূর্বে ঘটিত যুদ্ধবিগ্রহের কথা স্মরণ করিয়ে দেয়। ফলে উভয় দলের মাঝে গোত্রীয় সাম্প্রদায়িকতা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয়ই একে অপরকে লড়াইয়ের হুমকি দিতে থাকে। এ মুহূর্তে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে উপস্থিত হয়ে তাদেরকে নিবৃত্ত করে বললেন, 'হে মুসলিম সম্প্রদায়, আল্লাহর ওয়ান্তে ক্ষান্ত হও! আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকতেই তোমরা জাহেলিয়াতের আহ্বানে ডাকাডাকি শুরু করে দিয়েছ! অথচ ইতিমধ্যে আল্লাহ তোমাদেরকে ইসলামের পথে পরিচালিত করেছেন এবং তার মাধ্যমে তোমাদের সম্মান দান করেছেন, জাহেলিয়াতের বিভ্রান্তি দূর করেছেন, কুফরি থেকে মুক্তি দান করেছেন আর পরস্পরের মাঝে প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন!

এবার আউস ও খাজরাজের মুসলমানগণ বুঝতে পারল, এটা ছিল শয়তানের একটি চক্রান্ত।

মদিনার এই দীর্ঘ বসবাসকালে মুসলমানদের বিরুদ্ধে মুনাফিক ও ইহুদিরা ছিল একাট্টা, ঐক্যবদ্ধ। এমনকি কুরআনুল কারিম পরস্পরকে ভাই ভাই বলে উল্লেখ করেছে! আল্লাহ তাআলা বলেন,
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نَافَقُوا يَقُولُونَ لِإِخْوَانِهِمُ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ لَئِنْ أُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِيعُ فِيكُمْ أَحَدًا أَبَدًا وَإِنْ قُوْتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ

আপনি কি মুনাফিকদেরকে দেখেননি, যারা তাদের কাফের আহলে কিতাব ভাইদেরকে বলে, তোমাদেরকে যদি বহিষ্কার করা হয়, তবে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব এবং তোমাদের সম্পর্কে কখনো অন্য কারও কথা মানব না। আর তোমাদের সাথে যদি যুদ্ধ করা হয়, তবে আমরা তোমাদের সাহায্য করব। (কিন্তু) আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তারা অবশ্যই মিথ্যুক! [সুরা হাশর: ১১]

ইহুদিদের হঠকারিতার বিষয়ে সিরাতের গ্রন্থাবলিতে বর্ণিত ঘটনাসমূহের এই হলো সামান্য কিছু নমুনা। তবে এখান থেকে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি প্রদান করা জরুরি তা হলো :

এক. মদিনায় বসবাসরত এই সংখ্যালঘু ইহুদি সম্প্রদায় উত্তরোত্তর কতটা বিপজ্জনক হয়ে উঠছিল, তা প্রমাণ করা।

দুই. এটা প্রমাণ করা যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের অপরাধে তাদের অন্যজনকে পাকড়াও করেননি। এ ছাড়া দীর্ঘ দুইটি বছর যাবৎ এই রাষ্ট্রের শাসক হিসেবে তিনি যা করতে সক্ষম ছিলেন, তেমন কোনো আচরণও তাদের সাথে প্রদর্শন করেননি। অথচ তিনি তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করারও পূর্ণ ক্ষমতা রাখতেন।

৩. বনু কায়নুকা কী করেছিল?

এমনিতেই হৃদয়ভরা বিদ্বেষ, উপরন্তু বদরপ্রান্তরে مسلمانوں বিজয় দেখে বনু কায়নুকা তাদের স্নায়বিক উত্তেজনা আর ধরে রাখতে পারেনি। পরিণামে তারা প্রকাশ্যেই मुसलमानों বিরুদ্ধে শত্রুতা ও বিদ্বেষ ছড়াতে থাকে। তাদের এসব আচরণ দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় অবস্থিত তাদের বাজারে তাদেরকে একত্র করে নসিহত করলেন। তাদেরকে সতর্ক করে বললেন, নিজেদের হঠকারিতার কারণে তাদেরকেও যেন কুরাইশের মতো বদরের পরিণতি বরণ করতে না হয়। (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহত প্রমাণ করে যে, তিনি প্রায় প্রজ্বলিত যুদ্ধের আগুন প্রশমিত করার পক্ষে ছিলেন।) কিন্তু এর প্রতি-উত্তরে বনু কায়নুকার ইহুদিরা চ্যালেঞ্জের সুরে যুদ্ধের প্রতি উসকানিমূলক ভাষায় বলল, 'হে মুহাম্মাদ, তুমি যুদ্ধ সম্পর্কে অজ্ঞ-অনভিজ্ঞ একটি দলকে হত্যা ও পরাজিত করেছ মাত্র। এটা যেন তোমাকে ধোঁকায় না ফেলে। তুমি যদি আমাদের বিরুদ্ধে লড়াইয়ের মুখোমুখি হতে, তাহলে বুঝতে পারতে আমরা কেমন লড়াকু পুরুষ। তখন আমাদের মতো কারও সাক্ষাৎ পাওনি বলেই বিশ্বাস করতে।'
এরপরও তাদের পক্ষ থেকে লড়াইয়ের উসকানি প্রকাশ হতে বেশি দেরি হয়নি। একজন মুসলিম মহিলা একটি পণ্য নিয়ে এসে বনু কায়নুকার বাজারে বিক্রি করে। এরপর সে এক স্বর্ণকারের পাশে বসে। এ সময় ইহুদিরা সেই মহিলার চেহারা উন্মুক্ত করার কথা বলে, কিন্তু মহিলা তা করতে অস্বীকৃতি জানায়। তখন গোপনে সেই ইহুদি স্বর্ণকার মহিলার কাপড়ের একটি প্রান্ত তার পিঠের দিকে বেঁধে রাখে। এরপর মহিলা যখন উঠে দাঁড়ায়, আচমকা তার সতর প্রকাশিত হয়ে পড়ে। ইহুদিরা তখন মুসলিম মহিলাকে ঘিরে হাসিঠাট্টায় ফেটে পড়ে। আত্মসম্মানবোধে মহিলাটি তখন চিৎকার করে ওঠে। এটা শুনে একজন মুসলিম রাগে-ক্ষোভে সেই ইহুদি স্বর্ণকারের ওপর আক্রমণ করে তাকে হত্যা করে ফেলে। তারপর নিকটবর্তী ইহুদিরা মিলে সেই মুসলিম ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে। এবার মুসলমানরাও ইহুদিদের ওপর আক্রমণের জন্য অন্য मुसलमानों ডাকতে থাকে।

«فَغَضِبَ الْمُسْلِمُوْنَ فَوَقَعَ الشَّرُّ»

ফলে মুসলমানরাও ক্রুদ্ধ হয়ে ওঠে এবং বিপর্যয় ঘটে যায়।

ঘটনার পরিণতি বর্ণনার ক্ষেত্রে মুসলিম ঐতিহাসিকের ব্যবহৃত কঠিন শব্দ 'আশ্শার্র' (বিপর্যয়) শব্দে এসে চোখ আটকে যায়। কিন্তু বাস্তবে এই ঘটনার পরিণাম ছিল (মুসলমানদের) জন্য কল্যাণকর। বস্তুত সিরাত, ফিকহ, উসুলে ফিকহ ইত্যাদি ইসলামি গ্রন্থাবলিতে রচয়িতাগণ ইসলামি আবেগ-অনুভূতির কলমে এ ধরনের শব্দ ব্যবহার করে থাকেন, যেন এর মাধ্যমে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা যায়।

যাই হোক, সংখ্যালঘু সম্প্রদায়টির ঔদ্ধত্য ও বাড়াবাড়ি এই পর্যায়ে পৌঁছার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসার সাহাবিদের এক বাহিনী নিয়ে যাত্রা করেন এবং আল্লাহ তাআলার আদেশে বনু কায়নুকার সাথে কৃত চুক্তিও প্রত্যাহার করে নেন। আল্লাহ তাআলা বলেন:
وَإِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَابِنِينَ﴾
আপনি যদি কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করেন, তবে আপনিও সে চুক্তি সোজা তাদের দিকে ছুড়ে মারুন। স্মরণ রাখুন, আল্লাহ বিশ্বাস ভঙ্গকারীদের পছন্দ করেন না। [সূরা আনফাল : ৫৮]

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কায়নুকার ইহুদিদের পনেরো দিন অবরোধ করে রাখেন। অবশেষে মদিনা থেকে তাদের বহিষ্কারের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে।

এখন বলুন, এমন একটি হাঙ্গামা সৃষ্টিকারী সম্প্রদায়কে বহিষ্কারের কারণে কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অভিযোগ উত্থাপিত হতে পারে?! অথচ বর্তমান সমাজগুলোতে এ ধরনের হঠকারী আচরণের জন্য এরচেয়ে আরও কঠিন শাস্তি প্রদান করা হয়। এমনকি এ কারণে সমাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রে জরুরি অবস্থাও জারি করা হয় এবং শান্তির জন্য ব্যতিক্রমী বহু আইন প্রণয়ন করা হয়!

৪. বনু নাজিরের ইহুদিরা কী করেছিল?

বনু নাজিরের ইহুদিরা তাদের স্বধর্মীয় ভাই বনু কায়নুকা যা করেছে, তারচেয়েও মারাত্মক অপরাধে লিপ্ত হয়েছিল। এ ছাড়া তাদের দুরাচারটি প্রকাশ পায় বনু কায়নুকার সময়ের চেয়ে আরও দুর্যোগপূর্ণ মুহূর্তে। বনু কায়নুকা যেখানে একজন মুসলিম মহিলার সম্মানহানি এবং একজন মুসলিমের হত্যাকাণ্ড ঘটায়, বনু নাজির সেখানে স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অপচেষ্টা চালায়! বনু কায়নুকা যেখানে বদরপ্রান্তরে مسلمانوں বিজয়ের পর শত্রুতা প্রকাশ করে, বনু নাজির সেখানে শত্রুতা প্রকাশ করে মুসলিম রাষ্ট্রের ওপর আপতিত ধারাবাহিক কিছু বিপর্যয়ের পর। এই বিপর্যয়ের সূচনা ঘটে ওহুদযুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে। মুসলমানদের এই পরাজয় আশপাশের কিছু গোত্রকে ইসলামি রাষ্ট্রকে নির্মূল করতে দুঃসাহসী করে তোলে। যেমন বনু আসাদ ও বনু হুজাইল। তদ্রূপ মুসলমানরা তখন রাজি এবং বিরে মাউনার ঘটনাদ্বয়ে প্রতারিত হওয়ার মাধ্যমেও বিপর্যয়ের শিকার হয়েছিল।

এ ছাড়া বনু কায়নুকার মতো বনু নাজিরও বিশ্বাসঘাতকতার অপরাধ ঘটায়। তাদের বিশ্বাসঘাতকতামূলক কিছু কর্মকাণ্ড পরিস্থিতিকে অবশেষে যুদ্ধ পর্যন্ত নিয়ে যায়। চুক্তির ধারা অনুযায়ী ইহুদিদের জন্য আবশ্যক ছিল তারা مسلمانوں বিরুদ্ধে যুদ্ধরত কোনো মুশরিককে সাহায্য করবে না।
কিন্তু বনু নাজিরের নেতা সালাম ইবনে মিশকাম আবু সুফিয়ানকে মদিনার ওপর পরিচালিত একটি হামলায় স্বাগত জানায়, অবশ্য হামলাটি ব্যর্থ হয়। এ ছাড়াও বনু নাজির مسلمانوں ওপর আক্রমণের জন্য কুরাইশদের প্ররোচিত করত। মদিনার সামরিক গোপন তথ্যাবলি কুরাইশদের নিকট পাচার করত। সম্ভবত তারা ধারণা করেছিল, মদিনার ইসলামি রাষ্ট্র এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এ কারণে তারা এটাকে সমূলে বিনাশ করার অপচেষ্টায় নেমে পড়ে।

এতসব দুরাচারী কর্মকাণ্ডের পরও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে পাকড়াও করেননি। কিন্তু তারা নিজেরাই তাদের সর্বনাশ ডেকে নিয়ে এলো। ঘটনার বিবরণ এরকম:

একজন মুসলিম ভুলক্রমে দুজন ব্যক্তিকে হত্যা করে ফেলে। মদিনা সনদের ধারা অনুযায়ী এই ক্ষেত্রে সম্মিলিতভাবে এর দিয়ত (রক্তপণ) পরিশোধের কথা ছিল। এ জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নিকট গমন করেন। তারা তাঁকে হাসিমুখে অভ্যর্থনা জানায় এবং অর্থ নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করে। তারা বলে, 'আবুল কাসেম, তুমি তোমার প্রয়োজনে আমাদের নিকট এসে তা জানিয়েছ। তুমি একটু বসো, আমরা তোমার আপ্যায়নের ব্যবস্থা করছি এবং তোমার চাওয়া অর্থও নিয়ে আসছি।'

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গৃহের একটি দেয়ালের নিকট উপবেশন করলেন। ইহুদিরা যখন তাঁকে এভাবে বসতে দেখল তখন তারা তাঁকে গুপ্তহত্যার ষড়যন্ত্র করে ফেলল। বনু নাজিরের নেতা বলল, এখনকার চেয়ে এত নিকটবর্তী আর কখনো তোমরা তাঁকে দেখবে না। তোমরা তাঁর ওপর পাথর নিক্ষেপ করে তাঁকে হত্যা করে ফেলো! তাহলে তোমাদের আর কোনোদিন অনিষ্ট দেখতে হবে না। তখন তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নিক্ষেপের জন্য বড় একটি (জাঁতাকলের) পাথর আনতে গেল। কিন্তু আল্লাহ তাআলা তাদের হাতের অনিষ্ট থেকে তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করলেন। জিবরাইল আলাইহিস সালাম আগমন করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (সংবাদ প্রদানের মাধ্যমে) সেখান থেকে উঠিয়ে নিয়ে যান।

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে বনু নাজিরের ইহুদিদের নিকট বার্তা প্রেরণ করেন যে, চুক্তি ভঙ্গ করা এবং প্রতারণার ইচ্ছা পোষণের কারণে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হলো। এজন্য তিনি তাদেরকে দশদিন সময় প্রদান করলেন। ইহুদিরা নিজেদের ভুল বুঝতে পারে এবং মদিনা থেকে চলে যাওয়ার ইচ্ছা করে। কিন্তু মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তাদের মদিনায় অবস্থানের প্রতি উদ্বুদ্ধ করে সংবাদ প্রেরণ করে। সে কিছুতেই তাদের বহিষ্কার মেনে নেবে না বলে জানায়। এমনকি যদি সে বাধ্য হয়, তবে তার আরব মিত্রদের নিয়ে مسلمانوں বিরুদ্ধে যুদ্ধে নামবে বলে ইহুদিদের আশ্বাস দেয়।

এই প্ররোচনায় পড়ে ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাবও জানিয়ে দেয়, তারা কিছুতেই এখান থেকে প্রস্থান করবে না। এভাবে বহিষ্কারাদেশ প্রত্যাখ্যানের মাধ্যমে যুদ্ধপরিস্থিতির সূচনা ঘটে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পনেরো দিন যাবৎ অবরোধ করে রাখেন। অবশেষে তারা নিজেদের ব্যাপারে নিরাশ হয়ে পড়ে। মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাইও তাদের যে প্রতিশ্রুতি প্রদান করেছিল, তা ভঙ্গ করে। পরিণামে তারা প্রস্থানের সুযোগ চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজি পেশ করে। তিনি তাদের সেই আরজি গ্রহণ করেন। অনুমতি পাওয়ার পর তাদের জন্য যত সম্পদ বহন করা সম্ভব ছিল, সব নিয়ে তারা বের হয়ে যায়। এমনকি যেগুলো বহন করার সাধ্য তাদের ছিল না, যাওয়ার সময় সেগুলো তারা পুড়িয়ে দিয়ে যায়। যেন মুসলমানরা এগুলো দিয়ে উপকৃত হতে না পারে।

এভাবে (বনু কায়নুকার মতো) বনি নাজিরের মতো একটি অবাধ্য, দুরাচারী দলকেও তার প্রাপ্য শাস্তির চেয়ে অত্যন্ত কম শাস্তি প্রদানের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়। ভেবে দেখুন, এই অবাধ্যরা বহুবার বিশ্বাসঘাতকতা করেছে। আবু সুফিয়ানকে আশ্রয় দেওয়ার মাধ্যমে, মদিনার গোপন তথ্য কুরাইশদের জানিয়ে দেওয়ার মাধ্যমে, কৃত চুক্তি ভঙ্গের মাধ্যমে, এমনকি পরিশেষে মদিনার শাসক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে!

এখন এই শাস্তির মাঝে কি কোনো নিষ্ঠুরতা বা নির্দয়তার সাদৃশ্যটুকুও দেখা যায়?! এখানে কি জুলুমের কোনো স্পর্শ পাওয়া যাচ্ছে বলে মনে হয়?! বর্তমান যুগের সাথে মিলিয়ে আমরা তাদের এইসব ষড়যন্ত্র ও হঠকারিতা একটু কল্পনা করে দেখতে পারি। বলুন, রাষ্ট্রের বিরুদ্ধে এতসব অপরাধ ঘটানো কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে রাষ্ট্রপক্ষের আচরণ কেমন হতো?!

৫. বনু কুরাইজার ইহুদিরা কী করেছে?

মদিনার ইসলামি রাষ্ট্রের সবচেয়ে কঠিন মুহূর্তে বনু কুরাইজার ইহুদিদের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে। হিজরতের পঞ্চম বছরে যখন কুরাইশ ও গাতফান গোত্রের নেতৃত্বে সমগ্র আবর অঞ্চলের দশহাজার লড়াকু সৈনিক একত্র হয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, মদিনার ইসলামি রাষ্ট্রকে চিরতরে বিলীন করে দেওয়া।

অন্যদিকে ইসলামি রাষ্ট্রটি প্রথমবারের মতো এমন একটি ভয়াবহ সংকটের মুখে আপতিত হয় এবং সমূলে ধ্বংসের হুমকিতে পড়ে। মদিনার সকল জনসংখ্যার চেয়েও এই শত্রুবাহিনীর সৈন্যসংখ্যা বেশি। তাই এই বিশাল শক্তির বিরুদ্ধে খন্দক খনন করে আত্মরক্ষা করা ব্যতীত তাদের সামনে আর কোনো পথ ছিল না। খন্দক খননের এই ধারণা প্রদান করেন হজরত সালমান ফারসি রা.। পারস্যজাতি নিজেদের আত্মরক্ষার্থে এমনটা করত, কিন্তু আরবরা ছিল এ ব্যাপারে অজ্ঞ।

এই খন্দক খনন করা হয় মদিনার উত্তর দিকে। কারণ, মদিনার এই প্রান্তটিই ছিল শত্রুদলের জন্য উন্মুক্ত। শত্রুদের পক্ষে শুধু এই দিক দিয়েই মদিনায় প্রবেশ করা এবং তাকে হুমকির মুখে ফেলা সম্ভব ছিল। মদিনার অন্য দিকগুলো ছিল সুউচ্চ (পাহাড়ের কারণে) নিরাপদ ও সুরক্ষিত। শত্রুপক্ষের যেকোনো অভিযান প্রতিহত করতে সক্ষম। যেমন, মদিনার দক্ষিণ পাশে অবস্থিত ছিল শক্ত শেকলের মতো সুউচ্চ পর্বতশ্রেণি। আর পূর্ব ও পশ্চিম দিকের দুটি প্রস্তরময় ভূমি প্রাকৃতিক দুর্গের মতো ঠায় দাঁড়িয়ে। আর বনু কুরাইজার দুর্গগুলো অবস্থিত ছিল দক্ষিণ-পূর্ব প্রান্তে। مسلمانوں পৃষ্ঠপ্রান্ত সুরক্ষার দায়িত্ব ছিল তাদের ওপর। মদিনা সনদেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু কুরাইজার মাঝে চুক্তি সম্পাদিত হয়েছিল যে, তারা কখনোই مسلمانوں বিপক্ষে কারও পক্ষ নেবে না এবং কাউকে সাহায্য করবে না।

শক্তিধর এই বিশাল সম্মিলিত বাহিনীর অবরোধের মধ্যে তখন মদিনা অত্যন্ত কঠিন দিন অতিবাহিত করছে। তাদের সামনে প্রচণ্ড ক্ষুধা, ভীতি এবং শীত। এমনকি কুরআনুল কারিম এই অবস্থাটাকে ব্যক্ত করেছে الزلزال الشَدِيد বা 'প্রচণ্ড কম্পন' বলে। আল্লাহ তাআলা বলেন,
إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا ( هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْنَالًا شَدِيدًا

স্মরণ করো, যখন তারা তোমাদের ওপর চড়াও হয়েছিল ওপর দিক থেকে এবং নিচের দিক থেকেও, যখন চোখ বিস্ফারিত হয়েছিল এবং প্রাণ মুখের কাছে এসে পড়েছিল আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকমের ভাবনা ভাবতে শুরু করেছিলে। তখন মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। [সুরা আহজাব: ১০-১১]

এই ভয়াবহ মুহূর্তে বনু কুরাইজা যখন মদিনার দক্ষিণ পাশের সুরক্ষার দায়িত্বে রয়েছে, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং মদিনার শত্রুদের সাথে হাত মেলায়। ফলে মদিনাকে ধ্বংস করার জন্য এই বিশাল বাহিনীর সামনে তার দক্ষিণ পাশ উন্মুক্ত হয়ে পড়ে। উপরন্তু এই প্রাণান্তকর যুদ্ধে বনু কুরাইজা মদিনা রাষ্ট্রের সম্মিলিত শত্রুবাহিনীকে নিজেদের পক্ষ থেকে সহায়তা প্রদান করে। অর্থাৎ, সম্মিলিত বাহিনীর জন্য বনু কুরাইজা বিশটা উটবোঝাই খেজুর, যব এবং ডুমুর প্রেরণ করে।

এই অবস্থায় আল্লাহ তাআলা যদি সম্মিলিত বাহিনীর অন্তরে ভীতি ঢেলে না দিতেন, তাদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে না দিতেন এবং তারা তাদের লক্ষ্য অর্জিত হওয়া ব্যতীত ফিরে না যেত, তাহলে অবস্থা সম্পূর্ণ পালটে যেত।
যেত। এ কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাব বা খন্দকের যুদ্ধ থেকে অবসর হতে না হতেই আল্লাহ তাআলা তাকে বনু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ করেন। ফলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবরোধ করেন এবং তাদের বিশ্বাসঘাতকতার উপযুক্ত শাস্তি প্রদান করেন। এমন রাষ্ট্রদ্রোহের অপরাধে এ ধরনের শাস্তিকে কোনো ঐশী শরিয়ত অপছন্দ করে না এবং পার্থিব কোনো রীতিও এটাকে অস্বীকার করে না।

এই হলো মদিনায় বসবাসরত ইহুদিগোষ্ঠীর ঘটনাবিবরণী। এবার বলুন, তাদের সাথে কৃত আচরণে এতটুকুও কি নির্যাতন, নিষ্ঠুরতা বা হিংস্রতার আলামত রয়েছে?!

এই বিষয়টি আমরা আরও স্পষ্ট চিত্রে উপস্থাপন করতে পারি। যেমন আমরা কল্পনা করে দেখি, ইহুদিরা ঠিক এই কাজগুলোই ইউরোপের কোনো দেশে সংঘটিত করল, তখন সেই রাষ্ট্র তাদের সাথে কেমন আচরণ করত? যেকোনো রাষ্ট্রের জন্যই সেই জাতির সাথে কেমন আচরণ করা সম্ভব, যারা রাষ্ট্রের দুর্গগুলোতে ঢুকে পড়ার জন্য শত্রুদের সাহায্য করে এবং রাষ্ট্র দখলের জন্য এবং তার অধিবাসীদের হত্যা করার জন্য শত্রুদের ক্ষেত্র প্রস্তুত করে দেয়?! এগুলোর সদুত্তর দিতে পারলে তখনই কেবল আমরা প্রকৃত ইতিহাস ও বস্তুনিষ্ঠতায় পৌঁছাতে সক্ষম হব এবং সেটা এই যে, ইহুদিরা তাদের ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থা উপভোগ করেছে ঠিক তখনই, যে দিনগুলো তারা ইসলামি শাসনের ছত্রছায়ায় অতিবাহিত করেছে।

টিকাঃ
৭৫০. জায়নবাদী: বর্ণবাদী রাজনৈতিক একটি ধারা। ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে গোটা বিশ্বে শাসন কায়েম করার প্রবণতা কাজ করে তাদের মধ্যে। জেরুজালেমে অবস্থিত জায়ন পাহাড়ের দিকে সম্বন্ধিত হয়ে তারা জায়নবাদী নামে পরিচিতি লাভ করে। এই পাহাড়ে দাউদ আলাইহিস সালাম আবাস নির্মাণ করায় ইহুদিদের কাছে এর বেশ গুরুত্ব রয়েছে। আধুনিককালে জায়নবাদী চিন্তাধারা উত্থানের ক্ষেত্রে অস্ট্রিয়ান নাগরিক হার্টজেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে জায়নবাদী হওয়ার জন্য ইহুদি হওয়া জরুরি নয়, আবার ইহুদি হলেও জায়নবাদী হওয়া আবশ্যক নয়। সুতরাং খ্রিষ্টান বা নাস্তিকরাও জায়নবাদী হতে পারে।-সম্পাদক
৭৫১. একটি সতর্কতা: ইহুদিধর্মের প্রবর্তক হজরত মুসা আলাইহিস সালাম এবং খ্রিষ্টান ধর্মের প্রবর্তক ঈসা আলাইহিস সালাম, তারা দুজনই ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল। এ কথা তো ঠিক যে, তাদের শরিয়তের সাথে আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়তের অনেক বিধিবিধানে পার্থক্য রয়েছে। আমাদের শরিয়তের উদারতা, সহনশীলতা তাদের শরিয়তের চেয়ে বেশিও হতে পারে। তবে এই পার্থক্যের কারণে তাদের শরিয়তের কোনোরূপ ত্রুটি প্রমাণিত হয় না এবং সেগুলোকে কখনো খাটো করেও দেখা যাবে না। বরং আমাদের বিশ্বাস রাখতে হবে যে, তাদের শরিয়তের বিধিবিধানও ছিল ন্যায় ও ইনসাফপূর্ণ। কেননা, আমাদের শরিয়ত হোক বা পূর্ববর্তী কোনো নবী-রাসুলের শরিয়ত, সবগুলোর বিধিবিধানই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহির মাধ্যমে গৃহীত হয়েছে।-সম্পাদক
৭৫২. একটি সতর্কতা : একজন মুসলিম অন্যান্য ধর্মের প্রতি সহিংস আচরণ প্রদর্শন করবে না, ভিন্নধর্মীদের আচার-প্রথা পালনের ক্ষেত্রে বাধা প্রদানও করবে না এগুলো ঠিক, তবে এর মানে এই নয় যে, সে ভিন্নধর্মীদের শিরক-কুফরমূলক আকিদা-বিশ্বাস ও অন্যান্য ধর্মাচারের প্রতি শ্রদ্ধাভক্তি পোষণ করবে। কেননা, আল্লাহর প্রতি ঈমান আনা ও বিশ্বাস স্থাপনের অর্থই হলো সম্পূর্ণরূপে তাঁর তাওহিদকে মেনে নেওয়া এবং সকলপ্রকার আল্লাহদ্রোহিতার সাথে সম্পর্কচ্ছেদ করা। কিন্তু কোনোকিছুর প্রতি শ্রদ্ধা উদ্‌গত হয় মূলত অন্তরে সেই বস্তুর সত্যতার বিশ্বাস স্থাপন ও তার প্রতি ভালোবাসা লালনের মাধ্যমে। আর কুফর-শিরকের প্রতি সত্যতার বিশ্বাস ও ভালোবাসা লালন নিঃসন্দেহে কুফরি। সুতরাং এ ক্ষেত্রে প্রতিটি মুসলমানকে সতর্ক থাকতে হবে।-সম্পাদক
৭৫৩. গুস্তাভ লি বোন : হাজারাতুল আরব : (পার্শ্বটীকা-১) ১২৮।
৭৫৪. জিগরিদ হুংকে : আল্লাহু লাইসা কাজালিকা : ৪৫।
৭৫৫. অর্থাৎ ধর্মীয় স্বাধীনতায় আঘাত করে না এবং কাউকে অন্যায় আঘাত করারও সুযোগ দেয় না।-সম্পাদক
৭৫৬. জিগরিদ হুংকে : আল্লাহু লাইসা কাজালিকা : ২০।
৭৫৭. থমাস ওয়াকার আর্নল্ড: আদ-দাওয়াতু ইলাল-ইসলাম: ৯২।
৭৫৮. (মদিনা সনদের) সন্ধিচুক্তির ধারাগুলো সিরাতের বিভিন্ন গ্রন্থ থেকে একত্র করা রয়েছে। যেমন, সিরাতে ইবনে হিশাম: ৩/৩৪, আস-সিরাতুন নাবাবিয়্যা (ইবনে কাছির): ২/৩২২, উয়ুনুল আছার: ১/২৬১, আর-রওজুল উনুফ: ৪/১৭৬ ইত্যাদি। একত্রিতভাবে সবগুলো ধারা ও তার ব্যাখ্যার জন্য দেখুন ড. মুহাম্মাদ হামিদুল্লাহ রচিত মাজমুআতুল ওয়াসায়িকিস সিয়াসিয়্যাতি লিল-আহদিন নাবাবি: ৫৭, ড. ইবরাহিম আলি রচিত সহিহুস সিরাতিন নাবাবিয়্যা: ১৪০, ড. আকরাম উমারি রচিত আস-সিরাতুন নাবাবিয়্যাতুস সাহিহা: ২/২৭২। (উল্লেখ্য, এখানে উল্লেখিত কিছু ধারায় মূল আরবি পাঠের শব্দ ও বাক্যে ভিন্ন অর্থ গ্রহণের সুযোগ থাকায় ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বর্ণিত হয়েছে। আমরা সেখান থেকে একটি ব্যাখ্যাকে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী অনুবাদ করেছি।-সম্পাদক)
৭৫৯. মুসতাদরাকে হাকেম: ৬৩৩০।
৭৬০. তাবারানি: মুজামুল আওসাত: ৪৯১০, সহিহ ইবনে খুজাইমা: ৫৭৪।
৭৬১. ইবনে আবু হাতেম: তাফসিরুল কুরআনিল আজিম: ৩/৮২৯, ইবনে হিশাম: আস-সিরাতুন নাবাবিয়্যা: ৩/৯৬।
৭৬২. ইবনে হিশাম: আস-সিরাতুন নাবাবিয়্যা: ৩/৯৫, সুহাইলি: আর-রওজুল উনুফ: ৪/২৫৩। ইবনে আসাকির: তারিখু মাদিনাতি দিমাশক: ২৯/১১৫, কুরতুবি: আল-জামি লি-আহকামিল কুরআন: ৪/১৭৫।
৭৬৩. ইবনে হিশাম: আস-সিরাতুন নাবাবিয়্যা: ১/৫৫৫।
৭৬৪. ইবনে হিশাম: আস-সিরাতুন নাবাবিয়্যা: ৩/৮৯।
৭৬৫. ইবনে হিশাম: আস-সিরাতুন নাবাবিয়্যা: ৩/৯০।
৭৬৬. ইবনে হাজার আসকালানি : ফাতহুল বারি: ৭/৩৩২।
৭৬৭. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম।-সম্পাদক
৭৬৮. তাবারি: তাফসিরে তাবারি: ১০/১০২।
৭৬৯. আস-সিরাতুল হালাবিয়্যা: ২/৬৬৩।
৭৭০. মুহাম্মাদ ফারাজ: আল-আবকারিয়‍্যাতুল আসকারিয়‍্যাহ ফি গাজওয়াতির রাসুল: ৪৪২।
৭৭১. আস-সিরাতুল হালাবিয়্যা: ২/৬৪৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00