📄 নবীজি ﷺ-এর ইবাদত-বন্দেগি
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অধিক শুকরিয়া আদায়কারী। সর্বক্ষণ আল্লাহ তাআলার মহান নিয়ামতগুলোর শোকর আদায় করতেন, যেগুলো আল্লাহ তাআলা তাঁকে প্রদান করেছেন এবং যে-সকল নিয়ামতে আল্লাহ তাআলা তাঁকে ঘিরে রেখেছেন। আল্লাহপ্রদত্ত নিয়ামতগুলোর ক্ষেত্রে তাঁর কর্ম ছিল খুবই সংগতিপূর্ণ। এ কারণে তাঁর শোকর আদায় শুধু মৌখিক শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তাঁর শোকর ছিল বাস্তব, জীবন্ত এবং জীবনযাপনের সাথে জড়িত। এ কারণে আমরা তাঁর জীবনে দেখি, তিনি একাধারে সেজদাকারী, রুকুকারী, আল্লাহ তাআলার ইবাদতকারী। কল্যাণকর কর্ম সম্পাদনকারী। আল্লাহ তাআলার প্রশংসাজ্ঞাপনকারী। কুরআনুল কারিমে যে-সকল আয়াতে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, সে সকল আয়াতের একনিষ্ঠ অনুসরণকারী। যেমন আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, রুকু করো, সেজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। [সুরা হজ্জ: ৭৭]
এমন অনেক হাদিস ও ঘটনা উল্লেখিত হয়েছে, যেগুলো আমাদের সামনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের প্রকৃত অবস্থা ফুটিয়ে তোলে। যেমন হজরত আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এত অধিক নামাজ আদায় করতেন যে, তাঁর দুটি পা ফুলে যেত। একদিন আয়েশা রা. বললেন, 'হে আল্লাহর রাসুল, আপনি কেন এমনটা করেন! অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন!' তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا
আমি কি একজন শোকর আদায়কারী বান্দা হতে চাইব না ! (৪০৪)
তাঁর এই সুন্দর অভিব্যক্তিই প্রকাশ করে আল্লাহ তাআলার ইবাদতের বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি। তিনি কখনোই ইবাদতকে রবের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া নিছক কর্তব্য বলে মনে করতেন না। বরং তিনি নামাজে দাঁড়াতেন ভালোবাসা নিয়ে। নিজের উৎফুল্লতা ও আগ্রহ নিয়ে। এটাই ছিল তাঁর মহান রবের জন্য একপ্রকার গভীর ও মমতাপূর্ণ কৃতার্থের স্বীকৃতি, যিনি তাঁকে সক্ষমতা দিয়েছেন। এর দ্বারা আমরা এটাও বুঝতে পারি, তিনি কেন এভাবে দীর্ঘ ইবাদত করতেন এবং ইবাদতের জন্য নিজেকে সীমাহীন কষ্টকর অবস্থায় ফেলতেন।
উম্মুল মুমিনিন হজরত আয়েশা রা. আরেকটি হাদিসে নবীজির রাতের নামাজের চিত্র ও ধরন বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো রাকাত নামাজ আদায় করতেন। এ ছিল তার রাত্রিকালীন নামাজ। এতে তিনি এত দীর্ঘ সেজদা করতেন যে, তাঁর মাথা ওঠানোর পূর্বে তোমাদের কেউ পঞ্চাশ আয়াত পড়তে পারে এবং ফজরের নামাজের পূর্বে তিনি আরও দু-রাকাত পড়তেন। অতঃপর তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম করতেন, নামাজের জন্য মুআজ্জিন মসজিদে আসা পর্যন্ত। (৪০৫)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক নামাজ ও অধিক কুরআন তিলাওয়াতের মধ্যে প্রশান্তি পেতেন। যেমন হজরত হুজাইফা রা. বর্ণনা করেন, এক রাতে আমি নবীজির সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। তিনি সুরা 'বাকারা' পড়তে শুরু করলেন। আমি ভাবলাম তিনি হয়তো একশ আয়াত পড়ে রুকু করবেন। কিন্তু এর পরেও তিনি পড়তে থাকলেন। তখন আমি ভাবলাম তিনি এর (সুরা বাকারা) দ্বারা পুরো দু-রাকাত পড়ে সালাম ফেরাবেন। কিন্তু তিনি এরপরও পড়তে থাকলেন। এবার আমি ভাবলাম সুরাটি শেষ করে তিনি হয়তো রুকু করবেন। কিন্তু এরপর তিনি সুরা 'নিসা'-ও পড়তে শুরু করলেন এবং তা শেষ করলেন। অতঃপর তিনি 'সুরা আলে ইমরান' শুরু করলেন এবং তা শেষ করলেন। তিনি থেমে থেমে ধীরে ধীরে পড়ছিলেন এবং কোনো তাসবিহের আয়াত এলে তাসবিহ পড়ছিলেন, কিছু চাওয়ার আয়াত এলে কিছু চাইছিলেন। যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করার কোনো আয়াত পড়ছিলেন, তখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করছিলেন। অতঃপর তিনি রুকু করলেন। রুকুতে তিনি পড়তে থাকলেন 'সুব্হানা রাব্বিয়াল আজিম'। তাঁর রুকু কিয়ামের মতোই দীর্ঘ হলো। এরপর 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বললেন। এরপর যতক্ষণ সময় রুকু করেছিলেন, প্রায় ততক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন। এরপর সেজদা করলেন। সেজদায় তিনি পড়লেন, 'সুব্হানা রাব্বিয়াল আলা'। তাঁর এই সেজদাও প্রায় কিয়ামের সময়ের মতো দীর্ঘায়ত হলো। (৪০৬)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অধিক নামাজ আদায় করতেন। কেননা এই সময়টি ছিল তাঁর ও তাঁর প্রতিপালকের একান্ত মুহূর্ত, এ কারণে তিনি রাতের নামাজ সম্পর্কে বলেন,
আফদ্বালুস সালাতি বাদাল মাফরুযাতি সালাতুল মিনাল লাইল।
ফরজ নামাজগুলোর পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ। (৪০৭)
রাতের নামাজের সীমাহীন পছন্দের কারণে তাঁর যদি কোনো কারণে কোনো নামাজ কাজা হয়ে যেত, তাহলে তিনি সেটা প্রভাতে আদায় করে নিতেন। যেমন হজরত আয়েশা রা. বর্ণনা করেন,
ওয়াকানা নাবিয়্যু আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা সাল্লা সালাতান আহাব্বা আইঁ ইউদাওয়িমা আলাইহা ওয়াকানা ইজা গালাবাহু নাউমুন আও ওয়াজিউন আন কিয়ামিল্লাইলি সাল্লা মিনান্নাহারি ছিনতাই আশরাতা রাকাআহ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল নামাজ আদায় করলে, তা নিয়মিত আদায় করা পছন্দ করতেন। তবে যদি কোনোদিন ঘুম বেশি হয়ে যেত অথবা তীব্র ব্যথা দেখা দিত, যাতে তাঁর জন্যে রাতে দাঁড়ানো সম্ভব হতো না, তাহলে তিনি দিনে বারো রাকাত নামাজ আদায় করে নিতেন। (৪০৮)
আল্লাহ তাআলার ইবাদতের প্রতি নবীজির এই যে গভীর ভালোবাসা; বিশেষ করে নামাজের প্রতি, এটা আরও ভালোভাবে বোঝা যায় বিলাল রা.-কে তাঁর এ কথা বলার মাধ্যমে, তিনি বিলাল রা.-কে বলতেন, بِلَالُ فَأَرِحْنَا بِالصَّلَاةِ -হে বেলাল, তুমি দাঁড়াও, (আজান ও ইকামত দাও) এবং নামাজের মাধ্যমে আমাদের হৃদয়কে শান্ত করো। (৪০৯)
অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ -আমার চোখের শীতলতা বা প্রশান্তি রাখা হয়েছে নামাজের মধ্যে। (৪১০)
এতএব, এতে অবাক হওয়ার কিছু নেই যে, আল্লাহ তাআলার অব্যাহত নিয়ামত, অনুগ্রহ ও বিভিন্ন দান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকর ও প্রশংসার আমলকে আরও বহুগুণ বাড়িয়ে দিত। এ কারণে সর্বদা তাঁর জিহ্বা আল্লাহ তাআলার জিকিরে এবং (তাঁর প্রতি আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের) প্রশংসায় সিক্ত থাকত। যেমন হজরত আয়েশা রা. বর্ণনা করেন, كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ»
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় আল্লাহ তাআলার জিকির করতেন। (৪১১)
এ ছাড়া আমরা নবীজিকে দেখি, তিনি রমজানের সময় বেশি বেশি দান- সদকা করতেন এবং বেশি বেশি ইবাদতে মগ্ন থাকতেন। বিশেষ করে রমজান মাসের শেষ দশকে আগের চেয়েও বহুগুণ বেশি ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে নিতেন। হজরত আয়েশা রা. বর্ণনা করেন,
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِثْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ»
যখন রমজানের শেষ দশক আসত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হতেন এবং নিজেও রাত্রিজাগরণ করতেন ও পরিবার-পরিজনকেও জাগিয়ে দিতেন। (৪১২)
এ ছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সোমবার ও বৃহস্পতিবারের রোজা রাখতেন। তিনি এর কারণ হিসেবে বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমলসমূহ (আল্লাহ তাআলার নিকট) উপস্থাপন করা হয়, সুতরাং আমি পছন্দ করি আমার আমলসমূহ রোজা অবস্থায় উপস্থাপন করা হোক। (৪১৩)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রোদ্র-তাপের দিনে রোজা রাখতে ভালোবাসতেন। যেমন হজরত আবু দারদা রা. বলেন, রমজান মাসে প্রচণ্ড গরমের দিনে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রা করলাম। গরম এত তীব্র ছিল যে, আমাদের সকলেই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য মাথার ওপর হাত রেখে নিজেকে আড়াল করছিল। এ সময় নবীজি ও ইবনে রাওয়াহা ব্যতীত আমাদের কেউই রোজা অবস্থায় ছিলেন না। (৪১৪)
এভাবেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শোকর আদায়ের বোধ ও চেতনা নিয়ে ইবাদত করেছেন, নিছক দায়িত্ব আদায়ের জন্য নয়। তিনি ইবাদত করেছেন নিজের স্বতঃস্ফূর্ততা, আত্মত্যাগ এবং প্রতিদান বৃদ্ধির মানসিকতা নিয়ে, আবশ্যক কর্তব্য সম্পাদনের জন্য নয়। এ কারণে তাঁর ইবাদতের রং, রূপ ও চিত্র ছিল খুবই মনকাড়া ও অনন্য।
টিকাঃ
৪০৪. সহিহ বুখারি: ৪৮৩৭, সহিহ মুসলিম: ২৮২০।
৪০৫. সহিহ বুখারি: ৯৯৪, সুনানে আবু দাউদ: ১৩৩৬।
৪০৬. সহিহ মুসলিম: ৭৭২, সুনানে নাসায়ি: ১১৩৩, মুসনাদে আহমাদ: ২৩৪১৫।
৪০৭. সুনানে আবু দাউদ: ২৪২৯, মুসনাদে আহমাদ: ৮৪৮৮।
৪০৮. সহিহ মুসলিম: ৭৪৬, মুসনাদে আহমাদ: ২৪৩১৪, সুনানে ইবনে মাজাহ: ২৫৫২।
৪০৯. সুনানে আবু দাউদ: ৪৯৮৫, মুসনাদে আহমাদ: ২৩১৩৭, আল মুজামুল কাবির: ৬২১৫।
৪১০. মুসনাদে আহমাদ: ১৩৫২৬, সুনানে নাসায়ি: ৩৯৩৯, আল মুজামুল কাবির: ১৭৩৮৮।
৪১১. সহিহ মুসলিম: ৩৭৩, সুনানে তিরমিজি: ৩৩৮৪, সুনানে আবু দাউদ: ১৮।
৪১২. সহিহ বুখারি: ১৯২০, মুসনাদে আহমাদ: ২৪৪২২, সহিহ ইবনে খুজাইমা: ২০২৯।
৪১৩. সুনানে তিরিমিজি: ৭৪৭, মুসনাদে আহমাদ: ২১৮০১, সুনানে নাসায়ি: ২৩৫৮।
৪১৪. সহিহ বুখারি: ১৯৪৫, সহিহ মুসলিম: ১১২২।
📄 উম্মতের প্রতি নবীজি ﷺ-এর দরদ
আল্লাহ তাআলা তাঁর নবীকে পাঠিয়েছেন মানবজাতির জন্য ভ্রষ্টতা ও বিচ্যুতি থেকে রক্ষার মাধ্যমরূপে, এ কারনেই তিনি মানবজাতির মুক্তির দূত হওয়ার অধিকার ও সক্ষমতা অর্জন করেছেন। তাঁর হৃদয়জুড়ে ছিল উম্মতের জন্য সীমাহীন দরদ ও ভালোবাসা। যে ব্যক্তি মানবজাতিকে প্রীতি ও ভালোবাসার মূল্যবোধে দীক্ষিত করতে চায়, হেদায়েতের পথ দেখাতে চায়, তার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার হলো এক বিরাট উৎস। উম্মতের প্রতি এই দরদ তাঁর ভালোবাসা ও স্নেহের কারনেই ছিল, এটা তাঁর নবুয়তের সত্যতার ওপর একটি স্পষ্ট প্রমান। এ কারণে উম্মতের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, দরদ ও সহানুভূতির কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন,
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
(হে মানুষ,) তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের কাছে এক রাসুল এসেছে। তোমাদের যেকোনো কষ্ট তাঁর জন্য অতি পীড়াদায়ক। সে সতত তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি অত্যন্ত সদয়, পরম দয়ালু। [সুরা তাওবা : ১২৮]
উম্মতের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ ও সহানুভূতি এতটা উচ্চতায় পৌঁছেছিল যে, কোনো মানুষের দ্বারা তা কল্পনা করাও সম্ভব নয়। যেমন ইসলামের দাওয়াতের প্রাথমিক যুগে মক্কার দুর্বল স্বল্প মুসলমানদের ওপর কাফেরদের অত্যাচার চরমে উপনীত হয়েছিল। مسلمانوں জন্য নিজেদের দ্বীন পালন করাও কষ্টকর হয়ে উঠছিল। এ কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের প্রতি সহমর্মী হয়ে তাদের হাবশায় হিজরত করার নির্দেশ প্রদান করেন। তিনি তাদেরকে বলেন, 'তোমরা হাবশায় হিজরত করলে, ভালো হয়। সেখানে এমন এক বাদশা আছেন, যার নিকট কারও ওপর অত্যাচার করা হয় না। তা হলো ন্যায়ের ভূমি। তাহলে হয়তো আজ তোমরা যে কষ্টের মধ্যে আছ, আল্লাহ তাআলা তোমাদের তা থেকে মুক্তি প্রদান করবেন।'(৪১৫)
এ ছাড়া আমরা আরও দেখি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক আমল থেকে বিরত থেকেছেন, যেটা ছিল তাঁর নিকট অতি প্রিয় ও পছন্দনীয়। সেই আমল থেকে বিরত থাকার একটাই উদ্দেশ্য ছিল, এটা যেন তাঁর উম্মতের ওপর ফরজ না হয়ে যায়, তখন এটা তাদেরকে কষ্ট দেবে, তাদের ওপর কঠিন হয়ে যাবে। এ বিষয়ে হজরত আয়েশা রা. বলেছেন,
«إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَدَعُ الْعَمَلَ وَهُوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ فَيُفْرَضَ عَلَيْهِمْ»
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করা পছন্দ করতেন, সে আমল কোনো কোনো সময় এ আশঙ্কায় ছেড়েও দিতেন যে, সে আমল লোকেরা করতে থাকবে, ফলে তাদের ওপর তা ফরজ হয়ে যাবে। (৪১৬)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিভিন্ন গুনাহ থেকে সতর্ক করতেন এবং গুনাহগুলো সাধারণ মনে হলেও সেগুলোর ক্ষতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতেন। যেমন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোট গুনাহগুলো থেকেও বেঁচে থাকো। কেননা এগুলো একজন মানুষের ওপর জমা হতে হতে এত বেশি হয়ে যায় যে, সেগুলো লোকটিকে ধ্বংস করে ফেলে।
এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব গুনাহের একটি দৃষ্টান্তও প্রদান করেছেন। নবীজি বলেন, যেমন কোনো সম্প্রদায় একটি নির্জন ভূমিতে অবতরণ করল। এরপর যখন তাদের খাবার তৈরির সময় হলো তখন একজন গিয়ে একটি কাঠ নিয়ে এলো। অন্যজন আরেকটি নিয়ে এলো। এভাবে তারা একে একে অনেক কাঠ জমা করল। এরপর তারা আগুন প্রজ্বলিত করল। সেই আগুনে নিজেদের খাবার রান্না করে নিলো। ছোট ছোট গুনাহের অবস্থাও এমন। অল্প অল্প অনেক হয়ে একসময় সবকিছু জ্বালিয়ে দিতে সক্ষম হয়ে ওঠে। (৪১৭)
উম্মত যেন বিভ্রান্ত ও বিপথগামী না হয়, এ কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের এমন পথভ্রষ্ট নেতা ও ইমামদের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন, যারা উম্মতকে ধ্বংস করবে ও অনিষ্টের দিকে নিয়ে যাবে। এ কারণে তিনি উম্মতকে সম্বোধন ও সতর্ক করে বলেছেন,
«أَنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الْأَئِمَّةُ الْمُضِلُّوْنَ»
আমি তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয় করি পথভ্রষ্ট নেতা ও ইমামদের নিয়ে। (৪১৮)
মুমিনদের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ ও সহানুভূতি দ্বীনের অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও সমানভাবে বিদ্যমান ছিল। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। যদিও আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করা এবং তাঁর প্রতি অনুরক্ত হওয়া সব সময়ই একটি প্রশংসা ও উৎসাহের বিষয়, বরং এ ব্যাপারে মানুষকে আদেশও প্রদান করা হয়েছে। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের ওপর দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ির ভয় করেছেন, যার ফলে তারা তাদের জীবনের ভারসাম্য হারিয়ে ফেলবে। এ কারণে তিনি বলেছেন,
لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَخَّرْتُ صَلَاةَ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ نِصْفِ اللَّيْلِ»
আমি যদি আমার উম্মতের ওপর কষ্টের ভয় না করতাম, তবে এশার নামাজকে রাত্রের এক-তৃতীয়াংশ বা অর্ধেক পর্যন্ত বিলম্বের আদেশ দিতাম। (৪১৯)
এ হাদিসসহ আরও অনেক হাদিস উম্মতের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিধি ও পরিব্যাপ্তি প্রকাশ করে। প্রকাশ করে উম্মতের প্রতি তাঁর সীমাহীন সহানুভূতি ও সহমর্মিতা। এটাও বোঝা যায়, উম্মতের দ্বীনি বিষয়ে তিনি তাদের কল্যাণের ক্ষেত্রে কতটা দয়ার্দ্র ও আগ্রহী ছিলেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের প্রতি তাঁর অনুগ্রহ ও দয়া প্রকাশের সুযোগের অপেক্ষায় থাকতেন। যেকোনো বৈধ বিষয়েই অনুগ্রহ প্রদর্শনের কোনো সুযোগ তিনি হাতছাড়া করতেন না। যেমন তিনি একবার শুনলেন তাঁর তিনজন সাহাবি নিজেদের ওপর অস্বাভাবিক কষ্ট চাপিয়ে নেওয়ার প্রতিজ্ঞা বা ইচ্ছা করেছে, তাদের ধারণায় এটা ছিল আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের বড় মাধ্যম। হজরত আনাস রা. ঘটনাটি বর্ণনা করে বলেন, তিনজনের একটি দল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তাঁর স্ত্রীদের ঘরে এলো। অতঃপর তাদের যখন নবীজির ইবাদত সম্পর্কে জানানো হলো, তখন তারা নিজেদের ইবাদতের পরিমাণকে অতি সামান্য মনে করল এবং বলল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের তুলনা হতে পারে না। কারণ, তাঁর আগের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। (তবুও তিনি এত ইবাদত করেন! তাহলে আমাদের কত ইবাদত করা উচিত! এই ভাবনা থেকে) তাদের একজন বলল, আমি সারাজীবন রাতভর নামাজ আদায় করব। আরেকজন বলল, আমি অব্যাহতভাবে আজীবন রোজা রেখে যাব কখনো বাদ দেবো না। অন্যজন বলল, আমি নারীসঙ্গ ত্যাগ করব, কখনো বিয়ে করব না।
(এই কথা রাসুলের কানে গেলে। তখন) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এসে বললেন, 'তোমরা কি এমন এমন কথা বলেছ? আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি। অথচ আমি রোজা পালন করি, আবার তা থেকে বিরত থাকি। নামাজ আদায় করি এবং নিদ্রাও যাই এবং নারীদের বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে, তারা আমার দলভুক্ত নয়। (৪২০)
সুন্দর হয়, যদি আমরা এই আলোচনা এমন একটি বিষয়ের মাধ্যমে শেষ করি, যা প্রতিফলিত করবে উম্মতের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন দয়া, দরদ, সহানুভূতি এবং তাদের জন্য তাঁর ব্যস্ততা ও উদ্বিগ্নতা। সেই সাথে প্রকাশ করবে তাঁর এই দরদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব প্রদানের বিষয়কে। হজরত আবদুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবরাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ তাআলার এই বাণী তিলাওয়াত করলেন,
رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ
হে আমার প্রতিপালক! ওইসব প্রতিমা বিপুল সংখ্যক মানুষকে পথভ্রষ্ট করেছে। সুতরাং যে-কেউ আমার অনুসরণ করবে, সে আমার দলভুক্ত আর কেউ আমাকে অমান্য করলে (তার বিষয়টা আমি আপনার ওপর ছেড়ে দিচ্ছি), আপনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। [সুরা ইবরাহিম: ৩৬] এরপর হজরত ইসা আলাইহিস সালামের বিষয়ে এই আয়াত তিলাওয়াত করলেন,
إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তবে তারা তো আপনারই বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা করেন, তবে নিশ্চয় আপনিই মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়। [সুরা মায়িদা: ১১৮] এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে নিজের দুহাত তুলে বলতে থাকলেন, اللَّهُمَّ أُمَّتِي أُمَّتِي হে আল্লাহ, আমার উম্মত... আমার উম্মত (আমার উম্মতকে রক্ষা করো)। এটা বলে কাঁদতে লাগলেন। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল! তুমি নবী মুহাম্মাদের নিকট যাও, তোমার রব তো সবই জানেন, তবু তাঁকে জিজ্ঞেস করো, আপনি কাঁদছেন কেন?
জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রন্দনের কারণ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যা বলেছিলেন, তা জিবরাইলকে অবহিত করলেন। আর আল্লাহ তো সর্বজ্ঞ।
(জিবরাইল আল্লাহ তাআলাকে জানানো শেষে) আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, তুমি আবার মুহাম্মাদের কাছে যাও এবং তাঁকে বলো, নিশ্চয় আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেবো, আপনাকে অসন্তুষ্ট করব না। (৪২১)
টিকাঃ
৪১৫. বাইহাকি: ১৮১৯০, ইবনে হিশাম: আস-সিরাতুন নাবাবিয়্যা: ১/৩২২, ৩২৩।
৪১৬. সহিহ বুখারি: ১১২৮, ১১৭; সহিহ মুসলিম: ৭১৮।
৪১৭. মুসনাদে আহমাদ: ৩৮১৮, তাবারানি: মুজামুল কাবির: ৫/৪৪৯, শুআবুল ঈমান: ৭০১৭।
৪১৮. সুনানে আবু দাউদ: ৪২৫২, মুসনাদে আহমাদ: ২৭৫২৫, সুনানে দারেমি: ২১১, সুনানে তিরমিজি: ২২২৯।
৪১৯. সুনানে তিরমিজি: ২৩, সুনানে ইবনে মাজাহ: ৬৯১।
৪২০. সহিহ বুখারি: ৫০৬৩, সহিহ মুসলিম: ১৪০১।
৪২১. সহিহ মুসলিম: ২০২, সুনানে নাসায়ি : ১১২৬৯, মুজামুল কাবির : ১৫১৫ শুআবুল ঈমান : ৩০৮, সহিহ ইবনে হিব্বান: ৭৩৫৭
📄 নবীজি ﷺ-এর স্বচ্ছ ও পরিচ্ছন্ন জীবন
নবুয়তপ্রাপ্তির আগে ও পরে সব সময়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল পরিপূর্ণ স্বচ্ছ, নৈতিকতাপূর্ণ এবং মহান চারিত্রিক গুণাবলিতে ভরপুর। সেই জাহেলি পরিবেশে এতগুলো মহৎ গুণ কারও মধ্যে থাকা ছিল একটি অসম্ভব ব্যাপার। কিন্তু নবীজির মধ্যে সব ধরনের মহৎ গুণ একত্রিত হয়েছিল। তিনি সত্যবাদিতা ও আমানতদারির জন্য প্রসিদ্ধি লাভ করেছিলেন। বিষয় টা এতই বিস্ময়কর ছিল যে, যারা ছিল তাঁর প্রাণের শত্রু, যারা কিছুতেই তাঁর আহ্বানের প্রতি ঈমান আনেনি, সেই ঘোর বিরোধী শত্রুরাও তার নিকট নিজেদের সম্পদ আমানত রাখত। এদিকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলি এতটাই উচ্চ ও মহান ছিল যে, সম্প্রদায়ের ভীষণ শত্রুতাও তাঁর আমানতদারিকে ভুলিয়ে দেয়নি। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হিজরতের রাতে কাফেরদের এসব আমানত ফিরিয়ে দেওয়ার জন্য হজরত আলি রা.-কে প্রতিনিধি হিসেবে রেখে গিয়েছিলেন, অথচ এসব আমানতদাতারা সে রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছিল।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরভিত জীবনের দিকে লক্ষ করলে, আমরা তাঁর জীবনের স্বচ্ছতা অনুধাবন করতে পারব এবং দেখতে পাব, কীভাবে আল্লাহ তাআলা তাঁকে সকল মলিনতা থেকে পবিত্র রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে গড়ে তোলা হয়েছে আল্লাহ তাআলার বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে। যোগ্য করে তোলা হয়েছে সর্বশেষ নবী ও রাসুল হওয়ার জন্য। এ কারণে নবুয়তের পূর্ব থেকেই জাহেলি যুগের সকল চারিত্রিক কলুষতা থেকে আল্লাহ তাআলা তাঁর যৌবনের স্বভাবকে পবিত্র রেখেছেন। আল্লাহ তাআলা তাঁকে গুনাহের সকল পঙ্কিলতা ও কলুষতা থেকে মুক্ত রেখেছেন। যেমন ইবনে ইসহাক ও অন্যরা বলেছেন, জাহেলিয়াতের সকল খারাবি ও ত্রুটি থেকে মুক্ত রেখেছিলেন। (৪২২)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র রাখা এবং তাঁকে জাহেলি যুগের সকল খারাবি থেকে মুক্ত রাখার একটি প্রমাণ হলো নাবালেগ অবস্থায়ও তাঁর বস্ত্রহীন না হওয়া। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করে বলেন, আমার স্মরণ হয়, আমি তখন কুরাইশ বাচ্চাদের মাঝে অবস্থান করছিলাম। বাচ্চাদের কিছু খেলার জন্য আমরা পাথর বয়ে আনছিলাম। বাচ্চাদের সকলেই ছিল বিবস্ত্র। কারণ, সকলেই তার লুঙ্গি খুলে কাঁধে নিয়েছিল। আর তার ওপর পাথর নিয়ে বয়ে আনছিল। আমি যখন তাদের সাথে অগ্রসর হচ্ছিলাম এবং পেছনে তাকালাম, হঠাৎ একজন মুষ্টিপাকানো ব্যক্তি আমাকে ভীষণ জোরে একটি ঘুষি দিলো এবং বলল, 'তুমি তোমার লুঙ্গি ভালো করে পরিধান করে নাও।' ফলে আমি আমার লুঙ্গি নিয়ে ভালো করে সতর ঢেকে বেঁধে নিলাম। এরপর আমি আমার সাথিদের মাঝে একাই লুঙ্গি পরিধান করে শূন্য কাঁধে পাথর টানতে লাগলাম। (৪২৩)
জাহেলি যুগে কুরাইশদের কাবাঘর পুনর্নির্মাণের সময়ও এ রকম একটি ঘটনা ঘটেছিল। আবদুল্লাহ বিন আব্বাস রা. বলেন, আমার পিতা আব্বাস বিন আবদুল মুত্তালিব বর্ণনা করে বলেন, কুরাইশরা কাবাঘর নির্মাণের সময় দুইজন দুইজন করে দল বানিয়ে পাথর বহন করছিল। তখন আমি এবং আমার ভাতিজা (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের লুঙ্গি কাঁধে দিয়ে তার ওপর পাথর রেখে বহন করছিলাম। তবে যখন মানুষের ভিড় হয়ে যেত, তখন আমরা লুঙ্গি পরে নিতাম। একবার মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার আগে ছিলেন। হঠাৎ তিনি মাটিতে পড়ে গেলেন। আমি তাঁকে খোঁজ করতে এসে দেখি তিনি আকাশের দিকে অনিমিষ নেত্রে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে ভাতিজা, 'তোমার কী হলো?' তিনি বললেন, 'আমাকে বিবস্ত্র চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।'
আব্বাস রা. বলেন, আমি এই ঘটনা গোপন করে রেখেছিলাম। এভাবেই একদিন আল্লাহ তাআলা তাঁকে নবুয়ত প্রদান করলেন। (৪২৪)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবরকম ত্রুটি ও খারাবি থেকে মুক্ত রাখার আরেকটি উদাহরণ হলো, তিনি কখনো অনর্থক খেলা ও গান শোনার দিকে ধাবিত হননি। এ বিষয়ে হজরত আলি রা. বর্ণনা করে বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মূর্খতার যুগে মানুষেরা যে গানের দিকে ধাবিত হতো, দুটি রাত ছাড়া আমি কখনো তার ইচ্ছাও করিনি। তবে সেই দুটি রাতেও আল্লাহ তাআলা জাহেলিয়াতের এই কর্ম থেকে আমাকে বাঁচিয়ে রেখেছেন।
একরাতের ঘটনা এই যে, মক্কার কিছু বালকসহ আমরা পরিবারের ছাগল চরাচ্ছিলাম। আমি আমার সঙ্গীকে বললাম, 'তুমি আমার ছাগলগুলো দেখে রেখো। আমি মক্কা যাব এবং যুবকরা যেমন কিচ্ছা-কাহিনি শোনে, আমিও শুনব।'
সঙ্গী বলল, 'ঠিক আছে, যাও।'
আমি মক্কা এলাম এবং সেখানকার গৃহসমূহের মধ্যে প্রথম গৃহের নিকট উপস্থিত হলাম। আমি সেখানে ক্রীড়া, কৌতুক ও ঢোলবাজনার শব্দ শুনতে পেয়ে জিজ্ঞাসা করলাম, 'এখানে কী হচ্ছে?' আমাকে বলা হলো, 'অমুক ব্যক্তি অমুক মহিলাকে বিয়ে করছে।' আমি সেখানে দৃশ্যাবলি দেখার উদ্দেশ্যে বসে পড়লাম। তখনই আল্লাহ তাআলা আমার চোখে নিদ্রা চাপিয়ে দিলেন। আল্লাহর কসম, আমি পরদিন রোদ্রের খরতাপে জাগ্রত হলাম। এরপর আমি আমার সঙ্গীর কাছে ফিরে গেলাম। সে জিজ্ঞাসা করল, 'গতরাতে কী করেছ?' আমি বললাম, 'কিছুই না।' এরপর যে পরিস্থিতি দেখেছিলাম, তা তার নিকট বর্ণনা করলাম।
অতঃপর অপর এক রাতেও আমি আমার সঙ্গীকে বললাম, 'আমার ছাগলগুলো দেখে রেখো। আমি কিচ্ছা-কাহিনি শোনার জন্য মক্কা যাচ্ছি।' আমি মক্কা এলাম এবং প্রথম রাতের মতো কথাবার্তা শুনলাম। আমিও সেগুলো দেখার জন্য বসে গেলাম। তখনই আল্লাহ তাআলা আবার আমাকে ঘুমে অচেতন করে দিলেন। আল্লাহর শপথ! পরদিন রোদের খরতাপে আমার ঘুম ভাঙল। আমি আমার সঙ্গীর কাছে ফিরে এলাম। সে জিজ্ঞাসা করল, 'কী করলে?' আমি বললাম, 'কিছুই না।' এরপর তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করলাম।
আল্লাহর কসম! এই দুইরাতের পরে আমি আর কখনো কোনো খেলতামাশায় যোগ দেওয়ার ইচ্ছাও করিনি এবং শেষপর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রদান করলেন। (৪২৫)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে কখনো মদ পান করেননি। কোনোদিন কোনো মূর্তিকে সেজদা করেননি। যেমন আলি রা. বর্ণনা করেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, 'আপনি কি কখনো মূর্তিদের ইবাদত করেছেন?' নবীজি বললেন, 'না।'
সাহাবায়ে কেরাম বললেন, 'আপনি কি কখনো মদ পান করেছেন?' নবীজি বললেন, 'না। এসব কাজ যে খারাপ ও গর্হিত, তা আমি জানতাম। অথচ আমি তখন পর্যন্ত কিতাব ও ঈমান সম্পর্কে জ্ঞাত ছিলাম না।' (৪২৬)
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মূর্তিকে সেজদা করেননি। শিশুকালে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালনকারী উম্মে আইমান থেকে বর্ণিত, তিনি বলেন, বুয়ালা নামক এক মূর্তির কাছে কুরাইশরা বছরে একবার একত্র হতো। আবু তালিবও নিজের গোত্রসহ এই মূর্তির কাছে একত্র হতেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেখানে সকলের সাথে একত্র হতে নির্দেশ প্রদান করতেন। কিন্তু তিনি সেখানে যেতে অস্বীকৃতি জানাতেন। এ কারণে একবার আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুব রাগ হলেন। তাঁর ফুফুরাও সেদিন তাঁর প্রতি খুব অসন্তুষ্ট হলেন। তারা বললেন, হে মুহাম্মাদ, তুমি কি তোমার জাতির উৎসবে উপস্থিত হয়ে তাদের সমাবেশের সংখ্যা বৃদ্ধি করতে চাও না? এভাবে তারা নবীজিকে পীড়াপীড়ি করতে থাকলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং বেশ কিছুদিন একেবারে নিখোঁজ হয়ে রইলেন, মাশাআল্লাহ।
অতঃপর ভীত-সন্ত্রস্ত হয়ে তিনি একসময় ফিরে এলেন। ফুফুরা তাকে জিজ্ঞাসা করলেন, তোমায় কে কষ্ট দিয়েছে? তিনি বললেন, আমি নিজের ব্যাপারে উন্মাদনার ভয় করি। তাঁর ফুফুরা বললেন, 'আল্লাহ শয়তান দ্বারা তোমাকে পরীক্ষা করবেন না। কারণ, তোমার মধ্যে এমন ভালো গুণাবলি রয়েছে, যার যোগ্য শুধু তুমিই। তুমি কী দেখে ভয় পেয়েছ?'
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'আমি যখনই মূর্তির নিকটবর্তী হলাম, তখন সাদা পোশাক পরিহিত দীর্ঘদেহী এক ব্যক্তি আমার সামনে আবির্ভূত হলো। সে আমাকে সজোরে আওয়াজ দিলো, মুহাম্মাদ! এর কাছ থেকে দূরে থাকো এবং একে স্পর্শ করো না।' উম্মে আয়মান বলেন, এরপর তিনি আর কখনো কুরাইশদের ধর্মীয় উৎসবগুলোর ধারেকাছেও যাননি। (৪২৭)
এমনইভাবে নবুয়তপ্রাপ্তির পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়ার দিকে ঝুঁকে যাননি। কখনো তিনি ভোগবিলাস ও আনন্দ-ফুর্তি অন্বেষণ করেননি। যেমন ধরুন, কুরাইশদের নেতাবর্গ যখন তাঁর নিকট ইসলামের আহ্বান থেকে বিরত থাকার বিনিময়ে দুনিয়ার সকল ভোগ্য জিনিস প্রদানের প্রস্তাব করল, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, 'আমি তোমাদের নিকট যে বার্তা নিয়ে এসেছি, তার দ্বারা আমি তোমাদের কোনো সম্পদ অন্বেষণ করি না। তার দ্বারা তোমাদের মাঝে সম্মানও চাই না। তোমাদের ওপর কর্তৃত্বও দেখাতে চাই না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট একজন রাসুল (বা বার্তাবাহক) হিসেবে পাঠিয়েছেন। তিনি আমার ওপর কিতাব নাজিল করেছেন। তিনি আমাকে তোমাদের জন্য একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী হওয়ার নির্দেশ প্রদান করেছেন। সুতরাং আমার প্রতিপালকের দেওয়া দায়িত্ব আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। তোমাদের কল্যাণ কামনা করেছি। এখন আমি তোমাদের নিকট যে বার্তা নিয়ে এসেছি, তোমরা যদি তা আমার থেকে গ্রহণ করো, তাহলে সেটা তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। আর যদি তা আমার সামনে প্রত্যাখ্যান করো, তবে আমি আল্লাহ তাআলার ফয়সালার জন্য ধৈর্যধারণ করব, এ সময় তিনিই আমার মাঝে এবং তোমাদের মাঝে ফয়সালা করে দেবেন। (৪২৮)
কাফেররা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই মিথ্যারোপ এবং তাঁর অবাধ্যতা করুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের লক্ষ্যটি ছিল একেবারে স্পষ্ট এবং আল্লাহ তাআলার সাহায্যের ব্যাপারে তাঁর আস্থা ও বিশ্বাস ছিল পরিপূর্ণ। তিনি তাঁর লক্ষ্য থেকে সামান্যতমও বিচ্যুত হননি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্ণতা ও স্বচ্ছতার আরেকটি দিক হলো, তিনি কখনো তাঁর সম্প্রদায় ও অনুসারীদের ওপর নিজের বড়ত্ব ও মহত্ত্ব প্রকাশের কোনো সুযোগ খোঁজেননি, এ ব্যাপারে অনেক সাক্ষ্য ও প্রমাণ রয়েছে। যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইবরাহিম মারা যাওয়ার সময়ে সূর্যগ্রহণ হয়। ঘটনাটি হজরত মুগিরা ইবনে শুবা রা. বর্ণনা করে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাঁর পুত্র ইবরাহিমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়। লোকজন বলতে লাগল-ইবরাহিমের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয়েছে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাকে প্রত্যাখ্যান করে বললেন,
إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَةٌ مِنْ آيَاتِ اللهِ لَا يَكْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوْا وَادْعُوا اللَّهَ
নিশ্চয় সূর্য ও চন্দ্র আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে অন্যতম নিদর্শন। কারও মৃত্যু ও জন্মের কারণে এগুলোতে গ্রহণ লাগে না। বরং তোমরা যখন এটা দেখবে, তখন সালাত আদায় করবে এবং আল্লাহকে স্মরণ করবে। (৪২৯)
এমতাবস্থায় কোনো মিথ্যাবাদী অথবা প্রতারক থেকে কখনো এ ধরনের সত্যকথন প্রকাশ পেত না। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হয়ে মিথ্যা নবুয়তের দাবিদার হতেন, তাহলে তিনি কিছুতেই এ ধরনের মহা সুযোগ হাতছাড়া করতেন না বরং বলতেন, দেখো... দেখো, সূর্যও আমার দুঃখে দুঃখিত হয়েছে। তাতে গ্রহণ লেগেছে। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু করেননি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের স্বচ্ছতা ও স্পষ্টতার আরেকটি দিক হলো, সর্বক্ষেত্রে নিজের মানবীয় পরিচয় প্রকাশের আগ্রহ। তিনি বলতেন যে, মুহাম্মাদ বনি আদমের মধ্য থেকে একজন মানুষ, তিনি পিতামাতার মাধ্যমে জন্ম নিয়েছেন। পানাহার করেন। বিবাহ করেন। ক্ষুধার্ত হন এবং অসুস্থ হন। আনন্দিত হন এবং দুঃখিতও হন। বিস্ময়ের ব্যাপার হলো, এই কথাটির ওপর তিনি অত্যধিক জোর দিতেন এবং মানুষের সামনে এগুলো বারবার বলতেন। এখানে আমরা উদাহরণ হিসেবে জারির ইবনে আবদুল্লাহ রা.-এর অবস্থানটি উপস্থাপন করতে পারি। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোককে আনা হলো। ভয়ে লোকটির বুক ও ঘাড়ের শিরা কাঁপছিল। এটা দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 'তুমি স্বাভাবিক হও, সহজ হও। আমি কুরাইশের এমন এক সাধারণ নারীর পুত্র, যিনি এই উপত্যকায় শুষ্ক লবণাক্ত গোশত খেয়ে জীবন ধারণ করেছেন।' এরপর জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রহ. এই আয়াত তিলাওয়াত করলেন,
وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيْدِ
তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও। আমার সতর্কবাণীকে ভয় করে এমন প্রত্যেককে তুমি কুরআনের সাহায্যে উপদেশ দিতে থাকো। [সুরা কাফ: ৪৫] (৪৩০)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের স্বচ্ছতা ও স্পষ্টতার আরেকটি মহান দৃষ্টান্ত হলো, আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছেন এবং সেই তিরস্কারের কথা কুরআনুল কারিমে অন্তর্গত হওয়া। যাতে এটা চিরদিন মানুষদের মাঝে সংরক্ষিত হয়ে থাকে। এই তিরস্কারই আমাদের সামনে স্পষ্ট করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল চূড়ান্ত পর্যায়ের স্বচ্ছ-সুস্পষ্ট, সকলেই তাঁর গোপন বা প্রকাশ্য বিষয় জানে। এটা কি কোনো ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদীর জীবনের ক্ষেত্রে সম্ভব হতো? কিছুতেই না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরনের তিরস্কারের একটি উদাহরণ হলো এই, আল্লাহ তাআলা বলেন,
عَبَسَ وَتَوَلَّى أَنْ جَاءَهُ الْأَعْمَى
(রাসুল) মুখ বিকৃত করলেন ও চেহারা ফিরিয়ে নিলেন। কারণ তাঁর কাছে অন্ধ লোকটি এসে পড়েছিল। [সুরা আবাসা: ১-২]
এই ঘটনাটি ঘটে, যখন অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। তখন নবীজি কুরাইশদের বড় বড় নেতাকে দাওয়াত প্রদানে ব্যস্ত ছিলেন। এ কারণে তিনি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা.-এর দিকে তেমন দৃষ্টি প্রদান করেননি। তখনই আল্লাহ তাআলা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে এই আয়াত নাজিল করেন। এর মাধ্যমে এটি এমন এক কুরআনের অন্তর্ভুক্ত হয়ে গেল যা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত ও পঠিত হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে এমন আরও কয়েকটি ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিরস্কার এসেছে।
এমন ছিল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সবচেয়ে স্বচ্ছ, সবচেয়ে সুন্দর, স্পষ্ট ও নির্মল, যাতে কোনো কলুষতা রাখা হয়নি। অতএব, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির বার্তাটিই সর্বশেষ বার্তা।
টিকাঃ
৪২২. ইবনে হিশাম : আস-সিরাতুন নাবাবিয়্যা: ১/১৮৩, ইবনে কাছির : আল-বিদায়া ওয়ান-নিহায়া : ২/২৮৬।
৪২৩. ইবনে হিশাম : আস-সিরাতুন নাবাবিয়্যা: ১/১৮৩, সুহাইলি: আর-রওজুল উনুফ: ১/৩১২, সালেহি শামি: সুবুলুল হুদা ওয়ার-রাশাদ: ২/১৪৭
৪২৪. মুসনাদুল বাজজার: ১২৯৫, ইবনে আসেম শাইবানি: আল-আহাদ ওয়াল-মাছানি: ১/২৭১, সালেহি শামি: সুবুলুল হুদা ওয়ার রাশাদ: ২/১৪৭, ইবনে কাছির আস-সিরাতুন নাবাবিয়্যা: ১/২৫১।
৪২৫. সহিহ ইবনে হিব্বান: ৬২৭২, মুসতাদরাকে হাকেম: ৭৬১৯।
৪২৬. সালেহি শামি : সুবুলুল হুদা ওয়ার-রাশাদ: ২/১৪৯, আল-মুত্তাকি আল-হিন্দি : কানজুল উম্মাল : ৩৫৪৩৯, আশ-শাওকানি: ফাতহুল কাদির: ৪/৫৪৬।
৪২৭. ইবনে সাদ: আত-তাবাকাতুল কুবরা ১/১৫৮, সালেহি শামি: সুবুলুল হুদা ওয়ার-রাশাদ: ২/১৪৯, ইবনে সাইয়েদিন নাস: উয়ুনুল আছার: ১/৬৬।
৪২৮. খলকু আফআলিল ইবাদ, পৃষ্ঠা: ১৮৬ (৪০৮), ইবনে কাছির: আস-সিরাতুন নাবাবিয়্যা: ১/৪৭৯।
৪২৯. সহিহ বুখারি: কিতাবুল কুসুফ; বাবুস সালাত ফি কুসুফিস শামস : ১০৪৪, সহিহ মুসলিম: কিতাবুল কুসুফ: বাবু সালাতিল কুসুফ: ৯০১।
৪৩০. মুসতাদরাকে হাকেম: ৩৭৩৩।
📄 নবীজি ﷺ-এর নিরক্ষরতা
আল্লাহ তাআলা তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর নিকট পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। তাঁকে এমন সব মুজিজা দ্বারা দৃঢ় ও শক্তিশালী করেছেন, যেগুলো তাঁর সত্যতার ওপর প্রমাণ বহন করে। এসব মুজিজার মধ্যে সবচেয়ে প্রকাশ্য ও উজ্জ্বল মুজিজা হলো তাঁর 'উম্মি' বা নিরক্ষর হওয়া। ঐতিহাসিকভাবেই এটা প্রমাণিত, নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি হিসেবে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহ তাআলা তাঁকে যখন সকল জাহানের নবী হিসেবে প্রেরণ করেন, তখনও তিনি উম্মিই ছিলেন। এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বড় পূর্ণতা। তাঁর মর্যাদাপূর্ণ মুজিজাগুলোর মধ্যে এটিও একটি বড় মুজিজা। ইবনে তাইমিয়া রহ. এ সম্পর্কে বলেন,
আল্লাহ তাআলা তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে, সাধারণ এবং বিশেষ সকলেই তাঁর সম্পর্কে পূর্ণ অবগত। তাঁর সম্প্রদায় যারা তাঁকে প্রত্যক্ষ করেছে তিনি তাদের সকলের নিকট জ্ঞাত ও পরিচিত। আর যারা তাঁকে দেখেনি, তাদের নিকটও বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে তাঁর পরিচয় পৌঁছে গেছে যে, তিনি ছিলেন একজন উম্মি বা নিরক্ষর ব্যক্তি। লিখিত কোনো জিনিস তিনি পড়তে পারতেন না। কোনো কিতাবের কোনো বিষয়ও তিনি মুখস্থ করেননি, সেটা কোনো ঐশী কিতাব হোক কিংবা অন্যকিছু। তিনি নিজ হাতে কোনোদিন কিছু লেখেননি। মানুষদের কোনো কিতাব থেকে কোনোদিন কিছু প্রতিলিপি করেননি, সেটা ঐশী হোক কিংবা ভিন্ন কিছু। (৪৩১)
কুরআনুল কারিমের অনেক আয়াত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 'উম্মি' বা নিরক্ষতা সাব্যস্ত করেছে। যারা দাবি করে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তীদের কিতাব পাঠ করে এই কুরআন শিখেছেন, তাদের কথাকেও প্রত্যাখ্যান করেছে। সেসব আয়াতের মধ্যে নিচে কয়েকটি আয়াত উপস্থাপন করা হলো। আল্লাহ তাআলা বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ)
তিনিই হলেন সেই সত্তা, যিনি উম্মিদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছেন। যিনি তাদের নিকট তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিল। [সুরা জুমআ : ২]
অন্য আয়াতে বলেন,
قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَأُمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ)
আপনি বলেন, হে মানুষ সকল! আমি তোমাদের সকলের নিকট আল্লাহ তাআলার রাসুল, যে আল্লাহর জন্যই আসমান ও জমিনের কর্তৃত্ব। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দান করেন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি এবং বার্তাবাহক নিরক্ষর নবীর প্রতি ঈমান আনো, যিনি নিজেও আল্লাহর প্রতি এবং তাঁর কালিমার প্রতি ঈমান রাখেন। এবং তোমরা তাঁর অনুসরণ করো, আশা করা যায় তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। [সুরা আরাফ: ১৫৮]
হজরত ইবনে আব্বাস রা. বলেন,
كَانَ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِّيًّا لَا يَكْتُبُ وَلَا يَقْرَأُ وَلَا يَحْسُبُ
তোমাদের নবী ছিলেন উম্মি বা নিরক্ষর, তিনি লিখতে ও পড়তে পারতেন না। হিসাব করতে পারতেন না।… (৪৩২) যেমনটা আল্লাহ তাআলা বলেছেন,
وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذًا لَّارْتَابَ الْمُبْطِلُونَ
আর আপনি ইতিপূর্বে না কোনো কিতাব পাঠ করেছেন আর না নিজ হাতে কোনোকিছু লিখেছেন। যার কারণে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে। [সুরা আনকাবুত: ৪৮]
আল্লামা যামাখশারি রহ. এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ আপনি একজন নিরক্ষর। আপনাকে কেউ কখনো কোনো কিতাব পাঠ এবং লেখা শেখায়নি। (কারণ) এটা যদি আগে থেকে আপনার অর্জিত থাকত অর্থাৎ আপনি যদি আগে থেকে পড়া ও লেখার গুণ অর্জন করতেন, তাহলে আহলে কিতাবদের মধ্যে ভ্রান্তরা সন্দেহ প্রকাশ করে বলত, আমরা আমাদের কিতাবের মধ্যে যে নবীর কথা পেয়েছি তিনি হবেন উম্মি, তিনি লিখতে ও পড়তে জানেন না। আর এদিকে মক্কার মুশরিকরাও সন্দেহ পোষণ করে বলত, সম্ভবত এটা সে কারও থেকে শিখেছে কিংবা সে নিজ হাতেই রচনা করেছে। (৪৩৩)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার ওপর তাঁর উম্মি হওয়াকে একটি বাস্তব ও যৌক্তিক প্রমাণ হিসেবে গণ্য করা হয়। কেননা 'উম্মি' এমন একটি গুণ, আল্লাহ তাআলা তাঁর রাসুলদের মধ্যে শুধু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই এ গুণে গুণান্বিত করেছেন। যাতে আল্লাহ তাআলা তাঁকে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক যেসব মুজিজা দ্বারা সুদৃঢ়তা দান করবেন, সেই মুজিজা যেন পূর্ণতা লাভ করে। এ কারণে আল্লাহ তাআলা উম্মি হওয়াকে তাঁর একান্ত একটি গুণ হিসেবে নির্ধারণ করেছেন। যাতে এটা প্রকাশ পায় যে, তাঁর সকল পূর্ণতা ও পারঙ্গমতা মূলত স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত। নতুবা জগতে যোগ্যতা অর্জনের যত পরিচিত মাধ্যম ও উপকরণ, তাঁর জন্য সেগুলোর কোনোটিই ব্যবহৃত ও চর্চিত হয়নি। এ কারণে অন্যদের জন্য 'নিরক্ষর' হওয়া তাঁর কমতি বা অপূর্ণতা হলেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মি বা নিরক্ষর হওয়া তাঁর নবুয়তি পূর্ণতার জন্য একটি বড় গুণ। কারণ, এভাবে যে জ্ঞান ও প্রজ্ঞা তাঁর অর্জিত হয়েছে, সেসব জ্ঞানের সকল বিষয়ের ক্ষেত্রেও তাঁর কোনো ভুলের সম্ভাবনা নেই। তিনি ছিলেন তাঁর জ্ঞানের ক্ষেত্রে নিশ্চিত। তিনি ছিলেন তাঁর জ্ঞাত বিষয়ে সঠিক প্রমাণের ওপর। জগতের অন্য শিক্ষার্থীরা যেগুলো শিখে অর্জন করে, তাদের চেয়েও তাঁর জ্ঞান ছিল অতি মহান, নিশ্চিত ও অকাট্য। এ কারণে তাঁর উম্মি হওয়াটাই একটি বড় প্রমাণ যে, তিনি যা অর্জন করেছেন তার সকল-কিছুই ঐশী দানের অন্তর্ভুক্ত। (৪৩৪)
নববি এই মুজিজার আরেকটি বড় মহত্ত্ব এই যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কুরআন নাজিল হয়েছে। যে কিতাব আরবের সকল মুশরিক এবং তাদের পরবর্তীদের জন্যও কিয়ামত পর্যন্ত অক্ষমকারী চ্যালেঞ্জ হিসেবে গণ্য হয়েছে। অথচ আরবের মুশরিকরা ভাষা ও সাহিত্যে ছিল শ্রেষ্ঠত্বের অধিকারী। কিন্তু তাদেরকেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করেছেন এমন একটি গ্রন্থ নিয়ে আসতে, কমপক্ষে এর মতো একটি সুরা কিংবা একটি আয়াত রচনা করতে। এই অতি উজ্জ্বল বিস্ময় ও মুজিজা সম্পর্কে বুদ্ধিমান যে কেউ চিন্তা করে দেখুক, কত বিস্ময়কর আর অলৌকিক এই কুরআন! যেমন আত-তাহরির ওয়াত-তানবির গ্রন্থের লেখক বলেন, আপনারা কি কখনো এই অবস্থাটা চিন্তা করে দেখেছেন, নিতান্তই একজন উম্মি, অথচ তিনিই আনয়ন করছেন এমন সুউচ্চ সাহিত্য ও মর্মসমৃদ্ধ এমন অনন্য, অসাধারণ চমৎকার এক গ্রন্থ! আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাতের সৌভাগ্য ব্যতীত এটি তাঁর জন্য কিছুতেই সম্ভব হতো না। কারণ, স্বাভাবিক নিয়মে কোনো নিরক্ষর মানুষ নিজের থেকে এমন একটি গ্রন্থ রচনা করতে সক্ষম নয়। (৪৩৫)
প্রাচীন যুগের কুরাইশ সম্প্রদায়ের মুশরিকরাও স্বীকার করেছে, এই বিস্ময়কর কুরআন এমন কোনো উম্মি ব্যক্তির জন্য নিয়ে আসা সম্ভব নয়, যে পড়তে ও লিখতে জানে না। এ কারণে তারা কখনো দাবি করত এটা হয়তো কোনো জাদু যা মানুষের ওপর প্রভাব ফেলে। এই যেমন উতবা ইবনে রবিআর বক্তব্য। (তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে ফিরে এসে নিজের মুশরিক সঙ্গীদের বললেন,) 'আল্লাহর কসম! আমি আজ এমন কথা শুনেছি, যা আগে কখনো শুনিনি। এটা কোনো কবিতা নয়, নয় কোনো জ্যোতিষবাণী। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা আমার কথা শোনো এবং বিষয়টা আমার দায়িত্বে অর্পণ করো। তোমরা এই ব্যক্তিকে তাঁর কাজ করতে দাও। তাঁকে তাঁর মতো চলতে দাও। আল্লাহর শপথ! আমি তাঁর থেকে যে কথা শুনেছি, তা এক নতুন বার্তা। আরবরা যদি তাঁকে আক্রমণ করে, তবে তো তাঁর ক্ষেত্রে তোমাদের মোকাবিলায় অনারবরা যথেষ্ট হয়ে গেল। আর যদি সে আরবদের ওপর বিজয়ী হয়, তাহলে তো তাঁর রাজত্বই তোমাদের রাজত্ব। তাঁর সম্মানই তোমাদের সম্মান। তাঁর মাধ্যমে তোমরাই মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে গণ্য হবে।'
উতবার এই কথা শুনে তার সঙ্গীরা বলল, 'আল্লাহর শপথ! হে আবুল ওয়ালিদ, তোমাকে সে তাঁর কথার মাধ্যমে জাদু করেছে!' (৪৩৬)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি হওয়ার মুজিজা বুঝেছিল 'আদ্দাস'। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে দুঃখিত, ক্লান্ত, আহত ও বিপদ্গ্রস্ত হয়ে ফিরে এলেন। কারণ, তায়েফবাসী ঈমান গ্রহণ করেনি। তখন তিনি আহত ও ক্লান্ত হয়ে রবিআর দুই ছেলের বাগানে এসে আশ্রয় গ্রহণ করলেন। এটা দেখে তারা দুইজন তাদের গোলাম আদ্দাসকে একটি আঙুরের থোকা দিয়ে নবীজির নিকট পাঠালেন। এই আদ্দাস ছিল একজন খ্রিষ্টান যুবক। সে আঙুরের থোকা নিয়ে এগিয়ে এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল। তখন নবীজি সে আঙুর হাতে নিয়ে 'বিসমিল্লাহ' বলে মুখে দিলেন। এটা দেখে আদ্দাস কিছুক্ষণ বিস্ময়ের সাথে নবীজির মুখের দিকে চেয়ে থেকে বলল, 'আল্লাহর শপথ! এই অঞ্চলের লোকেরা খাওয়ার সময় এই কথা বলে না।' তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 'তোমার দেশ কোথায় আর তোমার ধর্ম কী?'
আদ্দাস বলল, ‘আমি একজন খ্রিস্টান। আমি নিনাওয়া (৪৩৭) এলাকার অধিবাসী।’
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘তুমি তো সৎ ব্যক্তি ইউনুস ইবনে মাত্তার জনপদের মানুষ।’
আদ্দাস বলল, ‘আপনি কীভাবে ইউনুস ইবনে মাত্তার কথা জানলেন? আল্লাহর শপথ! আমি নিনায়ার এমন অবস্থা দেখে এসেছি যে সেখানে দশজন ব্যক্তিও মাত্তাকে চেনে না। তাহলে আপনি কীভাবে জানলেন মাত্তার কথা, অথচ আপনি নিজে একজন উম্মি (নিরক্ষর) এবং আপনার সম্প্রদায়ও উম্মি!’
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘ইউনুস ইবনে মাত্তা হলেন আমার ভাই, তিনি একজন নবী ছিলেন, আমিও একজন নবী।’
এ কথা শুনে আদ্দাস ঝুঁকে পড়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, দুই হাত ও পায়ে চুমু খেল। এরপর আদ্দাস যখন ফিরে গেল, তখন তার মালিক রবিআর দুই পুত্র তাকে বলল, ‘হে আদ্দাস, তোমার হুঁশ আছে! কীজন্য তুমি এই ব্যক্তির মাথা, দুই হাত ও পায়ে চুমু খেতে গেলে?’
আদ্দাস বলল, ‘হে আমার সর্দার, এই পৃথিবীতে তাঁর চেয়ে উত্তম কোনো মানুষ নেই। তিনি আমাকে এমন একটি বিষয়ে সংবাদ প্রদান করেছেন, যা শুধু একজন নবীর পক্ষেই জানা সম্ভব।’ (৪৩৮)
অন্যদিকে, সংশয়ী কিছু মানুষ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি বা নিরক্ষরতার গুণ অস্বীকার করতে চেয়েছে। কেননা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত ও ইনজিলের অনেক গোপন বিষয় উন্মোচন করে দিয়েছেন, ভবিষ্যতের বহু ঘটনা বিষয়ে সম্পর্কে অবহিত করেছেন, যেমন পারস্যের পরাজয়। যার কথা আমরা আগেই বর্ণনা করেছি। ইত্যাদি আরও অনেক বিষয়, যা শিক্ষণীয় হওয়া ছাড়া সম্ভব নয়।
কিন্তু বাস্তবে তাঁর 'নিরক্ষতা' এমন এক যৌক্তিক, স্পষ্ট ও উজ্জ্বল মুজিজা, জেদি ও একগুঁয়ে ব্যক্তিরা ছাড়া এটা কেউ অস্বীকার করতে পারে না। যদিও এই একগুঁয়ে ব্যক্তিরা খুব ভালোভাবে জানে, এই নবীর উম্মি হওয়ার বিষয়টি তাওরাত ও ইনজিলে উল্লেখ রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন,
الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ
যারা অনুসরণ করে সেই উম্মি রাসুল ও নবীকে যার কথা তারা তাওরাত ও ইনজিলের মধ্যে লিখিত পেয়েছে। [সুরা আরাফ: ১৫৭] আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন,
يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَأَنْتُمْ تَشْهَدُونَ﴾
হে আহলে কিতাব! তোমরা কেন জেনেবুঝে আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করো? [সুরা আলে ইমরান : ৭০] তোমরা সাক্ষ্য দাও যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলি ও পরিচয় তোমাদের কিতাবের মধ্যে রয়েছে, এরপরও তোমরা তাঁকে অস্বীকার ও প্রত্যাখ্যান করো। তাঁর প্রতি ঈমান আনো না। অথচ তোমরা তোমাদের নিকট অবস্থিত তাওরাত ও ইনজিলের মধ্যে তাঁর কথা লিখিত পেয়েছ, 'তিনি হবেন এমন উম্মি নবী, যিনি নিজে আল্লাহ ও তাঁর বাণীসমূহের প্রতি বিশ্বাস রাখবেন।' (৪৩৯) এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরক্ষরতা তাঁর সত্যতা ও নবুয়তের অন্যতম প্রমাণ।
টিকাঃ
৪৩১. ইবনে তাইমিয়া: আল-জাওয়াবুস সহিহ: ৫/৩৩৮।
৪৩২. ইমাম কুরতুবি: আল-জামি লি আহকামিল কুরআন: ৭/২৯৮।
৪৩৩. আল্লামা যামাখশারি: আল-কাশশাফ আন হাকায়িকিত তানযিল ওয়া উয়ুনিল আকাবিল ফি উজুহিত তাবিল: ৩/৪৬২।
৪৩৪. ইবনে আশুর: আত-তাহরির ওয়াত-তানবির: ৯/১০০।
৪৩৫. ইবনে আশুর: প্রাগুক্ত ১১/১২৩।
৪৩৬. বাইহাকি: দালায়িলুন নুবুওয়া: ২/২০৪-২০৫, ইবনে কাছির: আস-সিরাতুন নাবাবিয়্যা: ১/৫০৪-৫০৫।
৪৩৭. নিনাওয়া : বর্তমান ইরাকের উত্তর দিকে অবস্থিত একটি জেলা, যা বাগদাদ থেকে ৪০০ কি.মি. দূরে অবস্থিত। -সম্পাদক
৪৩৮. ইবনে তাইমিয়া : আল-জাওয়াবুস সহীহ : ১/৩৭১-৩৭২।
৪৩৯. ইমাম তাবারি: জামিউল বায়ান ফি তাবিলিল কুরআন: ৬/৫০৩।