📘 উলুমুল কুরআন 📄 হরকত

📄 হরকত


অনুরূপভাবে নুকতার ন্যায় প্রথম অবস্থায় পবিত্র কুরআন মাজীদে হরকত তথা যের, যবর ও পেশও ছিল না। সবার আগে কে হরকত লাগিয়েছেন? এ ক্ষেত্রেও রয়েছে যথেষ্ট মতপার্থক্য। কারো কারো মতে আবুল আসওয়াদ দুআইলী (রহ.) এ কাজ আঞ্জাম দিয়েছেন। আর কারো কারো মত হলো, হাজ্জাজ ইবনে ইউসুফ এ কাজ ইয়াহইয়া ইবনে ইয়া'মার (রহ.) এবং নসর ইবনে আসেম লাইলী (রহ.)-কে দিয়ে করিয়েছে।

উল্লেখিত সবগুলো রেওয়ায়েত সামনে রাখলে এমনটি বুঝে আসে যে, পবিত্র কুরআন মাজীদের জন্য সর্বপ্রথম আবুল আসওয়াদ দুআইলী (রহ.)-ই হরকত আবিষ্কার করেন। তবে তাঁর আবিষ্কৃত হরকতগুলো আজকের প্রচলিত হরকতের ন্যায় ছিল না। বরং যবর দিতে হলে হরফের উপর একটি নুকতা (.....) এবং যের দিতে হলে হরফের নিচে একটি নুকতা (.....) আর পেশ উচ্চারণ করার জন্য হরফের সামনে একটি নুকতা (.....) ও তানভীনের জন্য দু'টি নুকতা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে খলীল ইবনে আহমদ (রহ.) হামযা ও তাশদীদের চিহ্ন তৈরি করেন। এরপর হাজ্জাজ ইবনে ইউসুফ উদ্যোগী হয়ে ইয়াহইয়া ইবনে ইয়া'মার (রহ.), নসর ইবনে আসেম (রহ.) এবং হাসান বসরী (রহ.)-কে একই সময়ে পবিত্র কুরআন মাজীদে নুকতা ও হরকত সংযোজন করার আদেশ করেন। এ পর্যায়ে হরকতগুলোকে আরো স্পষ্ট ও সহজসাধ্য করার নিমিত্ত পূর্ব উদ্ভাবিত নুকতার পরিবর্তে বর্তমান প্রচলিত যের, যবর ও পেশ নির্ধারণ করা হয়। যেন হরফের মূল নুকতার সাথে হরকতের নুকতার সংমিশ্রণ না হয়ে যায়। (মহান আল্লাহ সুবহানাহু তা'আলাই সবচেয়ে ভালো অবগত।)

টিকাঃ
২৯১. তাফসীরে কুরতুবী: ১/৬৩
২৯২. “সুবহুল আ'শা” ৩/১৬০, তারীখুল কুরআন: পৃঃ ১৮০
২৯৩. আল-ইতকান: ২/১৭১

📘 উলুমুল কুরআন 📄 মনযীল

📄 মনযীল


হযরত সাহাবায়ে কেরাম (রহ.) ও তাবেঈগণের (রহ.) অভ্যাস ছিল যে, তাঁরা প্রতি সপ্তাহে এক খতম কুরআন তেলাওয়াত করতেন। এ উদ্দেশ্যে তাঁরা দৈনন্দিন তেলাওয়াতের একটা পরিমাণ নির্ধারণ করে নিয়েছিলেন। যেটাকে “হিযব” বা “মনযীল” বলা হয়। এভাবে সমগ্র কুরআন মাজীদকে মোট সাতটি ভাগে বিভক্ত করা হয়েছিল। হযরত আউস ইবনে হুযাইফা (রহ.) বলেন, আমি একজন সাহাবীকে জিজ্ঞাসা করলাম, আপনি কতটি মনযীলে কুরআন খতম করেন? তিনি উত্তরে বললেন, প্রথম মনযীলে তিনটি সূরা, দ্বিতীয় মনযীলে পাঁচটি সূরা, তৃতীয় মনযীলে সাতটি সূরা, চতুর্থ মনযীলে নয়টি সূরা, পঞ্চম মনযীলে এগারটি সূরা, ষষ্ঠ মনযীলে তেরটি সূরা এবং শেষ মনযীলে সূরা ক্বাফ থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো সূরা সন্নিবিষ্ট হয়েছে।

টিকাঃ
২৯৪. আল-বুরহান ফী উলুমিল কুরআন: ১/২৫০

ফন্ট সাইজ
15px
17px