📄 প্রতিক্রিয়া
ইতিহাসে হজরত ওসমান স্বজন-তোষণের দুর্নামে বিশেষ ভাবে নিন্দিত হয়েছেন। তাঁর দুর্ভাগ্য, হজরত উমরের পরেই তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রজারা হজরত উমরের শাসননীতির সহিত তাঁর শাসনব্যবস্থার তুলনা করিয়া তাঁর প্রতি উম্মা প্রকাশ করিত। হজরত উমরের সময় গভর্নর নিয়োগে কোনো গোত্রের উপর অধিক অনুগ্রহ দেখান হইত না, তাঁর নিজের গোত্রের উপর তো মোটেই নয়। তাঁর আমলে যোগ্যতাই ছিল চাকরিতে বিনিয়োগের মাপকাঠি। আবার যোগ্যতা থাকিলেও একই গোত্রের বেশি লোককে চাকরি দিয়া অন্য গোত্রগুলোকে তিনি বঞ্চিত করিতেন না। তেমনি শুধু রাজধানীর লোক তাঁর আমলে উচ্চপদ পায় নাই, দূরবর্তী অঞ্চলসমূহ হইতেও তিনি যোগ্য লোক সংগ্রহ করিতেন এবং তাহাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করিতেন। তিনি কিভাবে গভর্নর নিয়োগ করিতেন নিম্নের তালিকা হইতে তাহা প্রতীয়মান হইবে।
মক্কার শাসনকর্তা নাফে বিন আবুল হারেস খাজায়ি গোত্রের লোক এবং কোরাইশ ছিলেন। কুফার গভর্নর মুগীরা বিন শায়েবা শকীফ গোত্রের লোক ছিলেন। তিনি কোরাইশ ছিলেন না। বসরার গভর্নর আবু মুসা আল আশারী ইয়েমেনী ছিলেন। তায়েফের গভর্নর সুফিয়ান বিন আবদুল্লাহ শকীফ গোত্রের লোক ছিলেন। কোরাইশ ছিলেন না। তায়েফের অধিবাসীরা শকীফ গোত্রের লোক ছিল। সানয়ার গভর্নর ইয়াইলী বিন মান্নাও কোরাইশ ছিলেন না। তিনি বনি নওফেল বিন আবদে মানাফের কোনও মিত্র গোষ্ঠীর লোক ছিলেন। জুন্দের গভর্নর আবদুল্লাহ বিন আবু রাবিয়াহ্ বনু মখজুম গোত্রের লোক ছিলেন এবং কোরাইশ ছিলেন না। মিসরের গভর্নর আমর বিন আল আস কোরাইশ এবং উমাইয়া বংশীয় ছিলেন। হেমসের গভর্নর উমাইর বিন সা'দ আনসার ছিলেন, কোরাইশ ছিলেন না। দামেস্কের গভর্নর মু'য়াবিয়া কোরাইশ এবং উমাইয়া ছিলেন। প্যালেস্টাইনের গভর্নর আবদুর রহমান কেনান দেশীয় লোক ছিলেন। বাহ্রাইন ও আহ্ওয়াযের গভর্নর ওসমান বিন আবুল আস শকীফ গোত্রের লোক ছিলেন। ইঁহারা কোরাইশ ছিলেন না। লক্ষ্য করিলে দেখা যাইবে, তাদের ভিতর অকোরাইশরাই সংখ্যায় অধিক এবং সা'দ গোষ্ঠীর লোক একজনও নাই।
কিন্তু হজরত ওসমানের আমলে গভর্নর বিনিয়োগের ক্ষমতার এই ভারসাম্য রক্ষিত হয় নাই, ইহাই ছিল প্রজাদের অভিযোগ। তাদের আক্ষেপের আরও একটি কারণ ইহাই ছিল যে, নবীর দুঃখের দিনে যাঁরা তাঁর সাথী ছিলেন এবং তাঁর সকল দুঃখ-কষ্টে অংশগ্রহণ করেছিলেন, সেই সব মুহাজির ও আনসার এখন উপেক্ষিত; আর, তাদের পরিবর্তে এখন ক্ষমতাসীন হইতেছেন ঐসব লোক যাহারা নবীর মক্কা বিজয়ের পূর্বে পর্যন্ত তাঁর সহিত বিরোধিতা করিয়াছেন এবং ইসলামকে দুনিয়া হইতে মুছিয়া ফেলার জন্য সাধ্যমতো চেষ্টা করিয়াছেন। ইসলামকে যাঁরা আপন জানমাল কোরবানি করিয়া দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছিলেন, তাঁহাদের সন্তানরা এখন বেকার, আর যাহারা ইসলামকে গ্রহণ করিয়াছে শেষ মুহূর্তে এবং তাও শুধু আত্মরক্ষার গরজে, তার প্রতি অন্তরের আকর্ষণবশত নয়, তারাই এখন সকল প্রদেশে জনগণের দণ্ডমুণ্ডের কর্তা। হজরত উমরের শাসন-আমলে এই সকল 'অগত্যা-মুসলমান' বিশেষ সুবিধা করিয়া উঠিতে পারে নাই। এখন তাদের স্বগোত্র এক ব্যক্তি খিলাফতের আসনে প্রতিষ্ঠিত হওয়ায় তারা সর্বপ্রকার সুযোগ-সুবিধার অধিকারী হয়েছেন। তাদের বুঝিতে বিলম্ব হয় নাই যে, ইসলামি রাষ্ট্রে সুখ-সুবিধা ও মর্যাদার আসন লাভ করিতে হইলে ইহার শাসন-যন্ত্র হস্তগত করা দরকার। তাদের আসন লাভ করিতে হইলে তার শাসন-যন্ত্র হস্তগত করা দরকার। তাদের অভিসন্ধি সম্পর্কে হজরত উমর বিশেষভাবে সতর্ক ছিলেন; কারণ, তিনি তাদের নাড়ি-নক্ষত্রের খবর জানিতেন। হজরত ওসমানেরও তাহা জানার কথা, কিন্তু 'ভালো মানুষ' ছিলেন বলিয়া কর্তব্যের খাতিরেও তিনি আত্মীয়স্বজনের প্রতি কঠোর হইতে পারিতেন না; তাদের দাবি দাওয়ার বিরুদ্ধে রুখিয়া দাঁড়ানোর মতো দৃঢ়তা তাঁর ছিল না। এরূপ একটি পরিস্থিতির উদ্ভব হইতে পারে, হজরত উমর তাহা পূর্বেই অনুধাবন করিতে পারিয়াছিলেন। তাই তিনি মৃত্যুশয্যা হইতে যে নির্বাচনী কমিটি গঠন করিয়া দেন, যার ভিতর হজরত আলি ও হজরত ওসমানও ছিলেন-তার প্রত্যেক সদস্যকে তিনি সতর্ক করিয়া দেন, তিনি যদি খলিফা নির্বাচিত হন, তবে নিজের জ্ঞাতি-গোষ্ঠীর লোকদের যেন অধিক অনুগ্রহ না দেখান। হজরত উমর লোক-চরিত্রের কিরূপ নিপুণ পাঠক ছিলেন, সে সম্পর্কে ঐতিহাসিক বালাজুরী তাঁর 'আনসার-উল-আশরাফ' গ্রন্থে হজরত উমর ও আবদুল্লাহ্ ইবনে আব্বাসের ভিতরকার যে-কথোপকথনটির উল্লেখ করিয়াছেন, তাহা হইতেই অনেকটা ধারণা করা যাইবে। আবদুল্লাহ্ ইবনে আব্বাস, যিনি 'ইবনে আব্বাস' নামে অধিক পরিচিত-বর্ণনা করছেন; হজরত উমর আহত হইবার পূর্বে একদিন তাঁকে অত্যন্ত চিন্তাক্লিষ্ট দেখিয়া তিনি (ইবনে আব্বাস) ইহার কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে হজরত উমর বলেন: উম্মতে মোহাম্মদীর জন্য কি ব্যবস্থা করিব, ইহা আমি বুঝিতে পারিতেছি না।
ইবনে আব্বাস: এ বিষয়ে আপনি চিন্তা করছেন কেন, আপনার স্থলবর্তী হইবার লোক যখন রহিয়াছে?
হজরত উমর: কে? তোমার বন্ধু (আলি)?
ইবনে আব্বাস: তিনি রাসুলুল্লাহ্র আত্মীয় এবং তাঁর জামাতা হিসাবে যোগ্যপাত্র। তাহা ছাড়া তিনি ইসলামে অগ্রবতী এবং বিপদ বরণকারীদের মধ্যে অন্যতম।
হজরত উমর: তাঁর ভিতর একাধারে রুচি ও বিচক্ষণতা বিদ্যমান।
ইবনে আব্বাস: তাল্ল্হা সম্বন্ধে আপনার কি মত?
হজরত উমর: তাঁর জাঁকজমকের অন্ত নাই।
ইবনে আব্বাস: আবদুর রহমান বিন আউফ? উত্তর: নেকমর্দ বটে, তবে ভীরু স্বভাব।
ইবনে আব্বাস: তবে সা'দ?
হজরত উমর: লড়াইয়া মানুষ, শাসন-দায়িত্ব দিলে সামলাইতে পারিবে না।
ইবনে আব্বাস: তাহা হইলে যুবাইর?
হজরত উমর: অস্থির চিত্ত, খুশির মু'মের গোস্বার কাফির, অত্যন্ত লোভী। খিলাফতের জন্য এমন একজন শক্তিমান ও সহানুভূতিশীল লোকের প্রয়োজন, যাহার শক্তিতে জুলুম ও সহানুভূতিতে পক্ষপাতিত্ব না থাকে। অধিকন্তু যে উদারচিত্ত, কিন্তু অপচয়ী না হয়।
ইবনে আব্বাস: তবে হজরত ওসমান সম্পর্কে আপনার মত কি?
হজরত উমর: যদি তাহাকে খলিফা করা হয়, তবে আবু মুইত গোত্রের লোকেরা অন্যদের গর্দান লইবে; আর তাই যদি হয়, তবে তারা একদিন তাঁকেও শেষ করিবে।
হজরত উমরের ধারণা যে নির্ভুল ছিল, ইতিহাস তার সাক্ষ্য বহন করছে। প্রজাদের ভিতর যখন অসন্তোষ তীব্র হয়ে উঠে, সেই অবস্থায় হজরত আলি একদিন প্রজাদের মনোভাব খলিফার নিকট ব্যক্ত করেন এবং তাঁকে সংশোধনের চেষ্টা করেন। কিন্তু তাতে ফলোদয় হয় নাই। হজরত ওসমান মনে করিতেন, আত্মীয়স্বজনকে সাহায্য করার অধিকার তাঁর আছে। তিনি হজরত উমরের দৃষ্টান্ত দেখাইয়া বলেন, 'মুগীরা বিন শায়েবার বিশেষ কোনো যোগ্যতা ছিল না, অথচ হজরত উমর তাঁকে গভর্নর করেছিলেন। মু'য়াবিয়াকে হজরত উমরই সিরিয়ার গভর্নর নিযুক্ত করেছিলেন।' তিনি (হজরত ওসমান) তাঁকে স্বপদে বহাল রাখিয়াছেন মাত্র। হজরত আলি উত্তরে বলেন, 'আপনি সত্য কথাই বলিয়াছেন, কিন্তু হজরত উমর তাঁর নিয়োজিত শাসকদের উপর সর্বদা কড়া নজর রাখিতেন। কেউ চুলমাত্র ন্যায়নীতি হইতে সরিয়া গেলে, তিনি তৎক্ষণাৎ তাঁর দণ্ডবিধান করিতেন। কিন্তু আপনি তাহা করেন না। বিশেষ করিয়া আপনার আত্মীয়স্বজনদের প্রতি আপনি কঠোর হইতে পারেন না। মু'য়াবিয়ার সম্বন্ধে আপনি কি জানেন না, হজরত উমরের গৃহভৃত্য ইরফা তাঁকে যতখানি ভয় করিত মু'য়াবিয়া হজরত উমরকে তার চাইতেও বেশি ভয় করিতেন।' কিন্তু এ কথায় হজরত ওসমান নিজেকে সংশোধন করা দূরে থাকুক, উল্টা হজরত আলিকে ছিদ্র অন্বেষণকারী বলিয়া দোষারোপ করেন।
মদিনায় ক্ষুদ্র একটি দল ছিল, যাহারা উমাইয়া পক্ষীয় কোরাইশদের প্রতি হজরত ওসমানের ব্যবহার সমর্থন করিতেন। সাহাবিরা প্রায় সকলেই হজরত ওসমানের কাজের বিরূপ সমালোচনা করিতেন এবং তাঁকে পক্ষপাতিত্বের দোষে দোষী মনে করিতেন। পরবর্তীকালে মুতায়েলি ও আহলে সুন্নৎ জামাতের লোকেরা হজরত ওসমানের প্রতি সহানুভূতি প্রদর্শন করিয়াছেন এবং তাঁর কাজের ভিতর সঙ্গতি দেখানো চেষ্টা করিয়াছেন। একথা সত্য যে, হজরত উমরের আমলে দেশের পরিস্থিতি যে প্রকার ছিল, হজরত ওসমানের আমলে তদ্রূপ ছিল না। নবীর ওফাতের পর, বারো চৌদ্দ বৎসরের ভিতর দেশ আর্থিক সম্পদের দিক দিয়া অনেকখানি আগাইয়া যায়। আরব জাতি পৃথিবীর বহু প্রাচীন জাতির সংস্পর্শে আসে এবং তাদের সভ্যতা ও জীবনযাত্রা-প্রণালীর সহিত পরিচিত হয়। ঐ সব জাতির পোশাক পরিচ্ছদ, আহার্য বস্তু, ঘরবাড়ি ও ঐশ্বর্যের চাকচিক্য ইহাদের শুধু মুগ্ধ করিত না, প্রলুব্ধ করিত। কাইসারের স্বর্ণমুকুট, রত্নখচিত সিংহাসন, বিশাল দরবার গৃহ, বিচিত্র প্রাসাদাবলী এবং আলোয় ঝলমল প্রমোদ-ভবন মরুবাসী বেদুইন ও গ্রামীণ আরবদের স্তম্ভিত; তাদের পাতার কুটীর, নগণ্য পোশাক ও খর্জুর খাদ্যের সহিত এ সবের পার্থক্য স্মরণ করিয়া তারা অন্তরে আক্ষেপ ও দাহ অনুভব করিত। দ্বিগ্বিজয়ী আরব-সেনাপতিগণ ধ্বংসোন্মুখ প্রাচীন জাতিসমূহের ক্ষীয়মান জৌলুশ লোলুপ দৃষ্টিতে নিরীক্ষণ করিত এবং উত্তরোত্তর অধিকতর বিজয়ের জন্য উন্মাদ হয়ে উঠিত। হজরত উমরের সময় হইতে আরব জাতি এক নব জীবনের স্পন্দন অনুভব করিতে থাকে। তাদের দুর্যোগের তিমির রাত্রির তখন অবসান ঘটিয়াছে। নবীন আরব ছিল অতি মাত্রায় আত্মসচেতন; এ-যুগের তরুণদের আশা-আকাঙ্ক্ষা সবই ছিল আত্মকেন্দ্রিক। তাদের জীবনে স্বাদ ছিল, মোহ ছিল এবং উপভোগের আগ্রহ ছিল দুর্বার। কোন বাধা-নিষেধই তারা মানিতে চাহিত না। আরবের দূর প্রান্তিক অধিবাসীরা এবং বিশেষ করিয়া মক্কার সেই সব দাম্ভিক কোরাইশ যাহারা দীর্ঘকাল প্রতিরোধের পর শেষ মুহূর্তে ইসলামের নিকট নতি স্বীকার করেছিল এবং মুখ্যত আত্মরক্ষা ও পদোন্নতির জন্য মুসলিম সমাজে দাখিল হয়েছিল,-তারাই জীবনকে উপভোগের আয়োজনে আগাইয়া আসে বেশি। তাদের ভিতর ইসলামি সাম্য ও ত্যাগের শিক্ষা দানা বাঁধিবার পূর্বেই হজরত মোহাম্মদ (স) দুনিয়া ত্যাগ করেন। তাই ইসলামের বাহ্যিক দিকটা-তেজ ও শক্তিমত্তা-তাহাদের আকৃষ্ট করেছিল সমধিক। তাহা ছাড়া যে সব লোক নবুয়তের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিল এবং নবীর সঙ্গে অশেষ দুঃখ-কষ্ট বরণ করেছিল, তাদের সন্তান-সন্ততিরাও এই নতুন যামানার নতুন আবহাওয়ার লালিত হওয়ায়, অধিকাংশেই তাদের পিতৃপুরুষদের মতো গভীরভাবে ইসলামের অনুরাগী ছিল না। নবীর মহান ব্যক্তিত্বের কল্যাণকর পরশ হইতে যামানা যতই দূরে সরিয়া যাইতেছিল লোকদের ভিতর ইসলামি শিক্ষা জীবনাদর্শের প্রতি অনুরাগ ততই ফিকে হয়ে আসিতেছিল। হিজরত যুগের দুঃখময় দিনগুলো এবং মুহাজির ও আনসারদের সেই অতুলনীয় আত্মত্যাগ সমস্তই এ যুগের তরুণদের নিকট ছিল কাহিনি মাত্র, যাহা তাদের অন্তরে অনুভূতির ততটা তীব্রতা জাগাইত না, যেমন জাগাইত নবীর-যুগের মানুষদের অন্তরে।
অবস্থা আরও জটিলাকার ধারণ করে এই জন্য যে, নবীন আরবের দৃষ্টি পথে দূর-দিগন্ত সর্বদাই নতুন আশার রঙ্গিন নিশান দোলাইয়া তাদের চিত্তকে উদ্বেল করিত। কি কোরাইশ কি অকোরাইশ তরুণেরা সর্বদাই উদ্গ্রীব থাকিত নতুন পথে পদক্ষেপ করিতে। বিরাট ভূখণ্ড তখন বিজিত হয়েছে; পৃথিবীর বহু ধন-ভাণ্ডার তাদের পায়ের নিচে আসিয়াছে। কিন্তু বিজয় তখন বিজিত হয়েছে; পৃথিবীর বহু ধন-ভান্ডার তাদের পায়ের নিচে আসিয়াছে। কিন্তু বিজয় তখনও সমাপ্ত হয় নাই। নতুন বিজয়ের বিপুল সম্ভাবনা তাদের সম্মুখে প্রসারিত। তাদের শিরাগুলো থাকিত এ কারণে উত্তপ্ত। কেননা, বিজয়ের সঙ্গে আসিত যশ, মর্যাদা ও পদোন্নতি, আর অজস্র গণিমত-অর্থ, সরঞ্জাম ও দাসদাসী। এ সবের জন্য প্রতিদ্বন্দ্বিতার অন্ত ছিল না। প্রতিদ্বন্দ্বিতার পশ্চাতেই আসিত ব্যক্তিগত ও দলগত বিদ্বেষ এবং রেষারেষি। উচ্চপদ, রাষ্ট্রীয় ক্ষমতা ও ঐশ্বর্যের লালসা কাহাকে না আকর্ষণ করে। এহেন বিরোধ-বিক্ষুব্ধ, সমস্যা-সঙ্কুল বিশাল রাষ্ট্রের পরিচালনা ভার স্কন্ধে লইয়া জীর্ণ দেহ বৃদ্ধ খলিফা যে অত্যন্ত বিব্রত হয়ে পড়িবেন, তাতে আশ্চর্যের কি আছে। বিভিন্ন পক্ষের ভিতর ক্ষমতার বণ্টনে সমতা রক্ষা করা তাহার পক্ষে সম্ভব হয় নাই। পুরাতনপন্থী নিষ্ক্রিয় সাহাবিদের মৃদু গুঞ্জন ছাপাইয়া শক্তিমান কোরাইশ ও তাদের সমপ্রবৃত্তি অকোরাইশদের কলকণ্ঠ খলিফার চতুষ্পার্শ্বে মুখর হয়ে উঠে এবং খলিফার হস্তের মধুভাণ্ডারের বেশির ভাগ অংশ তারাই শুষিয়া লয়। ইহার ফলে নিষ্ঠাবান পুরাতন দল অন্তরে অন্তরে ক্ষুব্ধ হয়। দুই দলের মানসিকতার ভিতর যে আকাশ-পাতাল প্রভেদ ছিল, তাহা বলাই বাহুল্য। খলিফা যেই নতুন দলের মনস্তুষ্টির চেষ্টা করেছিলেন, পুরাতন দল আওয়াজ তুলিয়াছেন-'নতুন খলিফা তাঁর পূর্ববর্তী দুই খলিফার নীতি হইতে সরিয়া গিয়াছেন এবং নিজের পূর্ব-ওয়াদা খেলাপ করিয়াছেন।' তরুণদের ভিতর যাহারা আকাঙ্ক্ষিত লভ্য হইতে বঞ্চিত হইত, ক্রোধ ও আক্রোশ তাহাদের খলিফার বিরুদ্ধে প্ররোচিত করিত। বৈষম্যের পথ কোনও দিনই কঙ্করহীন ও মসৃণ হয় নাই। এই বিশৃঙ্খলতার যুগে আরব জাতির আদিম প্রবৃত্তি-গোত্রে গোত্রে কলহ এবং গোত্রের সর্দার ছাড়া অন্য কাহারও প্রভুত্ব না মানা-পুনরায় মাথাচাড়া দিয়া উঠে। এ অবস্থায় খলিফা যদি লোক নিয়োগের বেলায় পুরাপুরি নিরপেক্ষতা রক্ষা করিতে না পারিয়া থাকেন সেজন্য, মুতাযিলা ও আহলে সুন্নতদের মতে, খলিফাকে বিশেষ দোষ দেওয়া যায় না। দুনিয়ার যাহারা ইতিহাস সৃষ্টি করিয়াছেন তাঁরা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন নীতির অনুসরণ করেছিলেন। সেগুলোর সঙ্গতি অসঙ্গতি বিচার উত্তরকালে যতটা সহজ, সমকালে তেমন নয়। তাই হজরত ওসমানের শাসন-নীতির পর্যালোচনাকালে সমসাময়িক ঘটনাবলি ও সামাজিক পটভূমিকার প্রতি দৃষ্টি রাখা একান্ত দরকার। অনেকে এমন কথাও বলিয়াছেন, গভর্নর পরিবর্তন এবং নিজ আত্মীয়স্বজনকে সেই সব পদে বিনিয়োগ তাঁর পতনের কারণ নহে; তাঁর পতনের আসল কারণ ছিল তাঁর অসমঞ্জস্য অর্থনীতি, যার ফলে সমগ্র মুসলিম-রাষ্ট্র এক ব্যাপক সামাজিক ও শাসনতান্ত্রিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল।
টিকাঃ
৩. "Osman displaced most of the Lieutenants employed by Omar and appointed in their stead incompetent and worthless members of his own family. During the first six years of his rule, the people though grievoKUsy oppressed by the new governors remained quiet. And, in the outlying provinces the dangers to which the Saracen were exposed from the common enemies kept the armies employed. The incursions of the Tarks in Transaxlana led to the conquest of Balkh. Similarly were Herat. Kabul and Ghazni captured. The rising in Southern Persia led to subjugation of Kerman and sistan." -History of the Saracens. pp 46.
৫. "In the mean time, the weakness of Caliph & the wickedness of his favourites were creating a great ferment among the people. Loud complaints of exaction and oppression by his governors began pouring into the Capital. All expostulated several times with the Caliph on the manner in which he allowed the government to fail into the hands of his unworthy favourites. But Osman, under the influence of his evil genius. Merwan. paid no heed to he counsels. -History of the Saracens. pp 46-47.
৬. ডক্টর তোহা হোসেন (মিসরি) প্রণীত 'হজরত ওসমান' এর মৌলানা নুরুদ্দীন আহমদ কৃত অনুবাদের ৪৬ পৃষ্ঠা।
৭. ডক্টর তোহা হোসেন (মিসরি) প্রণীত 'হজরত ওসমান' এর মৌলানা নূরুদ্দীন আহমদ কৃত অনুবাদের ১৮৪-৮৫ পৃষ্ঠা।