📘 হযরত ওসমান (রাঃ) > 📄 চারণভূমি সংরক্ষণ

📄 চারণভূমি সংরক্ষণ


মরুভূমির দেশে মানুষের খাদ্য-পানীয়ের ন্যায় গৃহপালিত পশুগুলোরও খাদ্য-পানীয়ের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুম্বা, মেঘ ও উটের প্রচুর চারণভূমির দরকার। হজরত ওসমান সরকারি পশুগুলোর এই প্রয়োজন মিটানোর জন্য বাকি নামক ময়দানে 'সংরক্ষিত' চারণভূমির ব্যবস্থা করেন। কিন্তু আশ্চর্য এই, খলিফা এ-কার্যও পরে বিদ্রোহীদের অভিযোগের তালিকাভুক্ত হয়েছিল। চারণভূমি যখন নির্দিষ্ট করিয়া দেওয়া হয়, তখনই কতক লোক খলিফার দুর্নাম করে এই বলিয়া, তিনি নিজের বিরাট পশুপালের জন্য সাধারণের অধিকার খর্ব করিয়া এই সব চারণভূমি রক্ষিত করছেন। খলিফা তার উত্তরে বলেন, তাঁর নিজের প্রয়োজনে তিনি এ-কাজ করছেন না, সাদদার উটগুলো যাহাতে খাদ্যের অভাবে মরিয়া না যায় সেই জন্যই তিনি চারণভূমি চিহ্নিত করিয়া দিতেছেন।

📘 হযরত ওসমান (রাঃ) > 📄 রিলিফ-ব্যবস্থা

📄 রিলিফ-ব্যবস্থা


হজরত ওসমান খলিফা হওয়ার পূর্বে যেমন মুসলমানদের দুঃখ মোচন এবং নবীন মুসলিম রাষ্ট্রের বিপদ মুক্তির উদ্দেশ্যে অকাতরে অর্থদান করিতেন, খলিফা হওয়ার পরও তাঁর সেই দানের হস্ত সঙ্কুচিত হয় নাই। তাঁর খিলাফৎ আমলে মদিনা অঞ্চলে একবার দুর্ভিক্ষ ঘটে। তখন মানুষ যাহাতে অনাহারে মৃত্যুমুখে পতিত না হয়, এই উদ্দেশ্যে তিনি সর্বস্ব দান করিয়া কপর্দকশূন্য হয়ে পড়িয়াছিলেন। কিন্তু সে অবস্থায়ও তিনি কখনও অনুতাপ প্রকাশ করেন নাই। নবীর নিকট তিনি শিক্ষা পাইয়াছিলেন, আল্লাহই মানুষের ধন দৌলত রিজেক দানের মালিক। নবীর সেই মহাশিক্ষার সার্থক রূপায়ন হয় হজরত ওসমানের জীবনে কল্যাণব্রতে।

📘 হযরত ওসমান (রাঃ) > 📄 মসজিদে নববির সম্প্রসারণ

📄 মসজিদে নববির সম্প্রসারণ


মদিনার মসজিদে নববীর সম্প্রসারণ তাঁর এক স্মরণীয় কীর্তি। তিনি নিজ তত্ত্বাবধানে উক্ত মসজিদ সম্প্রসারণ করান। দশ মাস ধরিয়া চলে এই ভাঙা-গড়ার কাজ, আর এই দীর্ঘকাল খলিফা তাঁর শত কাজের ভিতরও নিজে এই কার্যের তত্ত্বাবধান করিতেন। তিনি অত্যন্ত রুচিবান লোক ছিলেন। ফলে তাঁর ঐকান্তিক যত্নে মসজিদটি শুধু আয়তনে বৃহৎ হয় না, উহা এক সুদৃশ্য মনোরম রূপ ধারণ করে।
মসজিদে নববীর সম্প্রসারণ ব্যাপারেও হজরত ওসমানকে কম বেগ পাইতে হয় নাই। কারণ, মসজিদের আশপাশে খালি জায়গার একান্ত অভাব ছিল। মু'মিনদের সকলেরই আকাঙ্খা ছিল, মসজিদের যতটা সম্ভব সন্নিকটে বাস করা। তাই তাঁরা যেমন পারিয়াছেন, মসজিদের চতুষ্পার্শে গৃহ নির্মাণ করিয়া বসত করিতেছিলেন। জমির প্রয়োজনে হজরত ওসমানকে লোকদের দ্বারে দ্বারে ঘুরিতে হয়েছিল। কেহ কেহ তাঁর অনুরোধে রাজি হয়েছিলেন। তাঁরা তাঁহাদের জমি ছাড়িয়া দিলেন। কিন্তু অন্যদের জমি হুকুম দখল করিতে হয়েছিল। ইহাতে তাঁরা খলিফার শত্রু হয়ে পড়িয়াছিলেন। আবার গৃহ ভাঙিয়া ফেলিলে কাহার না প্রাণে লাগে। কিন্তু হজরত ওসমান আল্লাহর কাজে বরাবরই নির্ভীক ছিলেন। কোনো বাধা-বিঘ্নই তিনি গ্রাহ্য করেন নাই। ফলে মসজিদের কাজ দ্রুত আগাইয়া চলে এবং যথাসময়ে উহা মুসলিম জাহানের এক পরম বিস্ময়রূপে প্রমূর্ত হয়ে উঠে। ইহার পর বহুবার মসজিদে নববীর সংস্কার হয়েছে। কিন্তু প্রথম সঙ্কটের জ্বালা হজরত ওসমানকেই পোহাইতে হয়েছে। এজন্য মুসলিম সমাজ তাঁর নিকট ঋণী।

📘 হযরত ওসমান (রাঃ) > 📄 বায়তুল মাল থেকে ঋণ দান

📄 বায়তুল মাল থেকে ঋণ দান


খলিফা শুধু দুঃস্থদের জন্য বায়তুল মাল হইতে মুক্ত হস্তে দান করিতেন না, অনেক লোককে তিনি ব্যবসায়-বাণিজ্যের সুবিধার জন্যও বায়তুল মালের তহবিল হইতে মোটা অর্থ ঋণ দান করিতেন। জনসাধারণ ইহা পছন্দ করিত না। তাদের বিবেচনায়, সরকারি অর্থের যে উদ্দেশ্যে ব্যয়ের বিধান রহিয়াছে, এই ধরনের ঋণদান তাহার অন্তর্ভুক্ত নহে।
কিন্তু হজরত ওসমানের দৃষ্টি ছিল সুদূরপ্রসারী। আরব জাতি তখন আর ক্ষুদ্রব্যবসায়ী মাত্র নহে। বৃহত্তর পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হয়েছে। তাদের বাণিজ্যের ক্ষেত্রও পূর্বাপেক্ষা অনেক প্রসারিত হয়েছে। এ অবস্থায় তাদের মোটা মূলধনের প্রয়োজন ছিল অনস্বীকার্য। অন্যথা আন্তর্জাতিক বাণিজ্য-ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করিতে সমর্থ হইত না। ইহা উল্লেখযোগ্য, আরব উপদ্বীপের দুই পার্শ্ব দিয়া দুইটি সুদীর্ঘ বাণিজ্য পথ অতি প্রাচীন কাল হইতে প্রচলিত ছিল। একটি ছিল। এডেন হইতে লোহিত সাগর হয়ে সরু এক নদী পথে নীলের উত্তর-মোহনা পর্যন্ত। অপরটি ছিল পারস্য উপসাগর হইতে ফোরাতের পথে উত্তর সিরিয়া হইতে ভূমধ্যসাগরের পূর্ব উপকূল পর্যন্ত। ত্রিপলী, বার্কা ইত্যাদি বন্দরগুলো এই উপকূলে অবস্থিত। উভয় পথেরই শেষ প্রান্তে ভিড়িত ইউরোপীয় বাণিজ্য জাহাজসমূহ। এই দুই পথে ভারত, সিন্ধু, সিংহল, জাভা, বর্নিও সুমাত্রা প্রভৃতি স্থানের উৎপন্ন দ্রব্য ইউরোপে যাইত। আর এই উভয় পথেরই মধ্যবর্তী অংশে সংযোগ রক্ষাকারী ছিল আরব-বণিকরা। কাজেই হজরত ওসমানের ব্যবসায়ীসুলভ দৃষ্টি এই দিকে আকৃষ্ট হয়েছিল। বায়তুল মালে তখন অর্থের অভাব ছিল না। মানুষের প্রয়োজনে উহা ব্যয়িত হওয়া উচিত, ইহাই ছিল হজরত ওসমানের যুক্তি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00