📘 হযরত ওসমান (রাঃ) > 📄 আলেকজান্ড্রিয়া

📄 আলেকজান্ড্রিয়া


ইতোমধ্যে অপর এক দিক দিয়া বিপদের কালোমেঘ দেখা দিল। মিসরের শাসন- রজ্জুকে ধারণ করিবেন, ইহা লইয়া যখন আমর ও আবদুল্লাহ্ ভিতর رেষারেষি চলিতেছিল সেই সুযোগে আলেকজান্দ্রিয়ার গ্রিকরা মুসলিম শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। ইহা সত্য যে, হজরত উমরের মৃত্যুর পর একদিকে যেমন বৈদেশিক শক্তিবর্গ নব গঠিত মুসলিম রাষ্ট্রের উপর হামলা চালাইতে উদ্‌গ্রীব হয়, সেই সঙ্গে আরবের পার্শ্ববর্তী নব বিজিত দেশগুলোও স্বাধীনতা অর্জনের স্বপ্ন দেখিতে থাকে। এইসব দেশের অধিবাসীরা ছিল জাতিতে অনারব। তাঁরা আরব জাতির প্রভুত্ব সহ্য করিতে রাজি ছিল না। পারস্যের কথা পূর্বে বলা হয়েছে। অনুরূপভাবে আলেকজান্দ্রিয়ার গ্রিকরাও মুসলিম শাসন অগ্রাহ্য করিয়া বসে।
আলেকজান্দ্রিয়া শহর তৎকালে সমগ্র মধ্যপ্রাচ্যের ভিতর কিরূপ গুরুত্বপূর্ণ স্থান ছিল তাহা না জানিলে গ্রিকদের বিদ্রোহের গুরুত্বও অনুধাবন করা যাইবে না। এ সম্পর্কে হজরত উমরকে লেখা আমরের একখানি পত্র উল্লেখযোগ্য। আলেকজান্দ্রিয়া জয়ের পর সেনাপতি আমর খলিফাকে লিখিতেছেন-
আমিরুল মু'মেনিন, আমি এমন একটি শহর আপনার অধিকারে আনিয়াছি যাহার পুরাপুরি বর্ণনা হইতে আমি ক্ষান্ত রহিলাম। শুধু এইটুকু বলিলে হইবে, তার ভিতর আমি চারি হাজার প্রাসাদ ও চারি হাজার হাম্মام (স্নানাগার) পাইয়াছি। চল্লিশ হাজার ইহুদি এখানে মাথা পিছু কর দিয়া বসতী করে। এই শহরে চারি শত ভোজনাগার রহিয়াছে, যেখানে রাজপুরুষরা এবং অভিজাত বংশীয় লোকেরা পানাহার ও আমোদ- প্রমোদ করিত।
আলেকজান্দ্রিয়ার প্রাচীন ঐতিহ্য বর্ণনা করিতে গিয়া ঐতিহাসিক হিট্টি লিখিয়াছেন: ইহার এক পার্শ্বে সুপ্রসিদ্ধ সিরাপিয়ান, যার ভিতর দেবী সিরাপীর মন্দির ও আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরি অবস্থিত ছিল। অপর পার্শ্বে বিখ্যাত সিজারির মন্দির, যাহা মিসর-বিজয়ী জুলিয়াস সিজারের সম্মানার্থে রানি ক্লিওপেট্টা নির্মাণ করাইয়াছিলেন। মন্দিরটির নির্মাণ-কার্য সমাপ্ত হয় অগাস্টাস সিজারের সময়। পরে রোমকদের খ্রিস্টধর্ম গ্রহণের পর এই মন্দির সেন্ট মার্ক নামক গির্জায় পরিণত হয়। শহর হইতে কিঞ্চিৎ পশ্চিমে গ্রানাইট পাথরে তৈরি দুইটি আসোয়ান স্তম্ভ (Aswan Grannite Needles). যাহা ফেরাউন-সম্রাট তৃতীয় থুতমাস কর্তৃক আরব্ধ এবং রানি ক্লিওপেট্টার আমলে সমাপ্ত হয়েছিল বলিয়া কথিত আছে।। বস্তুত মুসলিম বিজয়ের সময় আলেকজান্দ্রিয়া প্রাচ্য-রোমক সাম্রাজ্যের মুকুটমণি ছিল। বহু সংখ্যক দুর্ভেদ্য কেল্লা দ্বারা উহা সুরক্ষিত ছিল। এই সমস্ত কেল্লায় তৎকালে পঞ্চাশ হাজার গ্রিক সৈন্য সর্বদা মোতায়েন থাকিত। তার পার্শ্বেই অবস্থান করিত পূর্ব-রোমক সম্রাটের বৃহত্তম রণতরী বহর। মুসলিমগণ যখন এই নগর অবরোধ করে, তখন তাদের রণতরী ছিল না; সৈন্যসংখ্যা ছিল গ্রিকদের তুলনায় নগণ্য; নগর অবরোধের উপযোগী যন্ত্রপাতিও তাদের ছিল না। মুসলিম সৈন্যগণ শুধু অস্ত্রশস্ত্রের দিক দিয়াই হীন ছিল না, তাদের সাহায্যার্থে কোনো সেনাবাহিনীও তাদের পশ্চাতে মওজুদ ছিল না। এই অবস্থায় তারা আমর ইবনে আল আ'সের নেতৃত্বে চৌদ্দ মাস অদম্য উৎসাহে যুদ্ধ করিয়া এই দুর্ভেদ্য নগরীর পতন ঘটায়। এই বিজয়ের কারণ স্বরূপ হিট্টী লিখিয়াছেন:
তারা অস্ত্রবলে বলীয়ান না হইলেও ইসলামের মহান তকবির, ‘আল্লাহু আকবর’ ধ্বনি ছিল তাদের এক মহামন্ত্র। এই ধ্বনি তাদের হৃদয়ে বল-সঞ্চার করিত, তাহাদের নিঃশঙ্ক চিত্তে মৃত্যুর পানে আগাইয়া দিত, আর শত্রু পক্ষের মনোবল ক্ষয় করিত। এই অমোঘ মন্ত্রবলেই তারা ২০ হিজরিতে (৬৪০ খ্রি.) আলেকজান্দ্রিয়ায় দুর্জয় গ্রিক-শক্তিকে পর্যুদস্ত করিতে পারিয়াছিল।
ইহার পর একে একে পাঁচ বৎসর অতীতের গর্ভে বিলীন হয়ে যায়, কিন্তু গ্রিকরা আর মাথা তুলিতে সাহস করে নাই। তাদের সম্রাট হিরাক্লিয়াস আলেকজান্দ্রিয়ার মতো একটি প্রাচীন-কীর্তি সম্বলিত শহর ও গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হস্তচ্যুত হওয়ার সংবাদে মর্মাহত হন। তাঁর স্বাস্থ্য একেবারেই ভাঙিয়া পড়ে এবং তিনি অল্প দিন পরে ভগ্ন হৃদয়ে প্রাণত্যাগ করেন। গ্রিকজাতিও এই পরাজয়ের গ্লানি কোনো দিন ভুলিতে পারে নাই। তাই যুবরাজ কনস্টানটাইন পিতার স্থলাভিষিক্ত হওয়ার পর হইতেই আলেকজান্দ্রিয়া পুনরুদ্ধারের জন্য সুযোগের প্রতীক্ষায় থাকেন।
তাদের সেই বাঞ্ছিত সুযোগ দেখা দেয় হজরত উমরের মৃত্যুর এক বৎসর পর হিজরি ২৫ সনে। এই সময় নবনিযুক্ত খলিফা হজরত ওসমান মিসর ও আলেকজান্দ্রিয়া বিজয়ী আমরকে মিসরের শাসন কর্তৃত্ব হইতে অপসারিত করেন। গ্রিকরা সে সংবাদে আহলাদিত হয়েছিল। সম্রাট কনস্টানটাইন সুযোগ বুঝিয়া অবিলম্বে সেনাপতি ইমানুয়েলের নেতৃত্বে এক শক্তিশালী নৌবাহিনী মিসরে প্রেরণ করিলেন। শুধু আলেকজান্দ্রিয়াকে মুসলিম অধিকার হইতে মুক্ত করাই গ্রিকদের উদ্দেশ্য ছিল না, তারা সমগ্র মিসর ভূমিকে পুনরায় গ্রিক শাসনের অধীনে আনার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়।
সেনাপতি ইমানুয়েল একরূপ বিনাবাধায় আলেকজান্দ্রিয়া অধিকার করিয়া লইলেন। এইভাবে হিজরি ২৬ সনে উক্ত শহর সম্পূর্ণভাবে মুসলিম অধিকার হইতে বিচ্ছিন্ন হয়ে পড়িল।
মিসরের অধিবাসীরা গ্রিকদের এই আকস্মিক উত্থানে শঙ্কিত হয়েছিল, কিন্তু প্রতিকারের পথ খুঁজিয়া পাইতেছিল না। অবশেষে তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা মদিনায় আসিয়া খলিফার সহিত সাক্ষাৎ করিলেন। তাঁহাদের অনুরোধ ছিল, অন্তত মিসরের স্বাধীনতা রক্ষার খাতিরে আমরকে পুনরায় গভর্নর-পদে বহাল করা হউক এবং তাঁকে অবিলম্বে আলেকজান্দ্রিয়ার গ্রিকদের ঔদ্ধত্য দমন করিতে নির্দেশ দেওয়া হউক। খলিফা নিজেও চাহেন নাই যে, আলেকজান্দ্রিয়ার মতো গুরুত্বপূর্ণ শহর মুসলিম-সাম্রাজ্য হইতে স্খলিত হয়ে পড়ুক। তিনি তাঁর পূর্ব-আদেশ রদ করিলেন এবং আমরকে অবিলম্বে আলেকজান্দ্রিয়া পুনরাধিকারের জন্য নির্দেশ দিলেন। আমরও এইরূপ আদেশেরই প্রতীক্ষা করিতেছিলেন। কারণ, তাঁর বহু কষ্টে বিজিত আলেকজান্দ্রিয়া শহর এইভাবে হস্তচ্যুত হইবে, এ-চিন্তা তাঁর অসহ্য ছিল। তিনি খলিফার নির্দেশ পাইবামাত্র সসৈন্যে আলেকজান্দ্রিয়া অভিমুখে ধাবিত হইলেন এবং ঝটিকার বেগে তার দ্বারদেশে উপনীত হইলেন।
আমর ছিলেন কূট-কৌশলী সেনাপতি ও কঠোর হৃদয় যোদ্ধা। তাঁর যুদ্ধ-নৈপুণ্যের কথা সমগ্র মিসর দেশ অবগত ছিল। আলেকজান্দ্রিয়ার গ্রিকরাও তাঁকে ভালোরূপেই চিনিত। শত্রুর মনে ত্রাস-সঞ্চার করার পক্ষে 'আমরু' নামই যথেষ্ট ছিল। গ্রিকগণ তখনও ভাবে নাই, আমরু আবার ফিরিয়া আসিবে। তাঁর উপস্থিতিতে গ্রিক অধিবাসীরা অত্যন্ত দমিয়া গেল। সৈন্যেরা সামান্য বাধাদানের পরই তাঁর বশ্যতা স্বীকার করিতে প্রস্তুত হইল। অবস্থা বেগতিক দেখিয়া সেনাপতি ইমানুয়েল তাঁর সঙ্গীয় সৈন্যগণকে সঙ্গে লইয়া জাহাজে উঠিলেন এবং সাগর পথে নগর ত্যাগ করিলেন। আলেকজান্দ্রিয়া শহরে মুসলিম শাসন পুনরায় সুপ্রতিষ্ঠিত হইল।
হিজরি ২৬ সন এইভাবে কাটিয়া গেল। যুদ্ধের গোলমালে আমর মিসরের গভর্নর পদে থাকিয়াই গেলেন। সেনাবাহিনী ও রাজস্ব উভয় বিভাগে পূর্বের ন্যায় তাঁর কর্তৃত্ব চলিতেই লাগিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00