📘 উমর ইবনুল খাত্তাব রা: জীবন ও কর্ম > 📄 আজারবাইযান

📄 আজারবাইযান


আজারবাইযানের প্রথম গভর্নর ছিলেন হুযাইফা রাযিয়াল্লাহু আনহু। তারপর যখন তাকে মাদাইনে বদলি করা হলো, তখন তার স্থলে উতবা ইবনে ফারকাদ সুলামি রাযিয়াল্লাহু আনহু গভর্নর নিযুক্ত হলেন। উতবা রাযিয়াল্লাহু আনহু এবং উমর রাযিয়াল্লাহু আনহুর মাঝে কয়েকবার পত্রমারফত মতবিনিময় হয়।
একবারের ঘটনা। উতবা ইবনে ফারকাদ রাযিয়াল্লাহু আনহু গভর্নর হয়ে আজারবাইযান পৌঁছলেন। তিনি লক্ষ করলেন সেখানকার লোকজন একধরনের উন্নত ও সুস্বাদু হালুয়া প্রস্তুত করে। স্থানীয় লোকেরা তাকে হুবাইস বলত। তিনি চিন্তা করলেন এই হালুয়া বানিয়ে উমর রাযিয়াল্লাহু আনহুর নিকট পাঠানো উচিত। তারপর তিনি হালুয়া প্রস্তুত করালেন। এবং তারপর সেগুলোকে বাক্সবদ্ধ করে চামড়া দিয়ে মুখ আটকে দিয়ে মদীনায় উমর রাযিয়াল্লাহু আনহুর নিকট পাঠিয়ে দিলেন। উমর রাযিয়াল্লাহু আনহু সেগুলো গ্রহণ করলেন এবং তার স্বাদও চেখে দেখলেন। এই হালুয়া তিনি অত্যন্ত পছন্দ করলেন। তারপর উমর রাযিয়াল্লাহু আনহু হালুয়া বহনকারীকে জিজ্ঞাসা করলেন, 'সেখানকার মুহাজিররা কি তৃপ্তিসহকারে এ-ধরনের হালুয়া খেতে পায়?' বাক্স বহনকারী নেতিবাচক জবাব দিলেন। আর বললেন, 'এগুলো কেবল আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।'
এ কথা শোনার পর উমর রাযিয়াল্লাহু আনহু আজারবাইযানে উতবা ইবনে ফারকাদ রাযিয়াল্লাহু আনহুর নিকট হালুয়াগুলো ফেরত পাঠালেন। তারপর উতবা রাযিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে পত্র লিখলেন :
উতবা, তোমার পাঠানো উপহার তোমার আর তোমার বাবার কামাই না। সফরকালে তুমি যেই খাদ্য গ্রহণ করবে, সকল মুসলমানের জন্য সেই খাদ্যের বন্দোবস্ত করবে। আরাম-আয়েশ পরিহার করে চলবে। মুশরিকদের পোশাক পরবে না। রেশমি কাপড় থেকে দূরে থাকবে। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেশমি কাপড় পরতে নিষেধ করেছেন। ৭০
ঘটনাটি বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে। সেগুলো একটি অপরটির সমার্থক।
তার পর থেকে উতবা রাযিয়াল্লাহু আনহু উমর রাযিয়াল্লাহু আনহুর খেলাফতের বাকি দিনগুলো এবং উসমান রাযিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম দিকে আজারবাইজানের গভর্নর ছিলেন। এ ছাড়াও ইরাক ও পারস্যের বিভিন্ন অঞ্চলে উমর রাযিয়াল্লাহু আনহুর নিয়োগকৃত আরও একাধিক গভর্নর ছিল। কিছু গভর্নর এমনও ছিল, যারা নিজ নিজ প্রদেশে অনেকটা স্বাধীন ছিলেন। কিছু অঞ্চল ইরাকের দুই বড় শহর কুফা ও বসরার অধীন ছিল। কেননা, এই দুই প্রদেশ ছিল ইরাক ও পারস্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনার প্রধান কেন্দ্র। এই আলোচনায় উল্লেখিত প্রদেশগুলো ছাড়াও ছোট ছোট আরও কিছু প্রদেশ ছিল, যার জন্য আলাদা গভর্নর ছিল। যেমন: মসুল, হালওয়ান, কাসকার ইত্যাদি।

টিকাঃ
৭০ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/১৩৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00