📄 তায়েফ
উমর রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তায়েফ গুরুত্বপূর্ণ ইসলামী শহর হিসাবে গণ্য হতো। এখান থেকে জিহাদী কর্মকাণ্ডে শক্তিশালী মুজাহিদদের প্রেরণ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে উসমান ইবনে আবুল আস রাযিয়াল্লাহু আনহু এখানকার ওয়ালি (গভর্নর) ছিলেন। আবু বকর সিদ্দিক রাযিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে উসমান রাযিয়াল্লাহু আনহুকে একই পদে বহাল রাখেন। উমর ফারুক রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকালেও তিনি দুই বছর পর্যন্ত এখানকার গভর্নর ছিলেন। কিন্তু সব সময় তার অন্তর জিহাদের জজবায় ব্যাকুল থাকত। এ-সময় তিনি জিহাদে অংশগ্রহণ করার অনুমতি চেয়ে উমর রাযিয়াল্লাহু আনহুর নিকট পত্র লিখলেন। উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, এই পদ থেকে আমি আপনাকে অব্যাহতি দিতে পারি না। তাই আপনি তায়েফবাসীদের মধ্য থেকে আপনার পছন্দসই একজনকে নায়েব বা সহকারী নিযুক্ত করুন। পরবর্তী সময়ে উমর রাযিয়াল্লাহু আনহু উসমান ইবনে আবুল আস রাযিয়াল্লাহু আনহুকে আম্মান ও বাহরাইনের গভর্নর নিযুক্ত করেছিলেন।
ঐতিহাসিক বর্ণনায় এই তথ্য পাওয়া যায় যে উমর রাযিয়াল্লাহু আনহু যখন ইনতিকাল করেন, তখন তায়েফের গভর্নর ছিলেন সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি রাযিয়াল্লাহু আনহু। এ-সময় তার ও উমর রাযিয়াল্লাহু আনহুর মাঝে মধু, ফল, সবজি ইত্যাদির যাকাত আদায়প্রসঙ্গে চিঠিপত্রের মাধ্যমে আলাপ-আলোচনা চলছিল। আর এর দ্বারা প্রমাণিত হয় যে উমর রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তায়েফ ছিল কৃষিকাজে সমৃদ্ধ ও উর্বর শহর। তার খেলাফতের সময়ে তায়েফ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের লোকজন বেশ সুখে-শান্তিতে জীবনযাপন করত। মক্কার লোকেরা গ্রীষ্মকালীন উত্তাপ থেকে বাঁচার জন্য তায়েফের সুন্দর মনোরোম পরিবেশে আসত। এভাবে উমর রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তায়েফ হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ ইসলামী শহর।
টিকাঃ
* তারিখু খালিফাতি ইবনি খাইয়াত, ১৩৪।
* তারিখ আত-তাবারি, ৫/২৩৯।
* নাদিয়া হুসাইন সাকারকৃত আততায়িফ ফিল আসরিল জাহিলি ওয়াসাদরিল ইসলাম, ১৯।
১০ নাদিয়া হুসাইন সাকারকৃত আততায়িফ ফিল আসরিল জাহিলি ওয়াসাদরিল ইসলাম, ১৯।
১১ আল-বিলায়াতু আলাল বুলদান, ১:৬৯।
📄 ইয়ামান
উমর রাযিয়াল্লাহু আনহু যখন খেলাফতের মসনদে অধিষ্ঠিত হন, তখন ইয়ামান অত্যন্ত নিরাপদ ও স্থিতিশীল অবস্থায় ছিল। ইয়ামান ও তার আশপাশ এলাকার আমির, অফিসার ও দায়িত্বশীলদের উন্নত নৈতিকতার কারণে সেখানকার সার্বিক অবস্থা ও ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। উমর রাযিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে ইয়ামানেও আবু বকর রাযিয়াল্লাহু আনহুর নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পদে বহাল রাখেন।১২
ইয়ালা ইবনে উমাইয়া রাযিয়াল্লাহু আনহু ছিলেন আবু বকর রাযিয়াল্লাহু আনহুর নিয়োগকৃত ইয়ামানের গভর্নর। তিনি উমর রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকালেও ইয়ামানের গভর্নর ছিলেন। উমর রাযিয়াল্লাহু আনহুর যুগে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। ইতিহাসবিদরা লেখেন, ইয়ালা রাযিয়াল্লাহু আনহুর সুনাম-সুখ্যাতির কারণে লোকজনের মাঝে এমনও ধারণা সৃষ্টি হয়েছিল যে ইয়ামানের গভর্নরের দায়িত্ব থেকে অব্যাহতির পর তিনিই হবেন উমর রাযিয়াল্লাহু আনহুর নায়েব। উমর রাযিয়াল্লাহু আনহুর ইনতিকাল পর্যন্ত বিষয়টি মানুষের মাঝে এভাবেই চর্চিত হয়ে আসছিল।১৩
ঐতিহাসিকসূত্রে ইয়ামানের গভর্নর ইয়ালা ইবনে উমাইয়া রাযিয়াল্লাহু আনহু সম্পর্কে এমন কিছু ঘটনা পাওয়া যায়, যার দ্বারা প্রতীয়মান হয়, কোনো কোনো ইয়ামানির সঙ্গে কিছু বিষয়ে তার মতানৈক্যও ছিল। এমনকি কিছু কিছু বিষয়ে কোনো কোনো ইয়ামানি তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে উমর রাযিয়াল্লাহু আনহুর নিকট হাজির হতো। তাদের দায়েরকৃত অভিযোগ যাচাই-বাছাই এবং বিবাদ মীমাংসার জন্য উমর রাযিয়াল্লাহু আনহু কয়েকবারই ইয়ালা রাযিয়াল্লাহু আনহুকে মদীনায় তলব করেন। ফলে তাকে বাধ্য হয়ে মদীনায় আসতে হতো।১৪
উমর রাযিয়াল্লাহু আনহু ইয়ালা রাযিয়াল্লাহু আনহুর অনুপস্থিতিতে কখনো কখনো অন্যকাউকে তার নায়েব নিযুক্ত করতেন। যাকাতসংক্রান্ত কিছু বিষয়ে ইয়ালা রাযিয়াল্লাহু আনহু ও উমর রাযিয়াল্লাহু আনহুর মাঝে চিঠিপত্রের মাধ্যমে মতোবিনিময়ও হয়েছিল।১৫
ইয়ালা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি সেসব গভর্নরের একজন, যাদের ব্যক্তিগত সম্পত্তি স্বাভাবিক আয়-রোজগারের চেয়ে বেশি হওয়ার কারণে উমর রাযিয়াল্লাহু আনহু খেলাফতের শেষ দিনগুলোতে লোকজনের মাঝে বণ্টন করে দিয়েছিলেন।১৬
উমর রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন ইয়ামানের গভর্নরদের নামের তালিকায় আবদুল্লাহ ইবনে রাবিয়া মাখযুমি রাযিয়াল্লাহু আনহুকেও পাওয়া যায়। তবে সম্ভবত তিনি ইয়ামানের একটি নির্দিষ্ট অঞ্চলের হাকিম ছিলেন। সেই অঞ্চলটির নাম জুনদ। ইমাম তাবারি উমর ফারুক রাযিয়াল্লাহু আনহুর যুগের শেষ সময়কার গভর্নরদের নাম উল্লেখ করেছেন। সেখানে তিনি ইয়ালা রাযিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর লিখেছেন। সেখানে তিনি এ কথাও স্পষ্ট করেছেন যে উমর রাযিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আবদুল্লাহ ইবনে রাবিয়া মাখযুমি রাযিয়াল্লাহু আনহু ইয়ামানের জুনদ অঞ্চলের হাকিম নিযুক্ত হয়েছিলেন।১৭
উমর ইবনে খাত্তাব রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ইসলামী বিজয়সমূহে ইয়ামানের অধিবাসীদের মৌলিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা শাম, ইরাক ও মিসর বিজয়ের ক্ষেত্রে বরাবর অংশগ্রহণ করেন।১৮ এবং তারপর যখন ইরাকের বিভিন্ন এলাকা বাসযোগ্য করে কুফা ও বসরার মতো নতুন নতুন শহরের গোড়াপত্তন করা হয়, তখন বহু ইয়ামানি কবিলা সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাদের মধ্যে সবচেয়ে বড় কবিলার নাম ছিল কিনদা। তারা ব্যাপকভাবে কুফায় নিবাস স্থাপন করেছিল।১৯ এমনিভাবে বহু ইয়ামানি কবিলা শামে বসবাস শুরু করে। তা ছাড়া শাম বিজয়ে তাদের অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল। যখন মিসরের রাজধানী ফুসতাত আবাদ করার হয়, তখনও সেখানে কিছু ইয়ামানি কবিলা স্থানান্তরিত হয়ে যায়।
মোটকথা, উমর ফারুক রাযিয়াল্লাহু আনহুর যুগে হিজরতের জন্য কিছু কিছু ইয়ামানি কবিলার তালিকা প্রস্তুত করে রাখা হয়েছিল। কোন শহরে কোন কবিলা যাবে, তার তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে ইয়ামানের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এভাবেই উমর রাযিয়াল্লাহু আনহুর যুগে ইয়ামান হয়ে উঠতে পেরেছিল একটি গুরুত্বপূর্ণ ইসলামী প্রদেশ। এবং দেশীয় রাজনীতিতে অন্যান্য প্রদেশের তুলনায় ইয়ামানের প্রভাব এবং রাজনৈতিকভাবে এখানকার সরকারি কর্মকর্তাদের অবদান বেশ গুরুত্বের দাবি রাখে।
টিকাঃ
১২ ইয়াহয়া আলহুসাইনকৃত গায়াতুল আমানি ফি আখবারিল কাতরিল ইয়ামানি, ১:৮৩
১৩ তারিখ আত-তাবারি, ২/১৫৭১।
১৪ গায়াতুল আমানি, ১/৮৩।
১৫ কাসেম ইবনে সালামকৃত আলআমওয়াল, ৪৩৬।
১৬ তারিখ আল-ইয়াকুবি, ৯/৮৩।
১৭ তারিখ আত-তাবারি, ৫/২৩৯।
১৮ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭১।
১৯ ড. ইসামুদ্দীনকৃত আলইয়ামান ফি যিললিল ইসলাম, ৪৯।
📄 বাহরাইন
উমর রাযিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি আবু বকর রাযিয়াল্লাহু আনহুর নিয়োগকৃত বাহরাইনের গভর্নর ছিলেন আলা ইবনে হাযরামি রাযিয়াল্লাহু আনহু। উমর রাযিয়াল্লাহু আনহু খেলাফতের প্রথম দিনগুলোতে আলা ইবনে হাযরামি রাযিয়াল্লাহু আনহুকে স্বপদে বহাল রাখেন। আর গ্রহণযোগ্য মতানুযায়ী, এর সময়কাল ছিল ১৪ হিজরি পর্যন্ত। ২০
আলা ইবনে হাযরামি রাযিয়াল্লাহু আনহু পারস্যের বিভিন্ন এলাকায় সংঘটিত প্রাথমিক যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেন। সেসব যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আলা ইবনে হাযরামির গভর্নর থাকার শেষদিন উমর রাযিয়াল্লাহু আনহু তাকে বাহরাইন থেকে অপসারণ করে বসরার গভর্নর নিযুক্ত করেন। আলা ইবনে হাযরামি রাযিয়াল্লাহু আনহু পরিবর্তনের বিষয়টি খুব অপছন্দ করেছিলেন। কিন্তু বসরায় পৌঁছার পূর্বেই তার ইনতিকাল হয়ে যায়। বাহরাইনেই তাকে দাফন করা হয়। বাহরাইন থেকে তার অপসারণের কারণ হিসাবে বলা হয়, তিনি উমর রাযিয়াল্লাহু আনহুর অবগতি ও অনুমতি ছাড়াই নৌপথে পারস্যের ওপর আক্রমণ করেন। উমর রাযিয়াল্লাহু আনহু মুসলিম সেনাদের নৌপথে সমুদ্র অতিক্রম করার ব্যাপারটি একদম পছন্দ করতেন না।
আলা ইবনে হাযরামি রাযিয়াল্লাহু আনহুর ইনতিকালের পর বাহরাইনের গভর্নর নিযুক্ত হন উসমান ইবনে আবুল আস রাযিয়াল্লাহু আনহু। তিনি বাহরাইনের পার্শ্ববর্তী পারস্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা করেন। ধীরে ধীরে তার বিজিত এলাকা সিন্ধু পর্যন্ত বিস্তৃতি লাভ করে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে আদেশ করেছিলেন বিজয় ও সামরিক কর্মকাণ্ডে বসরার গভর্নর আবু মুসা আশআরী রাযিয়াল্লাহু আনহুর সাহায্য গ্রহণ করবে। তার পর থেকে বসরার পথ ধরে পারস্যের বিভিন্ন রণাঙ্গনে উভয় প্রদেশের সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আক্রমণ অব্যাহত রাখেন। ২১
উসমান ইবনে আবুল আস রাযিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত আল্লাহওয়ালা, উত্তম ও সুন্দর স্বভাবের অধিকারী। তিনি সব সময় হারাম কর্মকাণ্ড থেকে দূরে থাকতেন। ২২ উসমান ইবনে আবুল আস রাযিয়াল্লাহু আনহু উমর রাযিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে ভিন্ন দুই সময়ে দুইবার বাহরাইনের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। প্রথমবার ১৫ হিজরি-সনে তাকে গভর্নর বানানো হয়। কিন্তু পরবর্তী সময়ে বসরার কিছু এলাকায় ইসলামী সেনাবাহিনীর নেতৃত্ব এবং বিজয়ের ধারা অব্যাহত রাখার জন্য তার প্রয়োজন অনুভূত হয়। তাই বাহরাইন থেকে তাকে ডেকে পাঠানো হয়। বাহরাইনের পরবর্তী গভর্নর নিযুক্ত করা হয় আইয়াশ ইবনে আবু সাওর রাযিয়াল্লাহু আনহুকে। ২৩ আইয়াশ রাযিয়াল্লাহু আনহুর শাসনামল ছিল খুবই কম সময়ের জন্য। তার পর কুদামা ইবনে মাযউন রাযিয়াল্লাহু আনহুকে উমর রাযিয়াল্লাহু আনহু সেখানকার গভর্নর নিযুক্ত করেন। কুদামা রাযিয়াল্লাহু আনহু আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহুর সঙ্গে থাকতেন। ইতিপূর্বে তিনি বাহরাইনের বিচারপতি ছিলেন। প্রাদেশিক অন্যান্য দায়িত্বও তার কাঁধে ছিল। তিনি যতদিন বাহরাইনের গভর্নর ছিলেন, মানুষ তার খুব প্রশংসা করেছে। কিন্তু গভর্নর থাকার শেষ দিনগুলোতে তার প্রতি এই অপবাদ আরোপ করা হয় যে তিনি মদ পান করেন। যাচাই-বাছাইয়ের পর অপবাদের বিষয়টা সত্য প্রমাণিত হয়। ফলে উমর রাযিয়াল্লাহু আনহু তার ওপর মদ্যপানের শরয়ি দণ্ডবিধি হদ প্রয়োগ করেন। কুদামা ইবনে মাযউন রাযিয়াল্লাহু আনহু ছিলেন উমর রাযিয়াল্লাহু আনহুর সন্তান আবদুল্লাহ রাযিয়াল্লাহু আনহু এবং উম্মুল মুমিনীন হাফসা রাযিয়াল্লাহু আনহার মামা। ২৪
উমর রাযিয়াল্লাহু আনহুর এই সংশোধনমূলক আচরণে কুদামা রাযিয়াল্লাহু আনহু তার প্রতি ভীষণ ক্ষুব্ধ হন। কিন্তু আমীরুল মুমিনীন তাকে বুঝাবার জন্য অবিরাম চেষ্টা করতে থাকেন। তিনি তাকে বলেছিলেন, 'দেখো, আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি এসে আমাকে বলল, 'কুদামাকে সংশোধন করে নাও। সে তোমার ভাই।”২৫ এক বর্ণনা অনুযায়ী কুদামা রাযিয়াল্লাহু আনহুকে ২০ হিজরি-সনে বাহরাইনের গভর্নর পদ থেকে বরখাস্ত করা হয়। ২৬
কুদামা রাযিয়াল্লাহু আনহুর পর বাহরাইনের গভর্নরের দায়িত্ব আসে বিখ্যাত সাহাবী আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহুর হাতে। বিগত কুদামা ইবনে মাযউন রাযিয়াল্লাহু আনহুর শাসনামল থেকে আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু প্রাদেশিক বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন সেসব সাক্ষীর একজন, যারা মদ্যপানের ব্যাপারে কুদামা রাযিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। মোটকথা, উমর রাযিয়াল্লাহু আনহু কুদামা রাযিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করার পর আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহুকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করেন। ২৭
তারপর আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহুর পর উসমান ইবনে আবুল আস সাকাফি রাযিয়াল্লাহু আনহুকে পুনরায় বাহরাইনের গভর্নর নিযুক্ত করেন। উমর রাযিয়াল্লাহু আনহুর ইনতিকাল পর্যন্ত তিনি সেখানকার গভর্নর ছিলেন।২৮ বহু ঐতিহাসিক বর্ণনায় আম্মানকে বাহরাইন প্রদেশের একটি অঞ্চল বলে উল্লেখ করা হয়েছে। এভাবে কিছু কিছু বর্ণনায় যেখানে উসমান ইবনে আবুল আস রাযিয়াল্লাহু আনহুকে গভর্নর হিসাবে উল্লেখ করা হয়েছে, সেখানে এ কথাও বলা হয়েছে যে তিনি বাহরাইন ও ইয়ামামার গভর্নর ছিলেন। ২৯
শেষোক্ত উভয় বর্ণনা দ্বারা এ কথা প্রতীয়মান হয় যে বাহরাইনের সঙ্গে আম্মান ও ইয়ামামার একরকম গভীর সম্পর্ক ছিল। আর এটাও সম্ভব যে উমর ফারুক রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকালে এই এলাকা দুটি বাহরাইনের অংশ হিসাবেই গণ্য হতো। আর এ কথাও বিস্মৃত হলে চলবে না যে ভৌগোলিক বিবেচনায় এবং মানুষের অত্যধিক যাতায়াতের কারণে আম্মান ও ইয়ামামার সঙ্গে বাহরাইনের গড়ে উঠেছিল নিবিড় সম্পর্ক।
এ ছাড়াও বহু ইতিহাসবিদ বরাবরই ‘বাহরাইন ও তার পার্শ্ববর্তী অঞ্চল’ এমনিভাবে 'বাহরাইনের সঙ্গে সম্পৃক্ত অঞ্চল' বলে সম্ভবত আম্মান ও ইয়ামামার কথা বোঝাতেন। বাহরাইন ছিল জিযিয়া ও খারাজ আদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর দ্বারা বোঝা যায় সেকালে বাহরাইন ছিল সমৃদ্ধ ও সম্পদশালী প্রদেশ। বাহরাইনের বহু মুসলিম কবিলা এবং সেখানকার নেতৃস্থানীয় লোকজন পারস্য এবং প্রাচ্যদেশীয় বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন। সেসব জায়গার বিজয়সমূহে তাদের বেশ গুরুত্বপূর্ণ অবদান ছিল।৩০
টিকাঃ
২০ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭৫।
২১ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭৩।
২২ সিয়ারু আলামিন নুবালা, ২/৩৭৪।
২৩ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭৩।
২৪ আত-তাবাকাত, ৫/৫৬০; তারিখ আল-মাদিনা, ৩/৮৪৩; আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭৩।
২৫ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭৪।
২৬ আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৭/১০১।
২৭ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭৫।
২৮ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭৫।
২৯ তারিখ আত-তাবারি, ৫/২৩৯।
৩০ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭৬।
📄 মিসর
আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহু মিসর বিজয় করেন (ইনশাআল্লাহ, মিসরবিজয়ের বিস্তারিত আলোচনা 'বিজয় অভিযান' পরিচ্ছেদে উল্লেখ করা হবে)। উমর রাযিয়াল্লাহু আনহু তাকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন। তার পরেও তিনি কিছু কিছু বিষয়ে উমর রাযিয়াল্লাহু আনহুর মতের বিরুদ্ধে কাজ করেছেন। যার ফলে উমর রাযিয়াল্লাহু আনহু তার সাথে সংশোধনী আচরণ করেন। এর বাইরে তিনি উমর রাযিয়াল্লাহু আনহুর খেলাফতের পুরো সময়ব্যাপী মিসরের গভর্নর ছিলেন। আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহু ছিলেন মিসরের গভর্নর জেনারেল। তার অধীনে মিসরের ছোট ছোট বিভিন্ন এলাকায় স্বতন্ত্র আমীর ও ওয়ালি (গভর্নর) নিযুক্ত ছিলেন। যেমন : আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবু আসরাহ রাযিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়, উমর রাযিয়াল্লাহু আনহুর ইনতিকালের সময় তিনি মিসরের 'সায়িদ' এলাকার নির্ধারিত ওয়ালি বা গভর্নর ছিলেন। ৩১
এখানে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহুর মিসরের গভর্নর থাকাকালে অধিকাংশ সময় উমর রাযিয়াল্লাহু আনহু বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করতেন। ৩২
আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহু গভর্নর থাকাকালে খারাজ ও জিযিয়ার ব্যাপারে কিবতিদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে উপকৃত হতেন। এভাবে তাকে নির্দেশনাও দেওয়া হয়েছিল।৩৩ তার ব্যাপারে এ কথা প্রসিদ্ধ ছিল যে তিনি উমর রাযিয়াল্লাহু আনহুর আদেশে সৈনিকদের চাষাবাদ ও কৃষিকাজে ব্যস্ত হতে এবং এর দ্বারা সরাসরি উপকৃত হতে নিষেধ করে দিয়েছিলেন। আর যারা এই আদেশের বিরোধিতা করত, তাদের শাস্তি প্রদান করতেন। ৩৪
এই নিষেধাজ্ঞার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো মুসলিম সৈনিকদের সব সময় কঠিন পরিশ্রমধর্মী কাজের জন্য প্রস্তুত থাকতে হতো, যাতে তারা অলস ও অবসাদগ্রস্ত হয়ে না পড়ে এবং শুধু কৃষি ও চাষাবাদ নিয়েই ব্যস্ত না থাকে। আর এ জন্যই তাদের সরকারি কোষাগার থেকে পর্যাপ্ত বেতন- ভাতা দেওয়া হতো। উমর রাযিয়াল্লাহু আনহুর নিয়মিত তদারকি ও নজরদারির কারণে আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহু কয়েক বছরের মধ্যে প্রদেশ ও তার যাবতীয় বিষয় সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে মিসর উন্নীত হতে পেরেছিল মুসলিম জাহানের একটি গুরুত্বপূর্ণ প্রদেশে। রাজ্যের সর্বত্র নিরাপত্তা ও শান্তি বিরাজ করার দ্বারা এটাই প্রতীয়মান হয়। তা সত্ত্বেও চারদিক থেকে রোমানদের প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কা তাকে অস্থির করে তুলেছিল। তারা বারবার নৌপথে আলেক্সজান্দ্রিয়া আক্রমণ করে পুনরায় মিসরে আধিপত্য বিস্তার করতে চাচ্ছিল।
উমর রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ইসলামের প্রচার-প্রসারে এই অঞ্চলটি বেশ উর্বর এবং অনুকূল প্রমাণিত হয়েছিল। কেননা, এখানকার অধিবাসীরা ন্যায় ও ইনসাফ, দয়া ও অনুগ্রহের এমন বাণী ও আচরণের মুখোমুখি হয়, যা তারা কখনোই দেখেনি। তাই তারা ইসলামের সত্যতা এবং তার সহজ ও স্পষ্ট শিক্ষায় আশ্বস্ত হতে পেরেছিল। ফলে তারা ইসলাম গ্রহণ করে নিয়মতান্ত্রিক মুসলিম সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যায়। মিসরে সরকারি এবং বিভিন্ন অফিসিয়াল কার্যক্রম অত্যন্ত সহজ ও সুন্দরভাবে সম্পন্ন হতো। আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহু ছিলেন মিসরে গভর্নর জেনারেল। তিনিই খারাজ গ্রহণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। যদিও তিনি ছিলেন গভর্নর জেনারেল এবং প্রাদেশিক কর্মকাণ্ডের প্রধান নির্বাহী; তারপরেও তিনি মিসরের বিভিন্ন এলাকায় অধীন গভর্নর ও কর্মকর্তা নিয়োগ দিয়েছিলেন। প্রাদেশিক কর্মকাণ্ডে তিনি তাদের থেকে সহযোগিতা গ্রহণ করতেন। তবে উমর রাযিয়াল্লাহু আনহুর সামনে একটি বিশাল প্রদেশের গভর্নর জেনারেল ও প্রধান নির্বাহী হিসাবে সকল বিষয়ে আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহুকেই জবাবদিহি করতে হতো। খারাজসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে তিনি রাজ্যের দক্ষ ও অভিজ্ঞ লোকদের কাজে লাগাতেন।
টিকাঃ
৩১ ফুতুহু মিসর, ১৭৩।
৩২ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৭৯।
৩৩ ফুতুহু মিসর ওয়া আখবারিহা, ১৫২।
৩৪ আল-বিলায়াতু আলাল বুলদান, ১/৮২।