📘 উমর ইবনুল খাত্তাব রা: জীবন ও কর্ম > 📄 তার জীবন ও পরিবার

📄 তার জীবন ও পরিবার


উমর রাযিয়াল্লাহু আনহু বলেছেন, 'শাসক যতক্ষণ আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তার জনগণও তার সাথে ঠিক ততক্ষণ প্রতিশ্রুতি রক্ষা করতে থাকে। আর শাসক সততা রক্ষা না করলে জনগণও তার প্রতি সৎ থাকতে পারে না।'
উমর রাযিয়াল্লাহু আনহু নিজের এবং পরিবারের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। লোকজন তাকে এবং আর পরিবারকে যে খুব তীক্ষ্ণভাবে খেয়াল করত, তা জানতেন। নিজের পরিবারকে অবাধ স্বাধীনতা দিয়ে রাখলে আখেরাতে পাকড়াও হতে হবে, সেই সাথে আবার দুনিয়াতেও মানুষের হাতে অপদস্থ হতে হবে। তিনি সাধারণ মানুষকে কোনো কিছু থেকে বিরত থাকতে নির্দেশ দিলে বাড়িতে গিয়ে নিজের পরিবারকে বলতেন, 'আমি লোকজনকে এই এই কাজ করতে নিষেধ করেছি। পাখি যেমন গোশতের টুকরার দিকে নযর রাখে তারা ঠিক সেভাবে তোমাদের দিকে নজর রাখবে। তোমরা আইন লঙ্ঘন করলে তারাও করবে। তোমরা সংযত থাকলে তারাও সংযত থাকবে। আল্লাহর কসম, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আমার সামনে কাউকে হাজির করা হলে আত্মীয়তার কারণে আমি তাকে দ্বিগুণ শাস্তি দেব। এখন তোমরা অপরাধ করলে করো, আর সংযত থাকলে থাকো।'
তিনি তার স্ত্রী, সন্তান এবং আত্মীয়-স্বজনকে অনেক বেশি নযরদারীতে রাখতেন। এর কয়েকটি উদাহরণ নিচে উল্লেখ করা হলো:
২.২.১। নাগরিক সুবিধা
পক্ষপাতিত্ব না হয়ে যায়, সেই আশংকায় উমর রাযিয়াল্লাহু আনহু তার পরিবারকে সব রকম নাগরিক সুবিধা ভোগ করা থেকে বিরত থাকতে বলতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাযিয়াল্লাহু আনহু বলেছেন, 'আমি কতগুলো উট কিনেছিলাম। সেগুলো আল-হিমায় (রাষ্ট্র নির্ধারিত চারণভূমি) নিয়ে যেতাম। পশুগুলো মোটাতাজা হওয়ার পরে বিক্রির করতে নিয়েছি। বাজারে সেই হৃষ্টপুষ্ট পশুগুলো উমর রাযিয়াল্লাহু আনহুর চোখে পড়ল। তিনি বললেন, 'এগুলো কার উট?' আব্দুল্লাহ ইবনে উমর রাযিয়াল্লাহু আনহুর নাম বলা হলো। তিনি বলতে লাগলেন, 'আমীরুল মুমিনিনের পুত্র, আব্দুল্লাহ ইবনে উমর, কোথাকার উট এগুলো?' আমি বললাম, 'আমার কেনা উট। আর দশটা মুসলমানের মতই এগুলোকে আল-হিমায় চরাতাম।' তিনি বললেন, 'আর সেখানে তারা বলতো- খলীফার ছেলের উটের যত্ন নাও, খলীফার ছেলের উটগুলোকে পানি খাওয়াও- তাই না? আব্দুল্লাহ ইবনে উমর, এগুলো বিক্রি করে লাভের টাকাটা মুসলিমদের বাইতুল মালে জমা করে দিও।'
২.২.২। জালুলার গনীমত থেকে কেনাকাটা করায় সন্তান আব্দুল্লাহকে তলব
আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, 'আমি পারস্যের জালুলা যুদ্ধে উপস্থিত ছিলাম। চল্লিশ হাজার দিরহাম দিয়ে গনীমতের কিছু জিনিস কিনে নিয়েছিলাম। উমর রাযিয়াল্লাহু আনহু এসে বললেন, 'তোমাকে আগুনের সামনে নিয়ে যদি বলা হতো মুক্তিপণ দাও। তুমি কি তা দিতে না? কথাটা বললাম কারণ, বিক্রির সময় লোকজন হয়তো তোমাকে দেখে বলবে, 'উনি আব্দুল্লাহ ইবনে উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী এবং খলীফার পুত্র, তার সবচেয়ে প্রিয় মানুষ।' এ কথাতো সত্য। তাই তোমাকে কম দাম ধরে মালামাল দিয়ে দেবে। গনীমত বণ্টনের দায়িত্ব এখন আমার উপরে ন্যস্ত। সুতরাং আমি একজন কুরাইশ ব্যবসায়ীর মতো সর্বোচ্চ লাভ রেখে তোমার জিনিসের দাম ধার্য করছি। তুমি প্রতি দিরহামের জন্য এক দিরহাম করে লাভ নিতে পারবে।' অতঃপর তিনি ব্যবসায়ীদের ডেকে চার লক্ষ দিরহামে আমার জিনিস বিক্রি করে দিলেন। আমাকে দিলেন আশি হাজার দিরহাম। আর বাকি অর্থ সা'দ ইবনে আবি ওয়াক্কাসকে দিতে বলেন।'
২.২.৩ আত্মীয়তার অজুহাতে সুবিধার সুযোগ না নেওয়া
আসলাম থেকে বর্ণিত, 'উমর রাযিয়াল্লাহু আনহুর দুই ছেলে, আব্দুল্লাহ এবং উবায়দুল্লাহ সৈন্যদের সাথে ইরাকে গিয়েছিলেন। ফেরার পথে বসরার গভর্নর আবু মুসা আল-আশ'আরীর সাথে দেখা হলো। তিনি অভ্যর্থনা জানালে তারা বললেন, 'আপনার জন্য কিছু করার থাকলে বলুন, করব।' তিনি বললেন, 'আমার কাছে আল্লাহ তা'আলার কিছু মাল আছে। এগুলো খলীফার কাছে পাঠাতে চাচ্ছি। আপনাকে ইরাকী কিছু মালামাল ধার দেবো। সেগুলো মদীনায় বিক্রি করে লাভটা রেখে দেবেন আর খলীফাকে মূলধনটুকু পৌঁছে দেবেন।' তারা সম্মত হলেন। তিনি উমর রাযিয়াল্লাহু আনহুকে সব জানিয়ে চিঠি লিখলেন। তারা উমর রাযিয়াল্লাহু আনহুর কাছে গেলে তিনি বললেন, 'তিনি তোমাদের মতো অন্য সেনাদেরকেও কি একইভাবে ধার দিয়েছেন?’ তারা জবাব দিলেন, ‘না’। উমর রাযিয়াল্লাহু আনহু এবার বললেন, ‘আমাকে লাভসহ জিনিসগুলো দাও।’ আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু কিছু বললেন না। কিন্তু উবায়দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ‘আমীরুল মুমিনীন, আপনার কাজটা ঠিক হচ্ছে না। পথে এই অর্থ নষ্ট হলে কিংবা হারিয়ে গেলে আমরা কিন্তু ঠিকই এর ক্ষতিপূরণ দিয়ে দিতাম।’ তিনি বললেন, ‘আমাকে অর্থটাই দিয়ে দাও।’ আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু এবারও চুপ। ওদিকে উবায়দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু একই কথা বলতে লাগলেন। সেখানে বসা এক ব্যক্তি বুদ্ধি দিলেন, ‘আপনারা এই অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন না কেন?’ তখন উমর রাযিয়াল্লাহু আনহু এবং তার দুই ছেলে লাভের আধাআধি ভাগ করে নিলেন। বলা হয়, এটাই ছিল ইসলামের প্রথম অংশীদারী ব্যবসা।
২.২.৪। আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর পরিবর্তে উসামা ইবনে যায়েদকে প্রাধান্য দিলেন
আমরা জানি যে, উমর রাযিয়াল্লাহু আনহু সম্পদ বণ্টনের দায়িত্বে ছিলেন। দানের বেলায় তিনি ইসলাম কবুলে অগ্রণী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পর্কে এগিয়ে থাকা লোকজনকে বিশেষ গুরুত্ব দিতেন। ফলে তিনি একবার উসামা ইবনে যায়েদ রাযিয়াল্লাহু আনহুকে দিলেন চার হাজার দিরহাম। আর আব্দুল্লাহ ইবনে উমর রাযিয়াল্লাহু আনহুকে দিলেন তিন হাজার। তিনি বললেন, ‘বাবা, আপনি উসামাকে চার হাজার দিলেন আর আমাকে দিলেন তিন হাজার? তার বাবা আর আপনি কি সমান মর্যাদার নন? আমার আর তার যোগ্যতা কি এক নয়?’ উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, ‘আমার চাইতে তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশি প্রিয় ছিলেন। আবার তোমার চাইতেও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশি প্রিয় ছিল’।
আসিম ইবনে উমর উল্লেখ করেছেন, 'উমর আমাকে ডাকতে ইয়ারাফাকে (তার মুক্তকৃত খাদেম) পাঠিয়েছিলেন। আমি গিয়ে দেখি তিনি মসজিদে বসা। আল্লাহর প্রশংসা করে বলতে লাগলেন, 'আমার হক বাদে, আমাকে কোনো সম্পদের দায়িত্ব না দেওয়া পর্যন্ত তা আমার জন্য জায়েয নয়। আবার আমাকে যখন এর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় তখন কোনোভাবেই তা আমার জন্য না-জায়েয নয়। আমি আল্লাহর মাল থেকে আপনাকে এক মাসের খরচ দিয়েছি, এখন আর দিতে পারবো না। আপনাকে আল-আ'লিয়ার পণ্য দিয়েছি। এর মূল্য রাখুন আর আপনাদের অন্তর্গত কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে থাকতে শুরু করুন। সে যদি কেনা-বেচা করে তবে তার অংশীদার হয়ে আপনার এবং আপনার পরিবারের জন্য খরচ চালিয়ে নিন।' আমি গিয়ে তা-ই করলাম।'
২.২.৬। 'মুআ'ইকিব, এগুলো বায়তুল মালে জমা দাও'
মুআ'ইকিব বর্ণনা করেছেন, 'উমর দুপুরের দিকে আমাকে যেতে বলেছিলেন। আমি গিয়ে দেখি, তিনি তার ছেলে আসিমের কাছে অর্থ চাচ্ছেন। তিনি আমাকে দেখে বললেন, 'তুমি জান, সে কী কাণ্ড করেছে? ইরাকে গিয়ে খলীফার ছেলে পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে অর্থ চেয়ে বসেছে। তখন তারা পাত্র, রূপা আর অন্যান্য জিনিসের সাথে কারুকাজ করা এই তরবারীটিও দিয়ে দিয়েছে।' আসিম বলল, 'আমি আবার কী করলাম? লোকেদের কাছে যাওয়ার পরে তারাই আমাকে এগুলো দিল।' উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'মুআ'ইকিব, এগুলো বায়তুল মালে জমা দাও।'
নিজের পদমর্যাদার কারণে তিনি সহায়-সম্পদের ক্ষেত্রে এমন সাবধানতা অবলম্বন করতেন। যখন তার মনে হলো যে, তার সন্তান আসিম খলীফাপুত্রের পরিচয়ে সেসব অর্জন করেছে, তখন তা রেখে দেওয়াটা তার জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। যেহেতু সে নিজে সেসব অর্জন করেনি, তাই নিশ্চিন্ত হতে পারছিলেন না।
২.২.৭। উমর রা.-এর স্ত্রী আতিকা এবং মেশক
উমর রাযিয়াল্লাহু আনহুকে বাহরাইন থেকে মেশক ও আম্বর পাঠানো হয়। এগুলো পেয়ে তিনি বললেন, 'আল্লাহর কসম, এই মেশক ও আম্বর মেপে দিতে পারবে এমন একজন নারী পেতাম! তাহলে মুসলিমদের মধ্যে ভাগ করে দিতে পারতাম।' তার স্ত্রী আতিকা বিনতে যায়েদ ইবনে আমর ইবনে নুফায়ল তাকে বললেন, 'আমি মাপজোখে ভালো; আপনাকে মেপে দিচ্ছি।' তিনি অসম্মতি জানালেন। তার স্ত্রী এর কারণ জানতে চাইলে বললেন, 'আমার আশংকা, তুমি এই কাজ করবে'-তিনি কপালের পাশে আঙ্গুল বুলিয়ে দেখালেন, বললেন, 'আর তোমার গলায় লাগাবে, যাতে অন্য মুসলিমদের চেয়ে ভাগে বেশি পাও।'
২.২.৮। স্ত্রীর জন্য উপহার নিতে অসম্মতি
ইবনে উমর থেকে বর্ণিত, 'আবু মূসা আল-আশ'আরী উমরের স্ত্রী আতিকা বিনতে যায়েদকে উপহার হিসেবে একটি মাদুর পাঠিয়েছিলেন। প্রায় এক হাত দীর্ঘ এবং এক বিঘত প্রস্থের মাদুর। উমর এ জিনিস দেখে জানতে চাইলেন, 'কোথায় পেলে?' তিনি জবাব দিলেন, 'আবু মুসা আল-আশ'আরী আমাকে দিয়েছেন।' মাদুর দিয়ে স্ত্রীর মাথায় বাড়ি দিয়ে বললেন, 'আবু মুসা আল-আশ'আরীকে ডেকে আনো।' তাকে আনা হলো তিনি (আবু মূসা আল-আশ'আরি) বললেন, 'হে আমীরুল মুমিনীন, অস্থির হবেন না।' উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'কী কারণে আমার বাড়ির মেয়েদের উপহার দিতে গেছ?' বলামাত্রই তাকেও ওই মাদুর দিয়ে বাড়ি দিলেন। সাথে বললেন, 'নিয়ে যাও। আমাদের দরকার নেই।'
২.২.৯। তার স্ত্রী উম্মে কুলসুমকে বাইজেন্টাইন সম্রাজ্ঞীর উপহার
উস্তাদ আল খুদরী তার একটি বয়ানে উদ্ধৃত করেছেন, বাইজেন্টাইন সম্রাট হানাহানি বন্ধ করে সন্ধির উদ্দেশ্যে উমর রাযিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠিয়েছিলেন। তার প্রত্যুত্তরে উমর রাযিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে তার প্রতিনিধিকে পাঠান। তাতে উল্লেখ করেন, বাইজেন্টাইন সম্রাজ্ঞীর জন্য উম্মে কুলসুম বিনতে আলী ইবনে আবি তালিব কিছু আতর, কয়েকখানা পেয়ালা এবং মেয়েদের চিরুনি পাঠিয়েছেন। সিজারের স্ত্রী নারীদের একত্র করে উপহার দেখিয়ে বললেন, 'আরব রাজার স্ত্রী এবং তাদের নবীর কন্যা এই উপহার পাঠিয়েছেন।' তিনি জবাবে তার চিঠির সাথে একটা দামী গলার হার পাঠালেন। চিঠি উমর রাযিয়াল্লাহু আনহুর হাতে পৌঁছার পরে তিনি নামাযের আযান দিতে বললেন। লোক জড়ো হওয়ার পরে তিনি দু রাকআত নামায আদায় করলেন। নামাজশেষে সবার উদ্দেশ্যে বললেন, 'সবার সাথে পরামর্শ (শূরা) ছাড়া সিদ্ধান্তে বরকত হয় না। বাইজেন্টাইন সম্রাজ্ঞী উম্মে কুলসুমকে উপহার পাঠিয়েছেন। এ বিষয়ে আপনাদের কী পরামর্শ?' কেউ বললেন, 'উপহারের বদলে উপহার, এটা তার।' অতঃপর তিনি বললেন, 'সেই হিসেবে প্রতিনিধি ছিল শুধু মুসলিমদের, আর চিঠি ছিল শুধু তাদের।' তিনি বায়তুল মালে সে হার জমা করে দেন। তার বদলে উম্মে কুলসুমকে তার পাঠানো উপহারের সমমূল্যের জিনিস দিতে নির্দেশ দিলেন।
২.২.১০। 'উম্মে সুলাইত-এর অধিক হকদার'
সালাবা ইবনে আবি মালিক থেকে বর্ণিত, 'উমর রাযিয়াল্লাহু আনহু মদীনার নারীদের মধ্যে আলখাল্লা বিতরণ করছিলেন। এর মধ্যে একটি উন্নতমানের আলখাল্লাটি রয়ে যায়। কয়েকজন বলে উঠলেন, 'হে আমীরুল মুমিনীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কন্যা আপনার সাথে আছেন তাকে দিন'-তারা আলী রাযিয়াল্লাহু আনুর কন্যা উম্মে কুলসুমের কথা বলছিলেন। কিন্তু উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'উম্মে সুলাইত এর অধিক হকদার।' উম্মে সুলাইত ছিলেন একজন আনসার নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তিনি বাইআত গ্রহণ করেছিলেন। উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'তিনি আমাদের জন্য উহুদের দিনগুলোয় খাবার তৈরি করতেন।'
২.২.১১। 'তুমি তোমার পিতার প্রতি আন্তরিক নও, আন্তরিক হলে আত্মীয়দের ব্যাপারে'
উম্মুল মুমিনীন হাফসা রাযিয়াল্লাহু আনহা শুনতে পেলেন যে, কিছু সম্পদ উমর রাযিয়াল্লাহু আনহুর হস্তগত হয়েছে। তিনি বললেন, 'আমীরুল মুমিনীন, এর উপরে আপনার আত্মীয়ের হক আছে। আল্লাহ তা'আলা নিকটাত্মীয়দের হক নির্দিষ্ট করে দিয়েছেন।' তিনি জবাবে বললেন, 'আমার কন্যা, আমার সম্পদের উপরে আমার আত্মীয়দের হক আছে। কিন্তু এর মালিক তো সাধারণ মুসলিম। 'তুমি তোমার পিতার প্রতি আন্তরিক নও, আন্তরিক হলে আত্মীয়দের ব্যাপারে। ওঠো, চলে যাও।'
২.২.১২। 'আপনি কি চান যে, আমি একজন বিশ্বাঘাতক রাজা হিসেবে আল্লাহর সামনে হাজির হই?'
উমর রাযিয়াল্লাহু আনহুর এক জামাতা এসে বায়তুল মাল থেকে সাহায্য চাইলেন। উমর রাযিয়াল্লাহু আনহু তাকে এই বলে ধমকালেন, 'তুমি কি বিশ্বাসঘাতক শাসক হিসেবে আমাকে আল্লাহর সামনে দাঁড় করাতে চাও?' পরে অবশ্য তাকে নিজের সম্পদ থেকে দশ হাজার দিরহাম দিয়েছিলেন।
উমর রাযিয়াল্লাহু আনহু নিজে যেমন রাষ্ট্রীয় সম্পদ থেকে দূরে থাকতেন ঠিক একইভাবে তার পরিবার-পরিজনকেও দূরে রাখতেন। তিনি চাইতেন না, কেউ কোনোভাবে তার ক্ষমতার সুযোগ নিক। তিনি পরিবারের লোকদের অবাধ স্বাধীনতা দিলে তারা শুধু প্রশ্রয় পেত তা নয়, তার উত্তরসূরিরাও একই পথে চলত। আল্লাহ তা'আলার সম্পদ শাসকদের নিয়ন্ত্রণে থাকে। ইতিহাস সাক্ষী যে, জনগণের সম্পদে শাসকের হাত পড়ামাত্রই বিশৃংখলা দেয়, সেই সাথে রাষ্ট্রীয় কাজে অর্থসংকট চলে আসে। এ ধরনের বিশ্বাসঘাতকতা বেশিদিন গোপন থাকে না। এক সময় পুরো শাসনব্যবস্থা ধ্বসে পড়ে। সবাই জানে যে পরিতৃপ্ত মানুষ নিজেকে যখন জনগণের সম্পদে হাত দেওয়া থেকে বিরত রাখে এবং তাদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকে তখন সেও সবার শ্রদ্ধার পাত্রে পরিণত হয়। আর সেই ব্যক্তি যদি শাসক হন তবে সবার সহযোগিতা, আনুগত্য লাভ করেন। তারা তখন শাসকের প্রতি নিজেদের চাইতেও বেশি অনুরক্ত হয়ে পড়ে।
খলীফার অবস্থান থেকে তিনি পরিবার-পরিজনের সাথে যে ব্যবহার করতেন তাতে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবন, উভয় ক্ষেত্রেই চমৎকার নযীর রেখে গেছেন। আলী ইবনে আবি তালিব রাযিয়াল্লাহু আনহু একবার তাকে বলেছিলেন, 'আপনি সংযত ছিলেন বলে আপনার লোকেরাও সংযত ছিল। আমি অসৎ হলে, তারাও অসৎ হয়ে যেত।' যা বয়ান করতেন, তিনি নিজেও তা মানতেন। গভর্নর এবং প্রতিনিধিদের চাইতেও নিজেকে এবং পরিবারকে কঠোরভাবে সংবরণ করেছেন। যার ফলে সাধারণ মানুষের মাঝে তিনি অসাধারণ মর্যাদা লাভ করেছিলেন। সাধারণ মানুষ থেকে শুরু করে অভিজাত লোকজন, সবার কাছে তিনি পরম ভরসার পাত্রে পরিণত হন।

টিকাঃ
৬১৮. মাউসুআত ফিকহ উমর ইবনে আল-খাত্তাব, ড. মুহাম্মাদ কালাযি, পৃ. ১৪৬।
৬১৯. মাহদুস সাওয়াব, ৩/৮৯৩।
৬২০. মানাকিব উমর, ইবনে আল-জাওযি, পৃ. ১৫৭-১৫৮।
৬২১. তারিখ আল-ইসলাম, আয-যাহাবি; আহদ আল-খুলাফা আর-রাশেদীন, পৃ. ২৭০-২৭১।
৬২২. আল-খুলাফা আর-রাশীদুন, আন-নাযযার, পৃ. ২৪৪।
৬২৩. ফারায়েযুল কালাম লিল খুলাফা আল-কিরাম, পৃ. ১১৩।
৬২৪. আত-তাবাকাত, ৩/২৭৭।
৬২৫. আসর আল-খিলাফা আর-রাশিদাহ, আল-উমারি, পৃ. ২৩৬। বর্ণনাটি হাসান।
৬২৬. আত-তারিখ আল-ইসলামী, ১৯/৪০।
৬২৭. আয-যুহদ, ইমাম আহমাদ, পৃ. ১১।
৬২৮. আশ-শায়খান আবু বকর ওয়া উমর মিন রিওয়াত আল-বালাযুরি, পৃ. ২৬০।
৬২৯. আল-খুলাফা আর-রাশেদুন, ড. আব্দুল ওয়াহহাব আন-নাযযার, পৃ. ২৪৫।
৬৩০. ফাতহুল বারি, ৭/৪২৪, ৬/৯৩; আল-খুলাফা আর-রাশিদাহ, পৃ. ২৭৩।
৬৩১. আয-যুহদ, ইমাম আহমাদ, পৃ. ১৭।
৬৩২. আল-খুলাফা আর-রাশেদুন, আয-যাহাবি, পৃ. ২৭১।
৬৩৩. আল-কিয়াদাহ ওয়াত-তাগির, পৃ. ১৮২।
৬৩৪. ফান আল-হুকম, পৃ. ৭৪।

📘 উমর ইবনুল খাত্তাব রা: জীবন ও কর্ম > 📄 আহলে বাইত (রাসূল সা.-এর পরিবারবর্গ)-এর প্রতি শ্রদ্ধা ও অনুরাগ

📄 আহলে বাইত (রাসূল সা.-এর পরিবারবর্গ)-এর প্রতি শ্রদ্ধা ও অনুরাগ


নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারবর্গ ছিলেন শ্রেষ্ঠ সম্মানের হকদার। তারা আহলে সুন্নাত ওয়া জামাতের কাছ থেকে আল্লাহর নির্ধারিত যথাযোগ্য সম্মান পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাদীরে খুমের দিনে যা বলেছিলেন তারা তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তিনি বলেছিলেন, 'আমার পরিবারবর্গের ব্যাপারে আল্লাহ তা'আলার আদেশের কথা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি।' ফলে তারা আহলে বাইতের প্রতি অত্যন্ত অনুরক্ত এবং বন্ধু ভাবাপন্ন ছিলেন। এই উপদেশ মানতে পেরে তারাও খুব সন্তুষ্ট ছিলেন। তবে রাফেজীদের মতো আহলে বাইতের সদস্যদের নিয়ে তারা বাড়াবাড়িও করেননি। আবার নাসিবীদের মতো অপমান অবজ্ঞাও দেখাননি। আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করা ফরয এবং কথা বা কাজ দিয়ে তাদের অসম্মান করা হারাম, এ সম্পর্কে আহলে সুন্নাতের কোনো দ্বিমত নেই। আহলে বাইতের প্রতি আমদের কেমন কেমন মনোভাব হওয়া উচিত তা উমর রাযিয়াল্লাহু আনহু তার নকথা ও কাজ দিয়ে শিখিয়ে গেছেন।
২.৩.১। রাসূল সা.-এর স্ত্রীদের সঙ্গে আচরণ
উমর রাযিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের খুব খোঁজ-খবর নিতেন। প্রচুর হাদিয়া পাঠাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের কাছে পাঠানোর আগে তিনি কোনো ভালো খাবার বা ফল-ফলাদি মুখে দিতেন না। উম্মুল মুমিনীনদের মধ্যে সবার শেষে হাদিয়া পাঠাতেন হাফসা রাযিয়াল্লাহু আনহার ঘরে। আর কম পড়ে গেলে দেখা যেত তিনিই বাদ পড়ে গেছেন। তাছাড়া নিয়মিত ভাতা প্রদান করতেন। এবারের ঘটনাটি উম্মুল মুমিনীন যায়নাব বিনতে জাহশ রাযিয়াল্লাহু আনহার। মুসলিমদের মালামাল বিলির সময় যায়নাব বিনতে জাহশ রাযিয়াল্লাহু আনহার জন্য তার নির্ধারিত অংশ পাঠানো হলো। এগুলো পেয়ে তিনি বললেন, 'উমরকে আল্লাহ তা'আলা মাফ করুন। আমার বোনেরা আমার চাইতে এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবে।' তারা বললেন, 'এগুলো সব আপনার।' 'সুবহানাল্লাহ, এগুলো নামিয়ে রেখে কাপড় দিয়ে ঢেকে দিন,' এই বলে তিনি পর্দার আড়ালে গেলেন। আড়াল থেকে বারযাহ বিনতে রাফিকে নির্দেশ দিলেন, 'ভিতরে হাত ঢুকিয়ে এক মুঠো বের করে এই এই লোককে (তার অধীনস্থ আত্মীয় এবং ইয়াতিমদের) দিয়ে দাও।' শেষে মাত্র এক মুঠো বাকি ছিল। বারযাহ বলে ফেলল, 'আল্লাহ তা'আলা আপনাকে মাফ করুন, হে উম্মুল মুমিনীন। আল্লাহর কসম এটুকুর উপরে তো আমাদের হক আছে।' তিনি বললেন, 'কাপড়ের নিচ থেকে যতটুকু ইচ্ছা নিয়ে যাও।' সে ঢাকনা তুলে দেখল পাত্রে পঁচাশি দিরহাম পড়ে আছে। তিনি আকাশের দিকে হাত তুলে দু'আ করলেন, 'হে আল্লাহ তা'আলা, পরবর্তী সময়ে উমরের হাদিয়া আসার আগেই আপনি আমাকে তুলে নিয়েন।' এর পরই তিনি ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের মধ্যে তিনিই সবার আগে ইন্তেকাল করেছিলেন--আল্লাহ তা'আলা তাকে কবুল করে নিন।
উম্মুল মুমিনীনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আরেকটি ঘটনায় আসা যাক। উম্মুল মুমিনীন আয়েশা রাযিয়াল্লাহু আনহা উদ্ধৃত করেছেন, 'উমর ইবনুল খাত্তাব আমার কাছে জবেহকৃত পশুর রান আর মাথা পাঠিয়ে দিতেন।'
উম্মুল মুমিনীনগণ উমর রাযিয়াল্লাহু আনহুর কাছে হজে যাওয়ার অনুমতি চাইলে তিনি সহজে রাজী হতেন না। খুব করে বললে তিনি জবাব দিতেন, 'এ বছর না। পরের বার যেতে পারবেন।' হজের সফরে উম্মুল মুমিনীনদের সাথে তিনি উসমান ইবনে আফফান রাযিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাযিয়াল্লাহু আনহুকে পাঠাতেন। তার নির্দেশমতো একজন সামনে আরেকজন পেছনে থাকতেন। তারা যেন কখনই পাশাপাশি না থাকেন, এমন নির্দেশ দেওয়া হয়েছিল। দরকার পড়লে তারা শুধু গিরিপথে থামতে পারতেন। সাহাবায়ে কেরাম দুজন গিরিপথের মুখ পর্যন্ত যেতেন। তারা পাহারা দিতেন, যেন বাইরের কেউ উম্মুল মুমিনীনদের কাছে যেতে কিংবা দেখা করতে না পারে। তারা যখন কাবার তাওয়াফ করতেন তখন অন্য কারও তাওয়াফ করার অনুমতি ছিল না।
২.৩.২। আলী ইবনে আবি তালিব রা. এবং তার সন্তানগণ
উমর রাযিয়াল্লাহু আনহুর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারবর্গ ছিল নিজের সন্তান-পরিবারের চাইতেও অনেক বেশি সম্মানের। নিচে এরকম কিছু দৃষ্টান্ত উল্লেখ করা হলো।
হুসাইন ইবনুল আলী রাযিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে, উমর তাকে সম্বোধন করে বললেন, 'হে আমার পুত্র, তুমি মাঝে মাঝে আমাদের ঘরে আসতে পারো না?' একদিন আমি তার কাছে গেলাম। গিয়ে দেখি তার সাথে মুআবিয়া বসা। আর ইবনে উমর দরজায় দাঁড়ানো। তাকে ভেতারে ঢোকার অনুমতি দেওয়ার হয়নি। আমিও ফিরে গেলাম। পরে এরকদিন তার সাথে আমার দেখা হলো। তিনি বললেন, 'হে আমার পুত্র, তোমাকে তো আসতে দেখলাম না।' আমি বললাম, 'আমি গিয়েছিলাম। আপনি মুআবিয়ার সাথে বসেছিলেন। ইবনে উমর ফিরে গেল বলে আমিও চলে এসেছি।' তিনি বললেন, 'আব্দুল্লাহ ইবনে উমর অপেক্ষা তুমি আমার ঘরে প্রবেশের অধিক হকদার। কারণ, আল্লাহ তা'আলার পক্ষ থেকে তোমাদের (আহলে বাইতের) কারণে আমাদের উপরে রহমত বর্ষিত হচ্ছে।' এই বলে তিনি তার মাথার ওপরে তার হাত রাখলেন।
মুহাম্মাদ আল-বাকিরের পিতার বরাত দিয়ে ইবনে সা'দ বর্ণনা থেকে জানা যায় যে, আলী ইবনে হুসাইন বলেছেন, 'উমর রাযিয়াল্লাহু আনহু ইয়েমেন থেকে আসা কতগুলো পোশাক সাধারণ লোকজনের মধ্যে বিলি করছিলেন। তারা সেগুলো পরে দেখতে লাগল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফ এবং মিম্বরের মাঝে বসা ছিলেন। লোকজন তার সাথে কুশল বিনিময় করছিল, তার জন্য দু'আ করছিলো। মা ফাতিমা রাযিয়াল্লাহু আনহার ঘর থেকে হাসান এবং হুসাইন রাযিয়াল্লাহু আনহু বের হয়ে আসেন। পাশ দিয়ে যাওয়ার সময় উমর রাযিয়াল্লাহু আনহু লক্ষ করলেন, বিতরণকৃত পোশাক তাদের পরনে নেই। উমর রাযিয়াল্লাহু আনহু ভ্রু কুঁচকে বললেন, 'আল্লাহর কসম, আমি তোমাদের যা দিয়েছি তাতে মোটেই সন্তুষ্ট নই। তারা বললেন, 'হে আমীরুল মুমিনীন, আপনি আপনার লোকদের পোশাক দিয়েছেন, ঠিকই তো করেছেন।' তিনি বললেন, 'পোশাক ছোট-বড় হওয়ার কারণে দুজন তরুণ সেগুলো না পরেই লোকজনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তাই আমার খারাপ লাগছে।' তিনি অতিসত্বর হাসান এবং হুসাইন রাযিয়াল্লাহু আনহুর মাপের পোশাক পাঠানোর জন্য ইয়েমেনে চিঠি পাঠালেন। পরে পোশাকগুলো এসে পৌঁছালে তিনি তাদের হাদিয়া পাঠিয়ে দিলেন।'
আবু জাফর বর্ণনা করেছেন যে, আল্লাহর হুকুমে রাষ্ট্র বিজয়ের পরে মুসলিমদের মাঝে সম্পদ বিলি-বণ্টনের ব্যাপারে খলীফা সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন। সাহাবায়ে কেরামের সাথে আলোচনায় বসার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাযিয়াল্লাহু আনহু বললেন, 'আপনাকে দিয়ে শুরু করুন।' তিনি বললেন, 'তা হয় না। আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটবর্তী লোকজন এবং তার গোত্র বনু হাশিম দিয়ে শুরু করতে চাই।' তিনি সেই মোতাবেক প্রথমে আব্বাস রাযিয়াল্লাহু আনহু, অতঃপর আলী রাযিয়াল্লাহু আনহু ক্রমানুসারে পাঁচটি গোত্রের মধ্যে সম্পদ ভাগ করে বনু আদি ইবনে কা'বকে দিয়ে থামলেন। তিনি লিস্টে লিখলেন, তারপরে বনু হাশিম থেকে যারা বদরে উপস্থিত ছিলেন, অতঃপর বনু উমাইয়্যাহ ইবনে আব্দুশ শামস থেকে যারা বদরে উপস্থিত ছিলেন, তারপরের নিকটবর্তীরা, তারপরের নিকটবর্তীরা। তিনি ক্রমানুসারে যার যার অংশ বুঝিয়ে দিলেন। তাদের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পারিবারিক সম্পর্কে ভিত্তিতে হাসান এবং হুসাইন রাযিয়াল্লাহু আনহুর অংশ বুঝিয়ে দিলেন।
বিখ্যাত আলেম শিবলী নু'মানী রহমাতুল্লাহি আলাইহির কিতাব আল-ফারুক-এর একটি শিরোনাম 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার এবং সাহাবীদের পারস্পরিক হক এবং আদব'। এই পরিচ্ছেদে তিনি উল্লেখ করেছেন যে, আলী রাযিয়াল্লাহু আনহুর সাথে আলোচনা না করে উমর রাযিয়াল্লাহু আনহু কোনো সিদ্ধান্ত নিতেন না। আলী রাযিয়াল্লাহু আনহুর অত্যন্ত আন্তরিকতার সাথে পরামর্শ দিতেন। জেরুযালেমের বায়তুল মাকদাসে যাওয়ার আগে তিনি আলী রাযিয়াল্লাহু আনহুকে মদীনার ভারপ্রাপ্ত খলীফা হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন। আলী রাযিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাযিয়াল্লাহু আনহার কন্যা উম্মে কুলসুমের সাথে বিয়ের মাধ্যমে তাদের সম্পর্কের বন্ধন এবং মাধুর্য চূড়ান্ত পরিণতি লাভ করেছিল। আবার আলী রাযিয়াল্লাহু আনহু তার এক ছেলের নাম উমর রেখেছিলেন। একই কারণে তিনি তার আরও দুই ছেলের মধ্যে একজনের নাম আবু বকর এবং আরেকজনের নাম উসমান রেখেছিলেন। এটা তো স্পষ্ট যে, কাউকে তীব্রভাবে ভালো না বাসলে কিংবা সম্মান না করলে কেউ তাদের নামে নিজের সন্তানদের নাম রাখত না।
উমর রাযিয়াল্লাহু আনহু ছোট-বড় যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে আলী রাযিয়াল্লাহু আনহুর সাথে আলোচনা করে নিতেন। এর মধ্যে মুসলিমদের জেরুযালেম এবং মাদা'ইন বিজয়, নাহাওয়ান্দে যাওয়ার সিদ্ধান্ত, পারসিকদের ও বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ, হিজরী সনের প্রবর্তনসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনে আলী রাযিয়াল্লাহু আনহুর সুপারিশ ছিল।
আলী রাযিয়াল্লাহু আনহু জীবনভর উমর রাযিয়াল্লাহু আনহুর খাস পরামর্শক ছিলেন। তিনি উমর রাযিয়াল্লাহু আনহুর জীবন নিয়ে শংকিত থাকতেন। উমর রাযিয়াল্লাহু আনহুও তাকে খুব স্নেহ করতেন। তাদের মধ্যে চমৎকার বোঝাপড়া ছিল। অথচ কিছু মানুষ তাদের খেয়াল-খুশিমতো ইতিহাসের বিকৃতি ঘটিয়ে যাচ্ছে। যেখানে দেখা যায়, খুলাফায়ে রাশেদীন পরস্পর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
ড. আল-বুতী বলেছেন, 'উমর রাযিয়াল্লাহু আনহুর খেলাফত নিয়ে গবেষণা করতে গেলে তার এবং আলী রাযিয়াল্লাহু আনহুর মধ্যকার হৃদ্যতা এবং খাঁটি আত্মিক সম্পর্ক যে কারও নজর কাড়বে। উমর রাযিয়াল্লাহু আনহুর যেকোনো সমস্যার বেলায় আলী রাযিয়াল্লাহু আনহু ছিলেন প্রধান পরামর্শক। আলী রাযিয়াল্লাহু আনহু যে মতামতই দিতেন তিনি অত্যন্ত গুরুত্বের সাথে তা গ্রহণ করতেন। 'আলী না থাকলে উমরের সর্বনাশ হয়ে যেত,' খলীফার এই বক্তব্য তাদের সম্পর্ক বোঝার জন্য যথেষ্ট। আলী রাযিয়াল্লাহু আনহুর সব ব্যাপারে তিনিও সমান আন্তরিক ছিলেন। পারসিকদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সেনাবাহিনীর অগ্রভাগে অবস্থান না নিয়ে, উমর রাযিয়াল্লাহু আনহুকে আড়ালে থেকে যুদ্ধ পরিচালনা করার পরামর্শ দিয়েছিলেন। তা ছিল উমর রাযিয়াল্লাহু আনহুর প্রতি আলী রাযিয়াল্লাহু আনহুর মহব্বত এবং উদ্বেগের বহিঃপ্রকাশ। খলীফার পদ খালি করে সম্মুখ সমরে অংশ নিতে গেলে আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকে তিনি খলীফাকে এমন পরামর্শ দিয়েছিলেন। আপনাদের কি মনে হয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাযিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলীফা হিসেবে ঘোষণা দিয়ে গেলে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের বিরোধিতা করতেন আর খলীফা হতে গিয়ে যারা ইচ্ছাকৃতভাবে তার হক এবং দায়িত্বের বিরোধিতা করেছে, তাদের সমর্থন দিতে পারতেন কিংবা তাদের প্রতি তিনি অনুগত এবং আন্তরিক থাকতে পারতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামের পক্ষে কি এ কাজ করা সম্ভব? আর আলী রাযিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তারা এমন কাজ করতে রাজী হবেন, তা-ও কী ভাবা যায়? সুতরাং বোঝাই যাচ্ছে যে, উমর রাযিয়াল্লাহু আনহুর নেতৃত্বের শেষ দিন পর্যন্ত—এমনকি আলী রাযিয়াল্লাহু আনহুর নেতৃত্বের শেষ পর্যন্ত মুসলিমদের মধ্যে খলীফঅদের খেলাফতের যোগ্যতা নিয়ে কারও মনে কোনো দ্বিধা ছিল না।'
২.৩.৩ বনু নুদাইর থেকে রাসূল সা.-এর সম্পদ নিয়ে আলী রা. এবং আব্বাস রা.-এর বিরোধ
মালিক ইবনে আউস বলেছেন, 'দুপুরের আগ দিয়ে পরিবারের সাথে বসে ছিলাম। তখন উমর ইবনুল খাত্তাবের দূত এসে বলল, 'আপনাকে আমীরুল মুমিনীন যেতে বলেছেন।' তার সাথে গিয়ে দেখি, উমর গদিহীন বিছানায় একটা চামড়ার তাকিয়ায় কাত হয়ে আছেন। তাকে সালাম দিয়ে আমিও বসে পড়লাম। তিনি বললেন, 'হে মালিক, তোমার দিক থেকে কয়েকটি পরিবার এসেছিল। আমি তাদের জন্য কিছুটা সম্পদ বরাদ্দের হুকুম দিয়েছি। এগুলো নিয়ে তাদের মধ্যে ভাগ করে দাও।' আমি বললাম, 'হে আমীরুল মুমিনীন, অন্য কাউকে যদি দায়িত্বটা দিতেন।' তিনি বললেন, 'ধরো (তুমিই করো)।' আমি তখনো উঠে যাইনি। এর মধ্যে দারোয়ান ইয়ারফা' এসে বলল, 'উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, যুবায়ের এবং সা'দ ইবনে আবি ওয়াক্কাসকে কি ভেতরে আসার অনুমতি দেবেন?' তিনি অনুমতি দিলেন। তারা ভেতরে এসে বসলেন। ইয়ারফা' একটু সময় বসে আবার বলল, 'আলী আর আব্বাসকে কি প্রবেশের অনুমতি দেবেন?' তিনি অনুমতি দিলেন। তারাও যথারীতি সালাম দিয়ে ভেতরে বসলেন।
আব্বাস রাযিয়াল্লাহু আনহু বললেন, 'হে আমীরুল মুমিনীন, আমার আর তার বিচার করুন।' বনু নুদাইর থেকে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পদ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল।
উসমান রাযিয়াল্লাহু আনহুসহ অপর সাহাবায়ে কেরাম বলে উঠলেন, 'ইয়া আমীরাল মুমিনীন, তাদের বিচার করুন। একজনকে আরেকজন থেকে রেহাই দিন।' উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'একটু থামো। আসমান-যমীনের মালিক আল্লাহ তা'আলার কসম, তোমরা কি জান যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন, 'আমরা যা কিছু ছেড়ে যাই (সম্পদ), কেউ তার ওয়ারিশ হবে না। সবই সাদকাহ।' আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের কথা বলেছেন। সবাই বলে উঠলেন, 'তিনি এ কথা বলেছেন।' এবার উমর রাযিয়াল্লাহু আনহু আলী এবং আব্বাস রাযিয়াল্লাহু আনহুর দিকে ফিরে বললেন, 'এবার আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে জানতে চাই, তোমরা এই কথা জান না?' তারা বললেন, 'তিনি এ কথা বলেছেন।' উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'এ প্রসঙ্গে তোমাদের আরও কিছু বলার আছে। আল্লাহ তা'আলা এই সম্পদ এতই খাস যে, তিনি এমন আর কাউকে তা দেননি।' অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করলেন:
আল্লাহ তাঁর রাসূলকে যে ধন-সম্পদ দিয়েছেন, তার জন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ যার উপরে ইচ্ছা, তাঁর রাসূলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ সবকিছুর উপরে সর্বশক্তিমান।
অতঃপর বললেন, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে এ তা প্রযোজ্য। অথচ আল্লাহর কসম, তিনি তা নিজের জন্য রাখেননি। আবার তোমাদেরকেও বঞ্চিত করেননি; বরং তোমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন। ওই সম্পদের এতটুকু অংশই কেবল বাকি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের পরিবারে জন্য সারা বছরের খোরাক রেখে বাকিটা বায়তুল মালে জমা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবদ্দশায় এ কাজ করে গেছেন। আল্লাহর কসম, আপনারা তা জানেন তো?' সাহাবায়ে কেরাম তাদের জানার কথা বললেন। তিনি আলী এবং আব্বাস রাযিয়াল্লাহু আনহুর দিকে ফিরে একই কথা জিজ্ঞেস করলেন। তারাও জানার কথা স্বীকার করলেন।
উমর রাযিয়াল্লাহু আনহু বলে গেলেন, 'তারপরে আল্লাহ তা'আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে গেলেন। আবু বকর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরসূরি।' আল্লাহর কসম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে একইভাবে এ সম্পদ ব্যবহার করেছেন। আল্লাহ তা'আলা জানেন, তিনি কেমন সৎ এবং আনুগত ছিলেন। তিনি সব সময় সঠিক কাজ করতেন। আর এখন আমি আবু বকরের উত্তরসূরি। আমার খেলাফতকালীন বছর দুয়েক আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আবু বকরের মতোই এই সম্পদ ব্যবহার করেছি। আল্লাহ তা'আলা জানেন আমি কতটা সৎ এবং অনুগত। এর উপরে আমার হক ছিল বলে আমি মনে করি। যাই-হোক, শর্তের ভিত্তিতে এই সম্পদ নিয়েছিলে। তা সত্ত্বেও এখন আবার আমার কাছে অভিযোগ নিয়ে এসেছ। হে আব্বাস, এখন তুমি তোমার ভাইয়ের ছেলের অংশ দাবী করছ। আর সে (আলী রাযিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করলেন) তার স্ত্রীর অংশ দাবী করছে। তোমাদের দুজনকেই বলেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন, 'আমরা যা কিছু ছেড়ে যাই (সম্পদ), কেউ তার ওয়ারিশ হবে না। সবই সাদাকা।' আমি যখন নিজ থেকে এ সম্পদ তোমাদের হাতে দিতে চেয়েছি তখন বলেছিলাম, 'তোমরা চাইলে আমি দুজনকেই সম্পদ বুঝিয়ে দেব। তবে শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর এবং আমি যেভাবে ব্যবহার করে এসেছি তোমাদেরও তা-ই করতে হবে।' তোমরা শর্ত মেনে নেবার পরে আমি দিয়ে দিয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, শর্ত মোতাবেক তাদের সম্পদ বুঝিয়ে দিয়েছি কি না?' সাহাবায়ে কেরাম এক বাক্যে তা স্বীকার করলেন। আলী এবং আব্বাস রাযিয়াল্লাহু আনহুকেও একই প্রশ্ন করলেন। তারাও কথার সত্যতা স্বীকার করেন। অতঃপর উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'এখন ভিন্ন ফায়সালার আশায় আমার কাছে এসেছ? তোমরা এই সম্পদের সঠিক ব্যবহার না জানলে আমার কাছে বুঝিয়ে দাও। আমি এর তদারক করব।'
২.৩.৪। আব্বাস রা. এবং তার পুত্র আব্দুল্লাহ রা.-এর প্রতি উমর রা.- এর শ্রদ্ধাবোধ
উমর রাযিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাযিয়াল্লাহু আনহুর খুব প্রশংসা করতেন। মুসলিম উম্মাহর সামনে তার গুণগান করতেন। তার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি হক রক্ষার ব্যাপারেও খুব যত্নশীল ছিলেন। তিনি কসম খেয়ে বলেছিলেন, আব্বাস রাযিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করায় তিনি যত খুশি হয়েছিলেন, নিজের পিতা মুসলিম হলেও হয়তো অতটা খুশি হতেন না। এর একটাই কারণ। আব্বাস রাযিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিশেষ কিছু ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুকে তিনি এতটাই পছন্দ করতেন যে, বুযুর্গ এমনকী বদরী সাহাবায়ে কেরামদের মধ্যে তাকে থাকার অনুমতি দিতেন। যেখানে বুযুর্গ সাহাবীদের কম বয়সী ছেলেরাও থাকার অনুমতি পেতেন না, সেখানে এটা ছিল তার বাড়তি পাওনা। উমর রাযিয়াল্লাহু আনহু তার গুণাবলী আর জ্ঞান-বুদ্ধির কদর করতেন। ইবনে আব্বাসের বরাত দিয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, 'বদরে ছিলেন এমন সাহাবীদের সাথে আমাকে থাকার অনুমতি দেওয়ায় তাদের কেউ কেউ বলে বসলেন, 'আমাদের সমবয়সী ছেলে থাকা সত্ত্বেও আপনি আমাদের মাঝে শুধু তাকে রাখেন কেন?' তিনি বললেন, 'এর কারণ আপনারাও জানেন।' তাদের সাথে আমাকেও একদিন ডেকে আনলেন। সম্ভবত আমার জ্ঞান সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই সেদিন সবাইকে ডাকা হয়েছিল। তিনি জানতে চাইলেন: এই আয়াতগুলো সম্পর্কে আপনাদের কী ধারণা?
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَ الْفَتْحُ وَ رَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَ اسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا
যখন আসবে আল্লঅহর সাহায্য ও বিজয়। এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ননা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।
কয়েকজন বললেন, 'আমরা জানি না।' আর বাকিরা কিছুই বললেন না। তিনি আমাকে বললেন, 'হে আব্বাসের পুত্র, তোমারও কি একই মন্তব্য?' আমি বললাম, 'না।' তিনি জানতে চাইলেন, 'তাহলে তোমার মন্তব্য কী?' আমি বললাম, 'এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আল্লাহ তা'আলা তাকে বলেছেন, যখন আল্লাহ তা'আলার সাহায্য এলো এবং মক্কা বিজিত হলো এর অর্থ আপনার মৃত্যু আসন্ন। তাই আপনার রবের প্রশংসা করুন এবং তার কাছে ক্ষমা-প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি অনুশোচনা কবুলকারী এবং ক্ষমা প্রদানকারী।' উমর রাযিয়াল্লাহু আনহু বলে উঠলেন, 'আমারও ঠিক এ কথাই মনে হয়েছে।'
হাফিয ইবনে হাজার উদ্ধৃত করেছেন, আল-বাগাভী তার মু'জাম আস- সাহাবা গ্রন্থে যায়েদ ইবনে আসলামের মাধ্যমে উল্লেখ করেছেন: ইবনে উমর থেকে বর্ণিত, উমর রাযিয়াল্লাহু প্রায়ই আনহু ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুকে কাছে টেনে বলতেন, 'আমি দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাকে ডেকে মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন, 'হে আল্লাহ, আপনি তাকে ইসলামের জ্ঞান দিন এবং কুরআনের অর্থ শিখিয়ে দিন।'
এভাবে তিনি ইবনে আব্বাসের গুণ, জ্ঞান এবং বুদ্ধির প্রশংসা করতেন।
হাফিয ইবনে কাসির উদ্ধৃত করেছেন : উমর রাযিয়াল্লাহু আনহু প্রায়ই বলতেন, 'আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরআনের কী চমৎকার তাফসীর করে।' আর তাকে দেখলে বলতেন, 'বুযুর্গ ব্যক্তির তরুণ ছেলেটি এসেছে। যে প্রশ্ন করে করে জানতে চায় আবার বোঝেও।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার এবং উমর রাযিয়াল্লাহু আনহুর মধ্যে দৃঢ় আত্মিক বন্ধন ছিল।

টিকাঃ
৬৩৫. সহীহ, মুসলিম, হাদীস নং ২৪০৮।
৬৩৬. আল-আকিদাহ ফি আহলে বাইত বাইনা আল-ইফরাত ওয়াল তাফরিত, পৃ. ৫৯।
৬৩৭. আয-যুহদ, পৃ. ১৬৬। বর্ণনাটি সহীহ।
৬৩৮. ইবনে সা'দ, বর্ণনাটি হাসান, ৮/১৯০; আখবার উমর, পৃ. ১০০।
৬৩৯. ইবনে সা'দ, বর্ণনাটি সহীহ, ৩/৩০৩
৬৪০. আল-ইদারাহ ফি আহদ উমর ইবনে আল-খাত্তাব, পৃ. ১২৬; আল-ফাতহ, ৪/৮৭।
৬৪১. আল-মুরতাদা, আন-নদভী, পৃ.১১৮।
৬৪২. প্রাগুক্ত, পৃ. ১১৮।
৬৪৩. আল-মুরতাদা, আন-নদভী, পৃ.১১৯।
৬৪৪. আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৯/৩৩১-৩৩২।
৬৪৫. আল-মুরতাদা, আন-নদভী, পৃ.১১৯।
৬৪৬. আলী ইবনে আবি তালিব মুসতুসর আমীন আল-খুলাফা আর-রাশেদীন, মুহাম্মাদ আল-হাজি, পৃ. ৯৯।
৬৪৭. প্রাগুক্ত, পৃ. ১৩৮।
৬৪৮. ফিকহুস সিরাহ আন-নবুওয়‍্যাহ, পৃ. ৫২৯।
৬৪৯. দেখুন সূরা হাশর, ৫৯: ৬।
৬৫০. সহীহ, মুসলিম, হাদীস নং ১৭৫৭। আরেক বর্ণনায় হাদীসের শেষাংশে বলা হয়েছে, তারা তাকে সেটি ফেরত দিয়েছিল।
৬৫১. আল-আকিদাহ ফি আহলে বাইত বাইনা আল-ইফরাত ওয়াল তাফরিত, পৃ. ২১০।
৬৫২. সূরা নসর, ১১০: ১-৩।
৬৫৩. সহীহ, বুখারী, হাদীস নং ৪২৯৪।
৬৫৪. আল-আকিদাহ ফি আহলে বাইত বাইনা আল-ইফরাত ওয়াল তাফরিত, পৃ. ২১০।
৬৫৫. ফতহুল বারি, ১/১৭০।
৬৫৬. আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/৩০৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00