📄 উমর রা.-এর জন্য রাসূল সা.-এর দুআ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমর রাযিয়াল্লাহু আনহুর গায়ে সাদা পোশাক দেখলেন। বললেন, 'তোমার পোশাকটি কি নতুন, না ধোওয়া হয়েছে?' উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'না, ধোওয়া হয়েছে।' নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'নতুন পোশাক পরবে, প্রশংসনীয় জীবনযাপন করবে আর শহীদের মতো মৃত্যুবরণ করবে।'
টিকাঃ
২৭৫. আস-সিলসিলাহ আস-সহীহ, শায়েখ আল-বানি, নং ৩৫২; সহীহ আল-জামি, নং ১২৩৪।
📄 আমি জানি, রাসূল সা. যখন বাগানের মধ্যে হেঁটেছেন তখন তাতে বরকত হবেই
জাবির ইবনে আব্দুল্লাহ রা থেকে বর্ণিত আছে: তার বাবা ত্রিশ ওসাক (খেজুর) ঋণ রেখে মারা যায়। এক ইহুদি এর পাওনাদার ছিল। জাবির তাকে ঋণ মওকুফের জন্য অনুরোধ করলেন। কিন্তু ইহুদি লোকটা রাজি হলো না। জাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কথা বলে এই ব্যাপারে তার মধ্যস্থতা চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদির সাথে কথা বললেন। সে যা পাবে (ঋণ) তার পরিবর্তে গাছে যা আছে তা নিতে বললেন। তাও সে রাজি হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুর বাগানের ভেতরে হাঁটতে লাগলেন। তারপর তিনি জাবিরকে বললেন, 'তার জন্য এখান থেকে খেজুর সংগ্রহ করো এবং তার পাওনা শোধ করে দাও।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে চলে যাওয়ার পরে সে খেজুর সংগ্রহ করতে লাগল। তা দিয়ে তার ত্রিশ ওসাক তো শোধ হলোই, তার সাথে আরও সতেরো ওসাক থেকে গেল। জাবির এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে গেলেন। রাসূল তখন আসরের নামায পড়ছিলেন। তার নামায শেষ হলে তাঁকে সেই অবশিষ্টের কথা বললেন। তিনি বললেন, 'আল-খাত্তাবের পুত্রকে এ ঘটনা বলে এসো।' জাবির উমর রাযিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে ঘটনা বর্ণনা করল। উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বাগানের মধ্যে হেঁটেছেন, তখন তাতে বরকত হবেই।'
টিকাঃ
২৭৬. সহীহ, বুখারী, নং ২২৬৬।
📄 হাফসা বিনতে উমরের সাথে রাসূল সা.-এর বিবাহ
উমর রাযিয়াল্লাহু আনহু বলেছেন: হাফসা বিনতে উমরের স্বামী খুনায়স ইবনে হুযাফা আস-সাহামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি মদীনায় ইন্তেকাল করলে আমি উসমান ইবনে আফফানের সাথে হাফসার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম, 'তুমি চাইলে হাফসাকে আমি তোমার সাথে বিয়ে দেব। তিনি বললেন, 'আমি ভেবে দেখব।' কিছুদিন যাওয়ার পরে তিনি আমার সাথে দেখা করে বললেন, 'আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না।' তারপর আমি আবু বকর আস-সিদ্দীকের সাথে দেখা করে বললাম, 'আপনি চাইলে আমি হাফসা বিনতে উমরকে আপনার সাথে বিয়ে দেব।' আবু বকর চুপ থাকলেন। কোনো উত্তর দেননি। উসমান ইবনে আফফানকে বলে আমি যতটা কষ্ট পেয়েছি আবু বকরকে বলে তার চেয়েও বেশি কষ্ট পেলাম। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিলেন। আমি তার সাথে বিয়ে দিয়ে দিলাম। আবু বকর আমার সাথে দেখা করে বললেন, 'তুমি আমার সাথে হাফসা বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে। কিন্তু আমি তোমার কথার উত্তর দিইনি। সেজন্য হয়তো কষ্ট পেয়েছ তুমি, তাই না?' উমর বললেন, 'হ্যাঁ।' আবু বকর বললেন, 'আমি জানতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাফসার কথা বলেছেন। এই একটিমাত্র কারণে আমি জবাব দেওয়া থেকে বিরত ছিলাম। আমি চাইনি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোপনীয়তা প্রকাশ পাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বিয়ে করার সিদ্ধান্ত না নিলে, আমি তাকে বিয়ে করতাম।'
টিকাঃ
২৭৭. সহীহ, বুখারী, নং ৫১২২; উমর ইবনে আল-খাত্তাব, মুজাম্মাদ রাশীদ, পৃ. ২৩।