📄 পুত্রকে উমর রা.-এর উৎসাহদান এবং ইবনে মাসউদের জন্য জান্নাতের সুসংবাদ
আব্দুল্লাহ ইবনে উমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'বৃক্ষকূলের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার পাতা কখনও ঝরে না। এই বৃক্ষটি মুসলিমদের মতোই। এবার বলো, এটি কোন গাছ?' লোকজন মরুভূমিতে হয় এমন সব গাছের নাম বলতে লাগল। আমার কাছে মনে হলো, এর জবাব, খেজুর গাছ হতে পারে। আমি লজ্জা পাচ্ছিলাম (বলতে)। লোকেরা বলল, 'ইয়া রাসূলাল্লাহ, আমাদের বলে দিন এটা কোন গাছ?' নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'এটা হচ্ছে খেজুর গাছ।' আব্দুল্লাহ বললেন, 'আমি বাবাকে আমার মনের কথা বললাম। তিনি বললেন, 'তুমি তা বলে দিলে আমার কাছে এই, এই জিনিসের চেয়ে অনেক বেশি প্রিয় হতো।'
ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহুকে জান্নাতের সুসংবাদ প্রদানের ব্যাপারে উমর রাযিয়াল্লাহু আনহু বলেছেন যে একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আবু বকর রাযিয়াল্লাহু আনহুর ঘরে ছিলাম। সেখানে তারা মুসলিমদের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনায় করতে করতে অনেক রাত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হয়ে গেলেন। তার সাথে আমরাও বের হলাম। এক-ব্যক্তি তখনো মসজিদে নামায পড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে তার তিলাওয়াত শুনতে লাগলেন। আমরা তাকে চেনার আগেই বোঝার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'যারা কুরআন যেভাবে নাযিল হয়েছে ঠিক সেভাবেই তিলাওয়াত করতে চায় তারা যেন ইবনে উম্ম আব্দের তিলাওয়াত অনুসরণ করে তিলাওয়াত করে।' সেই ব্যক্তি বসে দুআ করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলতে লাগলেন, 'চাও, তোমাকে দেওয়া হবে। চাও, তোমাকে দেওয়া হবে।' উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'আল্লাহর কসম, আমি আগামীকালই তার কাছে যাব এবং তাকে এই সুখবর দেব।' পরেরদিন তাকে সুখবর দিতে গেলাম। গিয়ে দেখি, আবু বকর আমাকে হারিয়ে দিয়েছেন। কোনো ভালো কাজের ব্যাপারে আমি কখনই তাকে হারাতে পারতাম না, তিনিই আমাকে হারিয়ে দিতেন।'
টিকাঃ
২৭০. সহীহ, বুখারী, নং ১৩১।
২৭১. মুসনাদ, আহমাদ ইবনে হাম্বল, নং ১৭৫। আল-মাওসুআ আল-হাদীসিয়া।
📄 বিদআতের বিরুদ্ধে তার সতর্কতা
আল-মিসওয়ার ইবনে মাখরামা এবং আব্দুর রাহমান ইবনে আব্দুল কারী থেকে বর্ণিত আছে, তারা উমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় আমি একদিন হিশাম ইবনে হাকীম ইবনে হিযামকে সূরা আল ফুরকান তিলাওয়াত করতে শুনেছিলাম। তিনি বিভিন্নভাবে তিলাওয়াত করছিলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শেখাননি। সে নামায পড়ছিল বলে তার ওপরে ঝাঁপিয়ে পড়িনি। আমি তার সালাম ফেরানোর অপেক্ষায় ছিলাম। সালাম ফেরাতেই আমি তার গলা চেপে ধরে বললাম, 'কে তোমাকে এভাবে সূরা তিলাওয়াত করতে শিখিয়েছে?' সে বলল, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন আমাকে।' আমি বললাম, 'তুমি মিথ্যা বলছ। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সূরা আমাকেও শিখিয়েছেন।' আমি তাকে রাসূলের কাছে নিয়ে গেলাম। বললাম, 'ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকেও সূরা আল- ফুরকান শিখিয়েছেন। আমি তাকে সূরা আল-ফুরকান এমনভাবে তিলাওয়াত করতে শুনেছি, যেভাবে আপনি আমাকে শেখাননি।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'হে হিশাম, তিলাওয়াত করো।' আমি যেভাবে শুনেছিলাম ঠিক সেভাবে সে তিলাওয়াত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'এটা এভাবেই নাযিল হয়েছে।' তারপর তিনি আমাকে বললেন তিলাওয়াত করতে। অতঃপর তিনি আমাকে যেভাবে তিলাওয়াত করতে শিখিয়েছিলেন আমি সেইভাবে তিলাওয়াত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'এটা এভাবে নাযিল হয়েছে।' এরপর তিনি বললেন, 'কুরআনের সাত রকম তিলাওয়াত নাযিল হয়েছে। সুতরাং তোমার কাছে যেভাবে সহজ লাগে সেভাবেই তিলাওয়াত করতে পারো।'
টিকাঃ
২৭২. আল-যুহরী তাকে এবং তার পিতাকে চিনতেন। তিনি ৬৪ হিজরীতে ইন্তেকাল করেন।
২৭৩. সহীহ, বুখারী, হাদীস নং ২৪১৯।
📄 আশা করো কিংবা চাওয়া ছাড়াই যে সম্পদ তোমার কাছে আসে তা গ্রহণ করো
বর্ণিত আছে যে, আব্দুল্লাহ ইবনে উমর রাযিয়াল্লাহু আনহু বলেছেন, আমি শুনেছি, উমর ইবনুল খাত্তাব বলেছেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই আমাকে কোনো উপহার দিতে চাইতেন, আমি বলতাম, 'আমার চেয়ে বেশি দরিদ্র কাউকে এটা দিয়ে দিন।' এরপর একদিন রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে কিছু টাকা দিলেন, এবং আমি যথারীতি বললাম, 'আমার থেকেও দরিদ্র কাউকে এটা দিন।' অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'এটা নাও। আশা করা কিংবা চাওয়া ছাড়া যে সম্পদ আসে তা গ্রহণ করবে, আর যা পাওনি তা চাইতে যেয়ো না।'
টিকাঃ
২৭৪. সহীহ, বুখারী, হাদীস নং ৭১৬৪।
📄 উমর রা.-এর জন্য রাসূল সা.-এর দুআ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমর রাযিয়াল্লাহু আনহুর গায়ে সাদা পোশাক দেখলেন। বললেন, 'তোমার পোশাকটি কি নতুন, না ধোওয়া হয়েছে?' উমর রাযিয়াল্লাহু আনহু বললেন, 'না, ধোওয়া হয়েছে।' নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'নতুন পোশাক পরবে, প্রশংসনীয় জীবনযাপন করবে আর শহীদের মতো মৃত্যুবরণ করবে।'
টিকাঃ
২৭৫. আস-সিলসিলাহ আস-সহীহ, শায়েখ আল-বানি, নং ৩৫২; সহীহ আল-জামি, নং ১২৩৪।