📘 ওমর ইবনে আব্দুল আজীজ > 📄 বিবাহ

📄 বিবাহ


আবদুল আজীজ জীবনে কয়েকটি বিবাহ করেছিলেন এবং তাঁর কয়েকজন পুত্র সন্তানও ছিল; কিন্তু যে পুত্রের মাধ্যমে বিশ্বজোড়া তাঁর খ্যাতি লাভ হয়েছিল তিনি ছিলেন এই ওমর ইবনে আবদুল আজীজ (র)।

📘 ওমর ইবনে আব্দুল আজীজ > 📄 কৃতিভূত্ব

📄 কৃতিভূত্ব


ইবনে কাছীর আবদুল আজীজের গুণাবলি বর্ণনা করে এটাও বলেছেন যে, তিনি ছিলেন খলীফায়ে রাশেদীনের ওমরের-পিতা।

ইবনে কাছীরের মতে হযরত ওমর ইবনে আবদুল আজীজ (র)-এর মধ্যে যে সমস্ত গুণের সমাবেশ ঘটেছিল, তা এজন্যই যে, তিনি সর্বদাই স্বীয় পিতার গুণাবলি অর্জন করতে চেষ্টা করতেন।

বাস্তবিকই এ ধারণা অত্যন্ত সঠিক ও যুক্তিযুক্ত, তদুপরি এটাও অস্বীকার করা যায় না যে, ওমর ইবনে আবদুল আজীজ (র) যে মাতার দুগ্ধ পান করেছিলেন, তিনিও ছিলেন দুনিয়ায় একজন অসাধারণ মা।

📘 ওমর ইবনে আব্দুল আজীজ > 📄 ওমর ইবনে আবদুল আজীজের মাতা উম্মে আসেম

📄 ওমর ইবনে আবদুল আজীজের মাতা উম্মে আসেম


ইবনে সাদ বলেন- আবদুল আজীজ ইবনে মারওয়ান যখন ওমরের মাকে বিবাহ করতে ইচ্ছা করেন, তখন তিনি তার সচিবকে ডেকে বললেন, আমার পবিত্র আমদানী থেকে চারশত দিনার সংগ্রহ করুন, আমি পুণ্যবান ও উচ্চ ঘরে একটি বিবাহ করতে ইচ্ছা করেছি।

(তাবকাতে ইবনে সাদ, ৫ম খণ্ড, পৃ. ৩৪৫) ইবনুল জাওযিও ইবনে সাদের উদ্ধৃতি দিয়ে তার কিতাবে এ ঘটনা বর্ণনা করেছেন। (ইবনে জওষি ৫ম খণ্ড)

ইবনুল জাওযি বলেন- এ পুণ্যবান উচ্চ ঘর ছিল হযরত ওমর ফারুক (রা)-এর বংশ। উম্মে আসেম ছিলেন হযরত ওমর ফারুক (রা)-এর পুত্র হযরত আসেম (রা)-এর কন্যা। তারপর তিনি আবদুল্লাহ ইবনে যায়েদ থেকে একটি মৌখিক ঘটনা লিপিবদ্ধ করেছেন। মিশরের প্রখ্যাত মুহাদ্দিস ইবনুল হাকাম এ ঘটনাটি আবদুল্লাহ ইবনে ওয়াহহাব থেকে বর্ণনা করেছেন। ঘটনাটি হল-

হযরত ওমর ইবনে খাত্তাব (রা) তাঁর খেলাফতের সময় দুধে পানি মিশানো নিষেধ করে একটি আদেশ জারি করেছিলেন। এক রাত্রে তিনি মদীনার ওলি-গলি ঘুরে দেখতে বের হলেন। তখন একটি স্ত্রীলোক তার মেয়েকে বলছিল, সকাল হয়ে গেল, তুমি দুধে পানি মিশাও না কেন? বালিকা উত্তর করল, আমি কিভাবে দুধে পানি মিশাব? খলীফা ওমর (রা) যে দুধে পানি মিশাতে নিষেধ করেছেন! মা বলল, লোকে পানি মিশায়, তুমিও মিশিয়ে নাও। খলীফা কিভাবে জানবেন? বালিকা বলল, ওমর (রা) যদিও না জানে, কিন্তু ওমরের আল্লাহর নিকট এটা গোপন থাকবে না। খলীফা হযরত ওমর (রা) যে কাজ করতে নিষেধ করেছেন, আমি কখনও তা করব না।

ইবনে আবদুল হাকাম বলেন- খলীফা হযরত ওমর (রা) এ কথোপকথন শুনতে পেয়ে মুগ্ধ হয়ে গেলেন। পরদিন সকালে তিনি তার পুত্র আসেমকে ডেকে এনে বললেন, বৎস! অমুক স্থানে গিয়ে এ বালিকাটির সন্ধান করে আস। তিনি সে বালিকার গুণাবলি বলে দিলেন। আসেম সেখানে গিয়ে অনুসন্ধান করে জানতে পারলেন যে, উক্ত বালিকাটি হেলাল গোত্রের কোন একজন বিধবার কন্যা। আসেম ফিরে এসে পিতা হযরত ওমর (রা)-এর নিকট বিস্তারিত বর্ণনা করলেন। হযরত ওমর (রা) তাকে এ বালিকাকে বিবাহ করতে নির্দেশ দিয়ে বললেন, হয়তঃ এ বালিকার গর্ভেই এমন এক মনীষী জন্মগ্রহণ করবেন, যার জন্মে সমস্ত আরব গর্ববোধ করবে, যিনি আরবের মান-মর্যাদা বৃদ্ধি করবেন এবং সমস্ত আরবের নেতৃত্ব দিবে।

আসেম এ বালিকাকে বিয়ে করে স্ত্রীরূপে বরণ করে নিলেন। এ বালিকাই পরবর্তীকালে মুসলিম জাহানের গৌরব হযরত ওমর ইবনে আবদুল আজীজ (র)-এর মাতা উম্মে আসেমকে গর্ভে ধারণ করে বিশ্বে অমর হয়ে রয়েছেন। আবদুল আজীজ উম্মে আসেমকে বিবাহ করলেন, তাঁর গর্ভেই জন্মগ্রহণ করলো ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী শাসক হযরত ওমর ইবনে আবদুল আজীজ (র)।

ইবনে আবদুল হাকাম এ ঘটনা বর্ণনা করার পর লিখেছেন, মিশরের রাজা আজীজ মিশর হযরত ইউসুফ (আ) কে দেখে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন পরবর্তীকালে তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। আর হযরত ওমর ফারুক (রা) এ বালিকাকে দেখে যে মন্তব্য প্রকাশ করেছিলেন, পরবর্তীকালে তাও অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল।

ইবনে আবদুল হাকামের টীকায় এ বালিকার নাম 'লাইলা' বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু শায়খুল কবীর মুহিউদ্দীন আল-আরাবী তার নাম 'কারীবা' বলে উল্লেখ করেছেন।

ইবনুল জাওযির বর্ণনাও প্রায় একই ধরণের। অবশ্য তার এ বর্ণনাটি কিছুটা ভিন্ন ধরণের এবং প্রসঙ্গের সাথে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ। তাহল- তারপর হযরত ওমর (রা) তদীয় খাস খাদেম আসলামকে বললেন, সেস্থানে গিয়ে দেখ, যারা, এ ধরণের কথোপকথন করেছিল, তারা কে? তাদের কোন পুরুষ লোক আছে কিনা।

আসলাম বলেন, আমি সেস্থানে এসে এদিক ওদিক খোঁজ নিয়ে দেখলাম একটি কুমারী বালিকা এবং তার বিধবা মাতা ছাড়া তাদের সংসারে আর কোন পুরুষ নেই। আমি তাদের এ অবস্থা দেখে হযরত ওমর (রা)-এর নিকট বিস্তারিত বিবরণ দিলাম। তখন খলীফা হযরত ওমর (রা) তদীয় পুত্রগণকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কারও স্ত্রীর প্রয়োজন আছে কি যে, আমি এ বালিকার সাথে তার বিবাহ দিব? আবদুল্লাহ বললেন, আমার স্ত্রী আছে, সুতরাং আমার দ্বিতীয় স্ত্রীর কোন প্রয়োজন নেই। আবদুর রহমানও অনুরূপ উত্তর করলেন। তখন আসেম নিবেদন করলেন, পিতা! আমার কোন স্ত্রী নেই, আমার নিকট তাকে বিবাহ দিন। তারপর হযরত ওমর (রা) সে বালিকাকে ডেকে আনালেন এবং আসেমের সাথে তাকে বিবাহ দিলেন।

আমরা এজন্যই এ বর্ণনাটি উদ্ধৃত করলাম, যেহেতু এটা পূর্বোক্ত বর্ণনার চেয়ে অধিক সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিসঙ্গত। তদুপরি এটা হযরত ওমর (রা)-এর খাস খাদেম স্বয়ং আসলামের মৌখিক বর্ণনা। মা ও মেয়ের কথোপকথনের সময় আসলামও হযরত ওমর (রা)-এর সঙ্গে ছিলেন। তিনি তাঁকেই এটা অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিলেন, আসেমকে দেননি।

এ বালিকা যাকে হযরত ওমর (রা) তার পুত্র বধুরূপে গ্রহণ করলেন, তিনি ছিলেন হেলাল গোত্রের এক বিধবার কন্যা। মা-মেয়ে দুধ বিক্রয় করে জীবিকা চালাতো। সম্পূর্ণ দৈবক্রমেই হযরত ওমর (রা) এ ঘটনার সাথে পরিচিত হয়েছিলেন।

ইবনুল জাওযির বর্ণনা অনুযায়ী এ বালিকার গর্ভে আসেমের ঔরসে দু'জন কন্যা জন্মগ্রহণ করেন, তাদের একজনকে আবদুল আজীজ বিবাহ করেন এবং তার গর্ভেই জন্মগ্রহণ করেন হযরত ওমর ইবনে আবদুল আজীজ (র)।

📘 ওমর ইবনে আব্দুল আজীজ > 📄 হযরত ওমর ইবন আবদুল আজীজ (র) জন্ম

📄 হযরত ওমর ইবন আবদুল আজীজ (র) জন্ম


ইবনে আবদুল হাকামের বর্ণনা মতে হযরত ওমর ইবনে আবদুল আজীজ (র) মদীনায় জন্মগ্রহণ করেন। এ থেকে প্রতীয়মান হয় যে, আবদুল আজীজ যখন এ বিবাহ করেন তাঁর পিতা মারওয়ান তখনও খেলাফতের আসন লাভ করেননি।

প্রসিদ্ধ হাদীস বিশারদ আল্লামা নব্বী তাহযীবুল আসমা ওয়াল ফাতে লিখেছেন যে, ওমর ইবনে আবদুল আজীজ (র) ৬১ হিজরীতে জন্মগ্রহণ করেন। তাঁর মতে ওমর মিশরে জন্মগ্রহণ করেন। ইবনে আবদুল হাকামের টীকায় লিখা আছে যে, ওমর ৬৩ হিজরীতে হালওয়ানে জন্মগ্রহণ করেন। তখন তাঁর পিতা মিশরের শাসনকর্তা ছিলেন। এ দু'টি কথাই যদি আমরা সঠিক বলে মনে করি, তাহলে আবদুল আজীজের শাসনকাল ৬৫ হিজরীর পরিবর্তে ৬১ হিজরী থেকে শুরু হয়। অথচ সমস্ত ঐতিহাসিকদের সর্বসম্মত সিদ্ধান্ত হল, মারওয়ান ও আবদুল আজীজ ৬৫ হিজরীতেই মিশর অধিকার করেছিলেন।

ইবনে সাদ ও ইবনে আবদুল হাকাম প্রবীণ ঐতিহাসিক। বিশেষতঃ ইবনে আবদুল হাকام ছিলেন মিশরের অধিবাসী। কাজেই তিনিই ওমর ইবনে আবদুল আজীজ (র)-এর জীবনীর সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সনদ। তারপরও তাঁর পিতামহ বনী উমাইয়াদের খাস খাদেম ছিলেন। তিনি ১৫৪ হিজরীতে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ওমর ইবনে আবদুল আজীজ (র)-এর ইন্তেকালের মাত্র ৫২ বৎসর পর তিনি জন্মগ্রহণ করেন। যদি তিনি ১৬১ হিজরী পর্যন্ত কিছুটা জ্ঞান-বুদ্ধিসম্পন্ন হয়ে থাকেন। তবে তখনও পর্যন্ত মিশরে এরূপ লোকের সাথে তার সাক্ষাৎ লাভ বিচিত্র কিছু নয়, যারা ওমর ইবনে আবদুল আজীজ (র)-এর শাসনকাল দেখেছেন।

যদিও ইবনে আবদুল হাকাম ওমর ইবনে আবদুল আজীজ (র)-এর নির্দিষ্ট জন্ম তারিখ লিখেননি, তবে তিনি একথা পরিষ্কার করে উল্লেখ করেছেন যে, ওমর ইবনে আবদুল আজীজ (র) মদীনায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সেখানকার শিক্ষকগণের নিকটই বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষা লাভ করেছেন।

তার ভাষ্যটি হল- وُلِدَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِالْمَدِينَةِ فَلَمَّا كَبُرَ صَارَ أَبُوهُ عَبْدًا بْنِ مَرْوَانَ إِلَى مِصْرٍ أَمَّرَ عَلَيْهَا ثُمَّ كَتَبَ إِلَى زَوْجَتِهِ امْ عَاصِمٍ أَنْ تقدم عليه
অর্থাৎ ওমর ইবনে আবদুল আজীজ (র) মদীনায় জন্মগ্রহণ করেন। তারপর তিনি যখন কিছুটা বড় হলেন, তখন তাঁর পিতা আবদুল আজীজ মিশরের শাসনকর্তা নিযুক্ত হয়ে আসলেন এবং তিনি তাঁর পত্নী উম্মে আসেমকে তাঁর নিকট মিশরে যেতে লিখে পাঠালেন। (ইবনে আবদুল হাকাম ১৯ পৃষ্ঠা)

এটা এমন এক ঐতিহাসিক বর্ণনা, যিনি স্বয়ং মিশরের অধিবাসী ছিলেন এবং যে শতাব্দীতে ওমর ইবনে আবদুল আজীজ (র) ইন্তেকাল করেছেন, সেই শতাব্দীতেই তিনি জন্মগ্রহণ করেছেন। আমাদের বিশ্বাস, পরবর্তী ঐতিহাসিকগণ ইবনে আবদুল হাকামের লিখিত গ্রন্থের পাণ্ডুলিপি পাননি অথবা যদি পেয়েও থাকেন তবে ওমর ইবনে আবদুল আজীজ (র)-এর স্থান নির্দেশ করতে তারা ভুল করেছেন।

ঐতিহাসিক ইবনে সাদ এ সম্পর্কে অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি। তিনি মাত্র এ কয়টি কথা দ্বারা ওমর ইবনে আবদুল আজীজ (র)-এর জন্মের কথা উল্লেখ করেছেন।
قَالُوا وُلِدَ عُمَرُ سَنَةَ ثَلَاثٍ وَسِتِّينَ سَنَةٍ وَهِيَّ السَّنَةُ الَّتِي مَانَتْ فِيهَا مَيْمُونَةً زَوْجَهُ النَّبِيِّ صَلْعَمْ

অর্থাৎ বর্ণিত আছে যে, ওমর ৬৩ হিজরীতে জন্মগ্রহণ করেন। এ বৎসরই উম্মুল মুমিনীন হযরত মায়মুনা (রা) ইন্তেকাল করেন। এ কথার সম্পর্ক দ্বারা প্রতীয়মান হয় যে, ইবনে সা'দের মতে এটা নির্ভরযোগ্য ছিল যে, ওমর ইবনে আবদুল আজীজ (র) মদীনাতে জন্মগ্রহণ করেছেন। (তাবাকাতে ইবনে সাদ, ৫ম, পৃ. ২২২)

যদি হালওয়ান বা মিশরের অন্য কোন শহরে তাঁর জন্ম হয়েছে বলে মনে করি, তবে স্বীকার করতে হবে যে, তাঁর জন্ম তারিখ অন্য কোন তারিখ অথবা মেনে নিতে হবে যে, আবদুল আজীজ তাঁর পিতা মারওয়ানের খেলাফতের পূর্বে এবং তিনি স্বয়ং মিশরের শাসন কর্তৃত্ব লাভ করার পূর্বে তাঁর স্ত্রী উম্মে আসেমসহ মদীনা গিয়েছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00