📄 আবুল জারবাহর মধ্যস্থতা
ঝামেলা এখানেই মিটে যাক, এমনটাই চাচ্ছিলেন অধিকাংশ মানুষ। আবুল জারবা তাইমি নামক জনৈক ব্যক্তি হযরত আয়েশা রাযি.-সহ অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করলেন। সকলে তার সিদ্ধান্ত মেনে নিয়ে অন্যত্র চলে গেলেন এবং তাঁবু ফেললেন।
📄 হাকিমের ধৃষ্টতা
সকাল হলে গভর্নরের বাহিনী আবারও সামনে এল। হাকিম পথ মাড়াচ্ছিল আর হযরত আয়েশা রাযি.-এর সম্পর্কে অশালীন কথা বলছিল। কায়স গোত্রের জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, কার সম্পর্কে এমন অশালীন মন্তব্য করছেন আপনি? হাকিম যেন তেলে-বেগুনে জ্বলে উঠল। অত্যন্ত ধৃষ্টতার সঙ্গে বলল, আয়েশা [রাযি.] সম্পর্কে। লোকটি হতভম্ব হয়ে বললেন, আরে শয়তান, উম্মুল মুমিনীনের শানে তোর মুখ থেকে এমন কথা বের হচ্ছে? হাকিম বর্শা মেরে লোকটিকে থামিয়ে দিল। কিছু দূর গিয়ে এক মহিলার সঙ্গেও একই আচরণ করল। আবদুল কায়সের গোত্র হাকিমের এহেন আচরণে তার পক্ষ ত্যাগ করল।
📄 বসরা-বিজয়
হাকিমের প্ররোচনায় বিরোধী গোষ্ঠী পুরো দমে প্রস্তুত, যে কোনো মুহূর্তে হামলা করবে; এবং করলও। হযরত আয়েশা রাযি.-এর পক্ষ থেকে জনৈক ঘোষক একের পর এক শপথ বাক্য উচ্চারণ করে করে আক্রমণ বন্ধ করার অনুরোধ করছিলেন। কিন্তু তারা কোনোক্রমেই আক্রমণ বন্ধ করল না। অবশেষে শান্তিবাহিনীও আত্মরক্ষা করতে লাগলে ঘটনাটি যুদ্ধের রূপ পরিগ্রহ করে। বিরোধীদের লাশের স্তূপ পড়ে যায়। তারা হতভম্ব হয়ে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে এবং চিৎকার করে 'আমান আমান' আওয়াজ তোলে। অবশেষে উভয় পক্ষ এই শর্তে সন্ধি করে যে, বসরা থেকে একজন প্রতিনিধি মদীনায় যাবে এবং জনসম্মুখে জানতে চাইবে-হযরত তালহা রাযি. এবং হযরত যুবায়ের রাযি. কি স্বেচ্ছায় হযরত আলী রাযি.-এর খেলাফত মেনে নিয়েছেন, নাকি তাদেরকে বাধ্য করা হয়েছে? স্বেচ্ছায় হলে বিরোধীদের বসরা ছেড়ে দেওয়া হবে, অন্যথায় বিরোধীরাই বসরা ছেড়ে চলে যেতে বাধ্য থাকবে।
প্রতিনিধি যেদিন মদীনায় পৌঁছে, ঘটনাক্রমে সেদিন ছিল শুক্রবার। সকল সাহাবা কেরাম এবং অপরাপর মুসলমানগণ মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। প্রতিনিধি উপস্থিতিকে লক্ষ্য করে উচ্চস্বরে জিজ্ঞেস করেন-হে মদীনাবাসী, আমি বসরা থেকে মদীনায় প্রতিনিধি হয়ে এসেছি। মহিমান্বিত ব্যক্তিদ্বয় (হযরত তালহা রাযি. এবং হযরত যুবায়ের রাযি.) কি খুশিমনে বাইয়াত গ্রহণ করেছেন, নাকি জোরপূর্বক তাদেরকে বাধ্য করা হয়েছে? আগন্তুকের প্রশ্নে মজলিসে অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। কেউ কোনো কথা বলছিলেন না। হঠাৎ একটি আওয়াজ নীরবতার আস্তরণ ভেঙে দিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালকপৌত্র, হযরত উসামা ইবনে যায়েদ রাযি.-এর আওয়াজ ছিল।
তিনি বলে উঠলেন, তাঁরা স্বেচ্ছায় বাইয়াত গ্রহণ করেননি; বরং জোরপূর্বক করানো হয়েছে। সঙ্গে সঙ্গে সাহল বিন হানীফ আনসারি (হযরত আলী রাযি.-এর ধর্মভাই) লাফ দিয়ে গিয়ে তাঁকে ধরে ফেললেন। এ অবস্থা দেখে হযরত সুহাইব রাযি., হযরত আবু আইয়ুব রাযি., হযরত মুহাম্মাদ ইবনে মাসলামাহ রাযি.-সহ অন্যান্য সাহাবা কেরام বলতে লাগলেন— হাঁ, হাঁ, উসামা সত্য বলেছে। এরপর হযরত সুহাইব রাযি. হযরত উসামা রাযি.-কে ছাড়িয়ে নিয়ে ঘরে পৌঁছে দিলেন এবং বললেন—বাবা, আমরা সবাই যেমন চুপচাপ ছিলাম, তুমিও তেমন চুপচাপ থাকতে।
রাস্তায় হযরত আলী রাযি.-কে সন্ধির শর্ত জানানো হলে তিনি বসরার গভর্নরের নামে একটি পত্র লিখলেন:
'যদি তাঁদেরকে জোরপূর্বক বাইয়াত গ্রহণ করানো হয়ে থাকে, তাহলে তা শুধু এজন্য যে মুসলমানদের মধ্যে যেন বিভেদ ও দলাদলির সৃষ্টি না হয়।'
প্রতিনিধি বসরায় ফিরে এসে মদীনার অবস্থা ব্যক্ত করল। বিরোধীরা বিপরীতে হযরত আলী রাযি.-এর পত্র উপস্থাপন করল। তখনো আলোচনা চলছেই। এরই মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। সন্ধির সময়কালে উভয় পক্ষ একই জায়গায়, একই মসজিদে, একই ইমামের পেছনে নামায পড়ার কথা। কিন্তু ভুলবশত একবার এই পক্ষ তাদের একজনকে ইমাম বানিয়ে আগে বাড়িয়ে দেয় এবং নামায শুরু করে।
অনারব-মনা বেশ কিছু লোক ক্ষিপ্ত হয়ে তলোয়ার বের করে হামলা করে। তারাও প্রতিউত্তরে তলোয়ার চালায়। এই ঘটনায় বসরার গভর্নর সংশোধনকামী বাহিনীর হাতে বন্দী হন। হযরত আয়েশা রাযি. জানতে পেরে গভর্নরকে মুক্ত করে দেন এবং ঘোষণা করেন—হযরত উসমান রাযি.-এর হত্যায় জড়িতদের ছাড়া আর কাউকে কিছু করা হবে না।
ঘোষণা শুনে সাধারণ জনগণ অস্ত্র ত্যাগ করেন। কিন্তু হাকিম কোনো কিছুই গায়ে মাখল না। সে যুদ্ধ চালিয়ে যাওয়ার জেদ ধরল। এক শয়তান রাতের অন্ধকারে হযরত আয়েশা রাযি.-এর ঘরে ঢুকে তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করল। সে বারান্দা পর্যন্ত পৌঁছেও গিয়েছিল; কিন্তু হাতেনাতে ধরা পড়ায় তার চক্রান্ত নস্যাৎ হয়ে যায়। যাই হোক, শেষমেশ শান্তিকামী কাফেলারই বিজয় হলো। বসরা তাদের দখলে এসে যায়। শহরের অধিকাংশ মানুষই আনুগত্য স্বীকার করে। বসরার ধনভাণ্ডার হতে যোদ্ধাদের ওজিফা প্রদান করা হয়।
টিকাঃ
১. তাহযিব ও ইসাবাহ, ইবনে সা’দের উদ্ধৃতি অনুযায়ী।
📄 আমির-ওমরার নামে পত্রপ্রেরণ
কুফা, দামেশক ও মদীনায় বিজয়নামা প্রেরণ করা হয়। হযরত আয়েশা রাযি. কুফার নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দের নামে যে পত্র প্রেরণ করেছিলেন তা এই:
'পরকথা, আমি আপনাদের আল্লাহ এবং ইসলাম স্মরণ করার উপদেশ দিচ্ছি। আল্লাহর কিতাবের যথার্থ বাস্তবায়ন করুন। আল্লাহকে ভয় করুন এবং তাঁর রজ্জুকেই আঁকড়ে থাকুন। কখনোই এই কিতাবের সঙ্গ ছাড়বেন না। আমরা বসরাবাসীকে আল্লাহর কিতাবের বাস্তবায়নের আহ্বান করেছি। উম্মতের সৎ লোকেরা আমাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু যাদের মধ্যে ভালোত্ব ছিল না, তারা অস্ত্রের মাধ্যমে আমাদের মোকাবেলা করতে চেয়েছে। তারা বলেছে, তোমাদেরকেও উসমান [রাযি.]-এর সঙ্গে পরপারে পাঠিয়ে দিচ্ছি। হঠকারিতা করে তারা আমাদের কাফের বলেছে। আমাদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছে। আমরা তাদেরকে কুরআনের আয়াত পড়ে শুনিয়েছি:
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيباً مِّنَ الْكِتَابِ يَدْعُوْنَ إِلَى كِتَابِ اللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّى فَرِيقٌ مِنْهُمْ وَهُمْ مُّعْرِضُونَ
অর্থ: আপনি কি তাদের দেখেননি, যাদেরকে আল্লাহর কিতাবের একটি অংশ দেওয়া হয়েছে? তাদের আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হতো, যেন তারা সে অনুযায়ী তাদের মাঝে বিচারাচার করে; অথচ তারপর তাদের একটি দল উপেক্ষাপ্রদর্শনপূর্বক আল্লাহর কিতাব থেকে সরে গেল। (সূরা আলে ইমরান, আয়াত: ২৩)
এ কথা শুনে কিছু মানুষ আমাদের মেনে নিয়েছে, কিছু মানুষ ভিন্নমত পোষণ করেছে। আমরা তাদের কিছু বলিনি, পিছু নিইনি। তারপরও তারা আমাদের সাথীদের ওপর তলোয়ার চালিয়েছে। বসরার গভর্নর উসমান বিন হানিফ তাদেরকে আমার বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু আল্লাহ তাঁর নেক বান্দাদের দ্বারা আমাকে সাহায্য করেছেন এবং তাদের চক্রান্তকে তাদের ওপরই আপতিত করেছেন। আমরা দীর্ঘ ২৬ দিন ধরে তাদেরকে আল্লাহর কিতাবের দাওয়াত দিয়ে এসেছি। আমরা বোঝানোর চেষ্টা করেছি, অপরাধীরা ছাড়া আর কারও যেন রক্তপাত না ঘটে। কিন্তু তারা আমাদের বিরুদ্ধে নানা অজুহাত দাঁড় করিয়েছে। তারপরও আমরা সন্ধি করেছি। কিন্তু তারা কথা রাখেনি। তারা বিশ্বাসঘাতকতা করে সৈন্য প্রস্তুত করেছে। আল্লাহ হযরত উসমান রাযি.-এর কেসাস বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন। এখানকার একজন ছাড়া বিদ্রোহীদের কেউ রক্ষা পায়নি। আল্লাহ কায়েস, রেবাব, আযদ প্রমুখ গোত্রসমূহের মাধ্যমে আমাদের সাহায্য করেছেন। খুব সাবধান, হযরত উসমান রাযি.-এর হত্যাকারীরা ছাড়া, যতক্ষণ আল্লাহ তাদের শায়েস্তা না করছেন, অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন। ভুলেও বিশ্বাসঘাতকদের পক্ষাবলম্বন বা রক্ষণাবেক্ষণ করবেন না। যারা আল্লাহর আইনে শাস্তিযোগ্য, ভুলেও তাদের প্রতি সন্তোষ প্রকাশ করবেন না। নয়তো আপনারাও জালিমদের অন্তর্ভুক্ত হবেন।'