📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 ঈলার ঘটনা

📄 ঈলার ঘটনা


তাহরীমের ধারাবাহিকতায়ই ঘটে ঈলার ঘটনা। এগুলো নবম হিজরীর কথা। আরবের দূরদূরান্তের গোত্রগুলো ইসলামের ছায়াতলে এসে চলেছে। গনিমতের মাল, বিজিত অর্থসম্পদ এবং বার্ষিক আয়ে সমৃদ্ধ ধনভাণ্ডার একের পর এক মদীনাকে ভরপুর করে তুলছে।
আশা করি, নবীপরিবার যে অভাব-অনটনের মধ্য দিয়ে কালাতিক্রম করছিলেন তারও একটা সাধারণ ধারণা ইতোমধ্যে ‘সংসার-জীবন’ শিরোনামে পাঠক পেয়ে থাকবেন।
খায়বার বিজয়ের পর পবিত্র স্ত্রীগণের জন্য যে খোরপোশ নির্ধারিত হয়েছিল, তা একে তো খুবই কম, তার ওপর তাদের বদান্যতা, দানশীলতা-সব মিলিয়ে টানাটানি করেও বছর পার হওয়া ছিল কঠিন। ঘরে অভাব-অনটন লেগেই থাকত। অথচ পবিত্র স্ত্রীগণের অনেকেই ছিলেন ধনী পরিবারের মেয়ে বরং শাহযাদি। তারা ইতিপূর্বে কি নিজের ঘরে, কি স্বামীসংসারে, অঢেল সম্পদ ও ভোগবিলাসের মধ্য দিয়ে জীবন-যাপন করেছেন। তাই মদীনা যখন ধনসম্পদে পরিপূর্ণ, আর অজস্র ঐশ্বর্য যখন রাসূলের পদতলে, তখন নবীপরিবারের বার্ষিক খরচ কি একটু বাড়ানো যায় না? পবিত্র স্ত্রীগণ এই মর্মে তাঁদের মনোবাঞ্ছার কথা ব্যক্ত করলেন রাসূলের কাছে।
হযরত উমর রাযি. বিষয়টি জেনে হতভম্ব হয়ে গেলেন। প্রথমেই আপন আত্মজাকে বোঝালেন রাসূলের কাছে কোনো আবদার কোরো না, তোমার যা লাগে আমাকে বলো। রাসূল তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছেন শুধু আমার খাতিরে, নয়তো অনেক আগেই ছেড়ে দিতেন। এরপর তিনি এক এক করে উম্মাহাতুল মুমিনীনের প্রত্যেকের দ্বারেই গেলেন এবং বোঝালেন। কিন্তু হযরত উম্মে সালামা রাযি. বলে বসলেন—উমর, আপনি সবকিছুতেই নাক গলান; এবার এসেছেন রাসূলের পরিবারের বিষয়েও নাক গলাতে? উম্মুল মুমিনীনের জবাবে হযরত উমর রাযি. স্তব্ধ হয়ে গেলেন।
একদিন হযরত আবু বকর রাযি. এবং হযরত উমর রাযি. দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। দেখলেন রাসূল বিষণ্ণ, মধ্যখানে বসা, এদিক-ওদিক পবিত্র স্ত্রীগণ—তাঁরা খোরপোশ বাড়ানোর কথা বলছেন। দুজনই যাঁর যাঁর আত্মজাকে শাসন করলেন। হযরত আয়েশা রাযি. এবং হযরত হাফসা রাযি. কথা দিলেন, ভবিষ্যতে আর এ ধরনের আবদার করে রাসূলকে কষ্ট দেবেন না।
অন্যান্য স্ত্রীগণ তাঁদের দাবির ওপর অটল। ঘটনাক্রমে এরই মধ্যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন। হযরত আয়েশা রাযি.-এর হুজরাসংলগ্ন একটি ওপরতলা ছিল, বলা যায় হুজরার গুদামঘর। আহত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই অবস্থান গ্রহণ করলেন এবং শপথ করলেন—এক মাস পবিত্র স্ত্রীগণের কাছে যাবেন না। মুনাফিকরা রটাতে লাগল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। ঘরে ঘরে শোরগোল পড়ে গেল। সাহাবা কেরام মসজিদে নববীতে সমবেত হলেন। পবিত্র স্ত্রীগণ মর্মাহত। শোকের ছায়া নেমেছে নবীপরিবারে। কী হতে কী হয়ে গেল। সাহাবা কেরام কেউ সাহস করছেন না যে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য জানতে চাইবেন।
হযরত উমর রাযি. সংবাদ পেয়ে মসজিদে নববীতে এলেন। সাহাবা কেরام সবাই স্তব্ধ। হযরত উমর রাযি. রাসূলের সাক্ষাৎ লাভের অনুমতি চাইলেন। কিন্তু কোনো উত্তর এল না। দ্বিতীয়বার অনুমতি চাইলেন। এবারও সাড়া মিলল না। অবশেষে তৃতীয়বারে অনুমতি পেয়ে কাছে গেলেন। দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকিতে শুয়ে আছেন। শরীরে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। এদিক-সেদিক তাকিয়ে দেখলেন দয়ার নবীর কাছে কিছুই নেই। শুধু মাটির বরতন ও দু-একটি শুকনো মশক। দোজাহানের বাদশাহর রিক্ততা দেখে হযরত উমর রাযি. অশ্রুসিক্ত হলেন। তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সত্যি সত্যিই পবিত্র স্ত্রীগণকে ত্যাগ করেছেন? ইরশাদ হলো, না। আরজ করলেন, এই সুসংবাদ কি মুসলমানগণ পেতে পারেন? ইরশাদ হলো, হ্যাঁ। হযরত উমর রাযি. সানন্দে উচ্চস্বরে-আল্লাহু আকবার- তাকবীর দিলেন।
মাসটি ছিল ঊনত্রিশ দিনের। হযরত আয়েশা রাযি. বলেন-আমি শুধু দিন গুনতাম। উনত্রিশতম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আয়েশা রাযি.-এর কাছে যান। তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো একমাসের শপথ করেছিলেন। অথচ সবে মাত্র উনত্রিশ দিন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এক মাস ঊনত্রিশ দিনেও হয়।

টিকাঃ
১. আবু দাউদ: باب إمامة من صلى قاعدا।
২. আবু দাউদ: باب إمامة من صلى قاعدا।
৩. সহীহ মুসলিম: باب الإيلاء।

📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 তাখয়ীরের প্রেক্ষাপট

📄 তাখয়ীরের প্রেক্ষাপট


কোনো নবীই শুধুমাত্র স্ত্রীদের তাগিদে পার্থিব বিলাস গ্রহণ করতে পারেন না। তাই পবিত্র কুরআনে তাখঈরের আয়াত নাজিল হয়। তাখঈর অর্থ ইচ্ছাধিকার প্রদান। অর্থাৎ পবিত্র স্ত্রীগণ প্রত্যেকে স্বাধীন। যার যার নির্ণয় নিজেই নেবেন। চাইলে অভাব-অনটনকে সাদরে বরণ করে পবিত্র স্ত্রীর মর্যাদায় ভূষিত থাকতে পারেন, চাইলে এই সম্মান ত্যাগ করে দুনিয়ার বিলাস গ্রহণ করতে পারেন। যারা দুনিয়ার সাময়িক বিলাসকে বিসর্জন দিতে পারবে, আল্লাহ তাদেরকে দান করবেন আখেরাতের চিরস্থায়ী সুখ, সম্মান ও সৌভাগ্য। মহান আল্লাহ ইরশাদ করেন:
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيُوةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّ حُكُنَّ سَرَاحًا جَمِيلًا وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا
অর্থ: হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, তোমরা যদি পার্থিব জীবন ও পার্থিব বিলাস কামনা কর, তবে এসো, আমি তোমাদের ন্যায়সঙ্গত ও উত্তম পন্থায় মুক্ত করে দিই। আর যদি আল্লাহ, রাসূল ও পরকাল কামনা কর, তা হলে জেনে রেখো, আল্লাহ মুহসিন নারীদের জন্য রেখেছেন বিরাট প্রতিদান। (সূরা আহযাব, আয়াত: ২৮-২৯)
আয়াতটি নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আয়েশা রাযি.-এর কাছে যান এবং বলেন-আয়েশা, আমি তোমাকে একটি প্রস্তাব দেব, তুমি তোমার আব্বা-আম্মার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। হযরত আয়েশা রাযি. আরজ করলেন-হে আল্লাহর রাসূল, ইরশাদ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর্যুক্ত আয়াতটি পড়ে শোনালেন। তিনি আরজ করলেন-হে আল্লাহর রাসূল, আমি কোন বিষয়ে আব্বা-আম্মার পরামর্শ নেব? আমি তো আল্লাহ ও তাঁর রাসূলকেই বেছে নিয়েছি। হযরত আয়েশা রাযি.-এর স্বতঃস্ফূর্ত উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে খুশির ছাপ দেখা দিল। হযরত আয়েশা রাযি. আরজ করলেন-হে আল্লাহর রাসূল, আমার নির্ণয় অন্যরা না জানলে ভালো হতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। বললেন, আয়েশা, পৃথিবীতে এসেছি শিখিয়ে দিতে; চাপিয়ে দিতে নয়।

টিকাঃ
১. সহীহ বুখারী ও সহীহ মুসলিম: ঈলা অংশে সবগুলো ঘটনা আছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00