📄 কিছু ভ্রান্তি ও নিরসন
দ্বিতীয় আয়াতের তাফসীরে কতিপয় তাফসীরকার ভুলের মধ্যে আছেন। তাদের তাফসীর অনুযায়ী আয়াতটির তরজমা দাঁড়ায়-আর যদি তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর (তাহলে এটা খুবই জরুরি); কেননা তোমাদের হৃদয় বক্র হয়ে গিয়েছে। কিন্তু যদি তোমরা জোটবদ্ধ থেকেই যাও, তা হলে আল্লাহই তাঁর নবীর মনিব।...
রেখাযুক্ত তরজমাটি সম্পূর্ণ ভুল। এটা স্পষ্ট যে, বাক্যটি শর্তসাপেক্ষ। আরবী ভাষায় এ ধরনের বাক্যের পরবর্তী অংশ উহ্য থাকে। উহ্য বাক্যটি নির্ণিত হয় পূর্বাপরের আবহ থেকে। আমরা সেই উহ্য বাক্যটি নির্ধারণ করেছি-لَا بَأْسَ (কোনো ক্ষতি নেই)। কিন্তু অনেকে উহ্য বাক্য ধরেছেন- فَهُوَ وَاجِبٌ (এটা জরুরি)। আরবী ভাষার ব্যাকরণ সম্পর্কে যাদের ভালো ধারণা আছে, তারা নিশ্চয় জেনে থাকবেন, যদি إِنْ দ্বারা সূচিত শর্তবাক্যের শেষে إِذًا দ্বারা পরবর্তী উহ্য বাক্যের হেতু নির্দেশিত হয়, তা হলে উহ্য বাক্যটি হয়-لَا بَأْسَ (কোনো সমস্যা নেই), لا حرج (কোনো ক্ষতি নেই), لَا ضَيْرَ (কোনো সমস্যা নেই), فَهُوَ هَمِّنْ (এ তো মামুলি ব্যাপার) ইত্যাদি। প্রাচীন আরবের কাব্যসম্ভার এমনকি স্বয়ং কুরআনে কারীমে এর অসংখ্য উদাহরণ আছে।
صَغَتْ শব্দটির زَاغَتْ (বক্র/ বিচ্যুত হয়েছে/সরে গিয়েছে) অর্থটিও ঠিক নয়। কেননা হযরত আয়েশা রাযি. এবং উম্মাহাতুল মুমিনীনের সদস্যবৃন্দ, আল্লাহ মাফ করুন, নিঃসন্দেহে এ ধরনের ক্ষুদ্রতার অনেক ঊর্ধ্বে। তাদের হৃদয় বক্র হয়ে যাবে, তারা বিপথে চলে যাবেন এটা কল্পনাও করা যায় না। আসলে কোনো কিছু থেকে সরে যাওয়া আর কোনো কিছুর দিকে ঝুঁকে যাওয়া এক কথা নয়। যে কোনো ভাষাতেই এ দুটো অর্থকে ধারণ করে এমন প্রচুর শব্দ পাওয়া যায়। আরবী ভাষায়ও এ ধরনের বেশ কিছু শব্দ আছে। আমরা শব্দগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি:
এক. যেগুলো শুধু প্রথম অর্থকে ধারণ করে। যেমন: الْحَرَف ادعوى، زاغ، حاد
দুই. যেগুলো শুধু দ্বিতীয় অর্থটিকে ধারণ করে। যেমন: قَاءَ، تَابَ الْتَفَتَ، تَوَجَّهَ
তিন. যেগুলো উভয় অর্থকে ধারণ করে। যেমন: مَالَ، شَغَلَ، عَدَلَ، رَجَعَ
صَغَتْ শব্দটি দ্বিতীয় অর্থে ব্যবহৃত হয়। অনেকে শব্দটিকে তৃতীয় অর্থে গ্রহণ করেছেন। আবার অনেকে ব্যবহার করেছেন প্রথম অর্থে। আর এটাই সবচেয়ে বড় ভাষাগত ত্রুটি। আরবী ভাষার কোনো শব্দভাণ্ডার একে সমর্থন করে না। কুরআনে কারীমের আরও একটি জায়গায় শব্দটি ব্যবহৃত হয়েছে:
وَلِتَصْغَى إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ
অর্থ: ...এবং যারা ঈমান আনবে না, তাদের হৃদয় যেন ঝুঁকে যায় তার দিকে...। (সূরা আল-আনআম, আয়াত: ১১৩)
দেখুন, কোনো কিছু থেকে সরে যাওয়া বা বিচ্যুত হওয়ার অর্থে শব্দটিকে কি গ্রহণ করা সম্ভব?
আয়াতে কারীমায় হযরত আয়েশা রাযি. এবং হযরত হাফসা রাযি.-এর অন্তর কীসের দিকে ঝুঁকে গিয়েছে তার উল্লেখ নেই। অনেকে, আল্লাহ মাফ করুন, লিখেছেন-রাসূলকে কষ্ট দেওয়া এবং তাঁকে বিপদে ফেলার দিকে। অথচ ব্যাকরণের রীতি অনুসারে যে শব্দ উহ্য থাকে, তা আগে- পিছে কোথাও না কোথাও থেকেই থাকে। অন্তত তার স্পষ্ট ইঙ্গিত থাকে। লক্ষ করুন, পূর্বে তওবার কথা আছে, যার মর্মার্থ-আল্লাহর দিকে প্রত্যাবর্তন। সুতরাং উহ্য কথাগুলো উক্ত করলে বাক্যটির রূপ দাঁড়াবে:
إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا إِلَى التَّوْبَةِ إِلَى اللَّهِ)
অর্থ: যদি তোমরা দুজনে আল্লাহর কাছে তওবা কর (তাহলে বিষয়টি তোমাদের জন্য ক্ষতিকর হবে না); কেননা (তওবা করার দ্বারা) তোমাদের হৃদয় তো আল্লাহমুখী হয়েই গেল।
টিকাঃ
১. যারা আরবী জানেন নিম্নোক্ত আয়াতগুলো ভেবে দেখুন- فَإِنْ كَذَّبُوكَ فَقَدْ كُذِبَ رُسُلٌ مِنْ قَبْلِكَ অর্থ: যদি তারা আপনাকে মিথ্যুক বলে তা হলে ক্ষতি কী! আপনার পূর্ববর্তী রাসূলগণকেও তো মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। (সূরা আলে ইমরান, আয়াত: ১৮৪) إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ الله অর্থ: যদি তোমরা তার সাহায্যে এগিয়ে না আস, তবে এ আর এমন কী! আল্লাহ তো অবশ্যই তাকে সাহায্য করবেন। (সূরা তাওবা, আয়াত: ৪০) وَإِنْ يَعُودُوا فَقَدْ مَضَتْ سُنَّةُ الْأَوَّلِينَ অর্থ: আর যদি তারা আবার এমনটা করে তা হলে ভাববার কিছু নেই। পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো গিয়েছেই। (সূরা আনফাল, আয়াত: ৩৮) فَإِن يَكْفُرْ بِهَا هَوْلَاءِ فَقَدْ وَكَلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوا بِهَا بِكَفِرِينَ অর্থ: আর যদি এরা এটা অস্বীকার করে তা হলে কিছু আসে যায় না। কেননা আমি এমন একটি সম্প্রদায়কে নিযুক্ত করেছি যারা এটা অস্বীকার করবে না। (সূরা আনআম, আয়াত: ৮৯)
১. লিসানুল আরব এবং বায়যাবী গ্রন্থে যা আছে—তাও قبل শব্দযোগে। মাওলানা হামীদ আদ-দীন সূরা তাহরীমের তাফসীরে এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। বিশদ জানার জন্য যা দেখা যেতে পারে।
📄 ঈলার ঘটনা
তাহরীমের ধারাবাহিকতায়ই ঘটে ঈলার ঘটনা। এগুলো নবম হিজরীর কথা। আরবের দূরদূরান্তের গোত্রগুলো ইসলামের ছায়াতলে এসে চলেছে। গনিমতের মাল, বিজিত অর্থসম্পদ এবং বার্ষিক আয়ে সমৃদ্ধ ধনভাণ্ডার একের পর এক মদীনাকে ভরপুর করে তুলছে।
আশা করি, নবীপরিবার যে অভাব-অনটনের মধ্য দিয়ে কালাতিক্রম করছিলেন তারও একটা সাধারণ ধারণা ইতোমধ্যে ‘সংসার-জীবন’ শিরোনামে পাঠক পেয়ে থাকবেন।
খায়বার বিজয়ের পর পবিত্র স্ত্রীগণের জন্য যে খোরপোশ নির্ধারিত হয়েছিল, তা একে তো খুবই কম, তার ওপর তাদের বদান্যতা, দানশীলতা-সব মিলিয়ে টানাটানি করেও বছর পার হওয়া ছিল কঠিন। ঘরে অভাব-অনটন লেগেই থাকত। অথচ পবিত্র স্ত্রীগণের অনেকেই ছিলেন ধনী পরিবারের মেয়ে বরং শাহযাদি। তারা ইতিপূর্বে কি নিজের ঘরে, কি স্বামীসংসারে, অঢেল সম্পদ ও ভোগবিলাসের মধ্য দিয়ে জীবন-যাপন করেছেন। তাই মদীনা যখন ধনসম্পদে পরিপূর্ণ, আর অজস্র ঐশ্বর্য যখন রাসূলের পদতলে, তখন নবীপরিবারের বার্ষিক খরচ কি একটু বাড়ানো যায় না? পবিত্র স্ত্রীগণ এই মর্মে তাঁদের মনোবাঞ্ছার কথা ব্যক্ত করলেন রাসূলের কাছে।
হযরত উমর রাযি. বিষয়টি জেনে হতভম্ব হয়ে গেলেন। প্রথমেই আপন আত্মজাকে বোঝালেন রাসূলের কাছে কোনো আবদার কোরো না, তোমার যা লাগে আমাকে বলো। রাসূল তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছেন শুধু আমার খাতিরে, নয়তো অনেক আগেই ছেড়ে দিতেন। এরপর তিনি এক এক করে উম্মাহাতুল মুমিনীনের প্রত্যেকের দ্বারেই গেলেন এবং বোঝালেন। কিন্তু হযরত উম্মে সালামা রাযি. বলে বসলেন—উমর, আপনি সবকিছুতেই নাক গলান; এবার এসেছেন রাসূলের পরিবারের বিষয়েও নাক গলাতে? উম্মুল মুমিনীনের জবাবে হযরত উমর রাযি. স্তব্ধ হয়ে গেলেন।
একদিন হযরত আবু বকর রাযি. এবং হযরত উমর রাযি. দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। দেখলেন রাসূল বিষণ্ণ, মধ্যখানে বসা, এদিক-ওদিক পবিত্র স্ত্রীগণ—তাঁরা খোরপোশ বাড়ানোর কথা বলছেন। দুজনই যাঁর যাঁর আত্মজাকে শাসন করলেন। হযরত আয়েশা রাযি. এবং হযরত হাফসা রাযি. কথা দিলেন, ভবিষ্যতে আর এ ধরনের আবদার করে রাসূলকে কষ্ট দেবেন না।
অন্যান্য স্ত্রীগণ তাঁদের দাবির ওপর অটল। ঘটনাক্রমে এরই মধ্যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন। হযরত আয়েশা রাযি.-এর হুজরাসংলগ্ন একটি ওপরতলা ছিল, বলা যায় হুজরার গুদামঘর। আহত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই অবস্থান গ্রহণ করলেন এবং শপথ করলেন—এক মাস পবিত্র স্ত্রীগণের কাছে যাবেন না। মুনাফিকরা রটাতে লাগল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। ঘরে ঘরে শোরগোল পড়ে গেল। সাহাবা কেরام মসজিদে নববীতে সমবেত হলেন। পবিত্র স্ত্রীগণ মর্মাহত। শোকের ছায়া নেমেছে নবীপরিবারে। কী হতে কী হয়ে গেল। সাহাবা কেরام কেউ সাহস করছেন না যে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য জানতে চাইবেন।
হযরত উমর রাযি. সংবাদ পেয়ে মসজিদে নববীতে এলেন। সাহাবা কেরام সবাই স্তব্ধ। হযরত উমর রাযি. রাসূলের সাক্ষাৎ লাভের অনুমতি চাইলেন। কিন্তু কোনো উত্তর এল না। দ্বিতীয়বার অনুমতি চাইলেন। এবারও সাড়া মিলল না। অবশেষে তৃতীয়বারে অনুমতি পেয়ে কাছে গেলেন। দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকিতে শুয়ে আছেন। শরীরে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। এদিক-সেদিক তাকিয়ে দেখলেন দয়ার নবীর কাছে কিছুই নেই। শুধু মাটির বরতন ও দু-একটি শুকনো মশক। দোজাহানের বাদশাহর রিক্ততা দেখে হযরত উমর রাযি. অশ্রুসিক্ত হলেন। তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সত্যি সত্যিই পবিত্র স্ত্রীগণকে ত্যাগ করেছেন? ইরশাদ হলো, না। আরজ করলেন, এই সুসংবাদ কি মুসলমানগণ পেতে পারেন? ইরশাদ হলো, হ্যাঁ। হযরত উমর রাযি. সানন্দে উচ্চস্বরে-আল্লাহু আকবার- তাকবীর দিলেন।
মাসটি ছিল ঊনত্রিশ দিনের। হযরত আয়েশা রাযি. বলেন-আমি শুধু দিন গুনতাম। উনত্রিশতম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আয়েশা রাযি.-এর কাছে যান। তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো একমাসের শপথ করেছিলেন। অথচ সবে মাত্র উনত্রিশ দিন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এক মাস ঊনত্রিশ দিনেও হয়।
টিকাঃ
১. আবু দাউদ: باب إمامة من صلى قاعدا।
২. আবু দাউদ: باب إمامة من صلى قاعدا।
৩. সহীহ মুসলিম: باب الإيلاء।
📄 তাখয়ীরের প্রেক্ষাপট
কোনো নবীই শুধুমাত্র স্ত্রীদের তাগিদে পার্থিব বিলাস গ্রহণ করতে পারেন না। তাই পবিত্র কুরআনে তাখঈরের আয়াত নাজিল হয়। তাখঈর অর্থ ইচ্ছাধিকার প্রদান। অর্থাৎ পবিত্র স্ত্রীগণ প্রত্যেকে স্বাধীন। যার যার নির্ণয় নিজেই নেবেন। চাইলে অভাব-অনটনকে সাদরে বরণ করে পবিত্র স্ত্রীর মর্যাদায় ভূষিত থাকতে পারেন, চাইলে এই সম্মান ত্যাগ করে দুনিয়ার বিলাস গ্রহণ করতে পারেন। যারা দুনিয়ার সাময়িক বিলাসকে বিসর্জন দিতে পারবে, আল্লাহ তাদেরকে দান করবেন আখেরাতের চিরস্থায়ী সুখ, সম্মান ও সৌভাগ্য। মহান আল্লাহ ইরশাদ করেন:
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيُوةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّ حُكُنَّ سَرَاحًا جَمِيلًا وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا
অর্থ: হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, তোমরা যদি পার্থিব জীবন ও পার্থিব বিলাস কামনা কর, তবে এসো, আমি তোমাদের ন্যায়সঙ্গত ও উত্তম পন্থায় মুক্ত করে দিই। আর যদি আল্লাহ, রাসূল ও পরকাল কামনা কর, তা হলে জেনে রেখো, আল্লাহ মুহসিন নারীদের জন্য রেখেছেন বিরাট প্রতিদান। (সূরা আহযাব, আয়াত: ২৮-২৯)
আয়াতটি নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আয়েশা রাযি.-এর কাছে যান এবং বলেন-আয়েশা, আমি তোমাকে একটি প্রস্তাব দেব, তুমি তোমার আব্বা-আম্মার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। হযরত আয়েশা রাযি. আরজ করলেন-হে আল্লাহর রাসূল, ইরশাদ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর্যুক্ত আয়াতটি পড়ে শোনালেন। তিনি আরজ করলেন-হে আল্লাহর রাসূল, আমি কোন বিষয়ে আব্বা-আম্মার পরামর্শ নেব? আমি তো আল্লাহ ও তাঁর রাসূলকেই বেছে নিয়েছি। হযরত আয়েশা রাযি.-এর স্বতঃস্ফূর্ত উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে খুশির ছাপ দেখা দিল। হযরত আয়েশা রাযি. আরজ করলেন-হে আল্লাহর রাসূল, আমার নির্ণয় অন্যরা না জানলে ভালো হতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। বললেন, আয়েশা, পৃথিবীতে এসেছি শিখিয়ে দিতে; চাপিয়ে দিতে নয়।
টিকাঃ
১. সহীহ বুখারী ও সহীহ মুসলিম: ঈলা অংশে সবগুলো ঘটনা আছে।