📄 বিবাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদীজা রাযি.। হযরত খাদীজা রাযি.-এর সঙ্গে বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর; আর হযরত খাদীজা রাযি.-এর বয়স ছিল চল্লিশ বছর। হযরত খাদীজা রাযি. পঁচিশ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ধন্য হন। এরপর হিজরতের তিন বছর পূর্বে নবুওয়াতের দশম বর্ষের রমযান মাসে পরপারে পাড়ি জমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল পঞ্চাশ বছর আর হযরত খাদীজা রাযি.-এর বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর।
ইসলামে স্ত্রীর অবস্থান কী হওয়া উচিত? তা এ থেকেও প্রতীয়মান হয় যে, সারা পৃথিবীতে নিজ প্রিয় স্বামীর পর হযরত খাদীজা রাযি.-ই ছিলেন দ্বিতীয় মুসলমান, বন্ধুহীন-নিঃসঙ্গ জীবনের কষ্টে, বিপদ-আপদ ও মুসিবতের ভিড়ে এবং জুলুম-নির্যাতনের ভয়াল থাবার মুখে-প্রতিটি ক্ষেত্রে তিনি প্রিয়তম জীবনসঙ্গীর সঙ্গে থেকেছেন; নিপীড়ন ও প্রতিবন্ধকতার এরূপ সকল স্থানে তিনি সান্ত্বনা, সহযোগিতা ও সহমর্মিতায় একাত্ম হয়েছেন। এমন অন্তরঙ্গ অকৃত্রিম স্ত্রী ও বন্ধুর বিরহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হবেন, সেটাই স্বাভাবিক। জীবন তাঁর দুর্বিষহ হয়ে উঠবে, সেটাই যৌক্তিক।’
অবস্থাদৃষ্টে জীবন-উৎসর্গকারী সাহাবায়ে কেরام রাযি. বিচলিত হয়ে পড়লেন। বিখ্যাত সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাযি.-এর স্ত্রী হযরত খাওলা রাযি. রাসূলের কাছে এলেন এবং মিনতি করলেন-হে আল্লাহর রাসূল, আপনি আবার বিবাহ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাকে? হযরত খাওলা রাযি. বললেন, কুমারীও আছে, বিধবাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাদের কথা বলছ? হযরত খাওলা রাযি. বললেন, কুমারী আছে আবু বকরের’ কন্যা আয়েশা, আর বিধবা আছে যামআর কন্যা সাওদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-আচ্ছা, কথা বলো।
হযরত খাওলা রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি পেয়ে আবু বকর রাযি.-এর গৃহে গেলেন এবং তাঁর সঙ্গে কথা বললেন। জাহেলি যুগে 'আপন ভাই'-এর ছেলেমেয়ের মতো 'মুখে বলা ভাই'-এর ছেলেমেয়ের সঙ্গেও বিবাহ না হওয়ার রেওয়াজ ছিল। তাই আবু বকর রাযি. বললেন, আয়েশা তো রাসূলের ভাতিজি। এ বিবাহ হবে কী করে? হযরত খাওলা রাযি. ফিরে এলেন এবং রাসূলের কাছে জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আমার ধর্মভাই। এমন সম্বন্ধ বিবাহের প্রতিবন্ধক নয়।’ হযরত আবু বকর রাযি. এ কথা শুনে আর আপত্তি করলেন না।
কিন্তু এরও আগে জুবাইর ইবনে মুতইম রাযি.-এর ছেলের সঙ্গে হযরত আয়েশা রাযি.-এর সম্বন্ধের কথা হয়েছিল। তাই তড়িঘড়ি না করে তাকেও জিজ্ঞেস করা আবশ্যক ছিল। হযরত আবু বকর রাযি. জুবাইর রাযি.-এর কাছে গেলেন এবং বললেন, তুমি তো আয়েশার সম্বন্ধ তোমার ছেলের সঙ্গে করবে বলেছিলে। তো এখনো কি সেই মতের উপরে আছ, না অন্য কিছু ভাবছ? জুবাইর রাযি. স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে চাইলেন। তখনো জুবাইর-পরিবার ইসলামের আলো থেকে দূরে ছিল। জুবাইর রাযি.-এর স্ত্রী উত্তর দিলেন, এই মেয়ে বদ-দীন, এই মেয়ের মা বাপ বদ- দীন, এ আমাদের ঘরে এলে আমাদের পরিবারও বদ-দীন হয়ে যাবে। আমি এ সম্বন্ধ মানি না।’
হযরত আয়েশা রাযি.-এর বয়স ছিল কম। কখনো কখনো মায়ের মর্জির খেলাফ কথা বলে ফেলতেন আর মা তাঁকে শাস্তি দিতেন, ভর্ৎসনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ভালো লাগত না। তাই উম্মে রুমান রাযি.-কে বলে দিয়েছিলেন, অন্তত আমার খাতিরে ওকে কষ্ট দিয়ো না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাযি.-এর গৃহে এসে দেখলেন, হযরত আয়েশা রাযি. কপাটে মুখ লাগিয়ে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে রুমান রাযি.-কে বললেন, তুমি আমার কথা রাখলে না। উম্মে রুমান রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার বিরুদ্ধে সে বাপের কাছে নালিশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা-ই হোক, আর ওকে কিছু বোলো না।’
বিভিন্ন হাদীসে এসেছে, বিবাহের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন, একজন ফেরেশতা রেশমের কাপড়ে করে কী যেন পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী এটা? ফেরেশতা বললেন, আপনার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরণ সরিয়ে দেখলেন—হযরত আয়েশা রাযি.।’
বিবাহের সময় হযরত আয়েশা রাযি.-এর বয়স ছিল মাত্র ছয় বছর। এত অল্প বয়সে বিবাহ হওয়ার রহস্য ছিল নবুওয়াত ও খেলাফতের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়া। প্রথমত আরবের শুষ্ক আবহাওয়ায় মেয়েরা অস্বাভাবিকভাবে বেড়ে উঠত। আবার অভিজ্ঞতা বলে, বিশেষ ব্যক্তিদের মেধা-প্রতিভা-চেতনায় যেমন বিশেষত্ব থাকে, তেমনি থাকে শারীরিক গঠনেও; যাকে ইংরেজিতে বলে প্রিকৌশাস—অকালপক্ব। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাযি.-কে এত অল্প বয়সে জীবনসঙ্গিনীরূপে গ্রহণ করা প্রমাণ করে যে, শৈশবেই তাঁর মাঝে অসাধারণ মেধা-প্রতিভা ও অস্বাভাবিক বর্ধনশীলতা লক্ষ করা গিয়েছিল।
হযরত আতিয়া রাযি. হযরত আয়েশা রাযি.-এর বিবাহ সম্পর্কে কেমন সাদামাটা বর্ণনা দিচ্ছেন—হযরত আয়েশা রাযি. বাচ্চাদের সঙ্গে খেলছিলেন। দুধমা এলেন এবং নিয়ে গেলেন। হযরত আবু বকর রাযি. এসে বিবাহ পড়িয়ে দিলেন।
মুসলিম রমণীর বিবাহ এটুকু গুরুত্বই চায়। কিন্তু আজ কোনো মুসলিম মেয়ের বিবাহ আর্থিক অপচয়, নৈতিক অবক্ষয় এবং শিরকী ক্রিয়াকলাপের সমষ্টি ছাড়া কিছু নয়। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের বিবাহই কি এর কার্যত প্রত্যাখ্যান নয়? হযরত আয়েশা রাযি. বর্ণনা করেন, যখন আমার বিবাহ হয় তখন খবরও ছিল না যে, আমার বিবাহ হয়ে গেছে। যখন আমার মা বাইরে বের হওয়ার ব্যাপারে বকাঝকা করতে শুরু করলেন, তখন বুঝতে পারলাম, আমার বিবাহ হয়ে গেছে। অবশ্য পরবর্তীতে আমার মা আমাকে বুঝিয়েও দিয়েছিলেন।’
ইবনে সাদের দুটো বর্ণনা থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরস্বরূপ হযরত আয়েশা রাযি.-কে একটি জমি দিয়েছিলেন। জমিটির মূল্য ছিল পঞ্চাশ দিরহাম। কিন্তু সূত্রের বিচারে তা তো গ্রহণযোগ্য নয়-ই, যুক্তির বিচারেও এ তথ্য অগ্রহণযোগ্য। মাত্র পঞ্চাশ দিরহাম তো নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জমিরও মূল্য হতে পারে না। ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী মোহরস্বরূপ চারশো দিরহাম নির্ধারিত হয়েছিল। কিন্তু ইবন সাদেরই অন্য একটি বর্ণনা, যা স্বয়ং হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, প্রমাণ করে যে, হযরত আয়েশা রাযি.-এর মোহর ছিল বারো উকিয়া এক নশ'- অর্থাৎ পাঁচশো দিরহাম। সহীহ মুসলিমে হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত আছে, উম্মাহাতুল মুমিনীনের মোহর সাধারণত পাঁচশো দিরহাম ধার্য হতো। মুসনাদে আহমদেও হযরত আয়েশা রাযি.-এর বর্ণনা অনুযায়ী, তাঁর মোহর ছিল পাঁচশো দিরহাম।
যাই হোক, উম্মাহাতুল মুমিনীনের মোহর এবং আজকালকার মেয়েদের মোহর-তুলনা করে দেখুন-আকাশ-পাতাল ফারাক। ভেবে দেখুন, মোহর নিয়ে আমাদের বাড়াবাড়ি কোন পর্যায়ে পৌঁছেছে। মোহর কম হলে যেন বংশের অমর্যাদা হয়। অথচ মুসলিমসমাজে এমন কোনো বংশ আছে কি, যা সিদ্দীকে আকবরের বংশের চেয়েও অধিক মর্যাদার? এমন কোনো কন্যা আছেন কি, যিনি সিদ্দীকায়ে কুবরার চেয়েও অধিক মরতবার?
হযরত আয়েশা রাযি.-এর বিবাহের তারিখ নিয়েও মতভেদ আছে। আল্লামা আইনী রহ. বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থে লিখেছেন, হযরত আয়েশা রাযি.-এর বিবাহ হিজরতের দুই বছর পূর্বে, অন্য বর্ণনায় তিন বছর পূর্বে এবং এও কথিত আছে যে, দেড় বছর পূর্বে হয়েছিল।’ আরও কিছু বর্ণনা থেকে জানা যায়, হযরত খাদীজা রাযি.-এর মৃত্যুর তিন বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাযি.-কে বিবাহ করেছিলেন। আবার অনেক জীবনীকার মনে করেন, যে বছর খাদীজা রাযি.-এর মৃত্যু হয় সে বছরই হযরত আয়েশা রাযি.-এর বিবাহ হয়।
হযরত খাদীজা রাযি.-এর মৃত্যু-তারিখ থেকে হযরত আয়েশা রাযি.- এর বিবাহ-তারিখ নির্ণিত হতে পারত; কিন্তু হযরত খাদীজা রাযি.-এর মৃত্যু-তারিখ নিয়েও একাধিক মত। একটি বর্ণনায় হিজরতের পাঁচ বছর পূর্বে, অন্য একটি বর্ণনায়-চার বছর পূর্বে এবং আরও একটি বর্ণনায়-তিন বছর পূর্বে। এত সব বর্ণনার ভিড়ে স্বয়ং হযরত আয়েশা রাযি.-এর বক্তব্য কোনো সমাধান দিতে পারত। কিন্তু মজার ব্যাপার, খোদ তাঁর থেকেও সহীহ বুখারী ও মুসনাদে দু'রকম বক্তব্য বিদ্যমান। একটি বর্ণনায় আছে, হযরত খাদীজা রাযি.-এর ওফাতের তিন বছর পর বিবাহ হয়েছিল। অন্য একটি বর্ণনায় আছে, এটা সে বছরেরই কথা।
বিশ্লেষকদের মতে—এবং বেশির ভাগ গ্রহণযোগ্য বর্ণনা এ মতেরই সমর্থন করে—হযরত খাদীজা রাযি. নবুওয়াতের দশম বর্ষে হিজরতের তিন বছর পূর্বে রমযান মাসে মৃত্যুবরণ করেন। এক মাস পর সে বছরই শাওয়াল মাসে হযরত আয়েশা রাযি.-এর বিবাহ হয়। তখন হযরত আয়েশা রাযি.-এর বয়স ছিল ছয় বছর। এই হিসাব অনুযায়ী হিজরতের তিন বছর আগে শাওয়ানে (মোতাবেক ৬২০ খ্রিস্টাব্দের মে মাসে) বিবাহ হয়েছে। ইসতিআব গ্রন্থে আল্লামা ইবনে আবদুল বার এ মতটিকেই প্রাধান্য দিয়েছেন। হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত স্ববিরোধী বক্তব্য দুটো—আমার মতে—বর্ণনাকারীর বুঝের ভুল। বিবাহ আসলে সে বছরই হয়েছিল যে বছর হযরত খাদীজা রাযি.-এর মৃত্যু হয়; কিন্তু রোখসত ও স্বামী-স্ত্রীর মিল হয়েছিল তিন বছর পর, যখন হযরত আয়েশা রাযি.-এর বয়স হয়েছিল নয় বছর।
টিকাঃ
১. তাবাকাত, ইবনে সাদ, খণ্ড পৃষ্ঠা: ৪১ (লন্ডনের ছাপা)।
২. ইউরোপীয় প্রাচ্যবিদ ও খ্রিস্টান গবেষকদের লজ্জাজনক মূর্খতার একটি উদাহরণ এই যে, তাদের দাবি, যেহেতু আরবী ভাষায় কুমারী মেয়েকে بکر বলে আর কেবলমাত্র হযরত আয়েশা রাযি.-ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী ছিলেন, তাই সেই সম্মানের খাতিরে তাঁর পিতা ইসলামে আবু বকর উপনামে খ্যাত হন। বাইরের লোকেরা প্রকৃত ঘটনা যদি না জানেন, তা হলে দুঃখের কিছু নেই; কিন্তু ঘরের লোকেরা ভুল করলে কীভাবে চলে। আধুনিক শিক্ষার অন্যতম পথিকৃৎ স্যার সৈয়দ আমীর আলীও লাইফ অফ মুহাম্মাদ গ্রন্থের ১৪ নং অধ্যায়ে এ ভ্রান্তির শিকার হয়েছেন। আরবে কুনিয়ত বা উপনাম সম্মান ও আভিজাত্যের প্রতীক। সেকালে সম্মানিত ব্যক্তিবৃন্দ উপনামে সম্বোধিত হতেন। অনেক অভিজাত ব্যক্তিরই প্রকৃত নাম হারিয়ে গেছে উপনামের আড়ালে। কে আছেন যিনি আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব ও আবু যর প্রমুখ ব্যক্তিবর্গের প্রকৃত নাম জানেন? আবু বকর নামটিও এমন। হযরত আবু বকর রাযি. শুধু হযরত আয়িশা রাযি.-এর জন্মের পূর্বেই নয়; ইসলামেরও জন্মের পূর্বে 'আবু বকর' উপনামে প্রসিদ্ধি লাভ করেছেন। তা ছাড়া এই পণ্ডিতদের কে জানাবেন যে, আরবী ভাষায় কুমারীকে (بِكر (بفتح الباء (ফাতহা দিয়ে-বক্স) বলা হয় না; বরং (بكر (بكسر الباء )কাসরা দিয়ে-বিক্র) বলা হয়। যায়েদ, আমর, উমর ইত্যাদির মতো বকরও একটি 'আলাম' বা নামবাচক বিশেষ্য। বনু বকর নামে আরবে একটি বিখ্যাত গোত্র ছিল। 'বিকর' শব্দের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
১. সহীহ বুখারী, تزويج الصغر من الكبر , পৃষ্ঠা: 940।
২. মুসনাদে আহমদ, ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা : ২১১।
১. মুসতাদরাকে হাকেম।
২. সহীহ বুখারী, মানাকিবে আয়েশা রাযি.।
৩. কিছু অপরিণামদর্শী মানুষ এই বাল্যবিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অশোভন মনে করেছেন। তাই তারা বিবাহের সময় হযরত আয়েশা রাযি.-এর বয়স বারো বছর প্রমাণ করতে চেয়েছেন; কিন্তু তাদের প্রয়াস অনর্থক, প্রমাণ অগ্রহণযোগ্য। ইসলামের ইতিহাসের কোনো নথিপত্র তাদের পক্ষে নেই। বিশদ জানার জন্য বক্ষ্যমাণ গ্রন্থের শেষে প্রদত্ত 'হযরত আয়েশা রাযি.-এর বয়স' শীর্ষক নিবন্ধটি দ্রষ্টব্য।
১. তাবাকাত, ইবনে সাদ, পৃষ্ঠা: ৪০।
২. তাবাকাত, ইবনে সাদ, পৃষ্ঠা: ৪১।
৩. সহীহ মুসলিম, কিতাবুন নিকাহ।
৪. মুসনাদে আয়েশা রাযি., পৃষ্ঠা: ৯৪।
১. উমদাতুল কারী, ১ম খণ্ড, পৃষ্ঠা: ৪৫।
২. সহীহ বুখারী, ফজিলতে খাদীজা রাযি.। মুসনাদে আহমদ, ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা: ৫৮।
৩. সহীহ বুখারী, হযরত আয়েশা রাযি, এর বিবাহ। মুসনাদে আয়েশা রাযি., পৃষ্ঠা: ১১৮।
📄 হিজরত
হযরত আয়েশা রাযি. বিবাহের পরও প্রায় তিন বছর পিতৃগৃহে ছিলেন। দু’বছর তিন মাস মক্কায় এবং সাত কি আট মাস মদীনায়। মুসলিমগণ প্রিয় মাতৃভূমি মক্কা থেকে দু’বার হিজরত করেছিলেন। প্রথমবার আবিশিনিয়ায় এবং পরের বার মদীনায়। হযরত আয়েশা রাযি.-এর বর্ণনা অনুযায়ী হযরত আবু বকর রাযি.-ও আবিশিনিয়ায় হিজরত করতে চেয়েছিলেন; এমনকি বারকুল-গিমাদ পর্যন্ত অগ্রসরও হয়েছিলেন। পথিমধ্যে ইবনে দাগিনার সঙ্গে দেখা হয়। শেষ পর্যন্ত আবু বকর রাযি.-ও মক্কা ত্যাগ করছেন দেখে কুরাইশদের প্রতি ইবনে দাগিনার ভীষণ আক্ষেপ হয়। অনেক অনুরোধের পর নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তিনি আবু বকর রাযি.-কে মক্কায় ফিরিয়ে আনেন। খুব সম্ভব, এই সফরে হযরত আয়েশা রাযি.-সহ পরিবারের অনেক সদস্যই হযরত আবু বকর রাযি.-এর সঙ্গে ছিলেন।
মক্কার মুশরিকদের নির্যাতন-নিপীড়নে মুসলমানগণ অতিষ্ঠ হয়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় হিজরত করার সংকল্প করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ও সন্ধ্যাবেলা প্রতিদিনই আবু বকর রাযি.-এর গৃহে আসতেন। কিন্তু একদিন এ সাধারণ রীতির ব্যতিক্রম ঘটল। ঠিক দ্বিপ্রহরে মুখমণ্ডল চাদরাবৃত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাযি.-এর গৃহে এলেন। আবু বকর রাযি.-এর পাশে তাঁর দুই মেয়ে : হযরত আয়েশা রাযি. ও হযরত আসমা রাযি. বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন—আবূ বকর, লোকজনকে সরিয়ে দিন, কথা আছে। আবু বকর রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল, অন্য কেউ নেই, আপনারই পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে এলেন এবং হিজরতের ইচ্ছা প্রকাশ করলেন। হযরত আয়েশা রাযি. ও হযরত আসমা রাযি. দুজনে মিলে সফরের পাথেয় প্রস্তুত করে দিলেন।’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধু আবু বকর রাযি.-কে সঙ্গে নিয়ে মদীনা অভিমুখে রওয়ানা হলেন—শত্রুভূমিতে প্রিয় পরিবারকে আল্লাহর কাছে সোপর্দ করে। যেদিন হিজরতে নববীর এই ক্ষুদ্র কাফেলাটি বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে মদীনা মুনাওয়ারায় পৌঁছে, সেদিন ছিল নবুওয়াতের দ্বাদশতম বছরের ১২ই রবিউল আওয়াল।
মদীনায় স্থির হয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিবারকে কাছে আনার জন্য হযরত যায়েদ রাযি. ও আবু রাফে রাযি.-কে মক্কায় পাঠান। আবু বকর রাযি.-ও লোক পাঠান। হযরত আবদুল্লাহ ইবনে আবু বকর রাযি. মাতা ও ভগ্নিদ্বয়কে সঙ্গে নিয়ে মদীনার পথে পা বাড়ান। হঠাৎ হযরত আয়েশা রাযি.-এর উট পলায়নপর হয়ে দৌড় শুরু করে। উটের ক্ষিপ্রতা দেখে ভয় হচ্ছিল, এই বুঝি হাওদা পড়ে যায়। মহিলাদের মধ্যে রীতিমতো চেঁচামেচি শুরু হয়ে গেল। অবশেষে উট বশে এলে স্বস্তি মেলে। যাই হোক, নবীপরিবার ও সিদ্দীকপরিবারের এই ক্ষুদ্র কাফেলাটি মদীনায় পৌছে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর পাশে ঘর বানাচ্ছিলেন। নবীজীর কন্যা হযরত ফাতেমা রাযি. ও হযরত উম্মে কুলসুম রাযি. এবং নবীজীর সম্মানিতা স্ত্রী হযরত সাওদা বিনতে যামআ রাযি. এই নবনির্মিত ঘরেই উঠেছিলেন।’
টিকাঃ
১. সহীহ বুখারী। ১ম খণ্ড, পৃষ্ঠা: ৫২২।
১. পুরোটাই আয়েশা রাযি.-এর মুখে বিবৃত। সহীহ বুখারী, হিজরত অধ্যায়, ১ম খণ্ড, পৃষ্ঠা: ৫৫২।
📄 রোকসত
হযরত আয়েশা রাযি.-এর পরিবার বনু হারিস ইবনে খাযরাজের পাড়ায় অবতরণ করেন। প্রায় সাত-আট মাস তিনি মাতার সঙ্গে সেখানেই থাকেন। অধিকাংশ মুহাজিরই নতুন জায়গার নতুন আবহাওয়া সহজে মানিয়ে নিতে পারলেন না। অনেকেই অসুস্থ হয়ে পড়লেন। আবু বকর রাযি.-ও কঠিন রোগে আক্রান্ত হলেন। পিতার শুশ্রূষার দায়িত্ব নিলেন হযরত আয়েশা রাযি.। তিনি বলেন, আমি আমার পিতার কাছে ভালোমন্দ জিজ্ঞেস করলে তিনি এই কবিতা আবৃত্তি করতেন-
كُلُّ امْرِئٍ مُصَبَّحْ فِي أَهْلِهِ - والمَوْتُ أَدْنَى مِن شِرَاكِ نَعْلِهِ
অর্থ: নিজ বাসভূমেও রোগের আক্রমণ। মৃত্যুর শমন-সে তো ছায়ার মতন।
হযরত আয়েশা রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু বকর রাযি.-এর অবস্থা ব্যক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সুস্থতার জন্য দুআ করলেন। আবু বকর রাযি. তো সুস্থ হলেন; কিন্তু অচিরেই হযরত আয়েশা রাযি.-ও অসুস্থ হলেন। এবার যেন পিতার পালা পুত্রীর দেখাশোনা করার। নয়নমণির করুণ অবস্থা হযরত আবু বকর রাযি.-কে ভীষণ পীড়া দিত। অবস্থার এত অবনতি হয়েছিল যে, হযরত আয়েশা রাযি.-এর সমস্ত চুল পড়ে গিয়েছিল।
সুস্থ হলে আবু বকর রাযি. রাসূলের কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয়নবী বললেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো পয়সা কাছে নেই। আবু বকর রাযি.-এর বিনীত নিবেদন—যদি আমার পয়সা কবুল করতেন! প্রিয়নবী আবু বকর রাযি. থেকে বারো উকিয়া এক নশ কর্জরূপে গ্রহণ করে আয়েশা রাযি.-এর নিকট পাঠিয়ে দিলেন।’ যারা মোহর পরিশোধ করা অনাবশ্যক জ্ঞান করি, তারা এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। মোহর তো স্ত্রীর অধিকার। সরলতার সুযোগ নিয়ে তাকে বঞ্চিত করা অন্যায়।
মদীনা যেন হযরত আয়েশা রাযি.-এর শ্বশুরালয়। আনসারি মহিলাগণ কনেকে বরণ করার জন্য আবু বকর রাযি.-এর গৃহে এলেন। হযরত আয়েশা রাযি. তখন সখীদের সঙ্গে দোলনায় দোল খাচ্ছিলেন। হযরত উম্মে রুমান রাযি. মেয়েকে ডাক দিলেন। মায়ের ডাক শুনে মেয়ে ছুটে এলেন। মা হাত-মুখ ধুইয়ে দিলেন, মাথা আঁচড়ে দিলেন, তারপর আনসারি অতিথিনীদের অপেক্ষাগারে নিয়ে গেলেন। হযরত আয়েশা রাযি.-কে ঘরে প্রবেশ করতে দেখে তারা অভ্যর্থনা জানালেন; বললেন—
عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ وَعَلَى خَيْرٍ طَائِرٍ
তোমার আগমন শুভ হোক, কল্যাণকর হোক, বরকতময় হোক।
তারা হযরত আয়েশা রাযি.-কে সাজিয়ে নিলেন। একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করার মতো এক পেয়ালা দুধ ছাড়া হযরত আবু বকর রাযি.-এর গৃহে কিছুই ছিল না। হযরত আসমা বিনতে ইয়াযিদ হযরত আয়েশা রাযি.-এর ছোটবেলার সখী ছিলেন। তিনি বলেন, আমি সেই বিয়েতে উপস্থিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য দুধ পান করে আয়েশা রাযি.-এর দিকে এগিয়ে দিলেন। তিনি খুব লজ্জা পাচ্ছিলেন। আমি বললাম, রাসূলের উপহার, ফিরিয়ে দিয়ো না। হযরত আয়েশা রাযি. অত্যন্ত লাজুকভাবে পেয়ালা হাতে নিলেন এবং একটু মুখে দিয়েই রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সখীদেরও দাও। আমরা বললাম, আমাদের ইচ্ছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা বোলো না, মানুষের সব মিথ্যাই লেখা হয়ে থাকে।’
সঠিক বর্ণনা অনুযায়ী হযরত আয়েশা রাযি.-এর রোখসত হয় শাওয়াল ১ম হিজরী, দিনের বেলা। আল্লামা সুয়ূতি রহ. উমদাতুল কারী গ্রন্থে লিখেছেন, হযরত আয়েশা রাযি.-এর রোখসত হয়েছিল দ্বিতীয় হিজরী, বদর যুদ্ধের পর; কিন্তু এটা ঠিক নয়। কেননা এ হিসাব অনুযায়ী হযরত আয়েশা রাযি.-এর বয়স তখন দশ বছর হয়ে যায়; যেখানে হাদীস ও ইতিহাসের সমস্ত প্রামাণ্যগ্রন্থ একমত যে, রোখসতের সময় হযরত আয়েশা রাযি.-এর বয়স ছিল নয় বছর।
টিকাঃ
১. তাবাকাতুন নিসা, ইবনে সাদ, পৃষ্ঠা: ৪৩।
২. আবু দাউদ, শিষ্টাচার অধ্যায়।
৩. সহীহ বুখারী, ক্রমিক নং: ৫৬৫৪।
৪. সহীহ বুখারী, হিজরত অধ্যায়ে সবগুলো ঘটনা আছে।
১. তাবাকাত, ইবনে সাদ, পৃষ্ঠা: ৪৩।
২. সহীহ বুখারী, হযরত আয়েশা রাযি. এর বিবাহ, পৃষ্ঠা: ৫৫১। সহীহ মুসলিম, বিবাহ অধ্যায়।
📄 কুসংস্কারের অপনোদন
উপর্যুক্ত আলোচনা থেকে কারও বুঝতে বাকি থাকে না যে, হযরত আয়েশা রাযি.-এর বিবাহ, মোহর, রোখসত কতটা সাদামাটাভাবে হয়েছিল। অপচয়, আড়ম্বরতার লেশ পর্যন্ত ছিল না। وَفِي ذَالِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ (প্রতিযোগিতা করতেই হয়, তো এতেই করা উচিত)।
হযরত আয়েশা রাযি.-এর বিবাহের কল্যাণে আরবে বিরাজিত অসংখ্য কুসংস্কারের অপনোদন ঘটে। আরবরা মুখে-বলা ভাইয়ের মেয়েকেও বিয়ে করত না। হযরত খাওলা রাযি. যখন আবু বকর রাযি.-এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব পেশ করেছিলেন তখন আবু বকর রাযি. বলেছিলেন, এ কী করে সম্ভব? আয়েশা তো রাসূলের ভাতিজি! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, أَنْتَ أَخٌ فِي الْإِسْلام অর্থ : তুমি আমার ভাই; কিন্তু ধর্মের সূত্রে।
আরবরা শাওয়াল মাসে বিবাহ করত না। কোনো এককালে এ মাসে আরবে মহামারী দেখা দিয়েছিল। তাই এ মাস তাদের দৃষ্টিতে ছিল অশুভ।’ হযরত আয়েশা রাযি.-এর বিবাহ, রোখসত উভয়ই শাওয়াল মাসে হয়েছিল। এ জন্য তিনি শাওয়াল মাসেই এসব অনুষ্ঠান পছন্দ করতেন। তিনি বলতেন, আমার বিবাহ রোখসত উভয়ই শাওয়াল মাসে হয়েছে। জীবনসঙ্গীর বিচারে আমার চেয়ে ভাগ্যবতী কে আছে?
আরবে পূর্ব থেকেই রীতি ছিল যে, কন্যার সামনে অগ্নি প্রজ্জ্বলিত থাকতে হবে। এও রীতি ছিল যে, স্বামী-স্ত্রীর প্রথম সাক্ষাৎ হবে পালকির ভেতর। ইমাম বুখারী রহ. এবং ইমাম কসতলানি রহ. লিখেছেন—এই সব কুসংস্কার হযরত আয়েশা রাযি.-এর বিবাহের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়।
টিকাঃ
১. মুসনাদে আহমদ, মুসনাদে আয়েশা রাযি.।
২. উমদাতুল কারী, ১ম খণ্ড, পৃষ্ঠা: ৪৫।
৩. সূরা মুতাফফিফিন, আয়াত: ২৬।
১. তাবাকাত, ইবনে সাদ, পৃষ্ঠা: ৪১।
২. সহীহ বুখারী ও মুসলিম, বিবাহ অধ্যায়।
৩. সহীহ বুখারী, বিবাহ অধ্যায়।