📄 পড়ালেখায় কীভাবে বরকত আসে
সময় ও কাজে বরকতের জন্য শুরুকে গুরুত্ব দিতে হয়। বছরের শুরু। বিরতির শুরু। বিরতির পর খোলার শুরু। মাসের শুরু। সপ্তাহের শুরু। দিনের শুরু। বেলার শুরু। দরসের শুরু। যার শুরুটা হয় উদ্যম ও আগ্রহের সাথে তার সময় ও কাজে অনেক বরকত হয়। আর যার শুরুটা হয় অলসতায় আর অবহেলায় তার সময় ও কাজ বরকত শূন্য হয়। من له بداية محرقة فله نهاية مشرقة।
এছাড়াও আরো কয়েকটা বিষয় খেয়াল রাখলে পড়া লেখায় অনেক বরকত হয়। যথা:
১. কথা কম বলবে।
২. ইলমের পথে বাধা হয় এমন সকল জিনিস থেকে সম্পর্ক ছিন্ন করবে। বিশেষ করে মোবাইল-জাতীয় বস্তু থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা। ইলমী কোনো উদ্দেশ্য ছাড়া সহপাঠীদের সাথে আলাদা কোনো সম্পর্ক না রাখা। ইলমী উদ্দেশ্যেও সম্পর্ক এমনভাবে না রাখা যা অন্যদের মাঝে কানাঘুষা তৈরি করে।
৩. সব ধরণের গুনাহ থেকে নিজেকে বাঁচানো। গুনাহ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তওবা করে নিবে।
৪. উস্তাদ, কিতাব ও মাদরাসার সামান্য অমর্যাদা হয় এমন সকল আচরণ উচ্চারণ থেকে সম্পূর্ণ বেঁচে থাকবে।
৫. বেশি বেশি দোয়া ও তিলাওয়াত করবে।
৬. কোনো একটা কিতাব মুতালাআ শুরু করার সময় এটা কত দিনে শেষ করবে তার একটা সময় নির্ধারণ করে নিবে। অন্যথায় এক কিতাব পড়তে পড়তে অনেক সময় চলে যাবে। এর অর্থ আবার এ নয় যে, তুমি ভালো করে বুঝে বুঝে পড়বে না। এমন ছাত্রও দেখেছি, যে সংখ্যা বাড়ানোর জন্য নামে মাত্র কিতাব পড়ে। 'আমি এত এত কিতাব পড়েছি' এই দাবির মধ্যে কী লাভ যদি কিতাব ভালো করে না বুঝে থাকে।
৭. বিরতিগুলোকে বিশেষ কাজে লাগাবে। তার জন্য পড়া লেখার আলাদা নেযাম রাখবে। বড়রা বিরতিগুলোকে অনেক কাজে লাগাতেন। আলী তানতাবী দুই বিরতিতে ২৫ খন্ডের পুরো "কিতাবুল আগানী” পড়ে ফেলেছেন।
৮. পড়ালেখা ছাড়া জরুরী যে কাজগুলো করতে বাধ্য হবে সেগুলো করার সময় এমন কোনো কিছু না করা যা পড়ালেখার ক্ষেত্রে উদাসীনতা তৈরি করবে।
📄 খারেজী মুতালাআ কারা করবে
আসলে খাজনা থেকে বাজনা বেশি হয়। অতি উৎসাহে রশীদের জামাতের কয়েকজন নাযেম সাহেবের কাছে গিয়েছিল উলূমুল হাদীস পড়ার পরামর্শ নিতে। নাযেম সাহেব সবাইকে বলে দিয়েছেন দরসী পড়ায় মনোযোগ দিতে। সবাই কি আর রশীদের মত? অনেকে আছে যার মৌলিক ইস্তি'দাদটুকুই নেই। আরবী ভাষা তার জন্য এখনো বাংলার মতো সহজ হয়নি। অনেকে আছে দরসী পড়া থেকে পালাতে বাইরের কিতাব পড়ে। অনেকে আছে দরসী পড়াটা কোনো রকমে আয়ত্ব করে। সে বাইরের কিতাবে সময় দেওয়া শুরু করলে দুই কূল হারানোর সম্ভাবনা আছে। অনেকে আছে দরসী পড়া আয়ত্ব করেও বাইরের কিতাবে সময় দিতে পারবে। কিন্তু সবাই তো আর উলূমুল হাদীস পড়বে না। প্রত্যেক শাস্ত্রের একটা রুচিপ্রকৃতি আছে। আল্লাহ যাকে যেই রুচিপ্রকৃতি দিয়েছেন সে ঐ রুচিপ্রকৃতির কাছাকাছি শাস্ত্র নিয়ে পড়াশোনা করবে। তাহলে বেশি সফল হতে পারবে। রশীদের ইস্তি'দাদ আছে। সাথে সে মেধাবী ও মেহনতিও। তাছাড়া সে প্রমাণও করেছে তার রুচি হাদীস শাস্ত্রের রুচির অনুকূলে।
📄 পড়ালেখায় আগ্রহ হারিয়ে ফেললে যা করণীয়
আগ্রহ সবসময় একরকম থাকে না। কখনো কখনো আগ্রহ একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। এই মুহূর্তগুলোতে পড়ালেখায় যতটুকু সম্ভব ততটুকু পড়বে। পড়তে ভালো না লাগলে তিলাওয়াত করবে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবে। আসাতিযায়ে কেরামের খেদমতে যাবে। দেখবে, আগ্রহ-উদ্দীপনা আবার ফিরে এসেছে এবং পড়ালেখার প্রতিও আগ্রহ চলে এসেছে। সাবধান! এ সময়টাতে এমন কোনো কাজ করবে না, যা গাফলত টেনে আনে। যেমন, গল্পগুজবে মেতে উঠা।
পড়ালেখার আগ্রহ ধরে রাখার জন্য আমল ও চিন্তার একাগ্রতা খুব জরুরী। মন্দ কাজ যত কম হবে, ভালো কাজের আগ্রহ তত বেশি হবে। এর জন্য আকাবির আসলাফের জীবনী পড়বে। তাদের আত্মজীবনী ও সফরনামা পড়বে। এগুলো খুবই উপকারী। সাথে সাথে বেশ উপভোগ্যও। তাদের খুতুবাত, মালফুযাত ও রসাইল তো আমল, আখলাক ও আফকারের উন্নতির জন্য অনেক কাজের। তুমি আপাতত পড়ালেখার আগ্রহের জন্য নিয়মিত একটু একটু করে এই কয়েকটি কিতাব পড়বে:
- জীবন পথের পাথেয়
- তালিবে ইলমের পথ ও পাথেয়
- আকাবিরে দেওবন্দের ছাত্র জীবন-১,২,৩
- দরদী মালীর কথা শোনো – ১, ২, ৩
- তালিবানে ইলমের রাহে মানযিল
- العلم والعلماء - حکیم الامت اشرف علي التهانوي (১৩৬২)
- اصلاحی مجالس - علامه مفتی محمد تقی عثمانی
- مجالس حکیم الامت - علامه مفتی محمد شفیع (১৩৯৬)
- بصائر حكيم الامت - مولانا عبد الحي عارفي (١٣٠٧)
- مآثر حكيم الامت - مولانا عبد الحي عارفي (١٣٠٢)
- آپ بيتى - شيخ الحديث زكريا الكاندهلوي (١٣٠٢)
- قيمة الزمان عند العلماء - الشيخ العلامة عبد الفتاح أبو غدة (١٤١٧)
- العلماء العزاب الذين آثروا العلم على الزواج - له
- صفحات من صبر العلماء على شدائد العلم والتحصيل - له
- معالم إرشادية لصناعة طالب العلم - للشيخ محمد عوامة
- المشوق إلى القراءة - للشيخ علي العمران
- تعليم المتعلم - للإمام الزرنوجي (نحو ٦١٠)
- تذكرة السامع والمتكلم في أدب العالم والمتعلم - للإمام ابن جماعة (٧٣٣)
- حياة السلف بين القول والعمل - للشيخ أحمد بن ناصر الطيار
- من معين الشمائل - للشيخ صالح الشامي
📄 আগ্রহ বাড়াতে যা করণীয়
ইলম অর্জনের আগ্রহকে বাড়ানোর জন্য এই কাজগুলোও করতে পারো:
১. নিজের উচ্চাভিলাষী লক্ষ্যের দূরত্ব নিয়ে চিন্তা করা। নিজের অজানা বিষয় বা দলিলবিহীন জানার বিষয়ের সুবিশাল পরিমাণ এবং দলিলসহ সুস্পষ্ট জানার স্বল্পতা ও ক্ষুদ্রতা নিয়ে ভাবা।
২. উদ্যমী, পরিশ্রমী ও অধিক অধ্যয়নকারী সহপাঠী ও উস্তাদগণের সজাগ সান্নিধ্য লাভ করা।
৩. ইলমী মজলিস ও মুহাযারাতে উপস্থিত হওয়া।
৪. ইলম, আলেম ও তালিবে ইলমের ফজিলত সম্বলিত আয়াত, হাদীস ও আসারগুলো পড়া ও তা নিয়ে চিন্তা করা।
৫. ইলমী বিষয়ে সহপাঠীদের সাথে মুযাকারা করা।