📄 উসূলে ফিকহের কিতাবুস সুন্নাহ থেকে উলুমুল হাদীস শাস্ত্রে উপকৃত হওয়া
গোছানোভাবে প্রমাণিত ও অপ্রমাণিত হাদীসের স্তরগুলো সাধারণত উলূমুল হাদীসের কিতাবগুলোতে উল্লেখ থাকে না। এটা উসূলে ফিকহের কিতাবে উল্লেখ থাকে। উলূমুল হাদীসের অনেক বিষয়ে উসূলে ফিকহের কিতাবুস সুন্নাহ থেকে উপকৃত হওয়া যায়। উলূমুল হাদীসের স্বীকৃত নীতিগুলোর যৌক্তিকতা তুমি উসূলে ফিকহের কিতাবে যেমন সুন্দরভাবে পাবে, তেমনটা উসূলে ফিকহের সাথে সংশ্লিষ্টতা রাখেন না এমন মুহাদ্দিসীনে কেরামের কিতাবে পাবে না। ইমাম শাফেয়ী রহ. এর الرسالة কিতাবটি ছিল উলূমুল হাদীসের গুরুত্বপূর্ণ অনেক উসূলকে যৌক্তিকভাবে উপস্থাপন করার প্রথম প্রয়াস।
📄 প্রমাণিত ও অপ্রমাণিত রেওয়ায়াতের স্তর সমূহ
তারা রেওয়ায়াতকে পাঁচ ভাগে ভাগ করে:
১. قطعي الثبوت বা এমন রেওয়ায়াত যা প্রমাণিত হওয়ার ব্যাপারে ইয়াকিন তৈরি হয়েছে। ইয়াকিন দুইভাবে অর্জন হয়। এক. اليقيني الضروري (চিন্তা ভাবনা ছাড়া)। দুই. اليقيني النظري (চিন্তা ভাবনার পর)।
২. ظني الثبوت বা الظن الغالب بالثبوت। অর্থাৎ রেওয়ায়াতটি প্রমাণিত হওয়ার ব্যাপারে প্রবল ধারণা অর্জন হয়েছে।
৩. مشكوك বা متساوية الطرفين من الثبوت وعدمه। অর্থাৎ মাঝামাঝি পর্যায়ের; প্রমাণিত বা অপ্রমাণিত কোনটার ব্যাপারেই প্রবল ধারণা অর্জন হয়নি।
৪. الظن الغالب بعدم الثبوت বা এমন রেওয়ায়াত যা অপ্রমাণিত হওয়ার ব্যাপারে প্রবল ধারণা তৈরি হয়েছে।
৫. اليقين بعدم الثبوت বা এমন রেওয়ায়াত যা অপ্রমাণিত হওয়ার ব্যাপারে ইয়াকিন তৈরি হয়েছে।
যে রেওয়ায়াতটা متواتر হয়, তার প্রমাণিত হওয়ার ব্যাপারে اليقيني الضروري অর্জন হয়। যে রেওয়ায়াতটাতে প্রমাণিত হওয়ার পাঁচ শর্ত পাওয়া যায়, সেই রেওয়ায়াতটা হলো الظني الثبوت।
📄 সহীহাইনের হাদীসগুলো যন্নী না কি কতয়ী
সহীহাইনের হাদীস قطعي الثبوت عن النبي صلى الله عليه وسلم না। অন্যান্য সহীহ হাদীসের মতই ظني الثبوت عن النبي صلى الله عليه وسلم। তবে পার্থক্য হলো, সাধারণ সহীহ হাদীসগুলোর ظني الثبوت হওয়ার বিষয়টি ظني। কিন্তু সহীহাইনের হাদীস- যেগুলোর ব্যাপারে পরবর্তী মুহাদ্দিসীনের আপত্তি নেই- সেগুলো قطعي الثبوت হওয়ার বিষয়টি قطعي يقيني। অর্থাৎ সহীহাইনের হাদীসগুলো প্রমাণিত হাদীসের পাঁচ শর্ত সম্বলিত হওয়াটা قطعي। কিন্তু পাঁচ শর্ত পাওয়া গেলে তা ظني الثبوت হয়। হ্যাঁ, অন্যান্য সহীহ হাদীসের মতো সমর্থনকারী বিষয় যুক্ত হওয়ায় اليقين النظري এর ফায়দা দেয়।
📄 কোন ধরণের দুর্বল হাদীস ফাজায়েলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, দুর্বল হাদীস দ্বারা কি আহকাম সাব্যস্ত হয়
পাঁচ শর্তের কোনো এক শর্ত ছুটে গেলে রেওয়ায়াতটি অপ্রমাণিত বলে গণ্য হয়। যদি রাবীর عدالة না পাওয়া যায় তাহলে তা চার নাম্বার তথা الظن الغالب بعدম الثبوت এর স্তরে নেমে যায়। রাবীর স্মৃতিশক্তি দুর্বল হলে বা সনদ মুত্তাসিল না হলে, তখন রেওয়ায়াতটা তৃতীয় ও মধ্যবর্তী স্তর তথা متساوية الطرفين এর স্তরে ঝুলন্ত থাকে।
মূলত এই স্তরের রেওয়ায়াত যখন ফাজায়েল, আদাব, তারগীব ও তারহীব বিষয়ে বর্ণিত হয় তখন তা দিয়ে আমল করা যায়। কারণ এই স্তরের রেওয়ায়াতটা প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে। এতটুকু সম্ভাবনাই ফাজায়েল ও তারহীবের জন্য যথেষ্ট। আর যেহেতু আহকাম সংক্রান্ত বিষয় অনেক গুরুত্বপূর্ণ, তাই এই স্তরের রেওয়ায়াত দিয়ে আহকাম সাব্যস্ত হয় না। আহকাম সাব্যস্ত হওয়ার জন্য প্রথম দুই স্তরের রেওয়ায়াত লাগে।
ফুকাহায়ে কেরাম তাদের কিতাবে যয়ীফ হাদীস উল্লেখ করেছেন, কিন্তু তার দ্বারা মাসআলা সাব্যস্ত করেননি। সাব্যস্ত করেছেন অন্যান্য দলিল দ্বারা। তারা যয়ীফ হাদীস উল্লেখ করেছেন মাসআলার দালিলিক শক্তি বাড়ানোর জন্য। কারণ তৃতীয় স্তরের রেওয়াতগুলোর মধ্যেও প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই কিছু সমর্থনকারী তার সাথে যুক্ত হলে তা الظن الغالب তথা দ্বিতীয় স্তরে উন্নীত হয়। পরবর্তীরা এর নাম দিয়েছে الحسن لغيره।