📄 মুবহাম তা’দীলের হুকুম
আরেকটি পরিভাষা আছে التعديل المبهم বা التعديل على الإبهام নামে। এর মানে হলো রাবী তার শায়খের নাম না নিয়ে বলবে, حدثنا من لا أتهم، حدثنا من أثق به ، الثقة ، رجل من خيار المسلمين, حدثني رضي, حدثني أحد الصالحين ইত্যাদি।
এর হুকুম হলো, যদি মুবহাম শায়খের পরিচয় জানা যায় তাহলে তার জীবনী দেখতে হবে। আর পরিচয় জানা না গেলে ছাত্র যদি আইম্মাতুল জারহী ওয়াত তা'দীলের অন্তর্ভুক্ত হন তাহলে ছাত্র তাকে যে শব্দে তা'দীল করেছে সে শব্দ অনুযায়ী তার অবস্থা গণ্য করা হবে।
📄 মুখতালিত রাবীর হুকুম
কিছু রাবী আছে যাদের ব্যাপারে বর্ণিত আছে, জীবনের শেষ সময়ে বা কোনো দুর্ঘটনায় তাদের স্মৃতিশক্তি একেবারে দুর্বল হয়ে গিয়েছিল। এমন রাবীদেরকে مختلط বলে। এদের ক্ষেত্রে করণীয় হলো,
ক. তার اختلاط প্রমাণিত কি না তা আগে যাচাই করা। অনেক সময় এমন কোনো ঘটনা দিয়ে اختلاط এর দাবি করা হয় যে ঘটনা আদৌ ঘটেনি। বা ঘটেছে বলে প্রমাণ পাওয়া গেলেও সে ঘটনা থেকে রাবীর اختلاط হওয়ার ব্যাপারটা সুনিশ্চিতভাবে বোঝা যায় না। এমনকি শেষ জীবনে স্মৃতিশক্তি সামান্য দুর্বল হয়ে যাওয়াতেও কিছু কিছু রাবীকে مختلط বলে দেওয়া হয়েছে। অথচ তাদের হুকুম স্বাভাবিক রাবীদের মতই। এমনিভাবে কোনো কোনো রাবীর ব্যাপারে কোনো ইমাম বলেছেন خلط ، كان يخلط ، كان ذا تخليط আর পরবর্তী কেউ এটাকে ধরে নিয়েছে اختلاط। অথচ তার অর্থ হলো وهم، كان ذا وهم، كان يهم।
খ. যদি اختلاط প্রমাণিত হয় তাহলে দেখতে হবে, اختلاط শুরু হয়েছে কখন থেকে এবং اختلاط এর সময়টার পরিব্যাপ্তি কেমন? اختلاط খুব অল্প সময় হলে তার হুকুমও স্বাভাবিক রাবীদের মতই হবে।
গ. যদি اختلاط দীর্ঘ সময়ব্যাপী হয় তাহলে দেখতে হবে, اختلاط অবস্থায় কোনো রেওয়ায়াত করেছে কি না? যদি না করে থাকে তাহলে তার হুকুমও স্বাভাবিক রাবীদের মতই হবে।
ঘ. যদি اختلاط দীর্ঘ সময়ব্যাপী হয় এবং اختلاط অবস্থায় রেওয়ায়াত করে থাকে তাহলে দেখতে হবে, তার থেকে কে শুধু اختلاط এর আগে রেওয়ায়াত করেছে, কে শুধু اختلاط এর পরে রেওয়ায়াত করেছে, কে উভয় অবস্থায় রেওয়ায়াত করেছে আর কে কে এমন, যাদের ব্যাপারে জানা যায় না তার থেকে কখন রেওয়ায়াত করেছে।
যারা শুধু اختلاط এর আগে রেওয়ায়াত করেছে তাদের রেওয়ায়াত গ্রহণযোগ্য হবে। যারা শুধু اختلاط এর পরে রেওয়ায়াত করেছে তাদের রেওয়ায়াত গ্রহণযোগ্য হবে না।
যারা উভয় অবস্থায় রেওয়ায়াত করেছে তাদের ব্যাপারে যদি জানা যায় কোন অবস্থায় বেশি শুনেছে তাহলে সেই অবস্থাকে প্রাধান্য দেওয়া হবে। আর যদি কোন অবস্থায় বেশি শুনেছে তা জানা না যায়, তাহলে তার রেওয়ায়াত গ্রহণযোগ্য হবে না। তবে নির্দিষ্ট কোনো রেওয়ায়াত اختلاط এর আগে শুনার দলিল পাওয়া গেলে ভিন্ন কথা।
যাদের ব্যাপারে জানা যায় না, তারা مختلط থেকে কখন রেওয়ায়াত করেছে, তাদের বিষয়ে লক্ষণীয় হলো, তার থেকে তার ছাত্রদের মধ্যে কার কার রেওয়ায়াতকে ইমামগণ কবুল করেছেন। যাদের বর্ণনা ইমামগণ কবুল করেন তাদের ব্যাপারে বুঝে নিতে হবে যে, তারা তার থেকে اختلاط এর আগেই শুনেছে। ছাত্রদের কারো ব্যাপারে যদি কোনো ইমাম বলে থাকেন, এই مختلط থেকে তার রেওয়ায়াতের মধ্যে ভুল আছে তাহলে বুঝতে হবে সে مختلط থেকে তার اختلاط এর পরে শুনেছে। আর এমন কিছু না পাওয়া গেলে তাদের রেওয়ায়াতকে গ্রহণ করা হবে না।
📄 الجرح المعلول التعديل المعلول
কিছু জরাহ ও তা'দীল আছে যা গণনাতেই ধরা হয় না। এদেরকে الجرح المعلول والتعديل المعلول বলে। যথা:
ক. জরাহ ও তা'দীলটা যদি তার বক্তা থেকে প্রমাণিত না হয়।
খ. রাবীর এমন কোনো ঘটনা বা বক্তব্যের উপর ভিত্তি করে রাবীকে জরাহ করা হয়েছে, যেই ঘটনা বা বক্তব্য রাবী থেকে প্রমাণিত না। অথবা রেওয়ায়াতের এমন ভুলের উপর ভিত্তি করে জরাহ করা হয়েছে, যেই ভুলটা রাবী থেকে না, বরং তার শায়খ বা ছাত্র থেকে প্রকাশ পেয়েছে।
গ. রাবীর বাস্তব অবস্থা সামনে রেখে জরাহ ও তা'দীল করা হয়নি। বরং জরাহটা হয়েছে রাবীর সাথে বক্তার ব্যক্তিগত আক্রোশ থেকে এবং তা'দীলটা হয়েছে ব্যক্তিগত মুহাব্বত থেকে।
ঘ. এমন দোষ ও গুণ যা রাবীর সত্যবাদিতা ও স্মৃতিশক্তির সাথে সম্পৃক্ত নয়। যেমন, রাবীর কিয়াস করার ভালো যোগ্যতা রাখে অথবা রাবী রাজদরবারে আসা যাওয়া করে।
তোমরা শুনে আশ্চর্য হবে, ইমাম আবু হানীফা রহ. এর ব্যাপারে অনেক জরাহ বর্ণিত হয়েছে। কিন্তু তার ৯৫% জরাহ হলো معلول বা এমন পর্যায়ের, যা গণনায় ধরা হয় না।
📄 الجرح المفسر
আমরা পিছনে যেই ألفاظ الجرح বলে এসেছি সেগুলোতে খেয়াল করলে দেখবে, কিছু শব্দ আছে যাতে জরাহের কারণটা শব্দ থেকেই সুস্পষ্ট। অর্থাৎ শব্দের মধ্যেই রাবীর সত্যবাদী হওয়া বা ভালো স্মৃতিশক্তির হওয়াকে সুস্পষ্ট নাকচ করা হয়েছে। যেমন:
دجال، كذاب، وضاع، يضع الحديث، متهم بالكذب، يكذب، يسرق الحديث، يدخل على الشيوخ ، منكر الحديث، يروي المناكير ، يأتي بالمعضلات، يهم ، يخطئ ، مضطرب الحديث، سيء الحفظ ، له أوهام، له مناكير، يعرف وينكر، ليس بالحافظ.
এই ধরনের জরাহগুলোকে الجرح المفسر বলে।
আর কিছু শব্দ আছে যার মধ্যে জরাহের দিকটা স্পষ্ট করা হয়নি। অর্থাৎ সমস্যাটা কি মিথ্যাবাদী হওয়া, না দুর্বল স্মৃতিশক্তির অধিকারী হওয়া তা শব্দ থেকে বুঝে আসে না। যেমন:
متفق على تركه، تركوه، متروك، مطروح، طرحوه، مردود، ليس بثقة، ذاهب الحديث، هالك، ساقط، واه بمرة، ليس بشيء، لا شيء، ضعيف جدا لا يعتبر به، لا يساوي شيئا، لا يكتب حديثه، لا تحل الرواية عنه ارم به قام بين يدي عدل، سکتوا عنه، ضعفوه، طعنوا فيه، ليس يحمدونه، واه، ضعيف، ليس بحجة، لين، لا يحتج به، ليس بالمرضي يضعف، فيه ضعف، فيه لين، فيه شيء، وقد ضعف، ليس بالقوي، ليس بذاك القوي، ليس بالمتين، ليس بعمدة، تكلم فيه، اختلف فيه، فلان فيه مقال، غيره أوثق منه، فيه نظر
এই ধরনের জরাহকে الجرح المبهم বলে।
কেউ কেউ মনে করেন, الجرح المفسر হলো রাবীকে কেন মিথ্যাবাদী বলা হলো, বা কেন দুর্বল স্মৃতিশক্তির অধিকারী বলা হলো তা কারণসহ উল্লেখ থাকা। অথচ এটা হলো الجرح المدلل। الجرح মفسর হওয়ার জন্য الجرح المدلل হওয়া জরুরী না। হ্যাঁ, প্রত্যেক الجرح المدلل টি الجرح মفسর।