📄 চাটাইতে উপবেশনকারী কিছু নির্মোহ ব্যক্তির প্রয়োজন
করাচী থেকে ইসলামাবাদ, ইসলামাবাদ থেকে এই ফয়সালাবাদ পর্যন্ত যে কথাটি আমি বলে আসছি তা হল, আজ পাকিস্তানকে রক্ষা করতে অন্য অনেক কিছুর মধ্যে সর্বাধিক প্রয়োজন যে উপকরণ ও উপাদানের, প্রয়োজন যে শক্তির তা হল উলামায়ে কেরামের দুনিয়াবিমুখ জীবন, অল্পে তুষ্ট জীবন, স্বকীয়তা ধারণকারী জীবন যাপন। উলামায়ে কেরামকে এরূপ জীবনের দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে যাতে অনুমিত হয় যে, এঁরা বিশেষ কোন স্তরের লোক। এঁরা আম্বিয়া কেরামের রেখে যাওয়া সম্পদের যথার্থ উত্তরাধিকারী। এঁরা তাঁদের উপযুক্ত প্রতিনিধি। এঁরা অর্থ-সম্পদ ও ভোগবাদিতায় নিবিষ্ট নয়, ভোগবাদিতার তরবারী এদেরকে হত্যা করতে পারেনি, টিকিটিও স্পর্শ করতে পারেনি। যাঁদের কাছে গেলে দুনিয়ার অসারতা স্পষ্ট হয়, কমপক্ষে এতটুকু উপলব্ধি হয় যে, অর্থ-সম্পদই জীবনের সবকিছু নয়। যার প্রয়োজন সে আমাদের নিকট আসুক, আমরা কারও দরজায় ধর্না দিতে রাজি নই। যদি কারও দরজায় যাই তবে দ্বীনের দাওয়াত নিয়ে যাব। 'আমর বিল মারূফ নাহী আনিল মুনকার' এর উদ্দেশ্যে যাব। কোন ফরয কিংবা কোন সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে যাব। নিজের স্বার্থসিদ্ধি কিংবা কারও পক্ষে সুপারিশ ও তদবিরের জন্য যাব না।
📄 এই শূন্যতা কোন কিছুই পূরণ করতে পারবে না
পাকিস্তানের জন্য বিষয়টির প্রয়োজন খুবই তীব্র। এই শূন্যতাকে অন্য কিছু দ্বারা পূরণ করা সম্ভব নয়। রচনা, লেখনী, গবেষণা ও রাজনীতি, বয়ান ও বাগ্মিতা কোন কিছুই এই ঘাটতিকে পূরণ করতে পারছে না। এখানে কিছু এইরূপ ব্যক্তির প্রয়োজন যাদের নিকট ক্ষমতাসীন, রাজনীতিবিদ সকলেই আসতে বাধ্য হবেন এবং নিজেদের অন্তর্বেদনার চিকিৎসা পাবেন এবং যাদের নিকট আসলে উপলব্ধি জন্মাবে যে, আল্লাহর খাস বান্দারা কী রকম হন। মানুষ যাদের নিকট আসলে এই উপলব্ধি নিয়ে ফিরে যাবে যে, তারা মানুষ পদবাচ্যের উপযুক্ত নয়।
আমি একবার বলেছিলাম যে, তাযকিয়া ও ইহসানের প্রয়োজন যদি আপনাদের নিকট বোধগম্য না হয় তাহলে তৎপরিবর্তে এরূপ কিছুর আমদানী করুন, যা তাযকিয়া ও ইহসানের বিকল্প হতে পারে। যার কারণে আপনার নিকট এসে মানুষের নিজের নিকৃষ্ট চরিত্রের উপলব্ধি হবে। নিজের মানবতার অবনতি এবং আত্মিক অসুস্থতার উপলব্ধি হবে। যার কারণে মানুষ আপনার নিকট এসে এক নতুন শক্তি, নতুন প্রাণ অর্জন করতে পারবে। আমি জনৈক আরবী কবির একটি কবিতা দ্বারা সে দিনের বয়ান শেষ করেছিলাম-
ব্যস, অনেক তিরস্কার করা হয়েছে, তাদেরকে তোমরা অপমানিত করেছ, লাঞ্ছিত করেছ। এখন তিরস্কার কমিয়ে দাও। ঐ স্থান পূর্ণ কর যে স্থান তারা পূর্ণ করেছিল।
আপনারা যদি একটি আরোগ্য কেন্দ্র বন্ধ করে দেন তাহলে আল্লাহর ওয়াস্তে তদপেক্ষা উৎকৃষ্ট কোন আরোগ্য কেন্দ্র প্রতিষ্ঠিত করুন। আরোগ্য কেন্দ্র ও শেফাখানা বন্ধ করে দিলেন অথচ তদস্থলে দ্বিতীয় কোন শেফাখানা খুলবেন না তৎপরিবর্তে গ্রন্থাগার ও কুতুবখানা প্রতিষ্ঠিত করবেন তাতে তো কাজ হবে না। কুতুবখানা ও গ্রন্থাগার খুব জরুরী বিষয় কিন্তু তা শেফাখানার বিকল্প হতে পারে না। শেফাখানা ও ডাক্তারখানার বিকল্প শেফাখানা ও ডাক্তারখানাই হতে পারে। ডাক্তারের বিকল্প একমাত্র ডাক্তারই। বর্তমান যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ-সম্পদের প্রাচুর্য ও ভোগবাদিতা। এর সর্বোৎকৃষ্ট জবাব হল বিশুদ্ধ শরীয়ত, সুন্নাত মোতাবেক আধ্যাত্মিকতা ও এমন তাযকিয়ায়ে নফস, যাতে শরীয়ত বিরোধী কিছু না থাকে। এ রকম কিছুর মিশ্রণ তাতে না থাকে যার নজীর কিতাব ও সুন্নাহয়, নববী যুগ ও সাহাবী যুগে পাওয়া যায় না।