📄 নির্লোভ ও নির্মোহতার শক্তি ও সুফল
দ্বিতীয় গুণ হল নির্লোভ ও নির্মোহ গুণ। আল্লাহ-নির্ধারিত চিরন্তন রীতি হল, যে যাচনা করে লোকে তাকে ভয় করে। তার থেকে পলায়ন করে। পক্ষান্তরে যে ব্যক্তি নিজের হাত বন্ধ করে রাখে, প্রত্যাশা ও যাচনার হাত গুটিয়ে রাখে মানুষ তার পদাবনত হয়। তাকে কিছু গ্রহণ করার জন্য খোশামোদ করে। লোভহীনতা ও স্বার্থ পরিত্যাগের মধ্যে রয়েছে মানুষের প্রেম ও ভালবাসা আকর্ষণের ক্ষমতা। পক্ষান্তরে যাচনা ও কামনার মধ্যে রয়েছে লাঞ্ছনা ও অপমান। এও এমন এক চিরন্তন রীতি যুগের শত পরিবর্তন সত্ত্বেও যার কোন পরিবর্তন নেই। চতুর্থ শতাব্দীর ইতিহাস পাঠ করুন কিংবা অষ্টম শতাব্দীর ইতিহাস পাঠ করুন এই একই চিত্র দৃষ্টিগোচর হবে। সর্বত্র একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাবেন। এই চতুর্দশ শতাব্দীতেও আমরা ঐ একই চিত্র দেখতে পাচ্ছি। বুযুর্গানে দ্বীনের জীবন ইতিহাস এবং তাসাওউফের ইতিহাসে এই জাতীয় ঘটনাবলীতে পূর্ণ। আমি সেসব ঘটনাবলীর বিশদ বিবরণে যেতে চাচ্ছি না। এ ব্যাপারে আপনাদের নিজেদেরও অভিজ্ঞতা আছে। না থাকলেও আপনারা আপনাদের উস্তাদমণ্ডলী ও বুযুর্গদের নিকট তাঁদের উস্তাদ ও বুযুর্গগণের ঘটনাবলী নিশ্চয়ই শুনে থাকবেন।
📄 চূড়ান্ত যোগ্যতা অর্জন করুন পৃথিবীর প্রীতিভাজন হোন
তৃতীয় ও শেষ বৈশিষ্ট্য হল, চূড়ান্ত গুণের অধিকারী হওয়া, স্বকীয়তা সৃষ্টি এবং কোন বিষয়ে পূর্ণ দক্ষতা অর্জন। উলূমে আলিয়াহ তথা কুরআন, হাদীস ও ফিকহ শাস্ত্রের উচ্চতর জ্ঞান তো অনেক বড় বিষয়। উলূমে আলিয়া তথা প্রাথমিক ও সহায়ক কোন শাস্ত্রেও যদি দক্ষতা ও পূর্ণ অভিজ্ঞতা অর্জন করা যায় এমনকি এর চেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় যেমন লিপিকারিতা ও নকলনবিসিতেও কেউ যদি পূর্ণ দক্ষতা অর্জন করে তাহলে তার পিছনেও ভাল ভাল আলেম ঘুরতে থাকে। বড় বড় লেখকগণ পর্যন্ত লিপিকার ও নকলনবিসদেরকে তোয়াজ করে, তাদেরকে খোশামোদ করে যেন তারা তাদের লিখিত কিতাবের নকল তৈরি করে ছাপার উপযুক্ত করে দেয়। কমপক্ষে ব্লক তৈরির জন্য মলাটের উপরে কিতাবের নামটা যেন লিখে দেয়। আপনি ইলম ও জ্ঞান, যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন কোন ব্যক্তিকে যদি দেখেন যে, তিনি দরিদ্র ও বেকার জীবন কাটাচ্ছেন তাহলে বুঝবেন যে, তাঁর এমন কোন দুর্বল দিক রয়েছে বা এমন কোন দোষ ও সমস্যা রয়েছে, যার কারণে তাঁর শত যোগ্যতা ও দক্ষতা সত্ত্বেও তিনি বেকার জীবন কাটাচ্ছেন। উদাহরণত বদমেজাজ, রাগীস্বভাব, মেযাজের দ্রুত পরিবর্তনশীলতা, অলসতা, কাজের প্রতি অনাগ্রহ, শিক্ষকতায় নিস্পৃহা, অনিয়মানুবর্তিতা, কারও কথা সহ্য না হওয়া, অল্পতেই চটে উঠা, চঞ্চলমতিত্ব, কোন কর্মক্ষেত্রে টিকতে না পারা এই জাতীয় কোন না কোন দোষ অবশ্যই পাবেন। যে দোষের কারণে শত যোগ্যতা ও দক্ষতা সত্ত্বেও তিনি সমাজ-বিচ্ছিন্ন জীবন যাপন করেন, কর্মহীন থাকেন। যোগ্যতা ও দক্ষতাকে কোন কাজে লাগাতে পারেন না। এই হচ্ছে অপরিহার্য চিরন্তন তিনটি শর্ত ও গুণ যার ব্যাপারে আল্লাহ তাআলার চিরন্তন রীতি হল, যুগ যতই পরিবর্তিত হোক, যুগের সমাজ ও মানুষের মাঝে যতই মন্দ পরিবর্তন ঘটুক এই গুণ তিনটির মাঝে বহাল থাকবে মানুষের প্রেম ও ভালবাসা, তাদের সুদৃষ্টি আকর্ষণে যাদুকরী ক্ষমতা। আজ মাদরাসার শিক্ষার্থী, শিক্ষাসমাপনকারীদের প্রয়োজন শুধু এই তিনটি গুণ নিজের মধ্যে সৃষ্টি করা, এই শর্ত তিনটি পূরণ করা। আল্লাহ তাআলা আপনাদের সহায় হোন।