📘 উদ্দেশ্যহীন আর কতদিন > 📄 ইচ্ছার দৃঢ়তা

📄 ইচ্ছার দৃঢ়তা


দীনে ফেরার পূর্বে সবচাইতে জরুরি বিষয় হলো-ইচ্ছার দৃঢ়তা।

যেভাবেই হোক নিজের অন্তরে ইসলামের প্রতি ইচ্ছা বা আগ্রহ জন্ম দাও। তোমার চোখকে ইসলামের সৌন্দর্য দেখাও, তোমার কানকে কুরআনের সুর শোনাও, তোমার অন্তরকে ইবাদতের স্বাদ গ্রহণ করতে দাও, তোমার অঙ্গপ্রত্যঙ্গকে তার মূল উদ্দেশ্য পূরণে (দাসত্ব) সিজদায় নিয়ে যাও-দেখবে ইসলামের প্রতি আগ্রহ জন্মে গেছে।

তোমার জন্য যেভাবে সহজ হয়, যেভাবে তোমার আগ্রহ বাড়ে, সেভাবেই দীনের প্রতি নিজের ইচ্ছাকে দৃঢ় করে তোলো; নতুবা ঠুনকো ইচ্ছা নিয়ে, আবেগের বশবর্তী হয়ে দীনে ফিরলে, সে ফেরা স্থায়িত্ব পাবে না। ইচ্ছার দৃঢ়তার অভাবে কিছুদিন পর আবেগ কমে গিয়ে আবার দীন থেকে দূরে সরে যাবে। এ-রকম ঘটনা চারপাশে অহরহ ঘটছে।

কিছুদিন খুব বেশি ইবাদত, আমল, চরিত্র গঠনের প্রতি আকর্ষণ থাকে। আল্লাহর দিকে ফিরে আসার আকুতি চেহারায় স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু বাস্তবতায় দেখা যায়, মসজিদের সামনের কাতারের এই আবেগী মুসল্লি কিছুদিন পরেই কোথায় যেন হারিয়ে যায়। দুনিয়ার ব্যস্ততায়, শয়তানের ধোঁকায়, নানান ফিতনায় তার আবেগ আর আকাঙ্ক্ষাটুকু কমে গিয়ে আবার পূর্বের জীবনেই সে ফিরে যায়।

আমি বলছি না, ইচ্ছা দৃঢ় না হলে ফিরে এসো না। অবশ্যই এখন, এই মুহূর্তেই ফিরে আসো। কিন্তু আমি বলছি, এই ফিরে আসাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হলে অন্তরের আগ্রহের দৃঢ়তা আর ভালোবাসার গভীরতা প্রয়োজন। কারণ হলো, আল্লাহর দিকে প্রত্যাবর্তনের পর তিনি পরীক্ষা করবেন-কে শুধু তাঁর সন্তুষ্টির আশায় ফিরেছে, আর কে স্বার্থের জন্য এসেছে। এখানে যার ইমানের দৃঢ়তা যত বেশি থাকে, সে-ই কেবল উত্তীর্ণ হতে পারে।

তবে শুধু বিপদ-আপদ, দুঃখ-কষ্টই আল্লাহর পরীক্ষা নয়। মহান রব্বুল আলামিন কারও থেকে কিছু কেড়ে নিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে কিছু দিয়েও তাকে পরীক্ষা করেন। অনেকে বিপদের পরীক্ষায় এগিয়ে যেতে পারে ঠিকই। তবে দুনিয়ার স্বার্থ আর সম্পদ দিয়ে পরীক্ষা করা হলে, ভেতরের লালসা কাটিয়ে আল্লাহকে বেছে নিতে সে ব্যর্থ হয়।

বুকে সাহস নিয়ে পা বাড়িয়ে দাও। তোমাকে আশ্বস্ত করে পূর্ণ বিশ্বাসের সাথেই বলছি, পূর্ণাঙ্গভাবে দীনের পথে প্রত্যাবর্তনকারী সকল নারী-পুরুষের জীবনে শুধু কল্যাণেরই বৃষ্টি বর্ষিত হয়েছে। তুমি চাইলে কোনো প্রত্যাবর্তনকারীর কাছ থেকে তার বর্তমান আর পূর্বের অবস্থার পার্থক্যটা জেনে নিতে পারো। এতেও ইচ্ছায় দৃঢ়তা আনা সম্ভব হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00