📘 উদ্দেশ্যহীন আর কতদিন > 📄 পরিবর্তন

📄 পরিবর্তন


প্রত্যাবর্তনের ক্ষেত্রে পেছনের পাপের অভ্যাস পরিবর্তন করা অপরিহার্য। তোমাকে জীবনের সকল অপবিত্রতা মুছে ফেলতে হবে। কিন্তু এর মানে তোমার নিজস্ব ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলো পুরোপুরি পরিত্যাগ করতে হবে, তা নয়। তুমি সবকিছু পরিবর্তনের নিয়ত করে নাও। পরিবর্তন হলো একটার পরিবর্তে আরেকটা গ্রহণ।

তোমার পূর্বের অশ্লীল ইচ্ছাগুলো পবিত্র ইচ্ছা দিয়ে পরিবর্তন করো, তোমার অপবিত্র আশা-আকাঙ্ক্ষাগুলো পবিত্র কামনা বাসনা দিয়ে পরিবর্তন করো, তোমার অবৈধ উপভোগের স্বপ্নগুলোকে বৈধ পন্থার স্বপ্ন দিয়ে সজ্জিত করো। অনুভূতিগুলোও থাকুক, কিন্তু তা প্রকাশ ও প্রয়োগের মাধ্যমটা বৈধ হোক।

এভাবে তোমার ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে, স্বপ্ন পূরণের স্বাদও নেওয়া যাবে, অনুভূতিগুলোও আর জমে থাকবে না। একদিকে বৈধতার সীমায় থেকে তোমারও সুখ পাওয়া হলো, অন্যদিকে আল্লাহ তাআলার সন্তুষ্টিও পাওয়া হলো। সবদিক থেকেই লাভ। ইসলাম এমনই। বৈধতার সীমায় মানবীয় আবেগ-অনুভূতি চরিতার্থ করাই ইসলাম।

📘 উদ্দেশ্যহীন আর কতদিন > 📄 আত্মা

📄 আত্মা


মানুষের জীবন সর্বদা একই অবস্থায় থাকে না। জীবনের সব মুহূর্ত সুখের হয় না। কিছু সময় তাকে অসীম দুশ্চিন্তায় ডুবে থাকতে হয়। কিছু সময় একাকী নিঃসঙ্গতায় সময় কাটাতে হয়। তাই সে সর্বদা একটা আস্থার খোঁজ করে, যার ওপর ভরসা করে সে জীবনের সকল চড়াই-উতরাই পেরোতে পারবে।

আর দীন মানুষকে সেই আস্থাটা দেয়। সেই আস্থা হলেন সাত আসমানের অধিপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই আস্থার চাইতে যোগ্য আকাশ-জমিনে অন্য কেউ নেই। যার ইশারায় মুহূর্তেই পৃথিবীর সব নিয়ম বদলে যেতে সক্ষম, যার নিয়ন্ত্রণে তোমার অন্তর, সেই মহান রব্বুল আলামিন যদি কারও আস্থা হয়ে যান, তাহলে আর কার প্রয়োজন হতে পারে? আর কীসের চিন্তা থাকতে পারে?

📘 উদ্দেশ্যহীন আর কতদিন > 📄 পূর্ণতা

📄 পূর্ণতা


দীনের ক্ষেত্রে তোমার বিশ্বাসের দৃঢ়তা পরীক্ষা করতে যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময়ে একটু কষ্ট সইতেই হবে। এটা রবের পক্ষ হতে নির্ধারিত। কিন্তু তারপর তোমাকে দেওয়া হবে সুখের সর্বোচ্চ স্তর। দেওয়া হবে ইমানের পূর্ণতা। এটাই সেই পূর্ণতা, যাকে তুমি সারা পৃথিবীতে খুঁজে বেড়িয়েছ। এটা সেই পূর্ণতা, যা তুমি অবৈধ প্রেমের মাঝে সঙ্গীর সংস্পর্শে খুঁজেছ। এটা সেই পূর্ণতা, যা পৃথিবীর প্রকৃতির গহিনে তুমি হন্যে হয়ে বেড়িয়েছ দিনের পর দিন। এটাই সেই পূর্ণতা, যার খোঁজে সম্পদ আর সফলতার পেছনে ছুটতে ছুটতে মানুষ নিজেকেই নিঃশেষ করে দেয়।

কিন্তু পৃথিবীর এত মূল্যবান জিনিসটা অর্জন করা যে এত সহজ, তা কেউ বুঝতে চায় না। চোখের সামনে স্পষ্ট পূর্ণতা দেখেও তারা অপূর্ণতাকেই বেছে নেয়।

📘 উদ্দেশ্যহীন আর কতদিন > 📄 প্রতিদান

📄 প্রতিদান


তুমি হয়তো বলবে—ফিরে আসো, প্রত্যাবর্তন করো, দীন অনুসরণ করো বলাটা অনেক সহজ, লেখাটা আরও বেশি সহজ। কিন্তু বাস্তবতায় নিজের জীবনের গতিপথ বদলানো অতটা সহজ ব্যাপার নয়।

হ্যাঁ, তা আমি জানি। কিন্তু আমার ভাই/বোন! তুমি কি এটা জানো, একটু কষ্ট সহ্য করে, একটু গালি খেয়ে, একটু মন খারাপ করে নিজেকে বদলানোর এই প্রচেষ্টার প্রতিদান কত বড়? তুমি কি জানো, এই দীনের গুরুত্ব কত বেশি?
এই দীন কোনো সাধারণ বিষয় নয়। এটা আল্লাহর নির্ধারিত পথ। এখানে তুমি যা অনুসরণ করবে, তা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শ। তোমার এই কয়েক মাস বা বছরের কষ্ট-যন্ত্রণা হয়তো একটা সময় স্বাভাবিক হয়ে যাবে। তোমাকে দীনদার হিসাবেই তোমার পরিবার এবং সমাজ একদিন গ্রহণ করে নেবে। কিন্তু এখানেই কি শেষ? না, কখনোই নয়; বরং এইটুকু মাস বা বছরের প্রচেষ্টার বদলে, নিজের আদর্শকে একটু পালটে ফেলার বদলে, নিজের অবৈধতাগুলো একটু দূরে সরিয়ে দিয়ে বৈধ সুখ গ্রহণ করার বদলে তোমাকে দেওয়া হবে-অসীম জীবনের জান্নাত, যা অকল্পনীয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00