📄 সিদ্ধান্ত নাও!
বলাবলির পর্ব শেষ! এবার সিদ্ধান্তের পালা।
পৃথিবী, তুমি আর ইসলাম Perfect Match! এতটুকু যদি বুঝতে সক্ষম হও, তবে আর দেরি করতে যেয়ো না। সিদ্ধান্ত আজ একটা নিয়েই নাও।
বিকেলের খোলা হাওয়ায় কোথাও একেলা বেরিয়ে যাও। কিংবা রাতের নিস্তব্ধতায় যান্ত্রিকতা থেকে দূরে সরে চোখটা বন্ধ করে নাও। ঠান্ডা মাথায় নিস্তব্ধ হয়ে বসে পড়ো। এবার ভাবো। শুরু থেকেই ভাবো...
'একটা সময় আমি ছিলাম না। আজ আছি। কাল আবার কোথাও একটা হারিয়ে যেতে হবে। এখন জীবন যেভাবে চলছে তাতে আমি নিজেও অতটা সন্তুষ্ট নই। জাগতিক ঝামেলা, পড়াশোনার চাপ, দায়িত্বের ব্যস্ততার মাঝে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে বড় ক্লান্ত মনে হয়। মাঝে মাঝে দূরে কোথাও পালিয়ে ইচ্ছা হয়। কিন্তু কোথায় যাব? চলে গেলেই কি সবকিছুর সমাধান হয়ে যাবে? দায়িত্ব থেকে এভাবে পালালে নিজেকেও কখনও ক্ষমা করতে পারব না। কিন্তু আমার একটু স্বস্তি চাই...!
পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, পাশ করছি, একেকটা স্তর পার হচ্ছে। কর্মক্ষেত্রে বেতন পাচ্ছি, তাও কিছুদিন পর ফুরিয়ে যাচ্ছে। আবার নতুন করে কর্ম করছি। একসাথে পরিবার, বন্ধু, সংসার, সবকিছু সামলাতে সামলাতে নিজেকে নিয়ে ভাবার মতো আর সময় হয় না। কীই-বা ভাবার থাকতে পারে? এত বোঝা নিয়ে মরে যাওয়াই ভালো মনে হয়।
কিন্তু মরে গেলেও তো আবার জাহান্নাম। নিজের সাথে সাথে স্রষ্টাকেও তো ভুলে গেছি। আমি তো আমাকেই এখনো ঠিকমতো চিনি না! জীবনটা কেমন যেন অর্থহীন মনে হয়!
দিন যাচ্ছে, রাত আসছে; ব্যস্ততা বাড়ছে, প্রয়োজন বাড়ছে; এতকিছুর মাঝে আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না কোথাও। মাঝে মাঝে প্রশ্ন জাগে, এই ব্যস্ততাগুলোই কি জীবন?
রাস্তার কুকুরটাও তো সারা দিন খাবার খোঁজে, রাত্রিবেলা ঘুমিয়ে থাকে। প্রয়োজন তো পশুরাও মেটায়। তাহলে আমার আর পশুর পার্থক্য কী হলো?
একটা একটা অসুখ দিয়ে পূর্ণ অন্তর। কাউকে বোঝাতে না পারলেও ভেতরে ভেতরে আমি খুব বেশি অসুস্থ। মাঝে মাঝে বুকের বাম পাশটা ভারী হয়ে ওঠে। এই দমবন্ধ করা জীবনটা থেকে বেড়িয়ে খোলা আকাশের নিচে গিয়ে যদি চিৎকার করে কাঁদতে পারতাম, হয়তো ভেতরটা খানিকটা হালকা হতো!
আর নাহ! কিছু না ভাবতে ভাবতে ভাবনাগুলোও কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আজ সত্যিই একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। কিন্তু কী সিদ্ধান্ত নেব, সেটাই তো বুঝতে পারছি না। এই চলমান জীবনের গতি থামিয়ে দেওয়া কি এতই সহজ?
তবে নিজের ভেতরের শূন্যতাটুকুও পূরণ করা প্রয়োজন। এভাবে জীবনস্রোতের সাথে আর কত দিন বয়ে চলব?
মনে হয় যেন ঢেউয়ের মতো কেউ আমাকে ভাসিয়ে একবার এদিকে একবার অন্য দিকে নিয়ে যাচ্ছে, যেন আমার ওপরে আমারই কোনো অধিকার নেই!
কিন্তু আমি তো একটা স্বাধীন মানুষ। স্রষ্টাও আমাকে কখনো কিছু করতে বাধ্য করেননি। তাহলে কেন আমি নিজের জীবনের রশিটা হাতে নিচ্ছি না? অন্য কারও মতো হতে গিয়ে, অন্য কারও পেছনে চলতে গিয়ে, আমি তো নিজের সত্তার মূল্যটাই কমিয়ে ফেলেছি।
কিন্ত নিজের হাতেও যদি জীবনের অধিকার নিয়ে নিই, তাহলেও বিশেষ কোনো লাভ নেই। কারণ, জীবন পরিচালনার মতো কিছুই তো আমার জানা নেই।
আচ্ছা যদি পৃথিবীর কাছে কোনো সমাধান চাই? পৃথিবীতেও তো হাজারটা দর্শন। জীবন কাটানোর নানান পদ্ধতি। আমি কোনটা নেব?
এত দিন ধরে যেদিকে চললাম, সেটা তো পৃথিবীরই নিয়ম। পৃথিবীর নিয়মটা উত্তম হলে আমি তো সুখী হতে পারতাম। তখন আমার এত ভাবনার দরকার হতো না। এ ছাড়া যাদের কাছে সমাধান চাইব, তারাই তো যুদ্ধে লিপ্ত। যাদের সমাধানকারী ভেবেছিলাম, তারাই তো নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে।
না, না। যারা নিজেরাই এখনও মানুষ হতে পারেনি, তাদের কাছে গিয়েই-বা কী লাভ! ওরা পশুর চাইতেও হিংস্র। একদিকে আমাকে জীবন শেখায়, অন্যদিকে নিজেরাই মেতে আছে মানুষ হত্যায়-এসব আমার জন্য নয়।
তাহলে কি স্রষ্টার কাছেই ফিরে যাওয়া উচিত?
কিন্তু আমি তো অনেক দিন ধরে তাঁর থেকেও দূরে সরে আছি। আমার ওপর তাঁর অসন্তুষ্টি তো পাহাড়সমান। তবে তিনিই তো নিজের দিকে ফিরে যাওয়ার আহ্বান করেছেন। কী করব এখন, ঠিক বুঝে উঠতে পারছি না...!
স্রষ্টার কাছে যাওয়াটাই বোধ হয় বেশি ভালো হবে। তিনি ছাড়া তো আর কেউ আমাকে বেশি জানেও না। এত দিন ধরে পৃথিবীর নিয়মেই তো বাঁচলাম। সমাজের কথা শুনে সব ব্যস্ততাকে জীবন বানিয়ে রেখেছিলাম।
যে করেই হোক, আমার 'আমি' হওয়ার মুহূর্ত চাই, আমি এবার নিজ সত্তাকে জানতে চাই। কেন পৃথিবীতে এসেছি, সেই উদ্দেশ্যটা বুঝতে চাই। এভাবে অর্থহীন বেঁচে থাকাটা সত্যিই মূর্খতা।
মনে হচ্ছে এবার স্রষ্টার নিয়মটাও মেনে দেখা দরকার! কমবেশি সবদিকেই তো যাওয়া হলো। কেবল ইসলামের পথটাই বাকি আছে। এবার এদিকে একটু চলে দেখি, কী হয়!
যদি জীবনের উদ্দেশ্য সত্যিই ইসলাম হয়, তবে অবশ্যই তা অনুভব করতে পারব। আর যদি তা অনুভব করতে পারি, তবে এই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম, কেউ আমাকে আমার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দিতে পারবে না।'
এটা ভাবনার উদাহরণ মাত্র। যারা ভাবতেও ভুলে গেছে, তাদের জন্য হিসাব মেলানোর পদ্ধতি। তুমি তোমার মতো করে ভেবে ভেবে আজ একটা সিদ্ধান্ত নিয়েই নাও。