📄 ফ্যান্টাসি অব ম্যারেজ
পৃথিবীকে পেছনে রেখে আখিরাতের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলা তরুণ-তরুণীরা অন্তর থেকে উন্নততর বাহ্যিক উপকরণের আসক্তিকে সরিয়ে রাখতে পারলেও এখনও একটা আসক্তি থেকে বের হতে পারছে না। এই আসক্তিকে আসক্তি হিসাবে স্বীকার করা তো দূরে থাকুক, উলটো এই চিন্তাধারা প্রতিষ্ঠার জন্য নানাবিধ প্রচেষ্টাও করা হচ্ছে।
এই আসক্তি তাকে শেখাচ্ছে দুনিয়াকে বৈধভাবে ভালোবাসতে, যার অনুভূতি এবং উপকরণ বৈধ হলেও এর ক্ষতি পৃথিবীর অন্যান্য উপকরণের প্রতি আসক্তির মতোই। কেননা এটা এক দীর্ঘ আশার ফাঁদ, কল্পনার ফাঁদ, মিথ্যা ঘোরের মাঝে ডুবে থাকার ফাঁদ।
বিয়েকে কেন্দ্র করে অবিবাহিত নারী-পুরুষের জন্য শয়তানের সাজানো সেই ফাঁদের নাম-বিয়ে ফ্যান্টাসি বা কল্পনার বিবাহ। যাতে নারী-পুরুষ কল্পনাতেই পাত্র/পাত্রী দেখে, কল্পনায় তাদের বাসর হয়, কল্পনাতেই হয় মিলন, কল্পনায় সন্তানও জন্ম নেয়, আর কল্পনাতেই চলতে থাকে সংসার!
আল্লাহ তাআলা বৈধ স্ত্রী আর সন্তানকেই যেখানে ফিতনা বলেছেন, সেখানে তারা বিবাহের পূর্বেই অনাগত, অপরিচিত, অজ্ঞাত কল্পনার এক স্বামী/স্ত্রীর প্রতি আসক্ত। তাহলে বিয়ের পরে অবস্থাটা কী হবে, ভেবে দেখো তো!
এই আসক্তির ফলে তারা সারাদিন কল্পনার ঘোরে মেতে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে, লজ্জাহীন হয়ে নিজের ভবিষ্যৎ-স্ত্রী সম্পর্কে লিখতে থাকে। এরা মূলত অবৈধ প্রেমের সম্পর্কের পরিবর্তে বিবাহকে দাঁড় করাতে চায়। কিন্তু আল্লাহ বিবাহকে এ কারণে তৈরি করেননি। ইসলামে বিবাহের সম্মান ও মর্যাদা অনেক বেশি।
ইসলামকে পুরোপুরি না-বোঝার কারণে, দু-একটা আবেগপূর্ণ বই পড়ে, বা ছবি বা ভিডিও দেখেই তারা বিবাহের প্রতি উৎসাহ লাভ করে। আবেগের বশে অসচ্ছল অবস্থায় একটা সম্পর্কে জড়িয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করতে চায়। অথচ ইসলামে সামান্য একটা শব্দের পেছনেও হাজারটা শর্ত থাকে, ক্ষেত্র এবং পন্থা থাকে; এটা তারা বোঝে না। আর গণহারে সবার জন্য আল্লাহর বিশেষ নিয়ামত নয়। নিয়ামত পাওয়ার যোগ্য না হয়েই মিথ্যা আশায় ডুবে তারা নিজের সাথে সাথে অন্য আরেকটা মানুষের সুখ কেড়ে নেয়।
আজ থেকে দু-তিন-চার বছর পর তোমার স্বামী/স্ত্রী তোমার কাছে আসবে, তার সাথে তুমি কী করবে না করবে, তা এখনই ভেবে ভেবে নিজের বর্তমানকে অপবিত্র করে কী লাভ?
এভাবে কোনো নারীকে না-দেখে, না-জেনে তার জন্য ছটফট করতে থাকা পুরুষের অনুভূতির তীব্রতা নয়, বরং চাহিদার অপূর্ণতা। তার প্রয়োজন পূরণের বৈধ উপকরণ না-থাকায় সে শব্দ দিয়ে নিজের কামোদ্দীপনা প্রকাশ করছে মাত্র।
তবে মানুষ দুর্বল। অন্তরে অন্তরে কেউ যা ইচ্ছা ভাবতেই পারে। কিন্তু কেউ যখন নিজের অন্তরের এই বিষাক্ত অনুভূতিকে বৈধ শব্দে সাজিয়ে সকলের সামনে উপস্থাপন করে, সকলে তাকে বাহবা দেয়, অথচ এটা আত্মমর্যাদাহীনতার পরিচয়। কেননা একটা বোধসম্পন্ন ব্যক্তি এবং প্রকৃত পুরুষ কখনোই নিজের ভেতরের গোপন অনুভূতি প্রকাশ করে না। যে পুরুষ নিজের গোপন অনুভূতিকে অন্য হাজারো নারীর সামনে প্রকাশ করছে, তার লজ্জা নেই। আর যার লজ্জা নেই, তার ইমানের যথেষ্ট ঘাটতি রয়েছে। সুতরাং এই আবেগী নারী বা পুরুষের সাথে নিজেকে যুক্ত করা থেকে বেঁচে থাকো।
প্রতিনিয়ত কল্পনার ঘোরে ডুবে থাকা পুরুষ বা নারীদের ঘোর ভাঙতে সময় লাগেনি বেশি দিন। এসব তথাকথিত আবেগী দীনদার স্বামী-স্ত্রীর দাম্পত্যজীবনের চিত্র এখন আর কুয়াশাচ্ছন্ন নয়; বরং উন্মুক্ত আকাশের মতোই পরিষ্কার, যার বাস্তবতা হলো-যন্ত্রণা, নির্যাতন আর সবশেষে বিচ্ছেদ।
কেননা তারা সর্বক্ষেত্রে আল্লাহর চাইতে নিজ কল্পনাকে অধিক গুরুত্ব দিয়েছে। তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের কল্পনা নিয়েই থেকেছে। জান্নাতের আশা বাদ দিয়ে তারা দুনিয়াকেই জান্নাত বানাতে চেয়েছে।
তারা মনে করেছে, একটা সম্পর্কে বৈধভাবে যুক্ত হতে পারলেই হলো। এতেই যেন সব সুখ নেমে আসবে। বস্তুত এভাবে কল্পনাপ্রবণ নারীরা অন্তরের স্বস্তি চায়, আর পুরুষ চায় তার চাহিদা মেটাতে। ফলে কোনোভাবে বিবাহবন্ধনে যুক্ত হয়ে নারীর কল্পনা সত্য হলে সে স্বস্তি পায়, আর পুরুষ পায় কামনার পূর্ণতা। কিন্তু তারপরের সময়গুলো কীভাবে কাটাবে, সে সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা থাকে না। তাদের কল্পনা কেবল বাসর পর্যন্তই সীমাবদ্ধ থাকে। ফলে বাস্তবতার মোকাবেলায় জীবন সামলাতে সবকিছু এলোমেলো হয়ে যায়।
অনেকে আবার বিয়ের আগে দীন অনুসরণ করতে চায় না। তারা অতি-আবেগের ফলে বিয়েকেই নিজের মূল উদ্দেশ্য বানিয়ে রাখে। কিছু না-জেনেই আবেগের সমুদ্রে ডুবে থেকে বলে, ভাই! বিয়েটা হলেই জীবনকে পুরোপুরি দীনের পথে উৎসর্গ করে দেবো। অনেক বোন বলে, আমি এখন হয়তো পর্দা করতে পারছি না, তবে বিয়ের পর স্বামীর থেকে অনুপ্রাণিত হয়েই পূর্ণাঙ্গ পর্দা শুরু করব। অথচ এই মুহূর্তে সে কিন্তু বেপর্দা। একজন প্রকৃত নেককার পুরুষ পর্দাহীন নারীকে 'নারী' বলেই স্বীকার করে না। কেননা নারীর প্রকৃত বৈশিষ্ট্য হলো লজ্জা। আর যার লজ্জা নেই, তার ইমান নেই। ইমানহীনা কোনো নারীকে আল্লাহ তাআলা কখনও তাঁর নেককার বান্দার কাছে রাখবেন না-এটাই নিয়ম।
আমার বোন! আরেকটা বাস্তবতা শুনে রাখো, একজন পর্দাহীন নারী একজন পুরুষের জন্য ধ্বংসাত্মক, তার জন্য জাহান্নামের কারণ। কীভাবে বেপর্দা তুমি কোনো পুরুষকে জান্নাতে নিয়ে যেতে পারো?
যারা স্বপ্নে সংসার পেতে রাখে, তাদের ঘরে তিন-চারটা সন্তান হওয়ার পরেও তারা পূর্ণাঙ্গভাবে দীন পালন করতে পারে না। কেননা বিবাহের দায়িত্বগুলো পূর্বে থেকেই না-জানার কারণে সবকিছু তাদের কাছে নতুন মনে হয়। সেগুলো সামলাতে গিয়ে তারা খোদ দীনের প্রতিই চাহিদা হারিয়ে ফেলে, যেটার জন্য তারা বিয়ে বসেছিল।
আচ্ছা আমি যদি তোমাকে প্রশ্ন করি, বিয়ে জিনিসটা কী? তাহলে তোমার উত্তর কী হবে?
তুমি হয়তো শুরুতেই বলবে, দীনের অর্ধেক পূরণ, এরপর চাহিদা মেটানো, ফিতনা থেকে বাঁচার উত্তম উপায়, একাকিত্ব দূর করা, নতুন উম্মতের ভিত্তি, আর কত শত উত্তর। অথচ বাস্তবতায় বিবাহ হলো-একটা দায়িত্ব!
এই উত্তর যদি তুমিও জেনে থাকো, তবে তোমাকে শুভেচ্ছা। যদি না জেনে থাকো, তাহলে বিবাহকে দায়িত্ব হিসাবে উপলব্ধি করার আগপর্যন্ত নিজের সাথে অন্য কাউকে যুক্ত করার কথা ভাবতে যেয়ো না। কেননা যে বিবাহকে দায়িত্ব ছাড়া 'অন্য কিছু' মনে করে, সে বিবাহের পর তার সঙ্গীর সাথে সে হিসাবেই আচরণ করে।
কেউ স্বপ্ন হিসাবে বিয়ে করলে স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত সে সুখী থাকে, এরপর আর পারে না। কেউ চাহিদা পূরণ হিসাবে বিয়ে করলে তো আর কথাই নেই, পশুও তার কাছে হার মানে। কেউ ইচ্ছা জমিয়ে বিবাহ করলে সঙ্গীর সাথে ইচ্ছা পূরণ করা শেষে ক্লান্ত হয়ে পড়ে। কেউ দীনের পূর্ণাঙ্গ জ্ঞান ছাড়াই বিবাহের মাধ্যমে তার দীনের অর্ধেক পূরণ করতে চাইলে, সে নিজ স্ত্রীর ওপর দীনকে চাপিয়ে দিতে পারে। কিন্তু যদি দায়িত্ব হিসাবে বিবাহ করা হয়, তাহলে সকলেই দায়িত্ব পূরণ করতে বাধ্য হয়। আর দায়িত্বের মাঝে জীবনের সমস্ত প্রয়োজন, চাহিদা, অনুভূতি, আনুগত্য সবই একসাথে উপস্থিত থাকে। কেউ তা পূরণ না করলে সেটা ভিন্ন কথা। তবে একজন প্রকৃত দীনদার ব্যক্তি তার দায়িত্বটাকে বোঝে। একজন দায়িত্ববোধসম্পন্ন पुरुष বাস্তবতায় বাস করে; কল্পনায় নয়।
বিবাহকে শুধু দায়িত্ব হিসাবে জানলেই তুমি বিবাহের উপযুক্ত হতে পারবে না। এখন তোমার চিন্তায় প্রশস্ততা এসেছে মাত্র। তুমি কেবল বাস্তবতায় থাকা শিখতে শুরু করেছ। উন্নত চিন্তা আর বিবেক দিয়ে কখনোই সংসারজীবন পরিচালনা করা যায় না।
এখন তোমাকে বুঝতে হবে, বিবাহের দায়িত্বগুলো কী কী। কখন, কোথায় আর কীভাবে এই দায়িত্বগুলো পালন করতে হবে, সেই সক্ষমতা তোমার আছে কি না। দায়িত্বের সকল স্তর, দায়িত্বের সঠিক মাত্রা এবং ক্ষেত্রগুলো তোমাকে জানতে হবে। তাহলে বিবাহ সম্পর্কে তুমি ভাবনার দিক থেকে পুরোপুরি যোগ্য হয়ে উঠবে। কিন্তু দাঁড়াও! আরও আছে। এখনও তুমি তৈরি নও।
এবার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই যেসকল দায়িত্ব, ক্ষেত্র এবং প্রয়োজনীয়তাগুলো দেখছ, তা পূরণের জন্য, বিবাহ-পরবর্তী জীবনের সকল উত্থান-পতন সামলে নেওয়ার জন্য তুমি কতটা যোগ্য এবং তোমার বাহ্যিক এবং আর্থিক অবস্থা কতটা উপযুক্ত—তা যাচাই করতে হবে। তোমার জ্ঞান ও উন্নত ভাবনাগুলো বাস্তবজীবনে প্রয়োগের কতটুকু সামর্থ্য বা যোগ্যতা আছে, অন্য আরেকটা মানুষকে দুনিয়া এবং আখিরাতের দিক থেকে পরিচালনা করার ক্ষেত্রে তুমি মানসিকভাবে পুরোপুরি তৈরি কি না, তোমার ভেতরে সেই আত্মবিশ্বাস আছে কি না—তাও যাচাই করতে হবে।
তুমি হয়তো বলবে, ভাই! এত কিছু ভেবে কি বিয়েশাদি হয়? বৈবাহিক সম্পর্কে আবার এত কিছু ভাবতেও হয়?
হ্যাঁ হয়! যদি তুমি বৈবাহিক জীবনের ভেতরে লুকিয়ে রাখা জান্নাতি সুখ পুরোপুরি উপভোগ করতে চাও, তবে 'এত কিছু' তোমাকে ভাবতে হবে আগেভাগেই। তোমার আবেগ কমিয়ে নিজেকে বাস্তবতার বৈবাহিক সম্পর্কের জন্য, বাস্তবতাময় জীবনের জন্য উপযুক্ত হয়ে উঠতে হলে 'এত কিছু' ভাবতেই হবে।
কেননা পৃথিবী আর আগের মতন নেই, এখানের মানুষগুলোও আর আগের মতন নেই। পৃথিবীর বাহ্যিক অবস্থা, অর্থনৈতিক, রাজনৈতিক সবদিক থেকেই অস্থিতিশীল। যার প্রভাব সাধারণ একটা পরিবারকেও ভোগ করতে হচ্ছে। এ ছাড়া নিত্যনতুন আবিষ্কৃত পাপের উপকরণ তো আছেই। এমন একটা সময়ে পূর্ণাঙ্গ মুমিন হলেও যদি বাহ্যিক পরিবেশ সম্পর্কে ধারণা না থাকে, তবে তোমার পদস্খলনের আশঙ্কা রয়েছে। তাই জেনেবুঝে প্রতিটি কদম ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। আর আবেগ দিয়ে সামনে এগোনো অন্ধকারে পথচলার মতোই ভয়ংকর।
কিন্তু যদি পশুর মতো কেবল কামনা পূরণের জন্য দাম্পত্যজীবন পেতে চাও, তবে চিরাচরিত নিয়মে নিজের অযোগ্যতা লুকিয়ে চামড়ার সৌন্দর্য আর দৈহিক গঠনের প্রতি আসক্তির মাধ্যমেই বিবাহ শুরু করতে পারো। আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে রেখেছেন, যার যেভাবে ইচ্ছা চলুক। তবে মানুষের প্রয়োজনীয় উপকরণের মধ্যে যে সামান্য সুখটুকু রয়েছে, তিনি তা পুরোপুরি অনুভব করার পন্থাও বলে দিয়েছেন। তুমি না মানলে তার জন্য তুমিই দায়ী।
কথাগুলো দ্বারা বিয়ের প্রতি কাউকে নিরুৎসাহিত করা উদ্দেশ্য নয়। আশা করি এর মূল উদ্দেশ্য তোমরা বুঝতে পেরেছ। বিবাহ করো, তবে কী করছ তা বুঝেশুনে করো। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যাতে দীনের অর্ধাংশ লুকিয়ে রাখা হয়েছে; তা কি খুব সাধারণ কিছু মনে করছ? এই পৃথিবীতে ইসলামের গুরুত্ব কতখানি, ভাবো একবার। এবার নিজেই হিসাবটা মেলাও। দীন যদি মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ হয়, তার অর্ধেক যদি বিবাহতে থাকে, তবে এই সম্পর্ককে আমাদের কতটা গুরুত্ব দিতে হবে?
বিবাহ মানুষের একটি প্রয়োজন। এটা মানুষের দুনিয়ার যন্ত্রণা উপশমের মাধ্যম। এর মাধ্যমে মানুষ ইহকালীন জীবনে পাপাচার থেকে মুক্ত থেকে পরকালের প্রস্তুতি নিতে সক্ষম হয়। তবে মানুষের প্রয়োজনীয়তা অনুসারে এই পৃথিবীর সুখের সীমা নির্ধারণ করা হয়েছে। এসব উপকরণ দ্বারা সে নিজের দুঃখ উপশম করবে কিংবা অন্যান্য কঠিন অবস্থায় নিজেকে সামলে রাখতে পারবে। কিন্তু কোনো উপকরণকেই যদি কেউ নিজের মূল উদ্দেশ্য বানিয়ে তা থেকে পূর্ণ সুখী হতে চায়, তবে তা হবে মারাত্মক ক্ষতিকর। যেমন: মধুর প্রথম কয়েক চামচ শিফা বা আরোগ্য, কিন্তু অতিরিক্ত মধুপানে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।
শোনো, সময়ের পূর্বে বিবাহ সম্পর্কে ভাবতে যেয়ো না। কেননা এই নতুন শয়তানি আবরণ বুঝতে বুঝতে তুমি এর ভেতরে নিজেকে হারিয়ে ফেলবে। আর যেহেতু এটা প্রেমের অনুভূতির সাথে সম্পর্কিত, তাই এই দুর্বলতা সহজে কাটিয়েও উঠতে পারবে না। ফলে দীনে প্রবেশের পূর্বেই দীন থেকে ছিটকে পড়তে পারো।
তুমি নিজের ইমান-আমল-ইলমের ওপর গুরুত্ব দাও। আর নফস থেকে সতর্ক থাকো।