📘 তুমিও পারবে 📄 বর্তমান ও ভবিষ্যৎ

📄 বর্তমান ও ভবিষ্যৎ


* বিত্তশালী ও তোমার জন্য দিন কেবল একটিই- আজকের দিন। সুখময় গতকাল ফিরে পাবে না তারাও, ফিরে পাবে না তুমিও। আর আগামীকাল- না তোমার, না তাদের। সকলের জন্য দিন একটিই-আজকের দিন; যা খুবই সংক্ষিপ্ত।
* গতকাল বিদায় নিয়েছে। আজ যাই যাই করছে। আগামীকাল আসেনি এখনও। কেবল আজকের দিনটিই রয়েছে তোমার হাতে। অতএব, কাজে লাগাও একে। স্রষ্টার আনুগত্য করো। প্রভূত কল্যাণ লাভ করতে পারবে।
* আজ যে সুখ পেলে তা নিয়েই থাকো সন্তুষ্ট। কারণ, আগামীকালও তা বাকি থাকবে কি না সেই নিশ্চয়তা নেই। কালের পাকড়াও থেকে আমরা কেউই নিরাপদ নই।
* সকালে করো না সন্ধ্যার আশা। থাকো আজকের গন্ডির ভেতরই। তোমার আজ-কে সংশোধন করার জন্য প্রচেষ্টার সবটুকু ব্যয় করো।
* ভবিষ্যতের কথা ছাড়ো। তাকে আসতে দাও। আগামীর চিন্তায় বিচলিত হয়ো না। তোমার আজ যদি দুরস্ত হয়ে যায় ইনশাআল্লাহ আগামীও হবে সুন্দর।
* আমাদের সমস্যা হচ্ছে আমরা বর্তমানের ব্যাপারে অক্ষম। বসে থাকি অতীত নিয়ে। আজ কোনো কাজ করি না, আগামীকাল কী হবে সে ভাবনায় থাকি বিভোর। বিবেক ও প্রজ্ঞার দাবি তো এটা নয়।
* যা হারিয়েছো তা নিয়ে কেন মিছে দুশ্চিন্তা করছো? যা আছে কেন তার শুকরিয়া আদায় করছো না? কেন ভুলে যাচ্ছো তোমার বর্তমান নেয়ামতরাজির কথা? কেন অধরা নেয়ামতের জন্য করছো হা-হুতাশ? অন্যকে দেখে কেন হিংসায় জ্বলছো? যে আছে তোমার পাশে কেন অবজ্ঞা করছো তাকে?
* তুমি যদি তোমার বর্তমান অবস্থার উপর খুশি না থাকতে পারো, তাহলে সেই খুশির জন্য মিছে অপেক্ষায় থেকো না, যা দিগন্তের ওপার থেকে আসবে বলে ভাবছো।
* যে সত্তা তোমার অতীতের সমস্যার সমাধান করেছেন, তিনি তোমার বর্তমান ও ভবিষ্যতের সমস্যাগুলোরও সমাধান করবেন। ভরসা রাখো তাঁর উপর। তিনি যদি পাশে থাকেন, তবে ভয় কি তোমার? আর তিনি যদি তোমার বিরোধী হন, তবে তোমার আশা-ভরসার জায়গা কোথায়?
* তুমি আগামীকালের রিযিকের চিন্তায় পেরেশান! অথচ তোমার জীবনে আগামীকাল আসবে কি না তার কোনো গ্যারান্টি নেই। আর গতকাল তোমার জীবন থেকে চলে গেছে, তা আর কোনোদিন সে আসবে না ফিরে।

📘 তুমিও পারবে 📄 তাকদীরকে মেনে নাও, সুখী হবে

📄 তাকদীরকে মেনে নাও, সুখী হবে


* তাকদিরের অবধারিত সিদ্ধান্ত ও বন্টিত রিযিকের উপর সন্তুষ্ট থেকো। যা কিছু হয় তা তাকদিরের ফয়সালা হিসেবে মেনে নিও। অযথা পেরেশান হয়ো না।
* তোমার উপর যে বিপদ এসেছে, তা না-আসার ছিল না। আর যে বিপদ আসেনি, তা আসার ছিল না। শুকিয়ে গেছে কলম। গুটিয়ে ফেলা হয়েছে দফতর। তাই, তাকদীরের ফয়সালার উপর সন্তুষ্ট হওয়া ছাড়া নেই কোনো উপায়।
* তাকদীরে যা লেখা আছে, তা বাস্তবায়ন হবেই। মৃত্যুর আগমন অবশ্যম্ভাবী। রিযিক বণ্টিত। অতএব, দুশ্চিন্তা, পেরেশানী ও বিষণ্ণতায় কী লাভ?
* যে সন্তুষ্ট নয় তাকদীরের ফায়সালার উপর এবং যে চায় অন্যের মতো হতে- তার চেয়ে বড় হতভাগা আর কেউ নেই।

كُلُّ شَيْءٍ بِقَضَاءٍ وَقَدَرٍ والمنايا عبر أي عبر
তাকদীরের ফয়সালা অনুসারেই ঘটে সবকিছু, আর অন্যদের মৃত্যুর মাঝে রয়েছে শিক্ষা।

📘 তুমিও পারবে 📄 যিকির করো, দিল ঠান্ডা হবে

📄 যিকির করো, দিল ঠান্ডা হবে


* আল্লাহ-র যিকিরে- হৃদয় হয় শীতল, পাপ হয় মাফ, প্রতিপালক হন সন্তুষ্ট, দুশ্চিন্তা হয় বিদূরিত।
* যিকিরের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন; মানুষ সৌভাগ্যবান হয়; শয়তান লাঞ্ছিত হয়; পেরেশানী দূর হয় এবং নেকীর পাল্লা ভারী হয়。
* ইখলাসের সঙ্গে বেশি বেশি يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ * يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْتُ পাঠ করো। এতে সুখ, শান্তি, আনন্দ ও প্রশস্ততা লাভ করবে।
* বেশি বেশি لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ পাঠ করো। এতে বক্ষ হয় প্রশস্ত। অবস্থা হয় উন্নত। বোঝা হয় লঘু এবং আল্লাহ হন সন্তুষ্ট।
* নিয়মিত لا إلهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ পাঠ করো। কারণ, বালা-মসিবত দূরীকরণে এটি খুবই কার্যকরী একটি দোআ।
* বিভিন্ন সময় ও স্থানে পাঠ্য দোআ ও যিকিরের প্রতি যত্নবান হও। কারণ, এগুলো তোমার নিরাপত্তা ও হেফাজতের মাধ্যম।
* যখন পেরেশানীর মুখোমুখি হবে এবং একের পর এক দুশ্চিন্তা তোমাকে চেপে ধরবে, তখন কালিমায়ে তাইয়্যেবার যিকির করো- لَا إِلَهَ إِلَّا اللهُ; -আল্লাহ ছাড়া আর কোন ইলাহ (প্রতিপালক) নেই।
* দুনিয়ার বুকেও একটি জান্নাত আছে। সেই জান্নাতে যে প্রবেশ করে না, আখেরাতের জান্নাতেও সে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার সেই জান্নাতটি হলো- আল্লাহ -এর যিকির, তাঁর আনুগত্য, তাঁর মুহাব্বত, তাঁর সাথে সম্পর্ক স্থাপন ও তাঁর প্রতি আগ্রহ।
* যিকির-আযকার ও ইবাদত-বন্দেগী করার সময় অন্তরকে হাযির রাখা এবং মনোযোগের সবটুকু সেদিকেই দেওয়া উচিত। কেননা, যে ইলম-এ কোনো গভীরতা নেই, সেই ইলম-এ কোনো ফায়দা নেই। ঠিক তেমনিভাবে খুশুখুযুহীন সালাত-ইবাদত এবং চিন্তা-গবেষণাহীন পাঠেও বেশি উপকার নেই।
* সর্বদা স্মরণ করো সেই মহান পবিত্র সত্তাকে, যিনি লাঞ্ছনাকে ইয্যত, মুখাপেক্ষিতাকে অমুখাপেক্ষিতা, চাওয়াকে সম্মান, বিনয়কে উচ্চতা ও তাওয়াক্কুলকে প্রাচুর্য বানিয়ে দিয়েছেন।
* حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ -আশ্চর্য এক দোয়া। এ দোয়াটি কখনো ভুলে যেও না। এ দোয়ার বরকতে নিভে যায় জ্বলন্ত আগুন, বেঁচে যায় ডুবন্ত মানুষ, পথ খুঁজে পায় পথহারা; সর্বোপরি আল্লাহ -এর সাথে সম্পর্ক হয় সুদৃঢ়।
* হে পাখি! কতইনা সুখী তুমি। ঘুড়ে বেড়াও নদীর পাড়ে। গাছের চূড়া নিবাস তোমার। খাও নানা ফলফলাদি। কোনো কিছুর নেই আশঙ্কা। নেই জাহান্নামে যাওয়ার ভয়ও। অবস্থার বিবেচনায় মানুষের তুলনায় তুমিই বেশি সুখী।
* গাইরুল্লাহর ভালোবাসা মন থেকে দূরে সরিয়ে দাও। কারণ, এটা রূহের আযাব; অন্তরের ব্যাধি। আল্লাহ -এর স্মরণ ও আনুগত্যের প্রতি অধিক মনোযোগী হও।

ومن لقاء الله قد أحبا • كان له الله أشد حبا
وعكسه الكاره فالله اسأل • رحمته فضلاً ولا تتكل
যে ব্যক্তি আল্লাহ -এর সাক্ষাতে আগ্রহী, আল্লাহ তাকে বেশি ভালোবাসেন। আর যে আল্লাহ-কে ভালোবাসে না তার অবস্থা এর বিপরীত (অর্থাৎ আল্লাহ তাকে ভালোবাসেন না)। অতএব শ্রেষ্ঠত্ব পেতে হলে আল্লাহ-র কাছে রহমত চাও। এবং অলস বসে থেকো না (বরং নেক কাজ করো)।

📘 তুমিও পারবে 📄 দান-সদকা করো,হোক না সামান্যই

📄 দান-সদকা করো,হোক না সামান্যই


* দানশীল হও। কারণ, দানশীল ব্যক্তির বক্ষ থাকে উন্মুক্ত। হৃদয় থাকে প্রশস্ত। আর কৃপণ ব্যক্তির চিন্তা- চেতনা ও ধ্যান-ধারণা হয়ে থাকে সংকীর্ণ।
* দান-খয়রাত করো, হোক না তা পরিমাণে স্বল্প। কারণ, দান-সদকা পাপ মোচন করে। হৃদয়ে প্রফুল্লতা আনে। দুশ্চিন্তা দূর করে। রিযিকে বরকত আনে।
* রহমতের অন্যতম এক দরজা হচ্ছে সদকা। এর মাধ্যমে উদারতা ও হৃদয়ের প্রশস্ততা বাড়ে। এতে মন খুলে নেক কাজ করার আবেগ সৃষ্টি হয়। এজন্য সদকার মতো মহান আমল যারা করেন, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। এর বিনিময়ে তিনি হৃদয়ের উন্মেষ, ঈমানের নূর, মনের উদারতা ও সুখময় জীবন দান করেন।
* সদকা করো, চাই তা সামান্য হোক না কেন। সদকায় প্রদেয় বস্তুকে তুচ্ছ জ্ঞান করো না। খেজুরের টুকরা, এক লোকমা খাবার, এক ঢোক পানি অথবা সামান্য মাঠা কোন মিসকীনকে দিয়ে দাও। কোনো ক্ষুধার্তকে খাবার দাও। কোনো রোগীকে দেখতে যাও। তখন তোমার কাছে অনুভূত হবে যে, আল্লাহ তোমার পেরেশানী দূর করে দিয়েছেন। তোমার দুঃখ-বেদনা, বিরক্তি ও অস্থিরতা দূর করে দিয়েছেন। সদকা এমন একটি পরীক্ষিত ওষুধ, যা শুধু ইসলামী দাওয়াখানায় পাওয়া যায়।
* 'উত্তম কথাও সদকা'। কেননা, এর দ্বারা নক্স বিজয়ী হয়। অন্তর আনন্দিত হয়। দিলের জখম ভালো হয়। ক্রোধ দূরিভূত হয়। নিরাপত্তা ও শান্তি বিস্তৃত হয়।
* অন্যের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও সদকাতুল্য। কারণ, চেহারা হচ্ছে ভেতরের শিরোনাম; মনের আয়না; অন্তরের নির্দেশক এবং আমাদের প্রথম পরিচয়।

الله أعطاك فابذل من عطيته . فالمال عارية والعمر رحال
أريني كريماً مات من قبل حينه * فيرضى فؤادي أو بخيلاً مخلدا
সম্পদ আল্লাহ তোমাকে দান করেছেন, তার দেওয়া সম্পদ থেকেই খরচ করো。
আমাকে এমন একজন দানশীল ব্যক্তি দেখাও (দান করার কারণে অভাবে পড়ে যে) তার নির্ধারিত সময়ের আগেই মৃত্যুবরণ করেছে।
অথবা আমাকে শান্তি দাও এমন একজন কৃপন ব্যক্তিকে দেখিয়ে যে (তার খাজানা নিয়ে) চিরকাল বেঁচে আছে।

ফন্ট সাইজ
15px
17px