📘 তুমিও পারবে 📄 সালাতকে আপন করো

📄 সালাতকে আপন করো


يَٰأَيُّهَا ٱلَّذِينَ آمَنُوا۟ ٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ ۚ হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। [সূরা বাকারা : ১৫৩]

উদ্বেগ-উৎকণ্ঠায় যখন জড়িয়ে পড়বে তুমি, হতাশা ও দুশ্চিন্তা যখন ঘিরে ধরবে তোমায়, তখন দেরি না করে সালাতে দাঁড়িয়ে যাও। দেখবে, হৃদয়ে শান্তি পাবে। অন্তর শীতল হবে। (ইনশাআল্লাহ) সালাত তোমার সকল দুশ্চিন্তা ও সমস্ত পেরেশানীর কালো মেঘ দূর করে দেবে। রাসুল -এর সামনে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেখা দিতো, তখন তিনি বলতেন-

أَرِحْنَا بِالصَّلَاةِ يَا بِلَالُ
'হে বেলাল! সালাতের আযান দিয়ে আমাদেরকে শান্তি দাও'।

সালাত ছিল তাঁর চোখের শীতলতার কারণ। সালাত ছিল তাঁর মানসিক প্রশান্তির মাধ্যম। আমি বহু মানুষের জীবনী পড়ে দেখেছি, বিপদে পড়লেই তারা সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাতের মাধ্যমে তারা লাভ করতেন সুদৃঢ় মনোবল ও ইস্পাত কঠিন হিম্মত।

তোমার মনে যখন বাসা বাঁধবে ভয়, তোমার জীবন যখন তলোয়ারের নীচে ধরা হবে মেলে, সেসময় মনে সাহস জোগাতে ও দৃঢ়প্রত্যয়ী থাকতে সালাতের চেয়ে অধিক ফলপ্রসূ ও কার্যকরী আর কিছু নেই। আর সালাতুল খওফ তথা ভয়ের নামাযের দর্শন এটিই।

আজ যারা মানসিক বৈকল্যের শিকার, হতাশার আঁধারে নিমজ্জিত যাদের জীবন, মসজিদই তাদের শেষ আশ্রয়। উদ্বেগ, উৎকণ্ঠা ও পেরেশানী থেকে মুক্তি পাওয়ার জন্য সালাতের বিকল্প নেই। অশ্রু নষ্ট করে দিতে পারে চোখ, দুশ্চিন্তা বিকল করে দিতে পারে স্নায়ু, কিন্তু এ থেকে মুক্তি পেতে হলে আঁকড়ে ধরতে হবে সালাত।

তুমি যদি স্থিরচিত্তে একটু ভাবো, তা হলে বুঝতে পারবে, দিনরাতে পাঁচ ওয়াক্ত সালাত দয়াময় প্রভুর এক মহা নেয়ামত। সালাত গুনাহসমূহের কাফ্ফারা। আল্লাহ-র কাছে মর্যাদা বৃদ্ধির মাধ্যম। দুঃখ-যন্ত্রণা লাঘব ও বিপদ থেকে উদ্ধারের উপায়। আমাদের রোগ- ব্যাধির মহৌষধ। এই সালাত মনে আনে শান্তি। ঈমান-ইয়াকীনে আনে দৃঢ়তা। তাকদীরের প্রতি আনে সন্তুষ্টি。

যারা সালাত ও মসজিদ থেকে দূরে থাকে, দুর্ভোগ-যাতনা তাদের চিরসাথী। একের পর এক সমস্যার চক্রাবর্তে তারা থাকে বন্দি।

فَتَعْسًا لَّهُمْ وَأَضَلَّ أَعْمَالَهُمْ ﴾
তাদের জন্য রয়েছে দুর্ভোগ। তাদের আমল বিফল হয়ে গেছে। [সূরা মুহাম্মাদ: ৮]

📘 তুমিও পারবে 📄 সর্বাবস্থায় ভরসা করো আল্লাহর উপর

📄 সর্বাবস্থায় ভরসা করো আল্লাহর উপর


আল্লাহ-র উপর ভরসা, তাঁর অঙ্গীকারসমূহের উপর বিশ্বাস, তাঁর প্রতি সুধারণা পোষণ, তাঁর ফয়সালা উপর সন্তুষ্টি প্রকাশ ও এই আস্থা রাখা যে, তিনি সব কিছু সহজ করে দেবেন- এ সবই ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মুমিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য।

কারণ, বান্দা যখন তার উত্তম পরিণতির ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী হয়, যখন সে নিজের সকল কাজে তার প্রতিপালকের উপর ভরসা করে, তখন সে আল্লাহ-র সাহায্য লাভের হকদার হয়ে যায়।

ইবরাহীম-কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন,
আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট। তিনিই কতই না উত্তম কর্মবিধায়ক। অতএব আল্লাহ তাঁর জন্য আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছিলেন।

রাসুল ও সাহাবায়ে কেরামকে যখন কাফেরদের সৈন্যবাহিনী সম্পর্কে ভয় দেখানো হয়েছিল, তখন তাঁরা বলেছিলেন-
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। [সূরা আলে ইমরান: ১৭৩]

ফলে আল্লাহ তাদের ব্যাপারে ইরশাদ করেছেন-
فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِّنَ اللهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَ اتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ
অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহসহ ফিরে এলো। কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি এবং আল্লাহ যাতে সন্তুষ্ট ও রাজি, তারা তারই অনুসরণ করেছিল। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। [সূরা আলে ইমরান: ১৭৪]

দুর্যোগ-দুর্বিপাকের সঙ্গে মানুষ একাকী লড়াই করতে পারে না। পারে না একাকী বালা-মসিবতের সামনে দাঁড়াতে। কারণ, তাকে সৃষ্টিই করা হয়েছে দুর্বলরূপে।

তবে হাঁ, যদি সে ভরসা করে তার রবের উপর, নিজের বিষয়-আশয় সোপর্দ করে দেয় তাঁর হাতে, তা হলে করতে পারে সবকিছুই।

وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ﴾
আর তোমার আল্লাহর উপরই ভরসা কর; যদি তোমরা মুমিন হও। [সূরা মায়িদা: ২৩]

তাই, যারা নিজের মঙ্গল চায়, তাদের উচিত আল্লাহ-র উপর ভরসা করা। যিনি মহা ক্ষমতাধর ও অমুখাপেক্ষী। যিনি পরাক্রান্ত ও প্রতাপশালী। তিনিই পারেন তাদেরকে সংকট-সমস্যা থেকে মুক্তি দিতে।

অতএব,
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ )
কে- রক্ষাকবচ হিসেবে গ্রহণ করো। যদি তোমার সম্পদ কমে যায়, ঋণ বেড়ে যায়, আমদানি হ্রাস পায়, তা হলে বলো-
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ )

যখন শত্রুর ভয় তোমাকে জেঁকে ধরে অথবা জালিমের ভয়ে হয়ে যাও ভীত কিংবা আকস্মিক দুর্ঘটনায় মুষড়ে পড়ো তুমি, তখন বলো-
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

আরও বলো -
كَفِي بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا
(তোমার জন্য তোমার প্রতিপালকই পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট।)

📘 তুমিও পারবে 📄 আল্লাহর জমিনে ভ্রমণ করো

📄 আল্লাহর জমিনে ভ্রমণ করো


ভ্রমণ বক্ষকে করে উন্মুক্ত। নৈরাশ্য ও একগুঁয়েমিকে করে বিদূরিত। এ সৃষ্টিজগতের উন্মুক্ত গ্রন্থটি পড়ো। দেখবে, কুদরতের বহু কলম পৃথিবীর পাতায় পাতায় অবিরাম সৌন্দর্যের কথা লিখে যাচ্ছে। আরও দেখতে পাবে, মনোরম উদ্যান, সুদৃশ্য বন-বনানী ও অপরূপ প্রাকৃতি।

তাই ঘর থেকে বের হও। চারপাশটাকে একটু দেখো। পাহাড়ে চড়ো। উপত্যকায় ঘুরে বেড়াও। স্বচ্ছ-নির্মল পানিতে ডুব দাও। ফুলের ঘ্রাণ নাও। দেখবে, আত্মা খুঁজে পাবে অবাধ স্বাধীনতার সুখ। মন ভরে উঠবে প্রশান্তিতে।

যেমন, পাখিরা কিচিরমিচির করে। খোলা আকাশে উড়ে বেড়ায় স্বাধীনভাবে।

ঘরের বাইরে যাও। চোখ থেকে খুলে ফেলো কালো চশমাটা। তারপর আল্লাহ-র তাসবীহ জপতে জপতে জমিনে ভ্রমণ শুরু করো। এরপরও যদি তুমি একাকী ঘরে বসে থাকো, তা হলে বুঝবে তুমি আছো আত্মহত্যার পথে। মনে রেখো, যে কামরাটিতে তুমি থাকো সেটিই পুরো দুনিয়া নয়! আর তুমি একাই কিন্তু নও গোটা সমাজ!

انْفِرُوا خِفَافًا وَثِقَالًا)
তোমরা অভিযানে বের হয়ে পড়ো, হালকা অবস্থায় হোক কিংবা ভারী অবস্থায়। [সূরা তওবা: ৪১]

এসো! পুকুর পাড়ে বসে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে, পাখ-পাখালির ভীড়ে কোরআন তেলাওয়াত করো। কান পেতে শোনো কী অপরূপ সুর-ছন্দে স্রষ্টার প্রেমে পাখিরা গেয়ে যাচ্ছে গান। বয়ে চলা পানির ধারা বর্ণনা করে যাচ্ছে পাহাড়ের বুক বেয়ে তার নেমে আসার গল্প।

أَيُّهَا الشَّاكِي وَمَا بِكَ دَاءً . كُنْ جَمِيْلًا تَرَى الْوُجُودَ جَمِيْلًا
أَتَرَى الشَّوْكَ فِي الْوَرُودِ وتَعْمَى . أن تَرَى فَوقَهُ النَّدى إكليلاً

হে অভিযোগকারী (তুমি অভিযোগ করছ) অথচ (অভিযোগ করার মতো) তোমার কিছুই হয়নি। তুমি সুন্দর হও, দেখবে গোটা সৃষ্টিজগত কত সুন্দর।
তুমি কি গোলাপের মাঝে শুধু কাটাই দেখতে পাচ্ছ? তার উপর মালার মতো অপরূপ শিশির বিন্দু কণা কি চোখে পড়ছে না তোমার?

সংকট-সমস্যায় জর্জরিত যাদের জীবন, মানসিক অস্থিরতায় ডুবন্ত যাদের প্রাণ, ডাক্তাররা বলেন, ভ্রমণ তাদেরকে দিতে পারে আনন্দ ও আরোগ্য দান।

তাই! ভ্রমণে বের হও। মনে শান্তি পাবে। হৃদয় প্রফুল্ল হবে। সময়কে ব্যয় করো চিন্তা ও গবেষণায়।

وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هُذَا بَاطِلًا
তারা আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে, হে আমাদের পালনকর্তা! আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি। [রা আলে ইমরান : ১৯১]

📘 তুমিও পারবে 📄 ধৈর্যশীল হও

📄 ধৈর্যশীল হও


দৃঢ় প্রত্যয়ী ব্যক্তিরা ধৈর্য ও সহনশীলতার গুণে গুণান্বিত হয়ে থাকেন। ধৈর্য ও দৃঢ়তার সাথে তারা যে কোনো বিপদের মোকাবেলা করতে পারেন। তাছাড়া এ সময় ধৈর্য ধারণ করা ছাড়া তোমার আমার আর কী-ই বা করার আছে বলো?

এক মহৎ ব্যক্তি ছিল। বিপদ-আপদের পালা বদল তার উপর সদা নিপতিত ছিল। তথাপি তিনি আল্লাহ-র উপর ভরসা করে ধৈর্য ধরে ছিলেন। মহৎ ব্যক্তিরা এমনই হয়ে থাকেন। হাজারো বিপদ-আপদ তারা ধৈর্যের সাথে মোকাবেলা করেন। সংকট-সংকীর্ণতা উত্তমরূপে কাটিয়ে উঠেন।

আবু বকর সিদ্দীক অন্তীম রোগে আক্রান্ত হলে লোকেরা তাঁকে দেখতে এলো। তারা জিজ্ঞেস করল, আমরা কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো?
তিনি বললেন, ডাক্তার আমাকে দেখে গেছেন। লোকেরা জিজ্ঞেস করল, ডাক্তার কী বলে গেছেন? তিনি বললেন, ডাক্তার বলে গেছেন, আমি যেন যা ইচ্ছা তা-ই করি।

ধৈর্য একমাত্র আল্লাহ-র সন্তুষ্টির জন্যেই হওয়া উচিত। ধৈর্যে যেন থাকে মুক্তির দৃঢ়তা; থাকে উত্তম পরিণতির আশা। ধৈর্য ধারণের ক্ষেত্রে নিয়ত যেন এমন থাকে যে, এটি আমার গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে।

أخلق بذي الصبر أن يحظى بحاجتِهِ * ومُؤْمِنِ القرع للأبواب أن يلجا
ধৈর্যশীল ব্যক্তি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, যে অনবরত দরজার কড়া নেড়ে যায়, সে ভেতরে প্রবেশ করতে পারে।

তুমি ধৈর্য ধরো। সমস্যা যত প্রকটই হোক, পথ যত বিপদ-সঙ্কুলই হোক, ধৈর্য ধারণ করলে সাহায্য অবশ্যই আসবে। কারণ, দুঃখ-কষ্ট ও ক্লান্তির পরেই নেমে আসে অনাবিল সুখ। নির্মল প্রশান্তি। পৃথিবীর বহু সফল ব্যক্তির জীবনী আমি পড়েছি। কঠিন বিপদ-আপদে তাদের ধৈর্য-সহ্যের ক্ষমতা দেখে হতবাক হয়েছি। সমস্যা-সংকট তাদের উপর এভাবে এসেছিল, যেভাবে বৃষ্টি ঝরে আকাশ থেকে। কিন্তু তারা ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে সত্যের উপর অবিচল থেকেছেন। অটল থেকেছেন পাহাড়ের মতো। ফলে কিছুদিন পরই আলোকিত প্রভাত বিজয়ের বার্তা নিয়ে তাদের সামনে উদিত হয়েছে। তাদের জন্য নেমে এসেছে আল্লাহ -র সাহায্য।

তারা বিপদ-আপদে কেবল ধৈর্যই ধরেননি; বরং সফলভাবে সংকটের মোকাবেলা করেছেন এবং বালা- মসিবতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন-

إِنْ كَانَ عِنْدَكَ يَا زَمَانٍ بَقِيَّة * مِمَّا يُهَانُ بِهِ الْكِرَامِ فَهَاتِهَا
হে যুগ! তোমার কাছে যদি (সমস্যা-সংকটের) আর কিছু অবশিষ্ট থাকে। যা দ্বারা তুমি সম্মানিতদের করতে চাও লাঞ্ছিত তবে তা নিয়ে আস।

ফন্ট সাইজ
15px
17px