📄 গড়িমসি করা
আমি যখনই টাইম ম্যানেজমেন্ট প্রসঙ্গ তুলে আনি সবার মুখে আমি একটি সমস্যার কথাই শুনতে পাই, Procrastination বা গড়িমসি। অধিকাংশ মানুষই নির্ধারিত সময়ে তাদের কাজ শেষ করতে না পারার কারণ হিসেবে বলেছে, 'আমি অলসতা করি'। গড়িমসি করার এ অভ্যাসটাকে কেন যেন জীবনের একটি অংশ হিসেবেই দেখা হয়, যেন এটা উত্তরাধিকারসূত্রে পাওয়া কিছু যেটা কখনোই পাল্টানো যাবে না। আসলে এসব কিছুই না, সবই ধোঁকা।
গড়িমসি করা একটি অভ্যাসজাত আচরণ এবং খুব বাজে অভ্যাসই বটে। যাহোক, অন্য সব বদঅভ্যাসের মতোই এটাও কাটিয়ে ওঠা সম্ভব। তবে এজন্য দরকার দৃঢ় ইচ্ছাশক্তি, আত্মপ্রত্যয় এবং বদলে যাওয়ার একটি কারণ।
একটি বদভ্যাস বদলে একটি ভালো অভ্যাস গড়ে তোলার মতো সক্ষমতা সবার মধ্যেই আছে। প্রয়োজন শুধু সত্যকার অনুপ্রেরণা। আশা করছি এ অধ্যায়ে বদঅভ্যাস বদলানোর মতো অনুপ্রেরণা পেয়ে যাবেন।
গড়িমসি করা বন্ধ করতে হলে সবার আগে এর মূল কারণগুলো সম্বন্ধে পরিষ্কারভাবে জানা প্রয়োজন। এ কারণ মূলত চারটা:
📄 লক্ষ্যের অভাব
এ বিষয়ে আগের অধ্যায়গুলোতে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্যগুলোই সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রধান অনুপ্রেরণা। এ লক্ষ্যগুলোই আমাদের প্রতিদিন সামনের দিনগুলোর জন্য উজ্জীবিত করে তোলে।
যাদের যথাযথ লক্ষ্য নেই, তারা জীবনে কোনো কিছুর প্রতি বিশ্বস্ত থাকার প্রেরণা খুঁজে পায় না। ফলস্বরূপ তারা ভালোভাবে কোনো কাজ করতে পারে না, সঠিক সময়ের মধ্যে করা তো দূরের কথা। জীবন যেন তাদের কাছে একের পর এক বাধা পেরুনো, যে বাধাগুলো তারা অল্প পরিশ্রমে অতিক্রম করতে পারলেই বাঁচে। তাই তারা সব কাজ শেষ মিনিটের জন্য রেখে দেয় এবং কাজের মান নিয়ে মোটেও ভাবিত হয় না।
গড়িমসি করার এ স্বভাব তাড়াতে হলে সবার আগে লক্ষ্য ঠিক করতে হবে। এ লক্ষ্যগুলোই আপনাকে আলস্য ঝেড়ে কাজে নেমে পড়তে প্রেরণা জোগাবে।
📄 ধোঁকা
ভালো কাজ ও তাওবা করার ক্ষেত্রে শয়তান সবাইকে এক ধরনের ধোঁকায় ফেলে দেয়। গড়িমসি বা আলস্যে ফেলে ভালো কাজ এবং তাওবা করা থেকে বিরত রাখে। ‘বুড়ো বয়সে তাওবা করে নেব’ হলো এ ধরনের প্রতারণামূলক বাক্যের সার্থক উদাহরণ। পরে কাজ করার অনেক সময় পাওয়া যাবে—এটা ভেবে আমরা আসলে নিজেদেরই বোকা বানাই।
তাওবা করার ক্ষেত্রে এ ধরনের আলস্য খুব মারাত্মক হতে পারে; এ জীবনে এবং আখিরাতেও। যদিও এমন মানসিকতার প্রয়োগ আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রেই করে চলেছি। আমরা মনে করছি—এসাইনমেন্টটা জমা দেওয়ার, রিপোর্ট সাবমিট করার অথবা মিটিং-এর নোট তৈরি করার এখনও অনেক সময় আছে। শেষমেশ দেখি আর বেশি সময় নেই।
এরপর আমরা তাড়াহুড়ো করা আরম্ভ করি। এর সাথে যুক্ত হয় দুশ্চিন্তা, ভয় এবং হতাশা। সব মিলিয়ে আমাদের কাজ গিয়ে পৌঁছে শেষ মুহূর্তের দোটানায় আর কাজের মানও হয় খারাপ।
এখানে মূল কথা হলো ‘পরে’ করার ভুল ধারণাটা অনুধাবন করতে পারা। মুসলিম হিসেবে আমরা জানি, ভবিষ্যতে কোনো কাজের ব্যাপারে “ইন শা আল্লাহ” (যদি আল্লাহ চান) বলতে হয়।
“এবং কখনো বলো না আমি আগামীকাল কাজটি করব, ইন শা আল্লাহ বলা ব্যতীত।” (সূরা আল-কাহফ ২৩-২৪)
“ইন শা আল্লাহ” এ কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে, ভবিষ্যৎ আল্লাহর হাতে। আর তাই আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা উচিত না। আমরা জানি না ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আমাদের উচিত চোখের সামনের পর্দা তুলে বাস্তবতা অনুধাবন করা। আর বাস্তবতা হলো আলস্যে নষ্ট হওয়া একটি মুহূর্তও আমরা আর ফিরে পাব না। কাজে নেমে পড়ার সময় এখনই, আগামীকাল নয়।
📄 অতিরিক্ত নিখুঁত হওয়ার চেষ্টা
Procrastination-এর আরেকটা বড় কারণ হলো Perfection. এ কারনেই লেখালেখি জীবন আরম্ভ করতে যেয়ে আমি প্রচুর গড়িমসি করেছি। আমি সব সময় চেয়েছি একজন লেখক হতে এবং বই লিখেই আমার দিনগুলো পার করতে।
অসংখ্য আইডিয়া ছিল আমার, অনেক খসড়া দাঁড় করিয়েছি, বহু সারাংশ আর 'প্রথম অধ্যায়'ও লিখেছি। কিন্তু এর বেশি আমি এগোতে পারিনি। কারণ, আমার লেখা যথার্থ হতে হবে, খাঁটি হতে হবে এই অযাচিত ভূত আমাকে পেয়ে বসেছিল। আমার কাছে নিজের লেখাগুলোকে মনে হতো ভুলে ভরা এবং সেগুলোর গুরুতর সম্পাদনা প্রয়োজন। মনে হতো এ লেখা কেউ পড়বে না। এভাবে বিধ্বস্ত মনে হাল ছেড়ে দিতাম আর একটি ছেড়ে আরেকটা লেখায় হাত দিতাম। শতভাগ নির্ভুল হতে চাওয়া আমার লেখাগুলো শেষ করার পথে বাধা হয়ে দাঁড়াল।
একদিন ভাবলাম নির্ভুল হতে চাওয়ার এ চিন্তাটা বেশ বাজে। আমি একজন মানুষ, আর মানুষের লেখনী কখনোই শতভাগ নির্ভুল হবে না। প্রাথমিক লেখা অবশ্যই জগািখচুড়ি ধরনের হবে। আর এ কারণেই আমরা সম্পাদনা করি, লেখা সম্পাদকের কাছে পাঠাই এমনকি পুনর্মার্জিত সংস্করণ বের করি।
উপলব্ধি করলাম যে, যদি আমি লেখালেখিতে ক্যারিয়ার করতে চাই তা হলে আমাকে নির্ভুল হবার অপচেষ্টা বাদ দিয়ে লিখে যেতে হবে। যা মনে আসে লিখে ফেলব, কাটাছেঁড়া মোছামুছি পরে করা যাবে। এই সিদ্ধান্তটা নেওয়ার পর আমার গড়িমসি করা বন্ধ হলো এবং লেখালেখিও একটি গতি পেল।
আপনিও হয়তো আপনার কোনো লক্ষ্যে পিছিয়ে আছেন, কারণ আপনি ভাবছেন এটা এখনও নির্ভুল হয়নি। এসব ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার একটিই রাস্তা। আপনাকে বুঝতে হবে যে, নির্ভুল হওয়া সম্ভব নয়। যেকোনো মানবীয় কাজে ভুল হওয়াটাই রীতি। যথার্থ হওয়াটা বিবেচ্য নয়, বিবেচ্য হলো যথাসাধ্য চেষ্টা করা। তাই নির্ভুল হতে চাওয়ার ইচ্ছেটা ছেড়ে দিন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। জন পেরি তার The Art of Procrastination বইয়ে এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন:
কোনো কাজ হাতে নেওয়ার সময় একটি “মোটামুটি নির্ভুল” কাজ করার লাভ এবং ক্ষতির হিসাবটা আগে ভাগে করার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজেকে কিছু প্রশ্ন করতে হবে: এ জায়গায় নির্ভুলভাবে কাজ করতে যাওয়ার উপযোগিতা কতটুকু? মোটামুটি কাজ করলে যা হতো, সেখানে নির্ভুল কাজ করার চেষ্টা করে কি খুব বেশি লাভ হবে? আমি এ কাজটি মোটামুটি নির্ভুলভাবে করতে পারব এর সম্ভাবনাই বা কতটুকু? এটা করলে বা না করলে আমার বা অন্যদের জন্য কেমন পরিবর্তন বয়ে আনবে? আদৌ কি আনবে?
প্রায় ক্ষেত্রে এ প্রশ্নগুলোর উত্তর হবে: একটি “মোটামুটি নির্ভুল” কাজ একদম নির্ভুল কাজ করার চেয়ে ভালো। আর এমনিতেই আমি সেটুকুই করতে পারব। কাজেই আমি একটি মোটামুটি নির্ভুল কাজ করার জন্য নিজেকে ছাড়পত্র দিচ্ছি। পুরোপুরি নির্ভুল করতে গিয়ে কাজের সময়সীমা অতিক্রম করে ফেলার চেয়ে এটাই ভালো। যার মানে আমি এখনই কাজটি শুরু করতে পারি (বা অন্ততপক্ষে আগামীকাল)।