📘 টাইম ম্যানেজমেন্ট 📄 যেসব ফাঁদ এড়িয়ে চলবেন

📄 যেসব ফাঁদ এড়িয়ে চলবেন


আমাদের অগ্রাধিকার অনুযায়ী কাজ করার ক্ষেত্রে কিছু ফাঁদ এড়িয়ে চলতে হবে। এ ফাঁদগুলো সাধারণত যেমন হয়:

জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হওয়া: আগেও বলেছি আমরা গুরুত্বপূর্ণ কাজের চেয়ে জরুরি কাজকে বেশি প্রাধান্য দিই। হয়তো ফোন-কলটা অত জরুরি ছিল না, ফেসবুক নোটিফিকেশনটা তো অবশ্যই জরুরি না। প্রতিবার মোবাইলের আলো জ্বলে ওঠার সাথে সাথে মোবাইল চেক করার অভ্যাসটা দমন করতে শিখুন। আমার জোর পরামর্শ থাকবে-কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার সময় মোবাইল সাইলেন্ট অথবা সুইচড অফ করে রাখবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা কল ব্যাক করার জন্য সময় আপনি পাবেন। তাই তৎক্ষণাৎ এসবে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। সাথে সাথে ফোন না ধরার জন্য আমরা অনেকেই বিব্রতবোধ করি। কিন্তু এর কোনো প্রয়োজন নেই। অধিকাংশ মানুষই বুঝে নেয় যে, আপনি হয়তো ব্যস্ত আছেন। না বুঝলেও ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে এবং আপনার নির্ধারিত সময়েই আপনাকে কল করবে。

হাতের কাজটি মন দিয়ে না করা: কোনো কাজে দক্ষতা বাড়াতে হলে, সে কাজে অবশ্যই মনোযোগী হতে হবে। কাজটি স্থিরতার সাথে এবং নিজের মধ্য থেকে করতে হবে। মনোযোগ দেওয়া আমাদের অনেকের জন্য বিশাল এক সমস্যা। এর একেবারে প্রকৃষ্ট উদাহরণ হলো সালাত। সালাত আমাদের মনোযোগ নিবদ্ধ করার সবচে ভালো প্রশিক্ষণের জায়গা হওয়ার কথা। কিন্তু আমাদের অনেকেরই সালাতের মাঝে মনোযোগ থাকে না। মন যেন তখন সালাত ছাড়া আর বাকি সব জায়গায় ঘুরে বেড়ায়। মাঝেমধ্যে এতটাই ভুলোমনা হয়ে পড়ি যে, ভুলেই যাই কোন সূরাটা পড়ছিলাম অথবা কততম রাকা'আতে ছিলাম। মনোযোগী হতে পারা একটি স্কিল। এ দক্ষতা অর্জন করতে দরকার নিয়মিত চর্চা এবং আত্ম-নিয়ন্ত্রণ। আর এটা চর্চা করার সবচে ভালো জায়গা হলো সালাত। বুঝেশুনে সালাত আদায়ের মাধ্যমে মনোযোগী হওয়ার যাত্রায় অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। সালাতে আপনি যেসব সূরা পড়ে থাকেন সেগুলোর অর্থ জেনে নিন, সূরাগুলো নিয়ে একটু পড়াশোনা করুন। এরপর সালাতে ওই সূরাগুলো পড়ার সময় মন দিয়ে পড়ুন। একটি সময় এ অভ্যাসটা ফোকাস অর্জন করতে আপনাকে সাহায্য করবে। আর সালাত থেকে প্রাপ্ত এ অভ্যাস আপনার জীবনের অন্য ক্ষেত্রগুলোতে সহায়তা করবে। মন এক জায়গায় না থাকলে ভালোভাবে এবং দ্রুত কাজ শেষ করা অসম্ভব হয়ে ওঠে। মনকে এক জায়গায় স্থির রেখে কাজ করলে কাজটি ভালোভাবে এবং দ্রুততম সময়ের মধ্যেই শেষ হয়। একটু পর কী করবেন, এসব নিয়ে ভাবতে যাবেন না। গতকাল এবং আগামীকাল দুটোই ভুলে যান এবং হাতের কাজটি মন দিয়ে করুন। তা হলে কাজটি ঠিক মনমতোই হবে।

নিজের এবং নিজের ব্যক্তিগত উন্নয়নের জন্য সময় বের না করা: আমি এটা নিয়ে আগেও বলেছি এবং আবার বলাটা বাহুল্য মনে করছি না। আপনিই আপনার সবচে গুরুত্বপূর্ণ সম্পদ। নিজের অর্থ-সম্পদ, ক্যারিয়ার এবং সন্তানদের প্রতি যেমন নিবেদিত থাকেন, নিজেকে আরও উন্নত করে তোলার ক্ষেত্রেও তেমন হয়ে উঠুন। নিজের চাহিদাগুলোকে একদমই অবহেলা করবেন না। নিজেকে সময় দিন। এমন না করলে বার্ন-আউট, অমনোযোগিতার স্বীকার হবেন। এমনকি গুনাহে জড়িয়ে পড়ারও সম্ভাবনা থাকে। প্রতি ঘণ্টায় মন হালকা করার জন্য পাঁচ মিনিটের একটি বিরতি নিন। তারপর পরবর্তী কাজে লেগে পড়ুন। দুপুরের খাবারের সময় কাজ থেকে বিরতি নিয়ে আল্লাহর 'ইবাদাত করুন এবং নিজেকে আরেকবার জাগিয়ে তুলুন। আবার সন্ধ্যায়ও বাসায় এমন একটি নির্জন সময় কাটান, একটু মজা করুন এবং সতেজ হয়ে যান। আবার একটু ভালোভাবে তাজা হয়ে উঠতে চাইলে কয়েক মাস পরপর পরিবারের সাথে ছুটি কাটান। অবশ্যই প্রতিদিন নতুন নতুন স্কিল শেখার জন্য সময় বের করতে ভুলবেন না, নিশ্চিত থাকুন এজন্য কখনো আফসোস করবেন না。

একটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে অন্যগুলো অগ্রাহ্য করা: জীবনের কোনো একটি দিক নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়বেন না, যাতে অন্য দিকগুলো অবহেলিত হয়। কিছু মানুষ তাদের ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েন যে, পরিবারকে সময় দিতে পারেন না। আবার কেউ সন্তানদের প্রতি বেশি মনোযোগী হতে গিয়ে জীবনসঙ্গীর কথা ভুলে যান। কিন্তু সবচে বেশি ঘটে—অন্য সবাইকে নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে নিজেকেই বঞ্চিত করা। এমনকি ইসলাম মেনে চলার ক্ষেত্রেও রাসূল (সা.) আমাদের ভারসাম্য বজায় রাখতে বলেছেন। 'ইবাদাতে আমাদের এতটা প্রান্তিক হয়ে যাওয়া উচিত না, যার কারণে পরিবার, কাজ এবং সর্বোপরি আমাদের নিজেদেরই অবহেলা করে বসব।

নিচের হাদিসে রাসূল (সা.) এ ধরনের প্রান্তিকতাকে চরমপন্থা হিসেবে অভিহিত করেছেন:
একবার তিনজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের কাছে এসে তাঁর 'ইবাদাত সম্পর্কে জানতে চাইলেন। তাদেরকে যখন তা জানানো হলো তারা অবাক হলেন। কারণ, তার পরিমাণ তাদের ধারণার চেয়ে ঢের কম ছিল। তারা ভেবেছিলেন তিনি নিরবচ্ছিন্নভাবে দিবারাত্র নামায-রোযাতেই কাটান। কখনো রাতে ঘুমান না এবং কোনো দিন বিনা রোযায় কাটান না। পরক্ষণে তারা ভাবলেন, তার তো এত বেশি 'ইবাদাতের দরকার নেই। আল্লাহ তা'আলা তাকে নিষ্পাপ রেখেছেন, তার কোনো গুনাহ নেই। তাই খুব বেশি 'ইবাদাত করা তার দরকার নেই। অন্যরা তো তার মতো নয়। তাদের অনেক গুনাহ হয়ে যায়। তাই তাদেরই বেশি বেশি 'ইবাদাত করতে হবে। একজন বললেন, 'আমি রাতভর নামায পড়ব। কখনো ঘুমাব না।' দ্বিতীয়জন বললেন, 'আমি জীবনভর প্রত্যেক দিন রোযা রাখব।' তৃতীয়জন বললেন, 'আমি নারীসঙ্গ পরিহার করে চলব। কখনো বিয়ে করব না।' তাদের একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কানে গেল। তিনি তাদেরকে বললেন, 'তোমরা এই এই কথা বলেছ?' 'শোনো, আমি কিন্তু আল্লাহকে তোমাদের চেয়ে বেশি জানি। তাই তোমাদের চেয়ে তাকে ভয়ও বেশি করি, অথচ আমি কোনো দিন রোযা রাখি এবং কোনো দিন রাখি না। আমি নামাযও পড়ি এবং ঘুমাইও আর আমি বিবাহও করেছি। (এটাই আমার সুন্নাহ ও নিয়ম)। যে ব্যক্তি আমার সুন্নাহ উপেক্ষা করে সে আমার অনুসারীদের অন্তর্ভুক্ত নয়।'

তাই সুখ এবং সাফল্যের চাবি হলো ভারসাম্য। জীবন হলো আল্লাহর অধিকার, সৃষ্টির অধিকার এবং আপনার সত্তার আপনার নিজের প্রতি অধিকারের এক ভারসাম্য। নিচের হাদিস থেকে নেওয়া ঘটনাটি এ কথাটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে:
নবি (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) (হিজরাতের পর মাদীনায়) একজন মুহাজির ও একজন আনসারকে ভাই বানিয়ে দিতেন। তিনি সালমান ও আবু দারদার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। তারপর সালমান একদিন আবু দারদার সঙ্গে সাক্ষাৎ করতে (তাঁর বাড়ি) গেলেন। তিনি দেখলেন আবু দারদার স্ত্রী উম্মে দারদা মলিন কাপড় পরে আছেন। তিনি তাকে বললেন, 'তোমার এ অবস্থা কেন?' তিনি বললেন, 'তোমার ভাই আবু দারদার দুনিয়ার কোনো প্রয়োজনই নেই।' (ইতোমধ্যে) আবু দারদাও এসে গেলেন এবং তার জন্য খাবার তৈরি করলেন। তারপর তাকে বললেন, 'তুমি খাও। আমি রোযা রেখেছি।' তিনি বললেন, 'তুমি খাওয়ার আগ পর্যন্ত আমি খাব না।' সুতরাং আবু দারদাও (নাক্স রোযা ভেঙে দিয়ে তার সঙ্গে) খেলেন। অতঃপর রাতের বেলা আবু দারদা না নামায পড়তে গেলেন। সালমান তাকে বললেন, '(এখন) শুয়ে যাও।' তিনি শুয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার তিনি (বিছানা থেকে) উঠে না নামায পড়তে গেলেন। আবার সালমান বললেন, 'শুয়ে যাও।' শেষমেশ রাতের শেষাংশে তিনি বললেন, 'এবার উঠে না নামায পড়ো।' তারা দুজনে একত্রে নামায পড়লেন। তারপর সালমান তাকে বললেন, 'নিশ্চয় তোমার ওপর তোমার প্রভুর অধিকার রয়েছে। তোমার প্রতি তোমার নিজ সত্তারও অধিকার আছে এবং তোমার প্রতি তোমার পরিবারেরও অধিকার রয়েছে। অতএব, তুমি অধিকারগুলো দাও।' তারপর তিনি নবি (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে তাঁকে সমস্ত ঘটনা শুনালেন। নবি (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেন, 'সালমান ঠিকই বলেছে।'

ফন্ট সাইজ
15px
17px