📄 সময়ের ব্যাপারে আমাদের দায়বদ্ধতা : ইসলামি দৃষ্টিকোণ
'রিষ্ক' নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে। এ অধ্যায়টা বোঝার আগে রিস্ক নিয়ে আমাদের ধারণা পরিষ্কার হওয়া দরকার। আল্লাহ আমাদের যা যা দিয়েছেন, সে সবকিছুই রিস্ক। এটার ভালো বাংলা হতে পারে—সম্পদ। অনেকে রিস্ক বলতে শুধুই জাগতিক ধন-সম্পদ বোঝেন। আসলে ধন-সম্পদ, সুস্বাস্থ্য, যৌবন, পরিবার, বন্ধু-বান্ধব, নিরাপত্তা, জ্ঞান এবং সব ধরনের বুদ্ধিবৃত্তিক যোগ্যতাই রিস্ক হতে পারে। এ ছাড়া এ বইয়ের মূল আলোচ্য—সময়ও রিষ্কের মধ্যে পড়ে।
সময় যে রিষ্কের একটি অংশ, এটা আমাদের বুঝতে এবং মেনে নিতে হবে। তা হলেই টাইম ম্যানেজমেন্টের সত্যিকার গুরুত্ব উপলব্ধি করা সম্ভব। সুস্বাস্থ্য এবং ধন-সম্পদের মতো সময়ও রিষ্কের অংশ। কিন্তু অন্যান্য রিষ্কের তুলনায় সময়ের দুটো অনন্য বৈশিষ্ট্য রয়েছে:
* এক দিনে প্রতিটা মানুষের জন্য নির্ধারিত সময়ের পরিমাণ একই।
* সময় নবায়নযোগ্য নয়, অর্থাৎ সময় একবার চলে গেলে আবার পাওয়া যায় না।
পৃথিবীতে একজন মানুষের জন্য কতটুকু সময় বরাদ্দ, এটা একমাত্র আল্লাহই জানেন। আর এই দিক বিচারে তাই সময় অন্যান্য রিষ্কের মতোই। পৃথিবীতে কেউ খুব অল্প সময়ই বাঁচে কিন্তু এর মাঝেই সে অনেক কিছু করে যায়। কারণ সে সময়কে মূল্য দিয়েছে। কেউ আবার অনেকদিন বাঁচার পরও তেমন কিছু করে যেতে পারে না। কারণ, সে সময়ের মূল্য অনুধাবন করতে পারেনি।
"সময় হলো তরবারির মতো; তুমি যদি তাকে ব্যবহার না করো, সে-ই তোমাকে ব্যবহার করবে।" (ইমাম আশ শাফিঈ রহ.)
ওপরের বৈশিষ্ট্যগুলো সময়ের ব্যাপারে আমাদের ধারণাকে সরাসরি প্রভাবিত করে। আর নিচের তিনটা পয়েন্ট আমাদের কাছে সময়ের গুরুত্ব আরও স্পষ্ট করে তুলবে।
* নির্দিষ্ট পরিমাণ সময়কে কোনোভাবেই বাড়ানো সম্ভব না। তবে অন্যদের চেয়ে সময়কে আরও ভালোভাবে কাজে লাগিয়ে কিছুটা এগিয়ে থাকা সম্ভব।
* যেহেতু সময় ফিরে পাওয়া যায় না, কাজেই সময় অপচয় করাটা বোকামি। কেন এমন সম্পদ আপনি অপচয় করবেন, যা কিনা ফিরে পাওয়া যায় না?
* আমরা কেউই জানি না আমরা কতদিন বেঁচে থাকব। তাই বর্তমান সময়টা নষ্ট করার মতো বিলাসিতা কি আমাদের করা উচিত? কোনোভাবেই জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়।
এগুলো মাথায় রাখলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে, সময় কত গুরুত্বপূর্ণ এক সম্পদ। আরও বুঝতে পারি, সময় নষ্ট করা টাকা নষ্ট করার চেয়েও খারাপ! কারণ, টাকা আবারও ফিরে আসতে পারে কিন্তু সময় কখনোই ফিরবে না। সময় নিয়ে যত হাদিস আছে, সেগুলোকে এ দৃষ্টিকোণ থেকে দেখলে হাদিসগুলোর অর্থ আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যায়। নিচের হাদিসটিকে ওপরের কথাগুলোর আলোকে বিবেচনা করা যাক,
“পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিস থেকে উপকৃত হয়ে নাও। বার্ধক্যের আগে তারুণ্য, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে সচ্ছলতা, ব্যস্ততার আগে অবসর এবং মৃত্যুর আগে জীবন।” (শু‘আবুল ঈমান ৯৫৭৫; সহীহ আল জামে ১০৭৭)
লেখকের মন্তব্য:
* হাদিসটিতে যেসব জিনিসের কথা বলা হয়েছে সবই এক প্রকার রিস্ক। যেমন, তারুণ্য, সুস্বাস্থ্য, ধন-সম্পদ, অবসর এবং আমাদের জীবন।
* তাই এসব আমরা কীভাবে কাজে লাগাচ্ছি, এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত।
* লক্ষ করলে দেখবেন, হাদিসটিতে অবসর সময়ের কথা বলা হয়েছে, পুরো চব্বিশ ঘণ্টার কথা বলা হয়নি। আমাদের প্রতিদিন অনেক পার্থিব প্রয়োজনীয় কাজ করতে হয়। যেমন, সালাত, চাকরি ইত্যাদি। এ সময়গুলোতে অন্য কিছুই করা সম্ভব নয়। তাই আসলে গোটা চব্বিশ ঘণ্টা নয় বরং অবসর সময়কে আমরা কীভাবে কাজে লাগাচ্ছি সেটাই বিবেচ্য।
"দুটি এমন নিয়ামাত আছে, যার ব্যাপারে অধিকাংশ মানুষই উদাসীন। এগুলো হলো, সুস্থতা এবং অবসর।" (সহীহ আল বুখারী)
লেখকের মন্তব্য:
* হাদিসটিতে দুটি বিষয়কে সামনে আনা হয়েছে-সুস্থতা এবং অবসর।
* এ দুটি বিষয়ই ভালো কাজ করার জন্য খুব দরকার। সুস্বাস্থ্য এবং পর্যাপ্ত সময় ছাড়া ভালো কাজ করাটা খুব কঠিন।
* উভয় বিষয়কেই আমরা যেন আমাদের প্রাপ্য জিনিস বলে ধরে নিই। দাঁত থাকতে যেন দাঁতের মর্যাদা বুঝি।
* এ নিয়ামাতগুলোর জন্য আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। আর এ কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে ভালো উপায় হলো এ নিয়ামাতগুলো ভালো কাজে ব্যবহার করা। তাই অবসরকে কাজে লাগাতে হবে, কিছুতেই সময় নষ্ট করা যাবে না।
"আল্লাহ বলেছেন, আদম সন্তান সময়কে গাল-মন্দ করে আমাকেই ছোট করে। আমিই সময়, আমার হাতেই সবকিছু এবং আমিই দিন-রাতের আবর্তন ঘটাই।”
লেখকের মন্তব্য:
* এই হাদিসুল-কুদসিতে আল্লাহ বলছেন, তিনিই সময়। 'আলিমগণ এর ব্যাখ্যায় বলেছেন, সময় আল্লাহর অধীনে এবং আমাদের প্রাপ্ত সময়টুকু তাঁরই দেওয়া। তাই এটি এক ধরনের নিয়ামাত। এজন্য সময়কে গাল-মন্দ করাটা আল্লাহকে গাল-মন্দ করার মতোই।
* একটি দিনে আমরা সবাই একই পরিমাণ সময় পাই। কেউ কম বা বেশি না। কাজেই জীবনের অপ্রাপ্তিগুলোর জন্য সময়কে গাল-মন্দ করা নিরর্থক। বরং সময়কে আমরা কীভাবে ব্যয় করছি, সেটা নিয়ে ভাবা উচিত। কীভাবে অন্যদের চেয়ে একটু ভিন্নভাবে সময়কে কাজে লাগানো যায়, সে চিন্তা করা উচিত।
একজন বিশ্বাসী সময়ের গুরুত্ব বোঝে। সে এটা অপচয় করতে চায় না। ওপরের সবগুলো হাদিস থেকে এটাই বোঝা যায়। সময় এমন একটি সম্পদ, যেটা প্রতি সেকেন্ডে ক্ষয়ে যাচ্ছে। তাই এক ঘণ্টা অপচয় করা মানে সে ঘণ্টাটা আর ফিরে না পাওয়া।
"আমার সবচেয়ে বেশি আফসোস সেই দিনটির জন্য, যে-দিন সূর্যাস্ত গেল কিন্তু আমার সৎকাজের পাল্লা একটুও ভারি হলো না।" (ইবন মাসউদ রা.)
এভাবে সময়ের হিসাব রেখে চলা আর সাধ্যমতো এর সদ্ব্যবহার নিশ্চিত করার ধারণা আমাদের মধ্যে গড়ে ওঠে। আমরা সীমিত সময়ের জন্য এ পৃথিবীতে এসেছি। এর মাঝেই সৃষ্টিকর্তার প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি এবং আমাদের নিজেদের প্রতিও আমাদের দায়িত্ব পালন করতে হবে। এসব দায়িত্ব পালনে ভারসাম্য কেবল যথাযথ টাইম ম্যানেজমেন্টের মাধ্যমেই সম্ভব।
আর এটাই আমি এ বইয়ে আলোচনা করব। আপনাদের সাহায্য করব সে কৌশল এবং অভ্যাসগুলো অর্জন করতে, যেগুলোর মাধ্যমে সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। এ কৌশলগুলো কর্মক্ষেত্র থেকে শুরু করে, শিক্ষাজীবনে, পারিবারিক জীবনে, অবসরে এবং ধর্মীয় ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। আর সঠিকভাবে এসব মেনে চললে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ভারসাম্য আসবে। আর এ ভারসাম্যপূর্ণ জীবনই সঠিক জীবনব্যবস্থা।
এখন যেহেতু আমরা ইসলামি দৃষ্টিকোণ থেকে টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব বুঝে গেছি, আর সময় নষ্ট করা উচিত হবে না। পৃষ্ঠা উল্টান এবং টাইম ম্যানেজমেন্টের প্রথম ধাপটা পড়া শুরু করে দিন।
📄 নিজেকে পুরস্কৃত করুন
এ পৃথিবীতে সবাইকে আপনার পক্ষে কখনোই পাবেন না। সবাই কখনও আপনার আইডিয়াগুলোকে বাহবা দেবে না বা আপনার প্রচেষ্টাগুলোর প্রশংসা করবে না। কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। তাই নিজেই নিজেকে অনুপ্রেরণা দিন, কঠিন দিনগুলো পার হতে নিজেকে সাহস দিন।
নিজেকে উৎসাহিত করার একটি দিক হলো নিজের সব ছোটবড় অর্জনে নিজেকে পুরস্কৃত করা। এটা আপনার এগিয়ে চলার গতি বহুগুণে বাড়িয়ে দেবে, সাফল্যের পথটাও সহজ করে দেবে। ছোটখাটো অর্জনগুলো ছোট ছোট উপহার দিয়েই উদ্যাপন করুন। উদাহরণ হিসেবে ধরুন, আপনার একটি রিপোর্ট লেখা বাকি ছিল। আপনি সেটা লিখে শেষ করেছেন ঠিক সময়ের ভেতরেই। এজন্য ১০ মিনিটের একটি ব্রেক আর এক কাপ কফি খেয়ে নিজেকে পুরস্কৃত করুন।
আর বড় অর্জনগুলোর পুরস্কারও হওয়া উচিত বড়সড়। যেমন, একটি গুরুত্বপূর্ণ কোর্স শেষ করা অথবা ব্যবসায় বড় মাপের লেনদেন হওয়া এসব অর্জনে পুরস্কারটাও হতে হবে বড় কিছু। এক্ষেত্রে রাতের বেলা পরিবারসহ আপনার পছন্দের কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া হতে পারে সবচে সেরা পুরস্কার।
মোদ্দাকথা হলো, নিজেই নিজের যত্ন নেওয়া। এটা আপনাকে আরও এগিয়ে যেতে আর অর্জনের পাল্লা ভারী করতে অনুপ্রাণিত করবে।
📄 প্রতিটা কাজের জন্য সময় নির্ধারণ করুন
আমরা সারা দিন ধরে একটি কাজের পেছনে লেগে থাকতে পারি না। কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিতে হয়। একটি নির্দিষ্ট সীমার বাইরে আর কাজ করতে ইচ্ছে করে না। আবার সময়সীমা নির্ধারণ করে দিলে দ্রুত কাজ করার একটি চাপ কাজ করে এবং এতে করে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়। যদি একটি কাজ করতে আপনার সাধারণত দুই ঘণ্টা সময় লাগে, তবে সে কাজের জন্য এক ঘণ্টার সময়সীমা বেঁধে দিন। আপনি দেখে অবাক হবেন যে, কাজটি শেষ করতে সম্ভবত আপনার ৪৫ মিনিটের বেশি লাগছে না। এক্ষেত্রে নিয়ম হলো, সাধারণত যেটুকু সময় লাগে, তার অর্ধেক সময় নির্ধারিত করা।
কারণ ধরাবাঁধা সময়সীমা থাকলে আমাদের মন কাজটি দ্রুত করার জন্য পথ খুঁজতে থাকে। সময়সীমা বেঁধে দেওয়া শৃঙ্খলা মেনে চলার পথে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার দ্রুত এবং ভালোভাবে কাজ করতেও সাহায্য করে।
📄 আপনার সময়ের ‘মূল্য’ কত?
সময়ের আরেক নাম অর্থ। এটা পরীক্ষিত সত্য। অপ্রয়োজনীয় কাজে নষ্ট হওয়া প্রতিটি মুহূর্ত আর কখনও ফেরত পাবেন না। অনেকে এ সমস্যার সমাধান করেন সারা দিনের প্রতিটা ঘণ্টাকে টাকার অঙ্কে মূল্যায়িত করে।
যদি আপনি মাসে ২০,০০০ টাকা কামাই করেন, তা হলে কাজের দিনগুলো টাকার অঙ্কে একেকটা দিন প্রায় ৮০০ টাকার সমতুল্য। আর যদি আপনি দিনে দশ ঘণ্টা কাজ করেন তা হলে এক ঘণ্টা সমান ৮০ টাকা। তো এক ঘণ্টা সময় নষ্ট করা মানে ৮০ টাকা নষ্ট করা। অবশ্য আপনি যদি সে সময়টাতে বেশি কাজ করেন, তা হলে টাকার পরিমাণটাও কিন্তু বাড়বে। কারণ, কর্মঠ লোকেরা স্বাভাবিকভাবেই অলস লোকেদের চেয়ে বেশি কামাই করে। তা ছাড়া আপনার সময় যত বেশি 'দামি', সেটা অপচয় করার সম্ভাবনা তত কম। কারণ, আপনি জানেন আপনার সময় কতটা 'মূল্যবান'।