📄 হাদীদ বা লোহা
আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে লোহাকেও তাঁর এক বিশেষ নিআমত এবং মানব জাতির জন্য বিপুল উপকারী বস্তু হিসাবে উল্লেখ করেছেন।
কুরআনের তেইশ পারায় "সূরা হাদীদ” নামে একটি স্বতন্ত্র সূরা বিদ্যমান রয়েছে। সূরা সাবায় হযরত দাউদ (আঃ)-এর মর্যাদার আলোচনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেনঃ
وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ
"আমি তাঁর জন্য লোহা নরম করে দিয়েছিলাম।" -সূরা সাবাঃ আয়াত ১০
সূরা হাদীদে ইরশাদ হয়েছেঃ
وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ
"আমি লোহা অবতীর্ণ করেছি, যাতে প্রচন্ড রণশক্তি এবং মানুষের জন্য বহুবিধ উপকার রয়েছে।" -সূরা হাদীদঃ আয়াত: ২৫-৫৭
📄 কাফুর
আল্লাহ তা'আলা জান্নাতবাসীদেরকে যে সকল পানীয় নিআমত হিসাবে দান করবেন সেগুলির আলোচনা প্রসঙ্গে উল্লেখ করেছেন যে, এর মধ্যে এক প্রকার পানীয় থাকবে কাফুর মিশ্রিত। ইরশাদ হচ্ছেঃ
إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا
"নিশ্চয়ই সৎকর্মশীল বান্দাগণ জান্নাতে পান করবে কাফুর মিশ্রিত পানপাত্রে।" -সুরা দাহরঃ আয়াত: ৫
📄 দুধ
মহান পরওয়ারদিগারের আখেরী গ্রন্থে জান্নাতের যে সব নিআমতের আলোচনা করা হয়েছে এর মধ্যে একটি নিআমত হল দুধের নহর। আল্লাহ তা'আল্লা ইরশাদ করেছেনঃ
وَأَنْهَارُ مِنْ لَبَن لَّمْ يَتَغَيَّرُ طَعْمُهُ
"বেহেশতে দুধের এমন নহর প্রবাহিত হবে যার স্বাদ কখনো পরিবর্তন হবে না।" সূরা মুহাম্মদঃ আয়াত: ১৫
অপর এক জায়গায় আল্লাহ তা'আলা দুধকে স্বচ্ছ নির্মল ও সুস্বাদু বস্তু হিসাবে আখ্যায়িত করেছেন:
لَبَنَا خَالِصًا سَائِفًا لِلشَّرِينَ
ইরশাদ হচ্ছে:
"স্বচ্ছ নির্মল নির্ভেজাল ও খাঁটি দুধ, পানকারীদের জন্য সুস্বাদু ও উপাদেয়।" -সুরা নাহলঃ আয়াতঃ ৬৬
📄 পাখির গোশত
সূরা ওয়াকেয়াতে বেহেশতবাসীদের অতি প্রিয় ও আকর্ষণীয় খাদ্যের আলোচনা প্রসঙ্গে ইরশাদে খোদাওন্দী হচ্ছেঃ
وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ
"সেখানে রয়েছে পাখির গোশত যা বেহেশতবাসীদের জন্য অত্যন্ত প্রিয় খাদ্য।''-সূরা ওয়াকেয়া: আয়াত: ২১