📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 দস্তর খানায় গোশত রুটি

📄 দস্তর খানায় গোশত রুটি


عَنْ مَالِكِ بْنِ دِينَارٍ قَالَ مَا شَبَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خُبْرٍ وَلَا لَحْمِ إِلَّا عَلَى ضَفَفِ
"হযরত মালেক ইবনে দিনার (রাযিঃ) বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'যফাফ” ব্যতীত না রুটি তৃপ্তি সহকারে খেয়েছেন না গোশত পেটভরে খেয়েছেন।"
হাদীসের বর্ণনাকারী মালেক (রযিঃ) বলেন, "আমি এক বদরী সাহাবীর নিকট জিজ্ঞাসা করলাম 'যফাফ' অর্থ কি? তিনি বললেন, মানুষের সঙ্গে মিলিত হয়ে খাওয়া। -শামায়েলে তিরমিযী
তরকারীর মধ্যে গোশত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক পছন্দনীয় ছিল। আর গোশতের মধ্যে দস্ত, রান, মাছএবং গর্দানের গোশত তিনি পছন্দ করতেন। কিন্তু দোজাহানের বাদশাহ সৃষ্টির সর্বশ্রেষ্ট ব্যক্তিত্বের তৃপ্তি সহকারে গোশত খাওয়ার সুযোগ হত কই? উক্ত হাদীসের বর্ণনাকারী বলেন, গোশত হোক অথবা রুটি হোক যদি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও তৃপ্তি সহকারে খেয়ে থাকেন তবে তা সম্মিলিত খানা তথা সাহাবীগণের মজলিসে বা কোন দাওয়াতের অনুষ্ঠানে খেয়েছেন।
এর দুটি কারণ হতে পারে। প্রথমতঃ তিনি তাঁর পবিত্র যিন্দেগীর অধিকাংশ সময় নেহায়েত দারিদ্র্য ও দুঃখ কষ্টের সঙ্গে কাটিয়েছেন, অনাহারে দিনাতিপাত করেছেন। আল্লাহ যখনই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত কিছু দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি মানুষের মধ্যে তা বন্টন করে দিয়েছেন। নিজের জন্য পছন্দ করে কিছুই রাখেন নাই। দ্বিতীয়তঃ তিনি কখনই একাকী খাওয়া পছন্দ করতেন না, সর্বদাই অন্যকে খানায় শামিল করতেন এবং সাহাবীদেরকে সর্বদাই এই ত্যাগ ও কুরবানীর শিক্ষা দিতেন।

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 না চালা আটা

📄 না চালা আটা


আল্লাহর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোরাক সম্পর্কে হযরত সাহল ইবনে সাআদ (রাযিঃ) থেকে একটা দীর্ঘ হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসে তিনি একটা প্রশ্নের উত্তরও দিয়েছেন। তাঁর নিকট কেউ প্রশ্ন করল, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তোমাদের নিকট চালুনি ছিল কি? তিনি জবাবে বললেন আমাদের নিকট চালুনি ছিল না। অতঃপর প্রশ্ন করা হল তোমরা জবের আটা কি করতে? তিনি জবাবে বললেন,
كنا ننفخه فيطير منه ما طار ثم نثريه نعجنه
"আমরা তাতে ফুঁক দিতাম যা কিছু ভূসি ইত্যাদি উড়ার থাকত উড়ে যেত, অতঃপর আমরা তাতে পানি ছিটিয়ে গুলে নিতাম।"
-শামায়েলে তিরমিযী, বুখারী
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন খাদ্য সম্পর্কে একটু চিন্তা করা উচিত। যিনি উভয় জাহানের বাদশাহ, বিশ্বে শান্তির অগ্রদূত এবং সর্বশেষ নবী ছিলেন তাঁর খাদ্য কি ছিল? মোটা রুটি, সাদাসিধা তরকারী, জবের আটার রুটি, আর সাথে যদি দু'চারটা শুকনা খেজুর অথবা সামান্য কিছু সিরকা মিলত তবে খুবই আনন্দ চিত্তে খেয়ে শুকরিয়া আদায় করতেন।
হযরত আনাস (রাযিঃ)-এর নিম্নোল্লেখিত হাদীসটি উপরোক্ত হাদীসটিকে আরো মজবুত করেঃ
مَا أَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزًا مُرَقَّقًا وَلَا شَاةٌ سَمِيْطَةٌ حَتَّى
"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ সময় (ওয়াফাত) পর্যন্ত কখনও পাতলা রুটি এবং ভুনা বকরী আহার করেন নাই।" -বুখারী শরীফ

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 পানি আর খেজুর খেয়ে জীবন যাপন

📄 পানি আর খেজুর খেয়ে জীবন যাপন


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্রা স্ত্রী হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত: তিনি হযরত ওরওয়া (রাযিঃ) কে বলেন, হে আমার ভাতিজা! নিশ্চয়ই আমি প্রথম তারিখের চাঁদ এবং এভাবে দু'মাসে তিনটি চাঁদ দেখতাম (অর্থাৎ পূর্ণ দু'মাস অতিবাহিত হয়ে যেত) কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগুন জ্বলত না (অর্থাৎ রান্না হত না)।" আমি (ওরওয়া) বললাম "হে আমার খালা! আপনারা কিভাবে জীবন কাটাতেন?" তিনি (হযরত আয়েশা) জবাবে বললেন, শুধু মাত্র দু'টি কালো জিনিসের মাধ্যমে অর্থাৎ খেজুর এবং পানির সাহায্যে। তবে অন্য আরও একটি উপায় ছিল, তা হল কিছু আনসার ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন, যাদের কিছু দুধওয়ালা পশু ছিল, তাঁরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঐ জানোয়ারগুলির দুধ পাঠাতেন। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা পান করতে দিতেন।" -বুখারী, মুসলিম
"হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর পূর্বের বর্ণনায় আপনারা জেনেছেন যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাথীগণ না চালা জবের আটার রুটি খেতেন, তবে পরপর দুদিন একটানা জবের রুটি মিলত না এবং একদিন দুবেলা গোশতও জুটত না। এখন আপনারা এই হাদীস শুনলেন যে, দুই মাস ধরে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘরে চুলা জ্বলে নাই। তাদের দিনগুলি শুধু এক ঢোক পানি এবং খেজুরের দানা অথবা কখনও প্রতিবেশী আনসারদের পাঠান দুধে কেটেছে।
আল্লাহ! আল্লাহ! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর ঘরওয়ালাদের মধ্যে কেমন ধৈর্য্য ছিল! মালে গনীমত এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশের ব্যাপারে সমালোচকদের চক্ষু খোলার জন্য এটা একটা বিরাট উপদেশ।

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 কম খাওয়া ঈমানদারের লক্ষণ

📄 কম খাওয়া ঈমানদারের লক্ষণ


এক পেটুককে দেখে হযরত ওমর ফারুক (রাযিঃ)-এর ছেলে হযরত আবদুল্লাহ (রাযিঃ) বললেন:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ
"নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফেরগণ সাত অস্ত্র-নাড়ি দিয়ে খায় (অর্থাৎ অধিক খায়।" -তিরমিযী
হযরত আবূ হুরাইরা (রাযিঃ)-এর নিম্নোক্ত বর্ণনায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদীসের বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। তিনি (হযরত আবূ হুরাইরা (রাযিঃ) বলেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক কাফের মেহমান হল। তাকে একটা বরকীর দুধ দেওয়া হলে সে তা পান করে নিল। অতঃপর আর একটা বকরীর দুধ দেওয়া হলে এটাও পান করে ফেলল। এভাবে তিন, চার এমন কি সাতটি বকরীর দুধ শেষ করে দিল। পরের দিন সে ইসলাম গ্রহণ করলে তাকে এক বকরীর পর দ্বিতীয় বকরীর দুধ দেওয়া হলে সে সবটুকু পান করতে পারল না। এ সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন:
اَنَّ الْمُؤْمِنَ يَشْرَبُ فِى مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِى سَبْعَةِ اَمْعَاءٍ
"মু'মিন শুধু মাত্র এক নাড়ি দিয়ে পান করে আর কাফির সাত নাড়ি দিয়ে পান করে (অর্থাৎ মুমিনের তুলনায় কাফির সাতগুণ বেশী পান করে।" -মুয়াত্তা, তিরমিযী, বুখারী
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প খাওয়া মুমিন ও মুসলমানদের আলামত বলে বর্ণণা করেছেন। পক্ষান্তরে পেটুক ও বেশী খাওয়াকে কাফেরের লক্ষণ বলে উল্লেখ করেছেন। জন্মগতভাবে কারো খোরাক বেশী কারো কম হতে পারে কিন্তু সামগ্রিকভাবে মুসলমানদের খোরাক কম হওয়া চাই। এতে শারিরীক সুস্থতা, অন্তরের পবিত্রতা এবং ঈমানী দৃঢ়তা হাসিল হয়। অধিক খাওয়ার কি ক্ষতি? তার ব্যাখ্যা অন্য পৃষ্ঠায় দেখুন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00