📄 নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রিয় খাদ্য গোশত
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পছন্দনীয় খাদ্যের মধ্যে গোশত সর্বদা তালিকার শীর্ষস্থান লাভ করেছে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খুবই পছন্দ করতেন এবং খুবই প্রশংসা করতেন। এ সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ লক্ষ্যণীয়:
عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيِّدُ طَعَامِ أَهْلِ الدُّنْيَا وَأَهْلِ الْجَنَّةِ اللَّحْمُ
হযরত আবু দারদা (রাযিঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, দুনিয়া এবং জান্নাতবাসীদের প্রধান খাদ্য গোশত। -ইবনে মাজাহ, যাদুল মাআদ
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্য এক সাহাবী হযরত বুরাইদা (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
خَيْرَ الْإِدَامِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ اللَّحْمُ
"দুনিয়া এবং আখেরাতের সর্বাপেক্ষা উত্তম সালুন হল গোশত।" -যাদুল মাআদ
এ সকল বর্ণনাসমূহের দ্বারা প্রমাণিত হয় যে, ব্যক্তিগতভাবেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গোশত পছন্দনীয় খাদ্য ছিল। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পছন্দনীয় খাদ্যের উপকারিতা সূর্যের মত স্পষ্ট। পৃথিবীর সকল হেকিম ও চিকিৎকগণ এ ব্যাপারে একমত যে গোশতের মধ্যে প্রচুর পরিমাণ জীবনীশক্তি রয়েছে। অন্য কোন বস্তুর মধ্যে সম্ভবত গোশতের মত এত শক্তিবর্ধক ও অঙ্গ-প্রত্যঙ্গ মজবুতকারী শক্তি নাই। সবচেয়ে বড় কথা হল, যে জিনিস নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ করতেন, আমাদের এত কিছু তাহকীকেরও প্রয়োজন নাই। তবে যদি সে বিষয়ে তাহকীক করতে হয় তবে সেটা মনের এতমিনান ও ঈমান বৃদ্ধির উদ্দেশ্যে হতে হবে।
📄 নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পছন্দনীয় গোশত
গোশতের মধ্যে বাজু এবং গর্দানের গোশত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দনীয় ছিল। সুবহানাল্লাহ! হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্বাচন কতই না ত্রুটিমুক্ত ও যুক্তিযুক্ত ছিল।
"হযরত আবূ হুরাইরা (রাযিঃ) বর্ণনা করেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে কিছু গোশত নিয়ে আসা হল এবং তার মধ্য হতে বাজুর গোশত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে দেওয়া হল। তিনি বাজুর গোশত পছন্দ করতেন। অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত দাঁত দিয়ে চিবিয়ে খেলেন।" -তিরমিযী, ইবনে মাজাহ
একটি প্রসিদ্ধ ঘটনার মধ্যে এ শব্দ সমূহ এসেছে:
أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ فَرَفَعَ إِلَيْهِ الدَّرَاعَ وَكَانَ تُعْجِبُهُ
"নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গোশত আনা হল। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বাজুর গোশত পছন্দনীয় ছিল তাই উত্তম গোশতের মধ্যে হতে বাজুর গোশত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হল।" -যাদুল মাআদ: খন্ডঃ ২, বুখারী ও মুসলিম শরীফের বরাতে
গর্দানের গোশতের ব্যাপারে হযরত যুবায়াহ বিনতে যুবাইর (রাযিঃ)-এর বর্ণনা লক্ষ্য করুন। তিনি বলেন, আমরা একবার আমাদের বাড়ীতে বকরী জবাই করলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠালেন যে, আমার অংশ পাঠিয়ে দিন। আমি বললাম, শুধু মাত্র গর্দানের গোশত অবশিষ্ট আছে এবং এটা পাঠাতে আমার লজ্জা হচ্ছে। অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা বলে পাঠালেন, এটাই পাঠিয়ে দিন। গর্দানের গোশত বকরীর উত্তম অংশ। গর্দানের গোশত ভালর নিটকতর এবং ক্ষতি থেকে দূরতর। -যাদুল মাআদ: খন্ডঃ ২
এ সকল হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গোশত খুব প্রিয় ছিল, বিশেষ করে বাজু এবং গর্দানের গোশত আরও অধিক প্রিয় ছিল।
📄 প্রিয় গোশত
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গোশত প্রিয় ছিল? এই প্রশ্নের জবাবে সাহাবায়ে কিরামদের (রাযিঃ) নিম্নোল্লিখিত বর্ণনা সমূহও পাঠ করুন। সবগুলি হাদীসই শামায়েলে তিরমিযী হতে লওয়া হয়েছে।
(১) হযরত উম্মে সালামা (রাযিঃ) বর্ণনা করেন যে,
ا أَنَّهَا قَرَّبَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَنْباً مَشْوِيًّا فَأَكَلَ مِنْهُ
“তিনি (হযরত উম্মে সালমা রাযিঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ভুনা রান নিয়ে গেলে তিনি তা খেলেন।
عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ قَالَ أَكَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِوَاءٌ
(২) হযরত আবদুল্লাহ ইবনে হারেস (রাযিঃ) বলেন, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ভুনা গোশত খেয়েছি।"
عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ الذراع
(৩) "হযরত ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত: হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের গোশত পছন্দ করতেন।"
عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَتِ الذِرَاعُ أَحَبَّ اللَّحْمِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের গোশত সর্বাপেক্ষ বেশী পছন্দ করতেন।"
عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَطْيَبَ اللَّحْمِ لَهُمُ الظَّهْرِ
হযরত আবদুল্লাহ ইবনে জাফর (রাযিঃ) বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই পিঠের গোশত সর্বোত্তম।"
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ ...... ثُمَّ رَاهُ أَكَلَ مِنْ كَيْفِ شَاةٍ
(৫) হযরত আবূ হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিত: অতপর আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরীর কাঁধের মাংস খেতে দেখলাম।"
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন্ জানোয়ারের কোন্ অংশের গোশত পছন্দ করতেন তা যাতে এক নযরে জানা যায় সে উদ্দেশ্যে উপরোল্লিখিত বর্ণনাগুলির সার সংক্ষেপ তুলে ধরলাম। তা হল- সামনের উরুর গোশত, ঘাড়, রান, কাঁধ, পিঠ, বিশেষ করে ভুনা গোশত।
📄 ভুনা গোশত
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গোশত খুবই প্রিয় ছিল এটা আপনারা লক্ষ্য করেছেন। তবে সামনের রান ও ঘাড়ের গোশত বেশী পছন্দনীয় ছিল। এ সম্পর্কে অন্য একজন সাহাবীর (রাযিঃ) বর্ণনা দেখুনঃ
عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ ضِفْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَأَمَرَ بِجَنْبِ فَشُوى ثُمَّ أَخَذَ السُّفْرَةِ فَجَعَلَهُ يَحِرُّ لِى بِهَا مِنْهُ .
"হযরত মুগীরা ইবনে শোবা (রাযিঃ) হতে বর্ণিত: তিনি বলেন, একদা রাত্রে আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে (কোন স্থানে) মেহমান ছিলাম। আপ্যায়নকারী একটা বকরী জবাই করল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের রান ভুনা করতে বললেন। অতঃপর একটা ছুরি নিলেন এবং আমার জন্য উক্ত রান থেকে ছুরি দিয়ে কাটতে লাগলেন। -তিরমিযী, মিশকাত
এ হাদীসের দু'টি বিষয় বিশেষভাবে স্মরণযোগ্য। প্রথমতঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুনা গোশত পছন্দ করতেন। তাই শুধু শুষ্ক রুটি খাওয়াই সুন্নত নয় রবং স্বচ্ছলতা থাকলে সুস্বাদু এবং উত্তম খানা খাওয়াও সুন্নতের খেলাফ নয় বরং এটাও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নত।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উভয় অবস্থার দৃষ্টান্ত বিদ্যমান রয়েছে।
দ্বিতীয় বিষয়টি হলো ছুরি দিয়ে কর্তন করা এবং টুকরা করা সুন্নত পরিপন্থি নয়। অবশ্য কাটা চামচের ব্যবহার একেবারেই পাশ্চাত্য ফ্যাশন। এখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত এবং সম্পর্কই প্রমাণ করবে যে, আমরা কোন পদ্ধতি ও সভ্যতা গ্রহণ করব। একজন প্রকৃত প্রেমিক স্বীয় প্রেমাস্পদের পছন্দনীয় কাজের উপর জীবন উৎসর্গ করাকেই জীবনের স্বার্থকতা মনে করবে। বাহ্যতঃ তা যতই নগণ্য মনে হোক না কেন।