📄 পাত্র ঢেকে রাখবে
عَظُو الإِنَاءَ وَأُوكُو السَّقَاءِ
"নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বর্তন ঢেকে রাখবে এবং মশক (চামড়ার থলি যাতে করে পানি বহন করা হয়। আমাদের দেশে এর বিকল্প হিসাবে কলস ব্যবহৃত হয়ে থাকে) এর মুখ বন্ধ করে রাখবে।" - বুখারী, মুসলিম, আবূ দাউদ
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন,
الْإِحْمَرَهُ وَلَوْ تَعْرِضُ عَلَيْهِ عُودًا
"কাঠের ঢাকনা দিয়ে হলেও দুধের বর্তন ঢেকে রেখো।"
চিকিৎসা শাস্ত্র মতে খানা-পিনা জাতীয় বস্তু খুবই সাবধানে রাখা উচিত। কেননা মাছি এগুলির উপর পাগলের মত ছুটে এসে বসে যায় এবং অসংখ্য রোগ জীবাণু সঙ্গে নিয়ে আসে। মাছির আক্রমণ ও উপদ্রব থেকে রেহাই পাওয়ার একটাই মাত্র উপায় আছে, তা হল খানা-পিনা ঢেকে রাখা।
পাত্র খোলা রাখার দ্বিতীয় উল্লেখযোগ্য ক্ষতিকর দিক হলো, পাত্রে এমন কিছু পড়তে পারে যা স্বাস্থের জন্য ক্ষতিকর এবং এতে রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত প্রতি বাড়ীতেই টিক্টিকি বাস করে। এগুলির দেহাবয়ব শুধু বিশ্রী নয় বরং এর শরীর বিষাক্তও বটে। তাই কোন কিছু বিষাক্ত হওয়ার জন্য এর মধ্যে টিক্টিকি পতিত হওয়াই যথেষ্ট। সুতরাং এ বিষয়টির প্রতি পূর্ণ সতর্ক দৃষ্টি রাখা চাই।
একটু চিন্তা করে দেখুন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কতটুকু হেকমত ও প্রজ্ঞাপূর্ণ ছিল এবং তিনি কেমন উপকারী পদ্ধতি শিক্ষা দিয়ে গেছেন। শতশত বছর পরে ব্যাপক গবেষণা করে মানুষ আজ যে সিদ্ধান্তে পৌঁছেছে, উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ই (১৪শত বৎসর পূর্বেই) তা বলে গেছেন। বস্তুতঃ সে ব্যক্তিই প্রকৃত কল্যাণ লাভ করেছে যে তাঁর শিক্ষাকে কাজে লাগিয়েছে।