📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 সিনা বা সোনামুখী গাছের পাতা একটি উত্তম জুলাব

📄 সিনা বা সোনামুখী গাছের পাতা একটি উত্তম জুলাব


সিনা এক প্রসিদ্ধ ঔষধ। ইউনানী চিকিৎসা পদ্ধতিতে এটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। সিনা পূর্বকালে যে পরিমাণ ব্যবহৃত হত আজও ঠিক সে পরিমাণই ব্যবহার হচ্ছে। এটা আমাদের দেশে ব্যাপকভাবে "সেন্যায় মাককী" নামে সুপরিচিত। ইংরেজীতে বলা হয় সেন্যা বা সোনামুখী গাছ। সিনা পবিত্র হিজাযে অধিক জন্মে থাকে। দুই আড়াই শো বছর পূর্বে এই উপমহাদেশে এর উৎপাদন শুরু হয় এবং বর্তমানেও তা প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে।
সিনার পাতা মেহদী পাতার মত এবং ফল চেপ্টা ধরনের। এর আশ্চর্য্যজনক বৈশিষ্ট্য হল, এটা ত্রিমিশ্রণ অর্থাৎ শ্লেষ্মা (কাশি), পিত্তরস ও পাগলামী নাশক। সিনা একটি শক্তিশালী জুলাবেরও কাজ দেয়। মস্তিষ্ক থেকে শ্লেষ্মাও পরিষ্কার করে থাকে।
সিনা সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান ইরশাদ লক্ষ্যণীয়।
হযরত আসমা বিনতে উমাইস (রাযিঃ) থেকে বর্ণিতঃ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, "তুমি জুলাবের জন্য কি ব্যবহার কর? তিনি শিবরমের নাম বললেন। তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ
حَارٌ حَارٌ
"এটাতো খুবই গরম।" অতঃপর হযরত আসমা (রাযিঃ) পুনরায় আরয করলেন:
اِسْتَمْشَيْتُ بِالسَّنَاءِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ أَنَّ شَيْئًا كَانَ فِيهِ الشَّفَاءُ مِنَ الْمَوْتِ لَكَانَ فِي السَّنَاءِ
"আমি সিনা দ্বারা জুলাব নেই। তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোন জিনিসের দ্বারা মৃত্যু থেকে রক্ষা পাওয়া যেত তবে তা সিনার দ্বারা পাওয়া যেত।"

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 সিনা সকল রোগের প্রতিষেধক

📄 সিনা সকল রোগের প্রতিষেধক


"হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেন:
لَوْ أَنَّ شَيْئًا كَانَ فِيهِ الشَّفَاءُ مِنَ الْمَوْتِ لَكَانَ فِي السَّنَاءِ
"যদি কোন প্রতিষেধকের মধ্যে মৃত্যু থেকে নিরাময় থাকত তবে তা সিনার মধ্যে থাকত।"
অতঃপর তিনি ইরশাদ করেন-
عَلَيْكُمْ بِالسَّنَاءِ فَإِنَّهُمَا شِفَاءُ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ .
"তোমরা অবশ্যই সিনা ব্যবহার করবে, কেননা এটা মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা দানকারী মহৌষধ।"
উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান বাণীর আলোকে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা লক্ষ্য করুন, দেখবেন তা অক্ষরে অক্ষরে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান বাণীর সমর্থন করেছে।
সিনা সর্ব রোগের প্রতিষেধক। এটা মস্তিষ্ক পরিষ্কার করে, কোমর ব্যথা- ফ্লুরিসি বা পার্শ্ব বেদনা, নিউমোনিয়া, উরুর উপরাংশের ব্যথা, গিটবাত, এবং পালা জ্বরে তা ব্যবহৃত হয়। সিনা ক্রিমিনাশক। পূর্ণ মাথা ব্যথা, মাথার এক পার্শ্বের ব্যথা এবং মৃগী রোগের জন্য উপকারী। এটা বিষাক্ত নয় এবং এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই। -মুফরাদাতঃ পৃষ্ঠা: ২২৪
সিনা অনেক প্রকারের হয়ে থাকে। প্রসিদ্ধ প্রকারগুলি হল- সিনায়ে মাক্কী বা হেজাজী, সিনায়ে রোমী, সিনায়ে মিসরী, সিনায়ে আসকারী এবং সিনায়ে হিন্দী। সিনার আরও একটি প্রকার আছে, যা সর্বত্র পাওয়া যায়। এটা রক্ত পরিষ্কার করে, কোনী নূখা ও শ্বাস কষ্টের জন্য উপকারী। সিনা চোখের পর্দা কাটে এবং শুল বেদনা দূর করে। সিনা আজো বিভিন্ন পন্থায় শত শত রোগের ঔষধ হিসাবে ব্যবহার হচ্ছে।

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 মুসাববরের ব্যবহার বিধি

📄 মুসাববরের ব্যবহার বিধি


মুসাবরর একটি বিস্বাদ ও অত্যন্ত তিক্ত কাল রঙের একপ্রকার গুড়ো। এর তাছীর গরম ও শুষ্ক। চিকিৎসকগণ এটাকে বিরোচক এবং পাকস্থলী ও হার্টের শক্তিবদ্ধক বলে থাকেন। অধিক বায়ু নির্গমন ও মস্তিষ্ক বিকৃতির জন্যও ফলদায়ক। -মুফারাদাত: পৃষ্ঠাঃ ৮৫
মুসাববর সম্পর্কে হযরত উম্মে সালমা (রাযিঃ)-এর রেওয়ায়াতটি লক্ষ্য করুন। তিনি বলেনঃ
دَخَلَ عَلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ أَبُو سَلَمَةَ وَقَدْ جَعَلْتُ عَلَى صَبْرٍ أَفَقَالَ مَا ذَا يَا أُمَّ سَلَمَهُ ؟ فَقُلْتُ إِنَّهُ هُوَ صَبْرُ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ فِيهِ طيبُ - قَالَ إِنَّهُ يَشُبُّ وَجْهَهُ فَلَا تَجْعَلْهُ إِلَّا بِاللَّيْلِ وَنَهَى عَنْهُ بِالنَّهَارِ .
"আবূ সালমার ইন্তেকালের পর হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাশরীফ নিয়ে আসেন। এ সময় আমার মুখে মুসাববর লাগিয়ে রেখেছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, উম্মে সালমা! এগুলি কি? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এগুলি মুসাববর! এর মধ্যে কোন সুগন্ধি নাই। হুযুর বললেন, এটা চেহারাকে পরিষ্কার ও সজীব করে। সুতরাং তুমি এটা রাতে লাগিও। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ব্যবহার করতে নিষেধ করেন।"
ভেবে দেখুন! হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য ও সুস্থতার সাথে সাথে পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি কত তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তিনি কোন প্রকার দৃষ্টিকটু ও বিশ্রি অবস্থা পছন্দ করতেন না। এমনিভাবে তাঁর পুত পবিত্র ও সূরুচিপূর্ণ স্বভাব কোন বিস্বাদ ও দুর্গন্ধযুক্ত বস্তু সহ্য করতে পারতো না।

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 সুরমা দৃষ্টিশক্তি বাড়ায়

📄 সুরমা দৃষ্টিশক্তি বাড়ায়


আধুনিক ফ্যাশনের যুগে চোখে সুরমা লাগানো প্রাচীনত্বের নিদর্শন হয়ে গেছে। পক্ষান্তরে বিভিন্ন প্রকারের পাউডার, ক্রীম, পালিশ ও অন্যান্য প্রসাধনী এত অধিকহারে ব্যবহার করা হচ্ছে যে, তাতে মানুষের চেহারা সুরতই বদলে যায়। অথচ এগুলির বেশীর ভাগই এমন যা অঙ্গ প্রত্যঙ্গ চামড়া এবং সৃষ্টিগত রঙ, রূপ ও সৌন্দর্যকে এমনভাবে বিনষ্ট করে দেয় যে, অনেক ক্ষেত্রে মানুষের গঠনই বিকৃত হয়ে যায়।
এবার আসুন! মানবতার প্রতি অনুগ্রহশীল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুরমা সম্পর্কিত মহামূল্যবান বাণী পাঠ করুন।
হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাযিঃ) বলেন-
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَيْكُمْ بِالْإِثْمِدِ عِنْدَ النَّوْمِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ .
"আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে, তোমরা ঘুমানোর আগে অবশ্যই চোখে সুরমা লাগিও। কেননা, নিঃসন্দেহে সুরমা দৃষ্টিশক্তি প্রখর করে ও চুল গজায়।" -মুসতাদরাক, ইবনে মাজাহ
সুরমা শুধুমাত্র একটি ফ্যাশন বা সৌন্দর্যের ব্যাপারই নয়। বরং এর মধ্যে উপকারিতাও রয়েছে। এখানে বিভিন্ন কৃত্রিম বস্তুর দ্বারা সংমিশ্রিত বাজারী সুরমার কথা বলা হয় নাই। বরং সম্পূর্ণ নির্ভেজাল সুরমা সম্পর্কেই বলা হয়েছে যে, ঘুমানোর পূর্বে চোখে সুরমা লাগানোর অভ্যাস করে নাও। এতে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। দৃষ্টি শক্তিশালী হয়। চুল গজায়। দামী ঔষধ পত্রের দ্বারা তোমরা যা পেতে চাও কুদরতী সুরমার দ্বারা তোমরা তা বিনা মূল্যেই পেয়ে যাবে। আর সৌন্দর্য তো এমনিতেই হাসিল হবে।
কত সৌভাগ্যশীল সেইসব পুরুষ ও নারী, যারা সুন্নত মনে করে এবং প্রিয় নবীর আদেশ পালনার্থে চোখে সুরমা ব্যবহার করে দৃষ্টির প্রখরতা বৃদ্ধি ও সওয়াবের ভান্ডার সমৃদ্ধ করছে।
সুরমা কিভাবে লাগাবে? হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বার ডান চোখে ও দুই বার বাম চোখে সুরমা লাগাতেন। অতঃপর একবার কাঠিতে সুরমা নিয়ে উভয় চোখে লাগাতেন। এভাবে সংখ্যার মধ্যে বেজোড় হয়ে যেত। তিনি বেজোড় সংখ্যা খুবই পছন্দ করতেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00