📘 দ্যা রিয়েল লাভ > 📄 সর্বোত্তম দান কোনটি

📄 সর্বোত্তম দান কোনটি


আবু জর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, সর্বোত্তম দান কোনটি?
তিনি বললেন, সামান্য অর্থকড়ির মালিক হয়েও দান করা এবং অভাবী লোককে গোপনে দান করা।১২১
ইমাম সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, ধোঁকা হিসেবেই মানুষকে দুনিয়ার সম্পদ দেওয়া হয় আর পরীক্ষা করার জন্যই তা গুটিয়ে নেওয়া হয়।১২২

টিকাঃ
১২১. আহমাদ, আল-মুসনাদ, ৫/১৭৬
১২২. আবু নুআইম, হিলয়াতুল আউলিয়া: ৭/৭১

📘 দ্যা রিয়েল লাভ > 📄 মানুষের যদি বিপদগ্রস্ত না হতো

📄 মানুষের যদি বিপদগ্রস্ত না হতো


ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার দুঃখকষ্ট আর বিপদাপদ যদি না থাকতো, তবে বান্দাকে অহংকার, গর্ব ও হৃদয়ের কাঠিন্য এমনভাবে পেয়ে বসতো যে, এগুলো তার দুনিয়া ও আখিরাতের পতনের কারণ হয়ে যেতো।১২৩
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর রাসুল! দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত কে?
উত্তরে তিনি বলেন, নবিগণ। অতঃপর যারা (বৈশিষ্ট্যে) তাঁদের নিকটবর্তী, অতঃপর যারা তাঁদের নিকটবর্তী। মানুষকে তার দ্বীন অনুযায়ী পরীক্ষা করা হয়। দ্বীনি অবস্থান পাকাপোক্ত হলে পরীক্ষা কঠিন হয়। দ্বীনি অবস্থান দুর্বল হলে পরীক্ষাও শিথিল হয়। বিপদ-আপদ ঈমানদার ব্যক্তিকে পাপশূন্য করে দেয়। একসময় সে দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় বিচরণ করতে থাকে।১২৪
হাসান রাহিমাহুল্লাহ বলেন- কাউকে তোমার সঙ্গে দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করতে দেখলে তুমি তার সঙ্গে আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা কর।১২৫
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর বলেছেন, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, তাদের জন্য কষ্টকর সকল কাজই সহজ হয়ে যায়, যখন তারা জানেন যে, আল্লাহ তাদেরকে শুনছেন।১২৬
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন- مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ কোনো বিপদ-মুসিবতই আল্লাহর হুকুম ছাড়া আসে না। [ সুরা তাগাবুন, আয়াত: ১১]
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ .
বলে দিন, আল্লাহ আমাদের তাকদিরে যে কষ্ট লিখে রেখেছেন, তা ব্যতীত কোনো কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না। তিনিই আমাদের অভিভাবক। আর মুমিনদের তো আল্লাহর উপরই ভরসা করা উচিত। [ সুরা তাওবা, আয়াত: ৫১]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ যত মারাত্মক হবে, প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক তাতে (বিপদে) সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান। আর যে লোক তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান। ১২৭
وَإِن يَمْسَسْكَ اللهُ بِضُرٍّ فَلَا كاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

টিকাঃ
১২৩. আত-তিব্বুন নাবাবি: পৃষ্ঠা ১৯১
১২৪. আলবানি, সহিহুল জামি: ৯৯২
১২৫ লাতায়িফুল মাআরিফ, ২৬৮
১২৬. আল-ফাওয়াইদ, পৃষ্ঠা: ১১৯
১২৭. তিরমিজি: ২৩৯৬, ইবনু মাজাহ: ৪০৩১

📘 দ্যা রিয়েল লাভ > 📄 মহান সালাফদের মণিমুক্তা

📄 মহান সালাফদের মণিমুক্তা


১. ইমাম সুফিয়ান আস সাওরি রাহিমাহুল্লাহ বলেন, দুটি বিষয়ের শেষ সীমা পর্যন্ত পৌঁছা যায় না-মানুষের সন্তুষ্টি ও সম্পদের লোভ। আবু নুআইম, হিলয়াতুল আউলিয়া: ৭/২৭
২. ওয়াহাব বিন মিনাব্বিহ (রহ) বলেন, দুনিয়া ও আখেরাত উদাহরণ হলো দুই সতীনের ন্যায়। একজনকে খুশি করতে গেলে অবশ্যই অপরজন নারাজ হবে।
৩. আবু দারদা রহিমাহুল্লাহ বলেন, মহান রবের প্রতি বিনীত হওয়ার উদ্দেশ্যে আমি দারিদ্র্য পছন্দ করি! আমার মহান রবের সঙ্গে মিলিত হওয়ার বাসনায় আমি মৃত্যু পছন্দ করি! আমার পাপসমূহের প্রায়শ্চিত্ত করার জন্য আমি অসুস্থতা ভালোবাসি!
৪. ইমাম শাফিঈর নিকট এক ব্যক্তি এসে বললো, অমুক আপনার ব্যাপারে মন্দ কথা বলছে। ইমাম শাফিঈ (রাহ.) তখন বলেন, যদি তুমি সত্য বলে থাকো, তবে তুমি তার গিবতকারী আর যদি মিথ্যা বলে থাকো, তবে তুমি ফাসিক অন্যায়কারী/প্রকাশ্য পাপাচারী। ১২৮
৫. ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ বলেন-গুরুত্বপূর্ণ নেক কাজ দ্রুত করে ফেলো, যাতে তোমার এবং তার মাঝে কোনো বাধা চলে না আসে।
৬. হাসান রাহিমাহুল্লাহ বলেন-কাউকে তোমার সঙ্গে দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করতে দেখলে, তুমি তার সঙ্গে আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা কর।১৩০

টিকাঃ
১২৮ নাওয়াদিরুত তুরাস আল আরাবি
১২৯ ইবনুল জাওযি, মানাকিবু আহমাদ: ২৫
১৩০ লাতায়িফুল মাআরিফ, ২৬৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00