📄 সুন্দর মৃত্যু কামনা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কারণ, ধারণাভিত্তিক কথাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না। পরস্পর হিংসা-বিদ্বেষ করো না এবং পরস্পর দুশমনি করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই-ভাই হয়ে যাও।১১৭
ইমাম আশ শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সুন্দর মৃত্যু কামনা করে, সে যেন মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করে।১১৮
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيراً مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ .
মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। [সুরা হুজুরাত, আয়াত :১২]
টিকাঃ
১১৭. বুখারি, আস-সহিহ: ৪৮৪৯, ৫১৪৩
১১৮. শারানি, আত ত্ববাকাতুল কুবরা: ১/৯৪
📄 গুনাহের ছোট আভার
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, গুনাহসমূহের জন্য এতটুকু শাস্তিই যথেষ্ট যে, সেগুলো তোমাকে আল্লাহর ইবাদত করা থেকে বিরত রাখে, অথচ তোমার ইচ্ছা ছিলো আল্লাহর ইবাদত করার।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান! তোমরা গোনাহকে তুচ্ছজ্ঞান করবে না। কেননা, কারো গুনাহ জমতে থাকলে শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে ফেলবে।১১৯
ইমাম আশ শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন-গুনাহ ও অহেতুক কাজ পরিহার করলে অন্তরে নূর (আলো) আসে। তুমি কম খাও, নির্জনতা অবলম্বন করো এবং নির্বোধ ও জালেম থেকে দূরে থাকো। অহেতুক কথা বললে জবানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে না, বরং জবানই তোমাকে নিয়ন্ত্রণ করবে।১২০
টিকাঃ
১১৯. আহমদ, আল-মুসনাদ: ৩৮১৮; আলবানি, সিলসিলা সহিহাহ: ৩৮৯
১২০. জাহাবি, সিয়ারু আলামিন নুবালা: ১০/৯৮
📄 সর্বোত্তম দান কোনটি
আবু জর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, সর্বোত্তম দান কোনটি?
তিনি বললেন, সামান্য অর্থকড়ির মালিক হয়েও দান করা এবং অভাবী লোককে গোপনে দান করা।১২১
ইমাম সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, ধোঁকা হিসেবেই মানুষকে দুনিয়ার সম্পদ দেওয়া হয় আর পরীক্ষা করার জন্যই তা গুটিয়ে নেওয়া হয়।১২২
টিকাঃ
১২১. আহমাদ, আল-মুসনাদ, ৫/১৭৬
১২২. আবু নুআইম, হিলয়াতুল আউলিয়া: ৭/৭১
📄 মানুষের যদি বিপদগ্রস্ত না হতো
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার দুঃখকষ্ট আর বিপদাপদ যদি না থাকতো, তবে বান্দাকে অহংকার, গর্ব ও হৃদয়ের কাঠিন্য এমনভাবে পেয়ে বসতো যে, এগুলো তার দুনিয়া ও আখিরাতের পতনের কারণ হয়ে যেতো।১২৩
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর রাসুল! দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত কে?
উত্তরে তিনি বলেন, নবিগণ। অতঃপর যারা (বৈশিষ্ট্যে) তাঁদের নিকটবর্তী, অতঃপর যারা তাঁদের নিকটবর্তী। মানুষকে তার দ্বীন অনুযায়ী পরীক্ষা করা হয়। দ্বীনি অবস্থান পাকাপোক্ত হলে পরীক্ষা কঠিন হয়। দ্বীনি অবস্থান দুর্বল হলে পরীক্ষাও শিথিল হয়। বিপদ-আপদ ঈমানদার ব্যক্তিকে পাপশূন্য করে দেয়। একসময় সে দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় বিচরণ করতে থাকে।১২৪
হাসান রাহিমাহুল্লাহ বলেন- কাউকে তোমার সঙ্গে দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করতে দেখলে তুমি তার সঙ্গে আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা কর।১২৫
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর বলেছেন, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, তাদের জন্য কষ্টকর সকল কাজই সহজ হয়ে যায়, যখন তারা জানেন যে, আল্লাহ তাদেরকে শুনছেন।১২৬
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন- مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ কোনো বিপদ-মুসিবতই আল্লাহর হুকুম ছাড়া আসে না। [ সুরা তাগাবুন, আয়াত: ১১]
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ .
বলে দিন, আল্লাহ আমাদের তাকদিরে যে কষ্ট লিখে রেখেছেন, তা ব্যতীত কোনো কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না। তিনিই আমাদের অভিভাবক। আর মুমিনদের তো আল্লাহর উপরই ভরসা করা উচিত। [ সুরা তাওবা, আয়াত: ৫১]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ যত মারাত্মক হবে, প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক তাতে (বিপদে) সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান। আর যে লোক তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান। ১২৭
وَإِن يَمْسَسْكَ اللهُ بِضُرٍّ فَلَا كاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
টিকাঃ
১২৩. আত-তিব্বুন নাবাবি: পৃষ্ঠা ১৯১
১২৪. আলবানি, সহিহুল জামি: ৯৯২
১২৫ লাতায়িফুল মাআরিফ, ২৬৮
১২৬. আল-ফাওয়াইদ, পৃষ্ঠা: ১১৯
১২৭. তিরমিজি: ২৩৯৬, ইবনু মাজাহ: ৪০৩১