📘 দ্যা রিয়েল লাভ > 📄 আল্লাহ মানুষকে বিপদ কেন দেন

📄 আল্লাহ মানুষকে বিপদ কেন দেন


একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মানুষের মধ্যে কারা সবচাইতে বেশি বিপদে পড়ে? উত্তরে তিনি বলেন, নবি-রাসুলরা, আর এরপরে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন, তাকে তত বেশি পরীক্ষায় ফেলেন।
মানুষ ঈমানদার হোক আর কাফের হোক, নেককার হোক আর পাপী হোক, সবার জীবনে বিপদাপদ আসে। কিন্তু প্রশ্ন হলো, যদিও আমরা অপছন্দ করি, তারপরও কেনো আমাদের জীবনে এইরকম বিপদ-আপদ আসে বা আল্লাহ কেন আমাদের পরীক্ষায় ফেলেন?
কুরআন-হাদিস থেকে এর যে কারণগুলো জানা যায়, তার মধ্যে রয়েছে-
১। মানুষকে পরীক্ষা করা : প্রকৃতপক্ষে কে ঈমানদার, কে মুনাফিক, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা জেনে নেওয়া। মুনাফিক ও দুর্বল ঈমানদারেরা অনেক সময় সুখস্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে মনে রাখে, তার প্রতি অনুগত ও সন্তুষ্ট থাকে। কিন্তু যখন কোনো বিপদাপদ আসে তখন আল্লাহকে ভুলে যায়, কুফুরি করে বা তার প্রতি অসন্তুষ্ট হয়। আবার অনেক সময় এর বিপরীতও হয়। যখন কোনো বিপদে পড়ে, তখন অনেক কাফের মুশরিককেও আল্লাহর কাছে মনে প্রাণে দুআ করতে দেখা যায়। আর যখন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করেন, তখন আল্লাহকে ভুলে যায়, তার নিয়ামতকে অস্বীকার করে অহংকার প্রদর্শন করে, বলে এত আমার প্রাপ্য। আবার কখনো আল্লাহর সঙ্গে শরিক করে বসে, আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বিপদ-মুক্তির কারণ মনে করে।
এই বিষয়গুলো পরীক্ষা করার জন্য অর্থাৎ একনিষ্ঠভাবে কে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তা পরীক্ষা করার জন্য আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। আল্লাহ বলেন-
أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ، وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ .
মানুষ কি মনে করে যে, আমরা ঈমান এনেছি। এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি অবশ্যই তাদের পূর্বে যারা ছিল, তাদেরকে পরীক্ষা করেছি। আর আল্লাহ অবশ্যই জেনে নিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। [সুরা আনকাবুত, আয়াত ২-৩]
এছাড়া অন্য জায়গায় আল্লাহ বলেন-
وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ ، فَإِنْ أَصَابَهُ خَيْرُ اطْمَأَنَّ بِهِ * وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةُ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ، ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ
মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণপ্রাপ্ত হয়, তাহলে ইবাদতের উপর কায়েম থাকে। আর যদি কোনো পরীক্ষায় পড়ে, তাহলে সে পূর্বাবস্থায় (কুফুরিতে) ফিরে যায়। সে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত, এটাই সুস্পষ্ট ক্ষতি। [সুরা হজ, আয়াত: ১১]
২। দুনিয়াতেই পাপের সামান্য শাস্তি দেওয়া, যাতে করে সে আল্লাহর দিকে ফিরে আসে ও নিজেকে পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করে। অনেক সময় মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেও ঈমানের দুর্বলতার কারণে বা পার্থিব জীবনের লোভ-লালসার কারণে আল্লাহর অবাধ্য হয়। আল্লাহ তখন বিপদাপদ দিয়ে তাকে অসহায় করে দেন, যাতে করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আর পরকালের কথা স্মরণ করে।
আল্লাহ তাআলা বলেন-কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা প্রত্যাবর্তন করে। [সুরা সাজদাহ, আয়াত: ২১]
এই আয়াতে 'হালকা শাস্তি' দ্বারা পার্থিব জীবনের বিপদাপদ, দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, রোগ-শোক ইত্যাদিকে বোঝানো হয়েছে। এছাড়া সুনানে নাসায়িতে রয়েছে, হালকা শাস্তির অর্থ হলো দুর্ভিক্ষ।
৩। এছাড়া আল্লাহ তার কিছু প্রিয় বান্দাকে পরীক্ষায় ফেলেন, যাতে করে পরকালে তার মর্যাদা ও জান্নাতের নেয়ামত বৃদ্ধি করেন। অনেক সময় আল্লাহ তার বান্দাদেরকে যে মর্যাদা দিতে চান, তা ঐ বান্দা তার আমল দ্বারা অর্জন করার মতো হয় না। তখন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন, যদি সে এতে ধৈর্যধারণ করে, তাহলে আল্লাহ তাকে ঐ মর্যাদায় উন্নীত করেন।
সুতরাং বিপদে পড়লে আমাদের এই বিশ্বাস রাখা জরুরি, আমি পাপী হলেও আল্লাহ আমাকে ভালোবাসেন। আর এই জন্য আমাকে বিপদে ফেলে আমাকে সংশোধন করতে চাচ্ছেন, যাতে করে পরকালে যা আমাদের আসল ঠিকানা, সেখানে আমাদেরকে অনন্ত সুখের জীবন দান করেন।
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন—যে আল্লাহকে চিনতে পারবে, সে অবশ্যই তাঁকে ভালোবাসবে। আর যে আল্লাহকে ভালোবাসবে, তার উপর থেকে কালো মেঘ সরে যাবে এবং তার হৃদয় থেকে বিদায় নেবে দুশ্চিন্তা ও দুর্ভাবনা।
কাব আল আহবার রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি মৃত্যুকে চিনেছে, তার জন্য দুনিয়ার মুসিবত ও দুঃখ (সহ্য করা) সহজ হয়ে গেছে।

টিকাঃ
৭১. ইবনে কাসির
৭২. তারিকুল হিজরাতাইন, পৃ. ৪২০
৭৩. হিলয়াতুল আউলিয়া: ৬/৪৪

📘 দ্যা রিয়েল লাভ > 📄 বিপদের সময়ে ৩টি হাদিস

📄 বিপদের সময়ে ৩টি হাদিস


বিপদের সময়ের এই হাদিসগুলো স্মরণ করুন দুশ্চিন্তা কেটে যাবে, ইনশাআল্লাহ।
এক. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন—মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে বিপদে ফেলেন।
দুই. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন—আল্লাহ যখন তাঁর বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তখন দুনিয়াতে তার জন্য তাড়াতাড়ি বিপদাপদ নাজিল করে দেন। আর যখন তিনি তাঁর বান্দার অমঙ্গলের ইচ্ছা করেন, তখন তাকে গোনাহের মধ্যে ছেড়ে দেন। অবশেষে কিয়ামতের দিন তাকে পাকড়াও করবেন।
তিন. নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন—বিপদাপদ যত বড় হয়, তার প্রতিদানও তত বড় হয়। আল্লাহ, তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তিনি তাদের পরীক্ষা নেন। যে তাতে সন্তুষ্ট থাকবে তার জন্য হবে আল্লাহ সন্তুষ্টি। আর তাতে যে অসন্তুষ্ট হবে তার জন্য হবে আল্লাহর অসন্তুষ্টি।
আলী রাদিয়াল্লাহু আনহু বলেন—অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানোর অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার নামান্তর মাত্র।
সুতরাং দুঃখ যদি বলতে হয়, তাহলে যিনি সমাধানের মালিক, যিনি দুঃখ মুছে দেওয়ার মালিক, যিনি আপনার সবকিছু সহজ করে দেওয়ার মালিক, সেই মহান আল্লাহর কাছে আপনার সবকিছু পেশ করুন।
মনে রাখবেন, আল্লাহ আপনার মনের ব্যথা, আকুলতা যেভাবে বুঝবেন এবং সমাধান করবেন, তা দুনিয়ার কোনো মাখলুকাতের পক্ষে সম্ভব নয়। সুতরাং যা কিছু চাওয়ার আল্লাহর কাছেই চান।

টিকাঃ
৭৪. বুখারি, রিয়াদুস সালিহিন, ৩৯
৭৫. তিরমিজি, রিয়াদুস সালিহিন, ৪৩
৭৬. তিরমিজি, হাদিস নং-২৩৯৫

📘 দ্যা রিয়েল লাভ > 📄 দুঃখকষ্ট ভুলিয়ে দেওয়ার মতো কিছু আয়াত

📄 দুঃখকষ্ট ভুলিয়ে দেওয়ার মতো কিছু আয়াত


আমরা সবাই শান্তি খুঁজি। কিন্তু অধিকাংশ মানুষই শান্তি খুঁজি যিনি শান্তির মালিক তার অবাধ্য হয়ে। যিনি শান্তির মালিক তাঁর অবাধ্য হয়ে কি শান্তি খুঁজে পাওয়া যায়?
মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশনের সময় অনেকেই গান শুনে, মুভি দেখে কষ্ট ভুলবার চেষ্টা করে। আসলেই কি এভাবে দুঃখকষ্ট নিবারণ হয়? মোটেই না। বরং সাময়িক ফ্যান্টাসিতে ভোগা যায়। অথচ পবিত্র কুরআনে এমন কিছু আয়াত রয়েছে, যা সত্যিই একজন মানুষের সব দুঃখকষ্ট ভুলিয়ে দিতে পারে। আসুন দেখি সেরকমই কিছু আয়াত—
سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرِ يُسْرًا
আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। [সুরা তালাক : ৭]
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। [সুরা ইনশিরাহ : ৬]
إِنَّمَا أَشْكُو بَتِّي وَحُزْنِي إِلَى اللَّهِ
আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি’ [সুরা ইউসুফ, আয়াত: ৮৬]
أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে। [সুরা বাকারা: ২১৪]
وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। [সুরা ইউসুফ : ৮৭]
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না। [সুরা বাকারা: ২৮৬]
وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। [সুরা বাক্বারা : ১৫৫]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। [সুরা বাকারা : ১৫৩]
وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। [সুরা মারইয়াম : ৪]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00