📘 দ্যা রিয়েল লাভ > 📄 ঈমানের পরীক্ষা

📄 ঈমানের পরীক্ষা


গুনাহ ছাড়ার প্রস্তুতি নেওয়ার পর গুনাহ করার সুযোগ আরও বেড়ে যায়। হারাম ইনকাম ছেড়ে দেওয়ার সংকল্প করতেই নতুন নতুন হারামের অফার এসে ধরা দেয়। হিজাব শুরু করার নিয়ত করতেই এমন সব জায়গা থেকে চাকরির অফার আসে, যাদের একমাত্র শর্তই হয় হিজাব ছেড়ে দেওয়া। দ্বীনদার কাউকে বিয়ের ইচ্ছে প্রকাশ করার পর কেবল দ্বীনের ব্যাপারে বেখবর এরকম পরিবার থেকেই প্রস্তাব আসা শুরু হয়।
এমনই কি হচ্ছে আপনার সঙ্গে? যদি হয়ে থাকে, সুসংবাদ গ্রহণ করুন আল্লাহমুখী হওয়ার প্রথম পদক্ষেপটি গৃহীত হয়েছে। তাই তো শয়তান বাড়িয়ে দিয়েছে তার চেষ্টাকে। সে তো কখনই চাইবে না, নতুন করে তার একজন শত্রু তৈরি হোক।
আপনি হয়তো হোঁচট খাবেন, হয়তো পড়ে যাবেন। উঠে দাঁড়ান, বারবার, প্রতিবার। হতাশ হওয়ার কিছু নেই। নিজেকে ব্যর্থ ভাবারও কোনো কারন নেই। ব্যর্থ তো সে, যে চেষ্টা ছেড়ে দেয়।
আপনার রব ভালো করেই জানেন, শয়তানের ধোঁকাগুলো তার বান্দার জন্য কত মারাত্মক। যার মোকাবেলা করা তাঁর এই দুর্বল বান্দার জন্য সহজ কিছু নয়। তিনি দেখছেন, দুনিয়ার চাকচিক্য কীভাবে হাতছানি দিয়ে ডাকছে। লোলুপ দৃষ্টি নিজের অজান্তেই বারবার সেদিকে পড়ে যায়, আপনার ইলাহ ঠিকই জানেন।
ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না। সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা। কবে আসবে?
জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। [সুরা বাক্বারা, আয়াত ২১৪]
ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন-তোমার যাত্রা যদি হয় আল্লাহর পথে, তবে দৌড়াও-থেমো না। কষ্ট হলে গতি কমিয়ে নাও। কখনো ক্লান্ত হয়ে পড়লে হেঁটে চলো।
যদি তা-ও না পারো, তবে হামাগুড়ি দিয়ে হলেও এগিয়ে যাও। তবুও কখনো পেছনে ফিরে যেয়ো না; তোমার এই যাত্রা থামিয়ে দিয়ো না।
সব নিয়ামত সবসময় আনন্দের নয়; আবার বিপদ-আপদ মানেই বিপর্যয় নয়!
ইমাম আবু হাজম রাহিমাহুল্লাহ বলেন, এমন প্রত্যেক নিয়ামতই মুসিবত, যা (ব্যক্তিকে) আল্লাহ তাআলার নিকটবর্তী করে না।৪৮
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, 'প্রতিটি নিয়ামতই সম্মান নয়, আবার পরীক্ষা মানেই আজাব নয়।৪৯

টিকাঃ
৪৮ ইবনু আবিদ দুনিয়া, কিতাবুশ শুক্-র: ৬০
৪৯ মাজমুউর রাসাইল: ১/৬৩

📘 দ্যা রিয়েল লাভ > 📄 বিপদে পড়লে ৩টি কাজ অবশ্যই করবেন

📄 বিপদে পড়লে ৩টি কাজ অবশ্যই করবেন


যখনই বিপদে পড়বেন, তিনটি কাজ অবশ্যই করবেন:
১. সাদাক্বাহ (দান): রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা সদকা কর এবং সদকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা কর। কেননা, সদকা রোগ এবং বালা-মুসিবত দূর করে এবং আয়ু ও নেকি বৃদ্ধি করে।৫০
২. ইস্তিগফার (হাদিসসম্মত উপায়ে আল্লাহর নিকট গোনাহ থেকে ক্ষমা প্রার্থনা। এটি জপতে পারেন: রাব্বিগফিরলি, আসতাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি) যে ব্যক্তি সর্বদা ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তাআলা তাকে সংকট থেকে মুক্তির পথ করে দেন। যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করেন। ৫১
৩. দরুদ পাঠ (হাদিস সম্মত হলে উত্তম-আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ পাঠ করে, অথবা সংক্ষেপে দরুদ পড়তে পারেন-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি নবিজিকে বলেন, আমার পুরো দুআই আপনার প্রতি দরুদের জন্য নির্ধারিত করে দেব। তখন নবিজি বলেন, তাহলে তোমার (সকল) ইচ্ছা/অভিপ্রায় পূরণের জন্য এটাই যথেষ্ট হবে এবং তোমার গোনাহ ক্ষমা করা হবে।৫২
এগুলো খুব দ্রুত উপকার পৌঁছায়। হাদিস দ্বারাও এসব আমল প্রমাণিত। সঙ্গে হাদিস সম্মত উপায়ে দুআ তো করবেনই।
ড. বিলাল ফিলিপস বলেন--সত্যিই তুমি জানতে চাও কে তোমাকে বেশি ভালোবাসে? তাহলে খেয়াল করে দেখো কে তোমাকে পাপের দিকে টানে, আর কে বিরত রাখে।

টিকাঃ
৫০ বায়হাকি
৫১ আবুদাউদ: ১৫১৮
*২. তিরমিযি: ২৪৫৭, মুসতাদরাক: ২/৪২১ (সহিহ)

📘 দ্যা রিয়েল লাভ > 📄 পরিশুদ্ধ অন্তর গুণাবলি

📄 পরিশুদ্ধ অন্তর গুণাবলি


ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আমাদের অন্তর যদি পরিশুদ্ধ হতো, তাহলে গুনাহ করার সঙ্গে সঙ্গে সেখানে তোলপাড় ও অশান্তি শুরু হয়ে যেত।
এ সমস্যার সর্বোৎকৃষ্ট সমাধান হলো, আল্লাহর দিকে ধাবিত হওয়া। যে আল্লাহর এবং কুরআনের নিকটবর্তী হতে চায়, তার উচিত নিজেকে ফিতনাহ থেকে হেফাজত করা। সঙ্গে সঙ্গে নিজেকে ঐ সকল গুনাহ থেকেও দূরে রাখতে হবে, যা কিনা আল্লাহর কালাম থেকে তাকে নিবৃত্ত করে রাখে।
ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, অন্তর যদি পরিশুদ্ধ হতো, তাহলে সামান্য সতর্ক বাণীতেই আমরা ভয় পেতাম। কিন্তু কলুষিত অন্তরের কারণে বিশাল আজাবের ভয়ও আমাদের কাছে তুচ্ছ মনে হয়।
ইবরাহিম কায়েস রাহিমাহুল্লাহ বলেন, অন্তরের পরিশুদ্ধি এই পাঁচটি বিষয়ের মধ্যেই আছে-
১. কুরআন পড়া, কুরআন বুঝা আর বাস্তব জীবনে কুরআনের প্রতিফলন ঘটানো।
২. নিজের পাকস্থলী খালি রাখা। অর্থাৎ কম আহার করা।
৩. কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাতে অভ্যস্ত হওয়া।
৪. সূর্যোদয়ের পূবের আন্তরিক দুআ ও ইস্তিগফার।
৫. নেককার ব্যক্তিদের সোহবত (সঙ্গ)।
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও যদি আল্লাহর কালামের সঙ্গে আপনার কোনো সম্পর্ক না থাকে, তাহলে নিজের উপর কান্না করুন।
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর খুব সুন্দর একই সঙ্গে বেশ মারাত্মক একটা উক্তি রয়েছে-যদি কেউ জানতে চায় যে আল্লাহর চোখে তার মর্যাদা কেমন, সে যেন দেখে আল্লাহ তাকে কী কী কাজে ব্যস্ত করে রাখেন।
তিনি খুব সুন্দরভাবে বলছেন, 'একটিবার তাকিয়ে দেখুন আল্লাহ আপনাকে কোন অবস্থায় রেখেছেন? কিসে ব্যস্ত রেখেছেন? তাহলে বুঝতে পারবেন, আল্লাহর নিকট আপনার মর্যাদা কেমন!
মানুষের ভালোবাসা অর্জন করতে উমার রাদি. তিনটি গুরুত্বপূর্ণ উপায় বলে দিয়েছেন। তিনি বলেন, তিনটি গুণ তোমাকে তোমার ভাইয়ের ভালোবাসা পাইয়ে দিবে, যখন সাক্ষাৎ হবে তাকে সালাম দেবে; বসার স্থানকে তার জন্য প্রশস্ত করে দেবে (অর্থাৎ, সে যখন আসবে, তাকে সুন্দরভাবে বসতে দেবে) এবং তার সবচেয়ে প্রিয় নামে সম্বোধন করে তাকে ডাক দেবে। ৫৩
১. সম্পর্ক তৈরিতে সালামের চেয়ে অধিক কার্যকর কিছু আমি আজ পর্যন্ত পাইনি। এমনকি ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে একটি মাত্র সালামই অনেক সময় যথেষ্ট হয়ে যায়। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন বিষয় দেখিয়ে দেবো না, যা করলে তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? সাহাবিগণ বলেন, নিশ্চয়ই ইয়া রাসুলাল্লাহ! তিনি বলেন, তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও। ৫৪
২. বসার স্থান প্রশস্ত করে দেওয়া আপাতদৃষ্টিতে ঠুনকো ব্যাপার মনে হলেও এর আলাদা গুরুত্ব রয়েছে। এতে আগন্তুক বুঝতে পারে যে, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
৩. সুন্দর সুন্দর নামে ডাকার মাধ্যমে ভালোবাসা গভীর হয়। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কখনও কখনও আদর করে 'আয়িশ' বলেও ডাকতেন। ৫৫
হাদিসে এসেছে, যে ব্যক্তি নিজ আমলনামা দেখে খুশি হতে চায়, সে যেন বেশি করে ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে। ৫৬
অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুসংবাদ তার জন্য, যে তার আমলনামায় অনেক বেশি ইস্তিগফার পেয়েছে। ৫৭
ইস্তিগফার করা যায় তিন ভাবে-
১. জিহ্বার মাধ্যমে ইস্তিগফার:
শুধু জিহ্বার মাধ্যমে যে ইস্তিগফার করা হয়, সেটির মর্যাদা কম। তবে তা ইস্তিগফার হিসেবে গণ্য হবে।
২. অন্তরের মাধ্যমে ইস্তিগফার: এটি আল্লাহর নিকট উঁচু মর্যাদার ইস্তিগফার। অন্তরে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং আল্লাহর নিকট মনে মনে ক্ষমা চাওয়া।
৩. অন্তর ও জিহ্বার সমন্বয়ে ইস্তিগফার : এভাবে ইস্তিগফার করা সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট। এতে অন্তরে গুনাহের জন্য অনুশোচনা করা হয় ও মুখ দিয়ে তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।
হে ইবনু উমর! তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করবে, যেন তুমি মুসাফির। তুমি নিজেকে কবরবাসীদের কাতারে মনে করবে।

টিকাঃ
৫৩. বাইহাকি, শুআবুল ঈমান: ৮৩৯৮
৫৪. মুসলিম, আস-সহিহ: ৫৪
৫৫. বুখারি, আস-সহিহ: ৬২০১
৫৬. সহিহুল জামি': ৫৯৫, সিলসিলা সহিহাহ: ২২৯৯
৫৭. সহিহুল জামি': ৩৯৩০

📘 দ্যা রিয়েল লাভ > 📄 আল্লাহ তাআলা যা ভালোবাসেন না

📄 আল্লাহ তাআলা যা ভালোবাসেন না


আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। তাঁর আদেশ পালন করার জন্য। তাঁর নিষেধকে বর্জন করার জন্য। এখন আমরা পবিত্র কুরআনে কারিম থেকে কিছু আয়াত তুলে ধরবো, যে কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন না, আমরা সেই কাজগুলো বর্জন করার চেষ্টা করব। আর যে কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, সে কাজগুলো আমরা করার চেষ্টা করব, বিইজনিল্লাহ।
আল্লাহ তাআলা কোনো বান্দা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আলামত হলো, সে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না।
وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
আল্লাহ অবিশ্বাসী পাপীদের ভালোবাসেন না।
فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। [আলে ইমরান, আয়াত: ৩২]
وَالله لَا يُحِبُّ الظَّالِمِينَ
আল্লাহ জালিমদের ভালোবাসেন না। [আলে ইমরান, আয়াত: ৫৭]
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না। [সুরা কাসাস, আয়াত: ৭৬]
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
আল্লাহ গর্বকারীদের ভালোবাসেন না। [সুরা নিসা, আয়াত: ৩৬]
إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। [সুরা নাহল, আয়াত: ২৩]
إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। [সুরা আনআম, আয়াত: ১৪১]
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ
আল্লাহ আমানতের খেয়ানতকারীদের ভালোবাসেন না। [সুরা আনফাল, আয়াত: ৫৮]
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمًا
আল্লাহ খেয়ানতকারী পাপীদের ভালোবাসেন না। [সুরা নিসা, আয়াত: ১০৭]
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
আল্লাহ খেয়ানতকারী কাফেরদের ভালোবাসেন না। [সুরা হাজ, আয়াত: ৩৮]
لا يُحِبُّ اللَّهُ الجَهْرَ بِالسُّوءِ مِنَ القَولِ
আল্লাহ কথায় (ভাষায়) মন্দ প্রকাশ করা ভালোবাসেন না। [সুরা নিসা, আয়াত: ১৪৮]
وَاللَّهُ لَا يُحِبُّ الفَسَادَ
আল্লাহ ফাসাদ বিপর্যয় ভালোবাসেন না। [সুরা বাকারা, আয়াত: ২০৫]
وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
আল্লাহ ফাসাদকারীদের (বিশৃঙ্খলাকারীদের) ভালোবাসেন না। [সরা মায়িদা, আয়াত: ৬৪]
فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
কারও অগোচরে তার দোষচর্চা করো না; পশ্চাতে নিন্দা করা আপন ভাইয়ের লাশের মাংস ভক্ষণ করার সমতুল্য। গিবতকারীরা বা পরনিন্দাকারীরা মৃত ভাইয়ের গোশত খাওয়া ভালোবাসো কি? [সুরা হুজুরাত, আয়াত: ১২]
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, বান্দা যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়ে, তার জীবনের সময়গুলো তখন তার জন্য সংকীর্ণ হয়ে আসে। এভাবে সময় নষ্ট করতে করতে একসময় তার সামনে সেই দিনটি চলে আসবে, যখন তাকে বলতে হবে, হায় আফসোস, আমি যদি আমার এই জীবনের জন্য আগে কিছু পাঠাতাম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00