📄 সহানুভূতি প্রকাশ করুন
আপনার স্বামীকে স্বাচ্ছন্দ্যে থাকতে দিন। পুরুষের জীবন পরিবারের সুরক্ষা ও নিরাপত্তার কাছে দায়বদ্ধ। এই দায়িত্ব পালন করতে গিয়ে ঘরে-বাইরে হাজারো প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাকে। রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, সহকর্মীদের রূঢ় আচরণ, উন্নতির চিন্তা, বন্ধুবান্ধবের আবেগ-উদ্বেগসহ বহুমুখী ও ব্যাপক চাপ সইতে হয় একজন দায়িত্বশীল পুরুষকে। তাই অবাক হওয়ার কিছু নেই যে- পুরুষের গড় আয়ু নারীর চেয়ে কম।
জীবনের এই কঠিন বোঝা সামলাতে পুরুষের প্রয়োজন হয় একটু সান্ত্বনা-সহানুভূতির। আপনার স্বামীও এর ব্যতিক্রম নন। তাই তিনিও আপনার কাছে সান্ত্বনা-সহানুভূতির প্রত্যাশী। দিনশেষে আপনাকেই তিনি সান্ত্বনার উৎসমূল ও শেষ আশ্রয় মনে করেন। অতএব তার প্রত্যাশা ও প্রয়োজন বোঝার চেষ্টা করুন। কাজ শেষে যখন তিনি ঘরে ফিরেন, তাকে বুঝতে দিন যে- তার প্রত্যাশা পূরণে আপনি সদা উন্মুখ।
পারিবারিক ঝামেলা উত্থাপন করার আগে তাকে বিশ্রাম নিতে দিন। তার উদ্যমতা ফেরাতে সহায়তা করুন। রসিকতা ও উষ্ণ শুভেচ্ছা বিনিময় করুন। তার ক্লান্তি, ক্ষুধা ও তৃষ্ণা মিটান। তারপর তার ভালো-মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করুন। যদি তিনি কথা বলতে রাজি হন, তবে মনোযোগ দিয়ে তার কথা শুনুন এবং তার প্রতি সহানুভূতি দেখান, সত্যিকারের উদ্বেগ প্রকাশ করার চেষ্টা করুন। তাকে বুঝতে সহায়তা করুন যে- তার সমস্যাগুলির সমাধান ততো কঠিন নয়। তাকে সান্ত্বনা ও উৎসাহ দিন।
আপনি এমন কিছু বলতে পারেন- “অনেকেই তো এসব সমস্যার মুখোমুখি হচ্ছে। দৃঢ় ইচ্ছাশক্তি আর ধৈর্য দিয়ে সব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। এটা আপনার জীবনের জন্য পরীক্ষা। এর বিনিময়ে হয়তো আপনি বড় কিছু অর্জন করতে যাচ্ছেন। তাই হতাশ না হয়ে বিচক্ষণতার সাথে এর মোকাবেলা করুন।”
অতঃপর সমস্যা সমাধানের কোনো উপায় আপনার জানা থাকলে তার সাথে শেয়ার করুন। অন্যথায় যোগ্য কারো সাথে পরামর্শ করে সমাধানের পথ নির্ণয় করুন।
প্রিয় বোন! বিপদের সময় আপনার মনোযোগ ও ভালোবাসা আপনার স্বামীর একান্ত প্রয়োজন। অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের মতো তাকে উপলব্ধি করে, যত্নশীল স্ত্রী হয়ে তাকে নার্সিং করুন। একজন মনোবিজ্ঞানী আপনাকে যে সঠিক নির্দেশনা দেবেন; তা অন্য কারো কাছে কি পাবেন? তার মনোবলকে শক্তিশালী রাখুন, সাহসকে প্রশ্রয় দিন। আপনার স্বামীর কল্যাণে আপনি ছাড়া আর কে একনিষ্ঠ ও উদ্বিগ্ন হবে! আপনার অনুরাগ তাকে শক্তি জোগাবে, সমস্যা মোকাবেলায় সাহায্য করবে, মানসিক চাপ থেকে তাকে মুক্তি দিবে।
ফলস্বরূপ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে; বৈবাহিক সম্পর্ক সুদৃঢ় হবে। পৃথিবীতে উত্তম স্ত্রীর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আর ভালো স্ত্রী স্বামীর আনন্দে খুশি হন, সন্তানের প্রতি হন সদয় ও সহানুভূতিশীল। তারা স্বামীর মন মতো চলেন ও স্বামীকে চাপে ফেলেন না।
সুতরাং হে প্রিয় মা-বোন! আপনার স্বামীকে ভালোবাসুন। সব ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পত্নীগণকে নিজের আদর্শ হিসেবে অনুসরণ করুন। তারপর দেখুন! জীবন কত সুন্দর হয়!
📄 প্রশংসা করুন
যদি কোনো ব্যক্তি তার কষ্টার্জিত সম্পদ আল্লাহকে খুশি রাখার উদ্দেশ্যে দান-সদকা করে বদান্য ও উদার হয়, আর সে তার এমন কাজের জন্য প্রশংসা পায় এবং তার কাজের মূল্যায়ন করা হয়; তবে তা ঐ ব্যক্তির মাঝে উষ্ণ অনুভূতি যোগায় এবং সে একটি অভীষ্টপূরণের আনন্দ পায়।
ভালো কাজ করা তখন তার স্বভাবে পরিণত হয়। নিজের সম্পদ অভাবীকে বিলিয়ে দেওয়া তার অভ্যাস হয়ে যায়। অপরদিকে যদি তার ভালো কাজের মূল্যায়ন করা না হয়, প্রশংসা না করা হয়, তাহলে সে ভালো কাজ করার উৎসাহ-উদ্দীপনা হারিয়ে ফেলতে পারে।
স্বভাবিকভাবেই যখন তার ভালো কাজের প্রশংসা করা হবে না, তখন সে তার কষ্টার্জিত সম্পদ খরচ করার উৎসাহ পাবে না। কৃতজ্ঞ থাকা, অপরের তারিফ করতে পারা এগুলো একজন ব্যক্তির প্রশংসনীয় গুণ। আর এটিই সেই গোপন রহস্য যার মাধ্যমে সে দান করার প্রতি উদ্বুদ্ধ হতে পারে। মহান আল্লাহ তাআলা বলেছেন যে— মানবজাতির উপর তাঁর অনুগ্রহ ও রহমত বর্ষিত হওয়ার জন্য শর্ত হলো তাঁর নেয়ামতের শুকরিয়া আদায় করা। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে—
অর্থ : “তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে— যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব। যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।”১৯
হে বোন! মনে রাখবে! তোমার স্বামীও একজন মানুষ। সবার মতো তারও প্রশংসা শুনতে ভালো লাগে। সে তার পরিবারকে ভরণপোষণ দিতে প্রস্তুত থাকে এবং সে এটাকে তার নৈতিক ও আইনি বাধ্যবাধকতা মনে করে। তবে যখন তার এই দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ দেওয়া হয় আর তার প্রশংসা করা হয়, তখন তার কাছে এই দায়িত্ব পালন বোঝা মনে হয় না।
যখনই সে ঘরের কোনো সরঞ্জাম অথবা তোমার জন্য বা বাচ্চাদের জন্য কাপড়চোপড় বা জুতা অথবা এরকম কিছু নিয়ে আসে, তখন তুমি খুশি হও এবং তাকে ধন্যবাদ জানাও। তার ছোট-বড় যে কোনো কাজ— যেমন, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া অথবা তোমাকে টাকাপয়সা দেওয়া ইত্যাদি— যা কিছু সে করে থাকে, সব ক্ষেত্রে তাকে কৃতজ্ঞতা জানাও। তুমি যদি তোমার স্বামীর প্রশংসা কর, তাহলে সে কষ্ট করলেও তার ভালো লাগবে।
সতর্ক থেকো! সবসময়ই যে পরিবারের দায়িত্ব পালনের সুযোগ তার হবে, এমনটা মনে করো না। পরিবারে তার অবদানের ব্যাপারে উদাসীন হয়ে যেয়ো না। এতে সে পরিবারের মঙ্গলের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে। তখন অন্য কোথাও বা তার নিজের জন্য খরচ করতে পছন্দ করবে। তোমার কোনো বন্ধু বা কোনো আত্মীয় তোমাকে একজোড়া মোজা বা একগুচ্ছ ফুল উপহার দিলেও তুমি তাকে বারবার ধন্যবাদ জানাতে। সুতরাং এটি স্বাভাবিক এবং ন্যায়সম্মত যে— তুমি তোমার স্বামীর স্নেহ ও উদার মনোভাবের জন্যে তার প্রশংসা করবে। এটা ভেবোনা যে— তার প্রশংসা করলে তুমি ছোট হয়ে যাবে। বরং এতে তুমি আরো বেশি যত্ন আর ভালোবাসা পাবে। কারণ তুমি তার এমন প্রচেষ্টা ও কাজের প্রশংসা করছো, যেখানে স্বার্থপরতা শুধুই দুর্ভাগ্য ডেকে আনে।
এই সংক্রান্ত কিছু হাদিস
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন— “জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী।” কারণ জানতে চাইলে নবিজী বললেন—
অর্থ : “কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, অল্পতেই তার অনুগ্রহ ভুলে যায়। সারাজীবন স্বামী তার যথাযথ খেয়াল রাখার পরও কখনো এর ব্যতিক্রম হয়ে গেলে তারা বলতে শুরু করে, 'জীবনে কখনো তোমার থেকে ভালো কিছু পাইনি'।”২০
আরেক বর্ণনায় আছে—
অর্থ : “যখন কোন নারী তার স্বামীকে বলে, 'জীবনে কখনো তোমার থেকে ভালো কিছু পাইনি', তখন তার সব নেক আমল বরবাদ হয়ে যায়।”২১
বিখ্যাত তাবেয়ি হযরত সাঈদ বিন মুসাইয়িবের কাছে এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করলে তিনি বলেন— নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
অর্থ : “যে নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং তার থেকে মুখ ফিরিয়ে রাখে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না।”২২
টিকাঃ
১৯ সূরা ইবরাহিম : ৭।
২০ সহিহ বুখারি, হাদিস নং : ২৯; সহিহ মুসলিম, হাদিস নং: ২১০৯।
২১ ইবনে আদি, হাদিস নং: ৭৭৯।
২২ মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস নং: ১৩৯৯০, মুস্তাদরাক, হাদিস নং: ২৮২০।
📄 তার দোষ ধরতে যাবেন না
কেউই নিখুঁত নয়। কেউ বেশি লম্বা কেউ খাটো, কেউ অতিরিক্ত মোটা কেউ আবার খুব চিকন, কারো নাক বড় তো কারো ছোট, কেউ বাচাল কেউ আবার মিতভাষী, কারো মেজাজ গরম কারো ঠাণ্ডা, কেউ খুব কালো বর্ণের তো কেউ ফর্সা বর্ণের, কেউ বেশি খায় কেউ কম, এভাবে আরো অনেক বলা যায়। বেশিরভাগ মানুষের মাঝেই এরকম কোনো না কোনো দোষত্রুটি আছে। প্রত্যেকেই চায়- তার সঙ্গী হবে একেবারে নিখুঁত। এমন আশা করা আসলে অবান্তর।
নিজের স্বামীকে নিখুঁত মনে করে এমন কোনো মহিলা বাস্তবে খুঁজে পাওয়া যায় না। কেউ তার স্বামীর দোষত্রুটি অন্বেষণ করলে নিঃসন্দেহে কোনো না কোনো দোষ খুঁজে পাবেই। অনেক মহিলা আছে- যারা স্বামীর মাঝে সামান্য একটি দোষ পেলেই সে ব্যাপারে এত অতিরঞ্জন করে, যা অসহ্য বাধা হয়ে দাঁড়ায়। এই দোষ তখন স্বামীর সকল যোগ্যতাকে ছাপিয়ে যায়। এসব মহিলা সবসময় অন্য পুরুষের সাথে তাদের স্বামীর তুলনা করে। তারা কল্পনায় এমন এক আদর্শ পুরুষ তৈরি করে রেখেছে, যার গুণাগুণ তাদের স্বামীর সাথে মিলে না।
এভাবে বিয়ে করে কী পেলো আর কী পেলোনা সেটা নিয়ে শুধুই অভিযোগ করে যায়। এরা এক সময় নিজেদেরকে দুর্ভাগা আর ব্যর্থ ভাবতে থাকে, যা তাদেরকে ধীরে ধীরে হিংসুক ও রাগী বানিয়ে দেয়। একজন নারীর এহেন আচরণ তার স্বামীর উপর কী প্রভাব ফেলে? হয়ত তার স্বামী খুবই ধৈর্যশীল, সে তার সমস্ত রাগ ও দুর্ব্যবহার সহ্য করে নেয়। কিন্তু মনে মনে সে অপমান বোধ করে। স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে ওঠে। ফলে তারা তর্কে জড়িয়ে পড়ে। পরস্পরের দোষ-ত্রুটি বড় করে দেখা শুরু করে। একে অপরের ঘৃণার পাত্রে পরিণত হয় এবং তাদের জীবন রেশারেশিতে পূর্ণ হয়ে ওঠে। অতঃপর হয়তো কষ্ট করে একসাথে জীবনযাপন করে নয়তো তালাকের পথ বেছে নেয়। উভয় ক্ষেত্রেই তাদের দুজনেরই ক্ষতি। দ্বিতীয় বিয়ের পর যে পরিস্থিতি ভিন্ন হবে সেটাও নিশ্চিত করে বলা যায় না। অত্যন্ত পরিতাপের বিষয় যে- কিছু নারী একেবারেই বিবেকহীন আর তাদের মূর্খতার উপর একগুঁয়ে। এরা তুচ্ছ বিষয় নিয়েও পরিবারকে ছিন্নভিন্ন করে দিতে পারে। নিচে এই জাতীয় নারীদের কিছু উদাহরণ দেওয়া হলো-
“এক নারী স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। কারণ- তার স্বামী থেকে নাকি দুর্গন্ধ আসে। এই সমস্যার সমাধান না হলে সে বাড়িতে ফিরবে না বলে জানিয়ে দেয়। স্বামীর অনুরোধের ভিত্তিতে আদালত তাদেরকে পুনরায় মিল করে দেয় এবং স্ত্রী স্বামীর কাছে ফিরে আসে। যখন তারা বাসায় পৌছায় মেয়েটি তখনও ঐ দুর্গন্ধ পেতে থাকে। তাই সে অন্য রুমে চলে যায়। এভাবে চলতে থাকায় একপর্যায়ে তার স্বামী পাগল হয়ে গিয়ে তাকে হত্যা করে ফেলে।”
“একজন মহিলা দন্তচিকিৎসকের স্বামী তার তিন বছর পরে স্নাতক পাস করার কারণে সে স্বামীকে তালাক দিয়ে দেয়। কারণ স্বামী নাকি তার যোগ্য নয়।”
“একজন মহিলা বিবাহ বিচ্ছেদের আবেদন করার কারণ ছিলো, তার স্বামী মেঝেতে বসে হাতে নিয়ে খাবার খেতো, প্রতিদিন শেভ করতো না, আর অন্যদের সাথে সামাজিকভাবে চলতো না।”
অবশ্যই সব মেয়েরা এই রকম না। অনেকেই আছে যারা বেশ বুদ্ধিমতি, বাস্তববাদী এবং যথেষ্ট সচেতন। তারা স্বামীর দুর্বলতার ব্যাপারে অতিরঞ্জন করে বৈবাহিক জীবন ও সুখ-শান্তিকে বিপর্যস্ত করে না।
হে বোন! তোমার স্বামীও তোমার মতোই একজন মানুষ। সে হয়তো নিখুঁত নয়, কিন্তু তার অনেক যোগ্যতা থাকতে পারে। যদি বিয়ের সময় তুমি ও তোমার পরিবার রাজি হয়ে থাকো, তাহলে তোমার স্বামীর দুর্বলতা খুঁজতে যেও না। তার ছোট ছোট ত্রুটিগুলোকে বড় করে দেখো না। তাকে এমন আদর্শ পুরুষের সাথে তুলনা করো না, যাকে তুমি নিজের মনে প্রতিষ্ঠিত করে রেখেছো। তোমার স্বামীর মধ্যে কিছু দোষ থাকতে পারে, যা অন্যের মাঝে নেই। তবে তোমার মনে রাখতে হবে যে- অন্য পুরুষদের মধ্যে অন্যান্য ত্রুটি থাকতে পারে, যা তোমার স্বামীর মাঝে নেই। তার যেসব যোগ্যতা আছে তার উপর সন্তুষ্ট থাকো। ফলস্বরূপ তুমি দেখতে পাবে যে- তার গুণাবলী তার দোষ-ত্রুটিকে ছাড়িয়ে যাবে।
তাছাড়া তুমি নিজে যেখানে নিখুঁত নও সেখানে কেন একজন নিখুঁত স্বামী পাওয়ার স্বপ্ন দেখো। তুমি যদি নিজেকে নিখুঁত মনে করে গর্বিত হও তবে অন্যকে জিজ্ঞাসা করো। তোমার মাঝেও দুর্বলতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
অর্থ: “তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছো কিন্তু অন্তরে ঈমান নেই, তারা মন দিয়ে শোনো, মুসলমানের সমালোচনা করো না, তাদের দোষ খুঁজতে যেয়ো না, যে ব্যক্তি মুসলমানের দোষ খুঁজে বেড়ায় আল্লাহ তাআলা তার দোষ খোঁজেন। আর আল্লাহ যার দোষ খোঁজেন সে নিজের ঘরে বসে থেকেও লাঞ্ছিত হয়।”২৩
তুচ্ছ জিনিসকে কেন তুমি অতিরঞ্জিত করবে? সামান্য কিছুর জন্য কেন তুমি তোমার জীবন ধ্বংস করবে? বুদ্ধিমান হও। অসার, মূর্খ হয়ো না। তোমার স্বামীর দোষত্রুটি এড়িয়ে চলার চেষ্টা করো। আর কখনোও তার সামনে বা অগোচরে এসব নিয়ে আলোচনা করো না। পরিবারে আন্তরিক একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করো এবং এর মাধ্যমে আল্লাহর নেয়ামত উপভোগ করো।
যাই হোক- হয়ত তোমার স্বামীর চরিত্রে এমন কিছু দোষ থাকতে পারে, যা তুমি সংশোধন করে দিতে পারো। যদি তা হয় তবে ধৈর্যধারণ করে ও সতর্ক আচরণের মাধ্যমে তুমি সফল হতে পারবে। তার সমালোচনা করা ও তার সাথে ঝগড়া করা তোমার জন্যে উচিত নয়। বরং তোমার উচিত হলো- তাকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে বুঝিয়ে বলা।
টিকাঃ
২৩. সহিহ ইবনে হিব্বান, হাদিস নং: ১৮৭৪।
📄 স্বামীকে নিয়েই সুখে থাকুন
হে বোন! তোমার স্বামী ছাড়া অন্য কারও দিকে নজর দিও না। বিয়ের আগে হয়তো তোমার আরও অনেক প্রস্তাব ছিল। হয়তো ঐ প্রস্তাবগুলো ছিল সুন্দর, শিক্ষিত, সম্পদশালী ছেলেদের পক্ষ থেকে, যাদেরকে তুমি বিয়ে করতে চেয়েছিলে। বিয়ের আগে এরকম আশা করা, স্বপ্ন দেখা স্বাভাবিক ছিল। তবে এখন তুমি তোমার জীবনসঙ্গী বেছে নিয়েছো এবং তার সাথে সারা জীবন একত্রে থাকার জন্য একটি পবিত্র চুক্তি স্বাক্ষর করেছো। তাই এখন অতীতের সবকিছু ভুলে যাও। অবশ্যই এখন তোমার উচিত অতীতের সব ইচ্ছা, আকাঙ্ক্ষা ও বিয়ের সেই সব প্রস্তাব ভুলে যাওয়া।
নিজের স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভেবো না। স্বামীকে নিয়েই সুখে থাকো। তুমি যদি তা না করো তবে নিজেই নিজেকে চাপে ফেলে দিবে। যেহেতু তুমি তোমার স্বামীর সাথে সংসার করতে রাজি হয়েছো, তাহলে কেন এখন অন্য পুরুষের দিকে মনোযোগ দিবে? কেন তাকে অন্য ছেলেদের সাথে তুলনা করবে? নিজেকে কষ্ট দেওয়া এবং নিজের মানসিক যন্ত্রণা বাড়ানো ছাড়া অন্য পুরুষদের দিকে তাকিয়ে তুমি কী আর অর্জন করতে পারবে?
যে তার চোখকে স্বাধীন ছেড়ে দেয়, সে সর্বদা কষ্টে থাকে আর স্থায়ীভাবে হিংসা-বিদ্বেষের মধ্যে আটকা পড়ে; এটাই স্বাভাবিক। অন্য পুরুষদের দিকে তাকিয়ে এবং তোমার স্বামীকে তাদের সাথে তুলনা করে তুমি হয়তো এমন এক ব্যক্তির সন্ধান পাবে যার মাঝে তোমার স্বামীর দোষগুলো নেই। তুমি তখন ভাবতে পারো ঐ ব্যক্তি নিখুঁত। কারণ তার দোষত্রুটি কোথায় তুমি তা জানো না। তারপর তুমি নিজের বিয়েকে একটি ব্যর্থতা হিসেবে ধরে নিতে পারো; যা তোমাকে ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দেবে।
“আঠারো বছরের এক মেয়েকে পুলিশ গ্রেপ্তার করে। যে তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। মেয়েটি পুলিশকে জানায়, বিয়ের তিন বছর পর এক সময় তার কাছে মনে হয়েছে, সে তার স্বামীকে ভালোবাসে না। মেয়েটি বলে- 'আমি প্রায়ই আমার স্বামীর চেহারা অন্য পুরুষের সাথে তুলনা করতাম আর ওর সাথে বিয়ে হওয়ায় আফসোস করতাম।”
হে বোন! তুমি যদি তোমার বৈবাহিক জীবন স্থায়ী করতে চাও, যদি মানসিক অশান্তি থেকে বাঁচতে চাও, যদি একটি স্বাভাবিক জীবন যাপন করতে চাও, তাহলে স্বার্থ ও অর্থের মোহের পেছনে ছোটা বন্ধ করো। কখনো অন্য পুরুষের প্রশংসা করো না। নিজের স্বামী ছাড়া অন্য লোককে নিয়ে ভেবো না। মনে মনে এমন আফসোস করো না, 'হায়, আমার যদি অমুকের সাথে বিয়ে হতো! আমার স্বামী যদি অমুকের মতো সুদর্শন হতো! হায়, আমার স্বামী যদি এমন ভালো একটা চাকরি করতো! হায় এটা, হায় ওটা!'
কেন? কেন নিজেকে এসব চিন্তার মাঝে বন্দী করে রাখছো? কেন নিজ হাতে নিজের বৈবাহিক জীবনের ভিত দুর্বল করে দিচ্ছো? ধরো, এসব আকাঙ্ক্ষার কোনোটা সফল হয়ে গেলো; এবার তুমি কি নিশ্চিত যে- এটা আসলেই তোমাকে সুখ এনে দেবে? তোমার কী ধারণা, যেসব পুরুষকে দেখে মনে হয় তাদের সব আছে, কোনো অভাব নেই, তাদের সবার স্ত্রী তাদেরকে নিয়ে খুব সুখী?
হে বোন! তোমার স্বামী যদি কখনো এটা সন্দেহ করে বসে যে- তুমি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছো, তাহলে তার মনটা ভেঙে যাবে, তোমার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলবে। সাবধান! কখনো কোনো পুরুষের সাথে হাসি-তামাশা, ওঠাবসা ইত্যাদি করো না। পুরুষের মন অত্যন্ত স্পর্শকাতর। তাদের স্ত্রী অন্য পুরুষের ছবি দেখে প্রশংসা করবে, এতোটুকুও তারা সহ্য করতে পারে না।