📘 দ্য কেয়ারিং হাজব্যান্ড 📄 সন্তান গ্রহণ

📄 সন্তান গ্রহণ


কিছু দম্পতির দৈরথের অন্যতম একটি কারণ থাকে- সন্তানগ্রহণ। কোনো পরিবারে দেখা যায়; স্ত্রী সন্তান গ্রহণে আগ্রহী কিন্তু স্বামীর রয়ে যায় ঘোর আপত্তি। আবার কখনো এর উল্টোও হয়- স্বামী চাইছে কিন্তু স্ত্রী এখনই চাইছে না। তাদের এই মতানৈক্য অনেক সময় এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে- তা শেষপর্যন্ত ডিভোর্স পর্যন্ত গড়ায়।

সন্তানের প্রতি অনুরাগ, বাচ্চা গ্রহণের প্রতি অদম্য ইচ্ছা প্রভৃতি হলো মানবজাতির স্বভাবজাত বৈশিষ্ট্য। কারণ সন্তানলাভ মানবজনমকে সার্থক করে তোলে। এটি মানবজাতির সর্বোত্তম সম্পদ। সন্তানের মাধ্যমে বাবা-মা তাঁদের মরণের পরও যুগ যুগ ধরে বেঁচে থাকেন। সন্তানহীন দম্পতিযুগল একাকিত্বের যন্ত্রণায় ভোগেন। বার্ধক্যের সময় সহায়-সম্বলহীন হয়ে মানবেতর জীবন যাপন করেন। একটি বাড়ি থাকবে; কিন্তু তা কচি কাঁচার কোলাহলে মুখরিত হবে না, এ যেনো জনমানবহীন বিরান ঘর। সন্তানলাভের মাধ্যমেই সংসারের ভিত্তিমূল সুদৃঢ় হয়, এর স্থায়িত্ব নিশ্চিত হয়। এক হাদিসে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- অর্থ : “তোমরা অধিক সন্তান প্রসবকারী স্ত্রীলোককে বিয়ে করো এবং বংশ বৃদ্ধি করো। কেননা, কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি অন্যান্য উম্মতের ওপর গর্ব করবো।"৭০

শিশুর প্রতি অনুরাগ ও মমত্ববোধ হলো- মানবজাতির স্বভাবজাত আবেগের প্রাণোচ্ছল বহিঃপ্রকাশ। কিন্তু কিছু মানুষের মাঝে এই সহজাত স্নেহবাৎসল্যের ছিটেফোঁটাও নেই। শিশুদের ব্যাপারে তাদের মাঝে একপ্রকার বিরূপ মানসিকতা কাজ করে। আর্থিক দৈন্যদশার দোহাই দিয়ে তারা সন্তান গ্রহন থেকে বিরত থাকে। অথচ সমগ্র সৃষ্টজীবের জীবিকা নির্বাহের দায়িত্বভার স্বয়ং আল্লাহই নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন- অর্থ : “বিশ্বজগতে বিদ্যমান প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপরই ন্যস্ত।”৭১

সন্তান লালন পালন করা একেবারেই সহজসাধ্য কাজ নয়। তাকে কোলে পিঠে করে মানুষ হিসেবে গড়ে তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়। তবে আনন্দের সাথে কাজ করে খাপ খাইয়ে নিতে পারলে তা অনেকটাই সহনীয় হয়ে ওঠে। সন্তান প্রতিপালন অনেক উপভোগ্য হয়ে ওঠে। প্রকৃতির স্বভাবজাত ধারাকে লংঘন করে সকল দোষ স্ত্রীর উপর চাপিয়ে তাকে ডিভোর্স দেয়া কখনোই ন্যায়সংগত হতে পারেনা।

যথাশীঘ্র সন্তান নিয়ে ফেলাটা মঙ্গলজনক এবং বয়স বাড়ার আগে আগেই সন্তান নেয়ার পাঠটি চুকিয়ে ফেলা চাই। কারণ বিভিন্ন দিক বিবেচনা করে বলা যায় যে, মধ্যবয়সী মাতাপিতার সন্তান বার্ধক্যে উপনিত মাতাপিতার সন্তানের চাইতে পরিনত ও জ্ঞানী হয়।

অনেক দম্পতির মাঝে দেখা দেয় সন্তানের লিঙ্গ নিয়ে দ্বৈরথ। কেউ চায় ছেলে, কেউ চায় মেয়ে। এই প্রসংগে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- অর্থ: "আকাশ মণ্ডলী ও বিশ্বচরাচরের উপর একচ্ছত্র ক্ষমতা একমাত্র আল্লাহর। তিনি যা ইচ্ছা করেন, তাই সৃজন করেন। যাকে চান, কন্যাসন্তান দান করেন। যাকে চান, পুত্রসন্তান দান করেন। কাউকে পুত্র-কন্যা উভয় সন্তানই দান করেন। আবার কাউকে রাখেন সন্তানহীন দম্পতি।”

আলোচ্য আয়াত থেকে সহজেই অনুমিত হওয়া যায়, সন্তানের লিঙ্গ নির্ধারণে স্বামী স্ত্রীর কোন হাত নেই। বরং এটি হলো, আসমানী ফায়সালা। তাদের এই বর্বরতা জাহেলি যুগের নৃশংসতাকেও হার মানায়। যার কিঞ্চিত বর্ণনা পবিত্র কুরআনে চিত্রায়িত হয়েছে। অর্থ : “যখন তাদের কাউকে কোন সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেয়া হতো, তখন রাগে-ক্ষোভে তাদের চেহারা পাংশু বর্ণ ধারণ করতো। তখন সে জনসমাগম এড়িয়ে চলতো। চক্ষুলজ্জার ভয়ে সে সমাজ, পাড়া-প্রতিবেশীদের থেকে পালিয়ে বেড়াতো। আহ, কতোইনা নিকৃষ্ট তার কলুষিত চিন্তাধারা!।”৭৩

কন্যা সন্তানের জনক-জননীর প্রতি সুসংবাদের বিবরণ দিয়ে নবিজি বলেন- যে ব্যক্তি তিন কন্যাসন্তানকে লালন পালন করবে, অথবা তিন সহোদরা বোনের ভরণপোষণের দায়িত্ব নিবে; জান্নাত লাভ তার জন্য অবধারিত হয়ে যাবে। কয়েকটি দিক বিবেচনা করে পুত্রসন্তানের চাইতে কন্যাসন্তানই উত্তম। প্রথমত- ছেলেদের তুলনায় মেয়েরা পিতামাতার সেবাযত্ন ও আদর আপ্যায়ন বেশী করে থাকে। দ্বিতীয়ত- ছেলেদের তুলনায় মেয়েদের লালন পালনে মাতা-পিতার কম অর্থ ব্যয় হয়। তৃতীয়ত- নিজ ঔরসজাত ছেলে সন্তানের চাইতেও মেয়ের ঘরের নাতী-নাতনীরা তাদের নানাভাই ও নানুআপুর সেবা যত্নে বেশী মনোযোগী হয়ে থাকে।

টিকাঃ
৭০. ইবনে কাছির, খণ্ড: ৩ পৃষ্ঠা: ৩৮৩।
৭১. সূরা হুদ: ০৬।
৭৩. সূরা নাহল: ৫৮-৫৯।

📘 দ্য কেয়ারিং হাজব্যান্ড 📄 গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়

📄 গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়


গর্ভাবস্থার সময়কাল একটি শিশুর জীবনের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। মায়ের পুষ্টিকর খাওয়া দাওয়ার অভ্যাস, তার শারীরিক গতিবিধি, মানসিক আচরণ তার নিজের এবং গর্ভের শিশু উভয়ের জীবনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর সুস্বাস্থ্য বা অসুস্থতা, সক্ষমতা বা দুর্বলতা, কদর্যতা বা সৌন্দর্য, ভালো বা খারাপ আচরণের কারণ এবং বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা অনেকটা মাতৃগর্ভেই প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেছেন- অর্থ : “প্রত্যেক নারী গর্ভে যা ধারণ করে এবং জরায়ুতে যা কিছু কমে ও বাড়ে, আল্লাহ সব কিছু জানেন। তাঁর কাছে প্রত্যেক বস্তুরই একটি পরিমাণ আছে।”৭৪

একটি ভ্রুণ তার মাতৃগর্ভের স্বাভাবিক রক্ত চলাচল প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং বেড়ে উঠে। সুতরাং, একজন গর্ভবতী মায়ের খাদ্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর হওয়া উচিত যেনো তা শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানগুলি সরবরাহ করতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেন- অর্থ : “আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। তারপর তাকে স্খলিত বিন্দুরূপে এক সংরক্ষিত স্থানে রাখি। এরপর আমি সেই বিন্দুকে জমাট রক্তে পরিণত করি। অতঃপর সেই জমাট রক্তকে গোশতপিন্ড বানিয়ে দিই। পর্যায়ক্রমে তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। সুতরাং আল্লাহ বড়ই মহিমাময়, যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা।”৭৫

গর্ভাবস্থার এই পর্যায়ে বিশেষ করে নিম্ন-আয়ের লোকদের জন্য একটি সুষম খাদ্যসূচি মেনে চলা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে একটি বড় দায়িত্ব স্বামীর উপর বর্তায় যার উচিত স্ত্রীর জন্য প্রয়োজনীয় সব খাবার সরবরাহের সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “অর্থ : “তোমাদের উপর স্ত্রীদের অধিকার হলো তাদের জন্য পোশাক পরিচ্ছদ ও খাদ্য দ্রব্যের উত্তম ব্যবস্থা করা।”৭৬

টিকাঃ
৭৪. সুরা রাদ: ৮।
৭৫. সুরা মুমিনুন: ১২-১৪।
৭৬. সুনানে তিরমিজি: ১১০১।

📘 দ্য কেয়ারিং হাজব্যান্ড 📄 মানসিক অবস্থা

📄 মানসিক অবস্থা


একজন মায়ের তার গর্ভাবস্থায় নির্মলতা এবং একটি নতুন জীবনের প্রতি ভালবাসা অনুভব করা প্রয়োজন। এটি মা এবং তার শিশু উভয়ের জন্য উপকারী। পিতা তার সন্তানের মা-কে একটি শান্তিপূর্ণ এবং সজীব পরিবেশ দেওয়ার জন্য দায়বদ্ধ এবং গর্ভাবস্থার সময়কালে তার আরো কঠোর প্রচেষ্টা করা উচিত। সহানুভূতি ও ভালোবাসার মাধ্যমে স্ত্রীর সাথে স্বামীর এমন আচরণ করা উচিত যেনো তার স্ত্রী গর্ভাবস্থা নিয়ে গর্ব ও আনন্দ অনুভব করে এবং এটি ভেবে সে আরো গর্ববোধ করবে যে- অন্য একটি জীবন তার উপর নির্ভরশীল এবং সে তার সন্তানের কল্যাণের জন্য দায়বদ্ধ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন- অর্থ : “এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে তিনি তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বসবাস করতে পার এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও মেহেরবানী সৃষ্টি করে দিয়েছেন।”

📘 দ্য কেয়ারিং হাজব্যান্ড 📄 ঝুঁকিপূর্ণ চলন হতে বিরত থাকা

📄 ঝুঁকিপূর্ণ চলন হতে বিরত থাকা


একজন গর্ভবতী মহিলার শ্রমসাধ্য কার্যক্রম থেকে বিরত থাকা উচিত এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া উচিত। ভারী জিনিসপত্র উত্তোলন বা শরীরের দ্রুত সঞ্চালনের ফলে তার নিজের বা অনাগত সন্তানের অপূরণীয় ক্ষতি হতে পারে বা উভয়েরই ক্ষতি হতে পারে। গর্ভবতী মহিলাদের যে কোনো ধরনের ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং তাদের স্বামীদের উচিত ভারী বা ঝুঁকিপূর্ণ কাজগুলো নিজের তত্ত্বাবধায়নে করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন- অর্থ : “পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয়ও করে।”৭৮

টিকাঃ
৭৮. সুরা নিসা: ৩৪।

ফন্ট সাইজ
15px
17px